বাংলাদেশের প্রায় ১৭ কোটি ৬০ লাখ মানুষ এক কাঠামোগত পক্ষাঘাতে আক্রান্ত। এই পক্ষাঘাতের কেন্দ্রে রয়েছে একটি নিষ্কাশনমূলক অলিগার্কি, যারা রাষ্ট্রীয় সম্পদ, নীতি ও তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করে। আমলাতন্ত্র ও রাজনৈতিক ক্লায়েন্ট নেটওয়ার্ক এই লুটেরা পুঁজির বাহক হয়ে পদ্ধতিগত বৈষম্যকে স্থায়ী করে। শিক্ষিত বেকার যুবসমাজ ও বিচ্ছিন্ন মধ্যবিত্ত এই রোগের দৃশ্যমান উপসর্গ, যারা সময়ের বিরুদ্ধে যুদ্ধ করে পরাস্ত হয়। অন্যদিকে, গ্রামীণ দরিদ্র, নারী ও প্রান্তিক জনগোষ্ঠী এই রোগের শিকার, যারা উন্নয়ন থেকে বঞ্চিত। প্রবাসী শ্রমিকরা অনিচ্ছাকৃত অক্সিজেন সরবরাহকারী হলেও তাদের পাঠানো অর্থের সর্বাধিক সুফল ভোগ করে এই একই অলিগার্কি। এভাবেই বাংলাদেশের প্রতিটি শ্রেণি এক সমাজগত রোগে আবদ্ধ, যার সবচেয়ে বড় ভুক্তভোগী জনগণ, আর সবচেয়ে বড় উপকারভোগী শক্তি-কেন্দ্রভূত একটি অল্পসংখ্যক নিষ্কাশনমূলক গোষ্ঠী।

এক স্কুলশিক্ষক পরিবারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্যের কাছে অসহায়ত্ব এবং গুণগত শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্য থেকে কাটছাঁট করে ‘টিকে থাকা’র কঠিন সমীকরণ, অন্যদিকে দেশের লুণ্ঠিত সম্পদ ব্যবহার করে ‘বেগমপাড়া’, মালয়েশিয়া ও দুবাইয়ে আমলা-ব্যবসায়ী-রাজনীতিবিদদের স্ত্রীদের বিলাসবহুল জীবনযাপন, এই দুই চিত্রই দেশের চরম বৈপরীত্যের দ্বৈত অর্থনীতিকে প্রকট করে তোলে। এই অভিজাত শ্রেণি দেশের শিক্ষাব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়ে নিজেদের সন্তানদের বিদেশে সেরা বিশ্ববিদ্যালয়ে পাঠান, আর দেশে রেন্ট-সিকিংয়ে ব্যস্ত থেকে অসুস্থ হলে বিদেশের হাসপাতালে ছুটে যান। এই কৌশলগত রাজনৈতিক বিন্যাসটি স্পষ্ট: জনগণকে শারীরিকভাবে দুর্বল, আর্থিকভাবে অনিরাপদ ও মনস্তাত্ত্বিকভাবে নির্ভরশীল রেখে অলিগার্কির নিয়ন্ত্রণ প্রশ্নহীনভাবে দীর্ঘায়িত করার প্রকল্প।

অর্থনীতিবিদ অ্যালবার্ট হির্শম্যান (১৯৭৩) তাঁর টানেল ইফেক্ট তত্ত্বে এই দ্বৈত অর্থনীতির মনস্তাত্ত্বিক প্রতিফলন ব্যাখ্যা করেছেন। যখন একটি টানেলে আপনার জীবন স্থির এবং পাশের লেন দ্রুত চলতে শুরু করে, তখন প্রথমে আশা জাগে, ‘তারপর আমার পালা’। কিন্তু দীর্ঘ সময় ধরে আপনার অবস্থা অপরিবর্তিত থাকলে, সেই আশা ধীরে ধীরে ক্ষোভে রূপান্তরিত হয়। বাংলাদেশে গত দুই দশকে এই টানেলটি তৈরি হয়েছে স্পষ্ট, দৃশ্যমান উন্নয়ন আর অবাস্তব বণ্টনের একসঙ্গে উপস্থিতির মাধ্যমে। জিডিপি বেড়েছে কিন্তু বাস্তব মজুরি হ্রাসমান; মেগা অবকাঠামো হয়েছে কিন্তু সেবা বৈষম্য বাড়িয়েছে। এই বৈপরীত্যÑ এক লেনে দ্রুত অগ্রগতি, অন্য লেনে স্থবিরতাÑ টানেলে দুই লেনের রাজনৈতিক উত্তাপ বাড়ায়।

