টেকসই অর্থনৈতিক অগ্রগতি, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত এক অনন্য ভূমিকা পালন করছে। প্রাণিসম্পদ খাত আজ দেশের একটি অন্যতম প্রধান উন্নয়নমুখী খাত হিসেবে প্রতিষ্ঠিত। প্রায় ১৫ লক্ষ প্রান্তিক খামারি তাদের দৈনিক জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে ২-৩টি করে পশু পালন করে থাকেন। পবিত্র ঈদুল আজহা তথা কোরবানিকে কেন্দ্র করে প্রায় ৮ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক খামারি গবাদিপশু লালন-পালন করে। দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতের উপর নির্ভরশীল। শুধু পোল্ট্রি খাতেই প্রায় ৬০ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত, যার মধ্যে ৪০ শতাংশই নারী।
২০২৪-২৫ অর্থবছরে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১.৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.১৯ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬.৫৪ শতাংশ। দেশে বর্তমানে প্রায় আড়াই কোটি গরু, ১৫ লক্ষ মহিষ, ৩ কোটি ছাগল-ভেড়া এবং ৪০ কোটি হাঁস-মুরগি রয়েছে। এ সকল গবাদিপশু ও হাঁস-মুরগীর মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে ১৫৫ লক্ষ মেট্রিক টন দুধ, ৮৯.৫৪ লক্ষ মেট্রিক টন মাংস এবং ২৪৪০ কোটি ডিম উৎপাদিত হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর প্রান্তিক খামারিদের কারিগরি প্রশিক্ষণ, বাচ্চা সরবরাহ, খাদ্য, ভ্যাকসিন ও ওষুধ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। গার্মেন্ট শিল্পের পর দেশের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারী খাত হিসেবে পোল্ট্রি শিল্প ইতোমধ্যে স্থান দখল করে নিয়েছে। এই খাতে বর্তমানে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৪০,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ৫০টি হাঁস-মুরগীর খামার থেকে বছরে ৩৫ লক্ষ একদিনের বাচ্চা সরবরাহ করা হয়।
বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের আওতায় ২.৭২ লক্ষ অনগ্রসর জনগোষ্ঠী/নৃ-গোষ্ঠী/চরাঞ্চলের প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ প্রদান ও উৎপাদন উপকরণ বিতরণ এবং ২,৬১১টি কৃষক সংগঠন ও ৬,৫০০টি উৎপাদনকারী সংগঠন সৃজন হয়েছে। এছাড়াও, ২০২৪-২৫ অর্থবছরে উপকরণ সহায়তা বাবদ ৭৫৮৪টি বকনা বাছুর, ১২টি মহিষ, ১৫৭৩৮টি ছাগল, ৭৭০৭৭টি ভেড়া, ৪৮৬০৯৫টি মুরগি, ৮৫৫৪৫৫টি হাঁস এবং ২৩৯৮৮টি গবাদিপশু-পাখির গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। অধিকন্তু, অর্থনৈতিক গুরুত্ববহ জুনোটিক রোগ নিয়ন্ত্রণে অপসারিত গবাদিপশুর ক্ষতিপূরণ বাবদ ২.৬৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
দেশে পোল্ট্রি ও ডেইরি খাতের উন্নয়নের সাথে সাথে বাণিজ্যিক পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিকাশ লাভ করেছে। দেশে বছরে প্রায় ৭৫ লক্ষ মেট্রিক টন পোল্ট্রি, ডেইরি ও মৎস্যখাদ্য উৎপাদন হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ফিড মিলের সংখ্যা ৩৪২টি। মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং পশুখাদ্য বিধিমালা, ২০১৩ অনুসরণপূর্বক এই সমস্ত খাদ্যের মান নিয়ন্ত্রণ করা হয়।
