ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর সরকার গঠনের এক সপ্তাহ পার না হতেই নড়াইল সদরের শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে সাবেক দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত হয়েছেন পাঁচজন। এর পেছনে রয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক দুই চেয়ারম্যানের দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্ব। এর আগেও দুই পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়ায়। তবে এবারই ঘটেছে প্রাণহানির মতো ঘটনা।

এ ঘটনাটি গ্রামীণ কোনো বিচ্ছিন্ন সহিংসতা নয়, এটি আমাদের স্থানীয় ক্ষমতার রাজনীতির শাশ্বত ক্ষত, আধিপত্য বিস্তারসহ গোষ্ঠীগত দ্বন্দ্ব-সংঘাতের চিরায়ত রূপ, যা আইনের শাসনের প্রায়োগিক দুর্বলতার প্রতিচ্ছবি। স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক দুই চেয়ারম্যানের দীর্ঘদিনের বিরোধ যে কেবল ব্যক্তিগত ছিল না, তা এখন স্পষ্ট। এটি ছিল প্রভাব, নিয়ন্ত্রণ এবং আধিপত্যের লড়াই। যার বলি হলো সাধারণ মানুষ। বহুদিনের দ্বন্দ্ব-সংঘাত, আধিপত্য বিস্তার আর প্রতিশোধের রাজনীতি শেষ পর্যন্ত যে এমন নির্মম পরিণতি ডেকে আনতে পারে, তা ভাবতেও অবাক লাগে বৈকি।

যদিও এর পূর্বাভাস বহুবার মিলেছে, কিন্তু প্রতিবারের মতোই প্রশাসনিক শৈথিল্য ও রাজনৈতিক ছত্রচ্ছায়া পরিস্থিতিকে ঠেলে দিয়েছে বিস্ফোরণের দিকে। অভিযোগ উঠেছে, ভোররাতে পরিকল্পিত হামলায় ঘরে ঢুকে পুরুষদের টেনে বের করে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি নিছক সংঘর্ষ নয়; এটি সুপরিকল্পিত সন্ত্রাস। পাল্টা হামলায় ঘটেছে আরও প্রাণহানি। অর্থাৎ, প্রতিশোধের আগুন দুই পক্ষকেই গ্রাস করেছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিরীহ পরিবারগুলোর সাধারণ সদস্যরা। প্রশাসনের দায়িত্ব কেবল লাশ উদ্ধার ও ময়নাতদন্ত নয়। দায়িত্ব ছিল আগেই সংঘাতের শেকড় চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ। ঘটনার পর পুলিশ পাঁচজনকে আটক করেছে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন হয়েছে সেনাবাহিনী। প্রশ্ন হলো, রক্ত ঝরার আগেই কেন প্রতিরোধ করা সম্ভব হলো না? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক দুই চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা ও উজ্জ্বল শেখের মধ্যে আধিপত্যের লড়াই চলে আসছে দীর্ঘদিন। তাদের দ্বন্দ্ব গোষ্ঠীগত, কয়েক দশকের পুরনো।

দুই পক্ষই বিভিন্ন সময়ে এলাকার সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে একে-অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্দিষ্ট কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও উভয়েরই আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে ওঠবস আছে। অনুসন্ধানে জানা যায়, এক দশক আগে বিরোধের জেরে পরিবার স্থান পরিবর্তন করেছে, তবুও নিরাপত্তা পায়নি। প্রশ্ন জাগে, প্রশাসন কি এতদিন অন্ধ ছিল? নাকি প্রভাবশালী পক্ষগুলোর রাজনৈতিক যোগাযোগের কারণে নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা? এমন বাস্তবতায় আমরা মনে করি, দলীয় পরিচয়ের ছায়া যতদিন স্থানীয় প্রশাসন ও বিচার ব্যবস্থার ওপর পড়বে, ততদিন গ্রামীণ জনপদে আইন নয়, প্রভাবশালী দুর্বৃত্তদের কথাই শেষ কথা হয়ে থাকবে। নড়াইলের এই রক্তপাত আমাদের জন্য সতর্কবার্তা। গোষ্ঠীগত আধিপত্য আর রাজনৈতিক ছায়াযুদ্ধ যদি এখনই থামানো না যায়, তবে এমন ট্র্যাজেডি দেশের আরও বহু জনপদে ছড়িয়ে পড়বে আগামীতে। প্রশাসনের নীরবতা কিংবা শৈথিল্যÑ দুটিই এখানে অপরাধের সমান। এখন সময় কঠোর সিদ্ধান্ত গ্রহণের। নইলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।