সন্ত্রাসীরা সব সময়েই সমাজ ও দেশের জন্য ক্ষতিকর। তা সে শীর্ষই হোক, আর নিম্নস্তরের হোক। সন্ত্রাসীদের ব্যবহার করা হয় শত্রু, প্রতিপক্ষ কিংবা স্বার্থে ব্যাঘাত ঘটানো কাউকে বা কোনো মহলকে ভীতসন্ত্রস্ত করে তোলা ও দমনের জন্য। সন্ত্রাসীদের নিজেদের কোনো দল নেই। তারা যে কোনো সরকারের আমলেই যে কোনো রাজনৈতিক দলের ভাড়াটিয়া হিসেবে অপরাধ সংঘটিত করতে পারে। দলবাজির বাইরেও সন্ত্রাসীদের ব্যবহার করা হয় ব্যক্তিগত বিরোধের জের ধরে। এর ভিন্ন দিক হলো দীর্ঘকাল অপরাধ জগতে বিচরণ করতে গিয়ে এসব সন্ত্রাসীর মধ্যেও বিরোধ তৈরি হতে পারে। আধিপত্য বিস্তার বা অন্য কোনো কারণে দ্বন্দ্ব থেকে পারস্পরিক সংঘাত হতে পারে। বাস্তবতা হলো, দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে রাজধানীর আন্ডারওয়ার্ল্ড ছিল অনেকটাই শান্ত।
শীর্ষ সন্ত্রাসীরা প্রায় সব কারাবন্দি থাকায় এ সময়ে নতুন কোনো সন্ত্রাসীর পক্ষে আত্মপ্রকাশ করা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু হঠাৎ একযোগে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে কারামুক্ত হওয়ার পর থেকেই অশান্ত হতে থাকে আন্ডারওয়ার্ল্ড। গত বছর এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীর ওপর হামলার ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর থেকে সামনে আসতে থাকে নেপথ্য খলনায়কদের নাম। \r\nজাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এভাবে একের পর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সাধারণ নাগরিকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উদ্বিগ্ন, এমন তথ্য উঠে এসেছে জনকণ্ঠের প্রতিবেদনে। তাদের আশঙ্কা, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের আরও খুনখারাবির মতো অপরাধ সংঘটিত হতে পারে। গোয়েন্দা সংস্থাগুলোরও এ ধরনের অপরাধ ঠেকাতে আগাম সতর্কতা নেওয়া ও তৎপরতা জোরদার করার ওপর জোর দিচ্ছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগে দেশের বিভিন্ন অঞ্চলের কারাগারে হামলার ঘটনা ঘটেছে। সে সময় একদিকে বন্দিরা যেমন পালানোর সুযোগ পেয়েছে, অন্যদিকে অস্ত্র লুট ও হামলার ঘটনাও ঘটেছে। সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে যাওয়ার পর তাদের ওপর নজরদারির অভাব থেকে সাম্প্রতিক জটিলতা তৈরি হয়ে থাকতে পারে। \r\nনাগরিকদের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিনদিন বাড়ছে। আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজি ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে যে বিরোধ, তার ফলেই সাম্প্রতিক হত্যাকাণ্ড হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। খুনের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। তবু শঙ্কা দূর হচ্ছে না। আমরা দেখে আসছি, নিরাপত্তা বিশ্লেষকরা বারবার সরকারকে সতর্ক করে আসছে যে, জামিনে মুক্ত সন্ত্রাসী ও উদ্ধার না হওয়া অস্ত্রের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিভিন্ন সময় সরকার কঠোর হওয়ার কথা বলেছে। যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। সামনেই জাতীয় নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আন্ডারওয়ার্ল্ড অশান্ত হয়ে ওঠার শঙ্কা দূর হচ্ছে না। তাই সরকারকে শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ও অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