২০২৪-২৫ অর্থবছরে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এবং পশুখাদ্য বিধিমালা, ২০১৩ এর আওতায় ফিড মিল, পশু খাদ্য উপকরণ এবং খাদ্য আমদানি ও বিক্রয় প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে ৭৪৬৮৯টি; পশুখাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭৭৩টি; মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ১৪২৬টি; জব্দকৃত ও বিনষ্টকৃত ভেজাল পশুখাদ্য ৯৮১ মেট্রিক টন; কারাদন্ড প্রদান করা হয়েছে ৫৪ জনকে এবং আদায়কৃত জরিমানার পরিমাণ ৫৫.৯৪ লক্ষ টাকা। মানুষের পুষ্টি নিরাপত্তায় প্রাণীকে গুণগতমানের খাদ্য উপকরণ প্রদান এবং প্রাণী হতে নিরাপদ প্রাণিজাত খাদ্য উৎপাদন অপরিহার্য হিসেবে প্রতিভাত হয়েছে। সে লক্ষ্যে ইতোমধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে আন্তর্জাতিক মানের আইএসও সার্টিফাইড একটি কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।
দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ খাত হলো দেশের ডেইরি খাত। বর্তমানে দেশে প্রায় ২.৫ কোটি গবাদিপশুর মধ্যে ৮৬ লক্ষ দুগ্ধবতী গাভী রয়েছে, যার মধ্যে ৪৫ লক্ষ দেশীয় গাভী এবং ৪১ লক্ষ সংকর জাতের গাভী। দুগ্ধ খাতে শতকরা ৮০ ভাগ খামারি প্রান্তিক, ভূমিহীন কৃষক ও নারী, যারা মোট উৎপাদিত দুধের শতকরা ৭০ ভাগ যোগান দিয়ে থাকে। আমাদের দেশি জাতের গবাদিপশুর উৎপাদনশীলতা বাড়াতে উন্নত জাতের গবাদিপশুর সিমেন সংগ্রহ করে অনুমোদিত নীতিমালার ভিত্তিতে দেশি গাভীর কৃত্রিম প্রজনন র্কাযক্রম পরিচালিত হচ্ছে। কৃত্রিম প্রজনন কেন্দ্র, উপ-কেন্দ্র ও পয়েন্টের মাধ্যমে হিমায়িত ও তরল সিমেন ব্যবহার করে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা একটি সফল কার্যক্রম হিসেবে প্রতিষ্ঠিত।
২০২৪-২৫ অর্থবছরে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ৩৭ লক্ষ ৫৯ হাজার ডোজ (তরল ও হিমায়িত) সিমেন দ্বারা ৩৩ লক্ষ ৪৫ হাজার কৃত্রিম প্রজনন সম্পন্ন করা হয়েছে যাতে ১৫ লক্ষ ৭৩ হাজার শংকর জাতের বাছুর উৎপাদন হয়েছে। এছাড়াও, স্থানীয় জাত সংরক্ষণ ও উন্নয়নে (যেমন-রেড চিটাগাং ক্যাটেল, মীর কাদিম, পাবনা নর্থ বেঙ্গল গ্রে ও নেত্রকোণা ব্ল্যাক) পৃথক প্রকল্প গ্রহণ করা হয়েছে। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্যতম অভীষ্ট লক্ষ্য। প্রাণিসম্পদ অধিদপ্তর লক্ষ লক্ষ বেকার যুবক, যুব মহিলা, ভূমিহীন ও প্রান্তিক কৃষককে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে সম্পৃক্ত করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের গ্রামীণ জনগোষ্ঠির দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক মোট ২ লক্ষ ৭২ হাজার জন বেকার যুবক, যুব মহিলা, দুস্থ মহিলা, ভূমিহীন ও প্রান্তিক কৃষককে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খাদ্য বিক্রেতা ও ঘাস চাষের উপর এবং ১৮,২৪৫ জন মাংস প্রক্রিয়াজাতকারীগণকে প্রশিক্ষণ প্রদান করে নিরাপদ পণ্য উৎপাদন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব ঘোচানোর চেষ্টা করা হয়েছে।
অঞ্চলভিত্তিক উন্নয়নেও প্রাণিসম্পদ অধিদপ্তর কাজ করছে। দেশের উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরে মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি হয়ে থাকে। সরকারি ৩টি মহিষ প্রজনন ও উন্নয়ন খামার (বাগেরহাট মহিষ প্রজনন ও উন্নয়ন খামার, টাঙ্গাইল মহিষ প্রজনন ও উন্নয়ন খামার এবং মহিষ প্রজনন ও উন্নয়ন খামার, সাভার, ঢাকা) হতে ভর্তুকিমূল্যে এ সকল হাওর ও বিভিন্ন অঞ্চলে খামারিদের মাঝে মহিষের বাচ্চা সরবরাহ করা হয়ে থাকে। উপকূলীয় অঞ্চলে জেগে উঠা নিত্য নতুন চর ও সরকারি খাস জমি খামারিদের মাঝে চারণভূমি হিসেবে ব্যবহারের জন্য সমবায়ভিত্তিক বন্দোবস্ত প্রদান করার জন্য ভূমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণের সাথে কাজ করা হচ্ছে যাতে এ সকল অঞ্চলের সাধারণ জনগোষ্ঠি মহিষ পালনে আরো উৎসাহী হয়।