আজকের টেকসোশ্যাল প্রেক্ষাপটে, স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া বিলিয়নিয়ারদের পার্টি, ভিআইপি প্রটোকল, বিদেশে চিকিৎসাÑ সবই রিয়েল-টাইমে দেখায়। ফলে ‘ওরা ছুটছে, আমরা কেন থেমে?’, এই তুলনা-মনস্তত্ব বাড়ে। যখন গণতান্ত্রিক ভয়েস সংকুচিত থাকে এবং আইনগত বা রাজনৈতিক নিষ্পত্তির পথ ব্লক হয়ে যায়, তখন ক্ষোভ প্রকাশের বিকল্প রাস্তাগুলোÑ প্রতিবাদ, বিক্ষোভ, ব্রেইন ড্রেইন প্রচলিত হয়। হির্শম্যানের ভাষায়: প্রগতি হলো একটি প্রতিশ্রুতি; প্রতিশ্রুতি ভাঙলে সামাজিক শান্তি ভাঙে। যখন নিষ্কাশনমূলক কাঠামোয় মেধা বা শ্রমের পুরস্কার বন্ধ হয়ে যায়, তখন সেলিগম্যানের (১৯৭৫) ‘শিক্ষিত অসহায়ত্ব’ জন্ম নেয়, যা শিক্ষিত যুবসমাজ ও কর্মজীবী শ্রেণিকে রাজনৈতিক নিষ্ক্রিয়তায় নিমজ্জিত করে। এই পদ্ধতিগত নিষ্ক্রিয়তা ক্রমেই রূপ নেয় টেকসই উন্নয়নগত নৈরাশ্যে, যা টেকসই উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। এটি নিছক দুর্নীতির ফল নয়; এটি অলিগার্কিক পক্ষাঘাতের একটি নিষ্কাশনমূলক সপ্তভূজ লৌহ কাঠামো, যার মূল লক্ষ্য মানব পুঁজির অপচয় নিশ্চিত করা এবং মধ্যবিত্তকে আর্থিক ও মানসিকভাবে বিলীন করে রাষ্ট্রক্ষমতাকে কেন্দ্রভিত্তিক করা।

মুদ্রাস্ফীতি জনগণের উপার্জনের ওপর এক ‘অদৃশ্য কর’ চাপায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (২০২৫) তথ্যমতে, আর্থিক বছর ২০২৪-২৫-এ গড় মূল্যস্ফীতি ছিল ১০.০৩%, যা শ্রমজীবী মানুষের মজুরি বৃদ্ধির হার (৮.১৮%) থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। এই অসামঞ্জস্যের ফলে সাধারণ মানুষের প্রকৃত আয় হ্রাস পাচ্ছে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মধ্যবিত্ত শ্রেণি দ্রুত সংকুচিত হচ্ছে। ২০২৫ সালের অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার কমে ৮.১৭%-এ দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরের ৮.৩৬% থেকে সামান্য হ্রাস পেয়েছে, কিন্তু এখনও উচ্চ স্তরে রয়েছে এবং মজুরি বৃদ্ধির সাথে অসমানতা সৃষ্টি করছে। বিশ্বব্যাংকের (২০২৫) উদ্বেগজনক অনুমান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৩০ লাখ অতিরিক্ত মানুষ চরম দারিদ্র্যের শিকার হতে পারে, যা চরম দারিদ্র্যের হার ৭.৭% থেকে ৯.৩%-এ উন্নীত করবে। সিপিডির সাম্প্রতিক বিশ্লেষণ অনুসারে, প্রায় ৩ কোটি ৪৫ লাখ মানুষ দারিদ্র্যসীমার কাছাকাছি অবস্থান করছে, যা ২০২৪ সালের তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ; তবে বিশ্বব্যাংকের (২০২৫) সর্বশেষ রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ২০২৫ সালে সামগ্রিক দারিদ্র্যের হার ২১.২%-এ উঠতে পারে, যা ২০২৪ সালের তুলনায় ০.৭ শতাংশ বেশি এবং কোভিড-পরবর্তী সর্বোচ্চ। এই পরিসংখ্যান প্রমাণ করে যে, মধ্যবিত্তের যে অংশটি জাতির অর্থনৈতিক চালিকাশক্তি হওয়ার কথা ছিল, তারা আজ চরম দারিদ্র্যের ‘মৃত্যুফাঁদে’ বন্দি, এবং উচ্চ মূল্যস্ফীতি ও নেগেটিভ রিয়েল ওয়েজ গ্রোথ (যা ৪১ মাস ধরে অব্যাহত) এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করছে।

