বাংলাদেশকে আমরা প্রায়ই একটি তরুণ দেশের গল্প হিসেবে তুলে ধরি। কর্মক্ষম জনগোষ্ঠী, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিংবা ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা—এই শব্দগুলো আমাদের আলোচনায় বারবার ফিরে আসে। কিন্তু এই আশাবাদী বয়ানের আড়ালে একটি নীরব পরিবর্তন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, যা নিয়ে আমরা এখনো খুব কম কথা বলছি। বাংলাদেশ ক্রমেই একটি বয়স্ক জনগোষ্ঠীর দেশের দিকে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার সময় যেখানে মানুষের গড় আয়ু মাত্র ৪৭ বছর ছিল, আজ তা ৭২ বছরের বেশি। এই পরিবর্তন নতুন একটি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি—‘সিলভার ইকোনমি’—উদ্ভাবনের প্রয়োজনীয়তা সামনে এনেছে। সিলভার ইকোনমি মূলত ৫০–৬০ বছরোর্ধ্ব মানুষের স্বাস্থ্য, জীবনযাপন, নিরাপত্তা ও আর্থিক সুরক্ষাকে কেন্দ্র করে গড়ে ওঠে।

বিশ্বের উন্নত দেশগুলোতে এটি ইতিমধ্যেই অর্থনীতির একটি শক্তিশালী চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত। জাপান ও ইউরোপের উদাহরণ দেখায়, প্রবীণদের সক্ষমতা ও অভিজ্ঞতা কাজে লাগালে তারা শুধু মানসিকভাবেই সুস্থ থাকছেন না, অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

বাংলাদেশে প্রবীণদের সংখ্যা বর্তমানে দেড় কোটির বেশি এবং ২০৫০ সালে তা ৪ কোটি ছাড়িয়ে যাবে। কিন্তু এখনও আমাদের সমাজে প্রবীণরা মূলত ‘নির্ভরশীল’ হিসেবেই দেখা হয়। সিলভার ইকোনমির বিকাশ হেলথকেয়ার, আবাসন ও ইনসুরেন্স খাতে নতুন কর্মসংস্থান ও বাজার সৃষ্টি করবে। বিশেষায়িত জেরিয়াট্রিক চিকিৎসা, ফিজিওথেরাপি, পুনর্বাসন, অ্যাসিস্টেড লিভিং কমিউনিটি, এবং বয়সভিত্তিক স্বাস্থ্য ও পেনশন স্কিমের মাধ্যমে প্রবীণরা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে। এছাড়া তাদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে পরামর্শক ভূমিকা ও সামাজিক উদ্যোগে যুক্ত করা গেলে তা রাষ্ট্র ও ব্যক্তির জন্যই লাভজনক হবে।

পরিশেষে বলতে চাই, বার্ধক্য কোনো সমস্যা নয়, বরং জীবনের স্বাভাবিক অধ্যায়। প্রশ্ন হলো, আমরা এই অধ্যায়টি কীভাবে দেখতে চাই—অনিশ্চয়তা ও নির্ভরতার মধ্যে নাকি নিরাপত্তা, মর্যাদা ও সম্ভাবনার সঙ্গে। সিলভার ইকোনমি প্রবীণদের সম্ভাবনাময় মানবসম্পদ হিসেবে উপস্থাপন করার সুযোগ করে দেয় এবং একে গড়ে তোলার মাধ্যমে শুধু অর্থনৈতিক বৃদ্ধি নয়, আমাদের সমাজকেও আরও মানবিক ও সংবেদনশীল করা সম্ভব।

লেখক : এফএসিএইচই, এফএলএময়াই (অর্থনীতিবিদ) ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড গ্রুপ