প্রাণিস্বাস্থ্যের উন্নয়নে একটি বাধা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ-বালাই। এসকল রোগ প্রতিরোধে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান হতে প্রতিবছর ১৭টি রোগের প্রায় ৩৪ কোটি ডোজ গবাদিপশু ও হাঁস-মুরগির টিকা উৎপাদন ও বিতরণ করা হচ্ছে। সম্প্রতি উদ্ভূত গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ রোগ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ হিসেবে প্রায় ১৭ লক্ষ মাত্রা টিকা মাঠ পর্যায়ে প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া, গবাদিপশুর অন্যতম ক্ষুরা রোগ মুক্ত অঞ্চল তৈরীর লক্ষ্যে দেশের ৪টি জেলায় (সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ ও ভোলা) টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে যা চলমান রয়েছে। সারাদেশ থেকে ছাগলের মারাত্মক সংক্রামক রোগ পিপিআর নির্মূলে প্রায় ৬ কোটি ডোজ টিকা সাম্প্রতিক সময়ে মাঠ পর্যায়ে প্রয়োগ করা হয়েছে। প্রাণী থেকে মানবদেহে ছড়ায় এরকম সংক্রামক জুনোটিক রোগ যেমন- এ্যানথ্রাক্স, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, জলাতংক, নিপা ভাইরাসসহ অনেক জুনোটিক রোগ পরীক্ষণে ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যবরেটরির স্থাপন করা হয়েছে। পাশাপাশি ট্রান্সবাউন্ডারি প্রাণিরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকল্পে দেশের জল, স্থল ও বিমানবন্দরসমূহে মোট ২৪টি কোয়ারেন্টাইন স্টেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়ন্ত্রণে ঢাকায় ১টি জাতীয় চিড়িয়াখানা ও রংপুরে ১টি বিনোদন উদ্যান চিড়িয়াখানা রয়েছে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ১৯৬৪ সালে মিরপুর, ঢাকায় প্রায় ১৮৬ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে ১৩৫ প্রজাতির ৩৩২৫টি প্রাণী রয়েছে। বছরে প্রায় ৪০-৪৫ লক্ষ দর্শনার্থী এ চিড়িয়াখানা দর্শন করে। এ চিড়িয়াখানা থেকে বছরে প্রায় ১৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়। জনসাধারণের জন্য নির্মল চিত্তবিনোদনের একটি অন্যতম মাধ্যম ছাড়াও চিড়িয়াখানা আরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেমন: ক) দুর্লভ ও বিরল প্রজাতির পশু-পাখি পালন, সংরক্ষণ ও প্রজননের মাধ্যমে বংশ বৃদ্ধি, খ) ছাত্র-ছাত্রী ও শিশু কিশোরদের বন্যপ্রাণী বিষয়ে শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা এবং গ) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও গবেষকদের গবেষণা কাজে সহায়তা করা।
প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক রোগ প্রতিরোধক টিকা বীজ বিক্রয়, কৃত্রিম প্রজনন ফি, ফার্ম ও কোম্পানিসমূহের রেজিষ্ট্রেশন ফি, চিড়িয়াখানা ও সরকারি খামারসমূহ হতে আয় এবং টেন্ডারসহ অন্যান্য খাত থেকে ২০২৪-২৫ অর্থবছরে মোট রাজস্ব প্রাপ্তির পরিমাণ ৮৫ কোটি ২৩ লক্ষ ২১ হাজার টাকা। রপ্তানি আয়ের ক্ষেত্রে তৈরি পোষাক ও হিমায়িত চিংড়ি রপ্তানির পরই অবস্থান চামড়া ও চামড়াজাত পণ্যের। প্রতিবছর বাংলাদেশ চামড়া ও চামড়াজাত দ্রব্যাদি রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। বর্তমানে সীমিত আকারে গরু এবং ছাগলের মাংস, প্রাণি উপজাত দ্রব্যাদি যেমন হাড়, নাড়ি-ভুঁড়ি, জেনিটাল অর্গান রপ্তানি শুরু হয়েছে। এছাড়াও দুদ্ধজাত দ্রব্যাদি যেমন দই, মিষ্টি রপ্তানী করা হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মূল্যায়নে ছাগল পালনে বাংলাদেশ বিশ্বে ৪র্থ স্থান এবং ছাগলের মাংস উৎপাদনে বিশ্বে ৫ম স্থান অধিকার করেছে। ইতোমধ্যে বাণিজ্য বাধা দূরীকরণে প্রাণিসম্পদ অধিদপ্তরে একটি ট্রেড উইং স্থাপন করা হয়েছে। লেখক: সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
