মন্ত্রী বা উচ্চপদস্থ সরকারি ব্যক্তির সফর মানেই প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা– এই দৃশ্য বাংলাদেশের প্রশাসনিক সংস্কৃতিতে দীর্ঘদিনের চেনা বাস্তবতা। বিমানবন্দর, সার্কিট হাউস বা নির্ধারিত স্থানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কমিশনার, ডিআইজি কিংবা মহানগরে পুলিশ কমিশনারের উপস্থিতি যেন এক অলিখিত নিয়ম। রাষ্ট্রের মর্যাদা ও প্রটোকলের অংশ হিসেবে এটি প্রতিষ্ঠিত হলেও প্রশ্ন উঠছে, সময়ের বাস্তবতায় এই প্রথা কতটা যৌক্তিক?
ভিআইপি প্রটোকলের শিকড় মূলত ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামোতে। ব্রিটিশ শাসনামলে ক্ষমতার প্রতীকী উপস্থিতি এবং শাসনের আনুষ্ঠানিকতা বজায় রাখতে উচ্চপদস্থ ব্যক্তিদের অভ্যর্থনার একটি নির্দিষ্ট সংস্কৃতি গড়ে ওঠে। স্বাধীনতার পর সেই কাঠামোর অনেকাংশের মতোই এই প্রটোকল সংস্কৃতিও ধারাবাহিকভাবে বহাল থাকে। পরবর্তী সময়ে বিভিন্ন প্রশাসনিক নির্দেশনা ও দাপ্তরিক রীতিনীতির মাধ্যমে এটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। ফলে নির্দিষ্ট কোনো বছরে এর সূচনা না হলেও দীর্ঘ ঐতিহাসিক ধারাবাহিকতায় এটি আজকের বাস্তবতায় প্রতিষ্ঠিত নিয়মে পরিণত।
তবে প্রশাসনের কাজের ধরন ও চাহিদা এখন আগের তুলনায় অনেক পরিবর্তিত। উন্নয়ন প্রকল্পের সংখ্যা বেড়েছে; সেবা প্রদান ব্যবস্থায় জটিলতা বৃদ্ধি পেয়েছে; আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবস্থাপনায় প্রযুক্তি ও সমন্বয়ের গুরুত্ব বেড়েছে। জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের প্রতিদিনের দায়িত্ব এখন বহুমাত্রিক। এমন বাস্তবতায় প্রায় প্রতিটি সফরে ঘণ্টার পর ঘণ্টা আনুষ্ঠানিক অভ্যর্থনায় ব্যস্ত থাকা প্রশাসনিক দক্ষতার ওপর প্রভাব ফেলে– এমন অভিযোগ প্রশাসনের ভেতরেই শোনা যায়। বিশেষ করে একই দিনে একাধিক ভিআইপি সফর থাকলে বা দীর্ঘ সময় ধরে প্রটোকল কার্যক্রম চললে নিয়মিত দাপ্তরিক কাজের গতি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। জনসেবা, প্রকল্প তদারকি কিংবা জরুরি প্রশাসনিক সিদ্ধান্ত– এসব ক্ষেত্রে বিলম্বের প্রভাব শেষ পর্যন্ত নাগরিকের ওপরেই পড়ে। ফলে প্রশ্নটি এখন আর কেবল আনুষ্ঠানিকতার নয়; এটি কার্যকর প্রশাসন নিশ্চিত করার সঙ্গেও সম্পর্কিত। অবশ্য প্রটোকল ব্যবস্থার পক্ষে যুক্তিও অগ্রাহ্য করা যায় না।
সরকারি সফরের নিরাপত্তা, স্থানীয় প্রশাসনের সঙ্গে সরাসরি সমন্বয় এবং রাষ্ট্রের প্রতিনিধিত্বের আনুষ্ঠানিকতা বজায় রাখতে এ উপস্থিতি সহায়ক বলে মনে করা হয়। অনেক ক্ষেত্রে কর্মকর্তাদের সরাসরি উপস্থিতি সফরের প্রস্তুতি ও দিকনির্দেশনা স্পষ্ট করতেও ভূমিকা রাখে। কিন্তু আধুনিক প্রশাসনের দর্শন বলছে– মর্যাদা ও কার্যকারিতা একে অপরের পরিপন্থি নয়। বরং প্রটোকলকে সময়োপযোগী ও নমনীয় করা গেলে উভয় লক্ষ্যই অর্জন সম্ভব। উদাহরণ হিসেবে সফরের ধরন অনুযায়ী প্রটোকলের স্তর নির্ধারণ করা যেতে পারে। সব ক্ষেত্রে সব পর্যায়ের কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক না রেখে প্রতিনিধিত্বমূলক উপস্থিতি নিশ্চিত করা হলে সময় ও সম্পদের সাশ্রয় হবে।
এ ছাড়া পূর্বসমন্বয় সভা, ভার্চুয়াল ব্রিফিং বা নির্দিষ্ট প্রটোকল টিমের মাধ্যমে দায়িত্ব বণ্টন করলে কর্মকর্তাদের মূল কাজের ব্যাঘাত কমানো সম্ভব। এতে প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও রক্ষা পাবে।
প্রশাসনিক সংস্কার সব সময়ই একটি চলমান প্রক্রিয়া। সময়ের সঙ্গে বাস্তবতা বদলায়, তাই প্রথারও মূল্যায়ন জরুরি। ভিআইপি প্রটোকল কমানো বা পুনর্গঠন মানে রাষ্ট্রের মর্যাদা কমানো নয়; বরং এটি প্রশাসনকে আরও দক্ষ, সময় সচেতন ও সেবাকেন্দ্রিক করে তোলার পদক্ষেপ হতে পারে। রাষ্ট্র পরিচালনায় প্রতীকী আনুষ্ঠানিকতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ নাগরিকের জন্য দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা। তাই এখন প্রশ্নটি প্রটোকল থাকবে কি থাকবে না, তা নয়। বরং কীভাবে থাকবে সেটিই মূল বিষয়। সময়ের দাবি, প্রশাসনের মর্যাদা বজায় রেখে এমন একটি ভারসাম্য খুঁজে বের করা, যেখানে প্রটোকল থাকবে– কিন্তু তা কাজের গতি কমাবে না, বরং রাষ্ট্রের কার্যকারিতা বাড়াতে সহায়ক হবে।
আকাশ চৌধুরী: সাংবাদিক sangbad.akash@gmail.com