মূল্যস্ফীতির চাপ পুষ্টিহীনতা, স্বাস্থ্যঝুঁকি এবং শিক্ষায় ব্যয় হ্রাসের দিকে ঠেলে দিচ্ছে, যা সরাসরি মানব পুঁজির অপচয় ঘটাচ্ছে। উচ্চশিক্ষা ও বেকারত্বের হারও এর প্রমাণ। সাম্প্রতিক লেবার ফোর্স সার্ভে (২০২৪) অনুসারে, বিশ্ববিদ্যালয় স্নাতকদের মধ্যে বেকারত্বের হার ১৩.৫%-এ পৌঁছেছে, যা মোট ৮.৮৫ লাখ স্নাতক বেকার রয়েছে বলে নির্দেশ করে। এছাড়া, প্রায় এক-তৃতীয়াংশ স্নাতক দুই বছর পর্যন্ত বেকার থাকেন, যা যুবসমাজের মধ্যে দীর্ঘমেয়াদী হতাশা সৃষ্টি করছে। বিশ্বব্যাংকের (২০২৫) তথ্য অনুসারে, যুবকদের (১৫-২৪ বছর) মধ্যে বেকারত্বের হার ২০২২ সালে ১১%-এ উন্নীত হয়েছে, যা ২০১৩ সালের ৯.৩% থেকে বৃদ্ধি পেয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের ক্ষেত্রে এই হার আরও উচ্চ, ২৮.২৪%, যেখানে নারী স্নাতকদের মধ্যে ৩৪.৩১% এবং পুরুষদের মধ্যে ১৯.৯৬% বেকার (টিবিএস, ২০২৪)। এই বেকারত্ব হতাশা, উদ্বেগ ও সামাজিক অস্থিরতা বাড়িয়ে স্থিতিশীল উন্নয়নগত নৈরাশ্য সৃষ্টি করছে, যা মানব পুঁজির আরও অপচয়কে ত্বরান্বিত করছে।

উচ্চ মূল্যস্ফীতি কেবল অভ্যন্তরীণ কারণের ফল নয়। এটি মূলত পুঁজি পাচারের মাধ্যমে সৃষ্ট বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের (বর্তমানে প্রায় ৩ মাস আমদানির সমপরিমাণ) এবং ফলস্বরূপ টাকার চরম অবমূল্যায়নের সরাসরি পরিণতি (বিশ্বব্যাংক, ২০২৪)। আইএমএফ (২০২৩)-এর বিশ্লেষণ অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতির প্রায় অর্ধেক দায়ই ছিল টাকার অবমূল্যায়নের কারণে, যেখানে ২০% টাকার অবমূল্যায়ন মূল্যস্তরে ৫% বৃদ্ধি ঘটিয়েছে। পুঁজি পাচার বৈদেশিক মুদ্রার সরবরাহ কমিয়ে দেয়, যা ডলারের চাহিদা বাড়িয়ে টাকার মান কমায়। যেহেতু বাংলাদেশ নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও জ্বালানির জন্য আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল, একটি দুর্বল টাকা আমদানিকে আরও ব্যয়বহুল করে তোলে, যা জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। এই পুরো প্রক্রিয়াটি অলিগার্কির ‘নিষ্কাশনমূলক প্রতিষ্ঠান’ দ্বারা নিয়ন্ত্রিত এবং অলিগার্কিক স্বার্থে পরিচালিত। ২০২৪-২৫ অর্থবছরে পুঁজি পাচারের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার অনুমান করা হয়েছে, যা রিজার্ভ সংকটকে আরও গভীর করেছে এবং মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করেছে (লাইটক্যাসল পার্টনারস, ২০২৫)।

বাংলাদেশের অর্থনীতিতে ‘অলিগার্কিক পক্ষাঘাত’ চক্রের কেন্দ্রবিন্দু হলো রাষ্ট্রীয় সম্পদ ও পুঁজির ব্যাপক নিষ্কাশন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সাম্প্রতিক চূড়ান্ত প্রতিবেদন মতে, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৭ লাখ কোটি টাকা) পাচার হয়েছে। ‘বেগমপাড়া’, ‘সেকেন্ড হোম’ বা দুবাইয়ের বিলাসবহুল সম্পত্তি কেবল একটি স্থান নয়; এটি সেই ‘মেন্টালিটি’র প্রতীক, যেখানে দেশকে শোষণ করে বিদেশে সম্পদ গড়ে তোলাকে ‘সাফল্য’ হিসেবে দেখা হয়। এই পুঁজি পাচার সম্ভব হয়েছে ‘সপ্তভূজ লৌহ কাঠামোর’ তিনটি প্রধান বাহুর মিথোজীবী কার্যকারিতার মাধ্যমে: লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী ও প্লুটোক্র্যাসি, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র ও রাষ্ট্রযন্ত্রের নিষ্কাশনমূলক প্রতিষ্ঠান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিরুদ্ধে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রায় ৬০০ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে শুধু যুক্তরাজ্যেই তার ৩৬০টি বাড়ির তথ্য পাওয়া গেছে, যার বাজারমূল্য ৩২ কোটি মার্কিন ডলার (আল জাজিরা, ২০২৪)। এটি প্রমাণ করে যে, আমলা ও রাজনৈতিক কর্তৃত্ব কীভাবে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে লুটেরা প্লুটোক্র্যাসির সহায়তায় জাতীয় সম্পদ পাচার করে। ব্যবসায়ী এস আলম গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২.২৫ লাখ কোটি টাকা লোন নেয়া এবং ৪৪% অজ্ঞাতনামা লোনের অভিযোগ রয়েছে, যার অধিকাংশ ডিফল্ট হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে। এই লুটের টাকা কয়েকটি মহাদেশে বিশাল সাম্রাজ্য গড়ার কাজে ব্যবহৃত হয়েছে। ব্যাংকিং ও অর্থ নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠানগুলো কীভাবে এই লুটেরাদের সহায়তা করেছে বা চোখ বন্ধ রেখেছে, এটি তার চরম উদাহরণ। সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বাংলাদেশের সম্পদ পাচার করে সিঙ্গাপুরের ৪৯তম শীর্ষ ধনী হিসেবে ফোর্বসের তালিকায় স্থান পেয়েছেন, যা ২০২৪ সালের ৪১তম অবস্থান থেকে সামান্য পতন (ফোর্বস, ২০২৫)। এই পাচারকারীরা প্রায়শই বিদেশি মিত্র ও ভূ-রাজনৈতিক শক্তি বাহুর ছত্রছায়ায় নাগরিকত্ব পরিবর্তন বা বিদেশে বিনিয়োগের মাধ্যমে দায়মুক্তি অর্জন করে, যা অলিগার্কিক চক্রকে আরও শক্তিশালী করে। এই কাঠামোগত যোগসাজশ নিশ্চিত করে যে, দেশের অভ্যন্তরে বিনিয়োগের অভাবে মানব পুঁজি অপচয় ঘটে, আর লুণ্ঠিত অর্থ বিদেশে আরামদায়ক জীবন এবং এস্কেপ রুট তৈরি করে।

অলিগার্কিক পক্ষাঘাতের সবচেয়ে সুদূরপ্রসারী ক্ষতি হলো মানবসম্পদ উন্নয়নে স্বেচ্ছাকৃত অবরোধ। শিক্ষায় জিডিপির ২ শতাংশের নিচে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ধারাবাহিকভাবে সর্বনি¤œ অবস্থানে রয়েছে। শিক্ষাব্যবস্থা কর্মমুখী দক্ষতার বদলে ‘কেরানি তৈরির কারখানা’ মানসিকতায় পরিচালিত হওয়ায় সমালোচিত। নীতিনির্ধারক, রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত ‘অলিগার্কি’ ইচ্ছাকৃতভাবে জনশিক্ষাকে দুর্বল করে এটিকে লুটের হাতিয়ারে পরিণত করেছে, কারণ তারা নিজেদের সন্তানদের বিদেশে পড়াশোনার ব্যবস্থা করে শ্রেণিস্বার্থ সুরক্ষিত রাখছে। এর ফলে সাধারণ মধ্যবিত্তের সন্তানরা বেকারত্বের ফাঁদে পড়লেও, তাদের সন্তানেরা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশে এসে কম প্রতিযোগিতার সম্মুখীন হয়, যা নৈরাশ্যকে স্থায়ী করার একটি কৌশল। যখন জনগণ দেখে যে মেধার চেয়ে ‘রাজনৈতিক সংযোগ’ ও লুণ্ঠনের মূল্য বেশি, তখন তারা তাদের মানব পুঁজির অপচয় দেখে গভীর হতাশায় নিমজ্জিত হয়। ক্রমাগত মূল্যস্ফীতি, সঞ্চয়ের ক্ষয় এবং বিদেশে পুঁজি পাচারের চিত্র তাদের মনে এই বিশ্বাস স্থায়ী করে যে, ব্যবস্থাটি তাদের অনুকূলে নেই। এই ‘শিক্ষিত অসহায়ত্ব’ থেকে জন্ম নেয় স্থিতিশীল উন্নয়নগত নৈরাশ্য, যা অলিগার্কিক কাঠামোর বিরুদ্ধে জনগণের প্রতিরোধ এবং পরিবর্তনের আগ্রহকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে তোলে।

২০২৪ সালের গণআন্দোলন ছিল হির্শম্যানের ‘টানেল প্রভাব’ ভেঙে যাওয়ার চূড়ান্ত অভিব্যক্তি, যা মানব পুঁজির কাঠামোগত অপচয় থেকেই উৎসারিত। এই গণঅভ্যুত্থান কোটা-সংস্কার থেকে শুরু হয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। তবে, এই আন্দোলনের সময় শেখ হাসিনা সরকার কর্তৃক সহস্রাধিক ছাত্র-জনতার প্রাণহানি ঘটেছে (জাতিসংঘ, ২০২৫)। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পরও রাষ্ট্রীয় দুর্নীতি দমন, জবাবদিহিতা-ভিত্তিক পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক সংস্কারÑ এই তিনটি ক্ষেত্রে কাঠামোগত প্রতিরোধের মুখে পড়েছে। স্থায়ী আমলাতন্ত্র নিজস্ব সুবিধা সংরক্ষণ করেছে; ব্যবসা-রাজনৈতিক জোট ‘রেন্ট-সিকিং’ কাঠামো অব্যাহত রেখেছে; এবং রাজনৈতিক মেরুকরণ গণতান্ত্রিক ঐক্যমতকে অসম্ভব করে তুলেছে। এটি স্কটের (১৯৯৯) ‘সিয়িং লাইক এ স্টেট’ তত্ত্বের একটি স্পষ্ট উদাহরণ—রাষ্ট্রের দৃশ্যমান ক্ষমতা থাকলেও অলিগার্কির সপ্তভূজ লৌহ কাঠামোর কারণে কার্যকর সংস্কার প্রায় অসম্ভব হয়ে ওঠে।

দীর্ঘদিনের ভোটাধিকার হরণ, আইনি দমন ও অর্থনৈতিক অবিচারের অভিজ্ঞতা জনগণের মধ্যে তৈরি করেছে ব্যক্তিগত উদ্যোগের পতন, যার ফলাফল হলো সমষ্টিগত রাজনৈতিক পক্ষাঘাত। এর ফলস্বরূপ জনগণ প্রতিবাদের ক্লান্তি অনুভব করে এবং রাজনৈতিক যথাস্থিতিকেই নিরাপদ মনে করে। বিভক্ত তথ্য-পরিবেশে জনগোষ্ঠীর একাংশ শাসকীয় আখ্যানে বিশ্বাস করে নিরাপত্তা খোঁজে, যা তাদের জন্য ‘মানসিক স্বাচ্ছন্দ্য অঞ্চল’ তৈরি করে; আরেক অংশ পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে রাজনৈতিক ঝুঁকি গ্রহণ করে, যা তাদের মধ্যে ‘অনিশ্চয়তার উদ্বেগ’ সৃষ্টি করে। এই আখ্যানের দ্বৈততাই ‘রাজনৈতিক মানসিক দ্বন্দ্ব’, যা গণতান্ত্রিক সুসংহতকরণকে বিলম্বিত করে। আন্দোলনের এক বছর পর, জনগণের মধ্যে ক্লান্তি এবং ধীরগতির সংস্কারের কারণে অসন্তোষ বাড়ছে, যা রাজনৈতিক বিভাজনকে গভীর করে।

এই পুরো প্রক্রিয়ার ফলস্বরূপ, জনগণের মধ্যে সৃষ্ট ভয়–নির্ভর সিদ্ধান্ত কর্তৃত্ববাদী প্রবণতাকে উৎসাহিত করে। অন্যদিকে, রাজনৈতিক ফলাফলে নিজেদের নিয়ন্ত্রণ শূন্য মনে হওয়ায় পুঁজি পাচার ও বৈষম্য মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয়। এটাই ‘অলিগার্কিক পক্ষাঘাতের’ সবচেয়ে বিপজ্জনক ফল।

মুদ্রাস্ফীতি, মধ্যবিত্তের বিলুপ্তি, পুঁজি পাচার এবং মানবসম্পদ উন্নয়নে ব্যর্থতা- এই সবই ‘অলিগার্কিক পক্ষাঘাত’ চক্রের অনিবার্য ফসল, যা মানবজীবনকে ‘সবচেয়ে সস্তা পণ্য’-এ পরিণত করেছে। এই অশুভ চক্র ভাঙতে হলে মানবসম্পদ উন্নয়নকে জাতীয় অগ্রাধিকারের শীর্ষে স্থাপন করে ‘জ্ঞানযুদ্ধ’ শুরু করা অপরিহার্য। এর মূল ভিত্তি তিনটি: (১) তথ্য মুক্তি: কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণ ব্যবহার করে দুর্নীতিসহ সকল প্রয়োজনীয় তথ্য জনগণের জন্য উন্মুক্ত করতে হবে, যাতে ‘সপ্তভূজ লৌহ কাঠামোর’ নিয়ন্ত্রণ ভেঙে যায়। (২) মূল্যবোধের পরিবর্তন: নিউরো-জ্ঞানীয় তথ্য মডেল দ্বারা জনগণের মস্তিষ্কে এই ধারণা প্রবেশ করাতে হবে যে, সময় অর্থ অপেক্ষা মূল্যবান- অর্থাৎ, ব্যক্তিগত দক্ষতা ও উৎপাদনশীলতার মূল্য অবৈধ ‘রেন্ট-সিকিং’-এর চেয়ে বেশি। (৩) সক্ষমতা বৃদ্ধি: নিউরাল সোপান মডেল ব্যবহার করে তৃণমূল পর্যায় থেকে জনগণের জ্ঞানীয় সক্ষমতা বৃদ্ধি করতে হবে, যাতে তারা নিরাপদ, উৎপাদনশীল ও নৈতিক সিদ্ধান্ত নিতে পারে। এই কাঠামোগত সংস্কারের মাধ্যমে নিশ্চিত হবে যে, দেশের সম্পদ বিদেশে পাচার না হয়ে অভ্যন্তরীণভাবে মানবসম্পদ উন্নয়নে ব্যবহৃত হবে। জনগণের এই ‘জ্ঞানীয় সক্ষমতা বৃদ্ধি’ই অলিগার্কির শিকল ভাঙার একমাত্র কার্যকর টিকা।

লেখক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা, অর্থনীতির শিক্ষক ও গবেষক।