২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ব্যয় প্রস্তাব নিয়ে প্রণীত। এটি দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট, যা চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় ১৯ শতাংশ বেশি। প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে আসা একটি সরকারের জন্য এই বাজেট একই সঙ্গে উচ্চাভিলাষের ঘোষণা এবং সীমাবদ্ধতার স্বীকৃতি। এর বহু খাতের বরাদ্দের মধ্যে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪২ হাজার ২৯১ কোটি টাকা, যা গত বছরের সংশোধিত বরাদ্দ ৪০ হাজার ৫০২ কোটি টাকার তুলনায় ১ হাজার ৫৯৩ কোটি টাকা বেশি। এই বৃদ্ধি আপাতদৃষ্টিতে ইতিবাচক হলেও এটি একটি গভীর ও জরুরি প্রশ্ন উত্থাপন করে: বাংলাদেশের ক্রমবিকশিত হুমকির প্রেক্ষাপটে এই বরাদ্দ কি সত্যিকার অর্থে একটি কার্যকর প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলার জন্য যথেষ্ট?
প্রতিরক্ষা বাজেটের কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায়, ৩৮ হাজার ৭২১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য এবং ১ হাজার ৬১১ কোটি টাকা উন্নয়ন ব্যয়ের জন্য। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য আরও ১ হাজার ৯৫৯ কোটি টাকা নির্ধারিত হয়েছে। কাগজে-কলমে এটি গত কয়েক বছরের ধারাবাহিকতার প্রতিফলন, একটি স্থিতিশীল, ক্রমবর্ধমান বৃদ্ধি। কিন্তু ধারাবাহিকতা আর কৌশলগত দূরদর্শিতা এক জিনিস নয়। বাংলাদেশের হুমকির পরিবেশ যেভাবে দ্রুত পরিবর্তিত হয়েছে, বাজেটের কাঠামো সেই গতিতে সাড়া দিতে পারেনি। মোট জাতীয় ব্যয়ের মাত্র ৩.৯৭ শতাংশ প্রতিরক্ষায় বরাদ্দ পাওয়া এবং জিডিপির প্রায় ১.১ শতাংশ আঞ্চলিক মানদণ্ডে যথেষ্ট নয়, যেখানে প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলো নিয়মিত জিডিপির ১.৮ থেকে ২.৫ শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করে।
বাংলাদেশ আজ যে বহুমাত্রিক হুমকির সম্মুখীন, তা অস্বীকার করার উপায় নেই। পশ্চিমে ভারতের আচরণÑ হিন্দুত্ববাদী মতাদর্শ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং যেকোনো স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণকারী ঢাকা সরকারের প্রতি প্রকাশ্য বৈরিতা একটি স্থায়ী কৌশলগত চাপ তৈরি করে রেখেছে, যা কেবল কূটনীতি দিয়ে সামলানো সম্ভব নয়। দক্ষিণ-পূর্বে আরাকান সংকট মিয়ানমারের সীমান্তকে একটি সক্রিয় সংঘাতক্ষেত্রে পরিণত করেছে, সশস্ত্র অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলো বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে তৎপর, শরণার্থীর ঢল প্রশাসনিক সক্ষমতাকে চাপে ফেলছে এবং সরাসরি সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাস্তব। বৈশ্বিক পরিসরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের জ্বালানিনির্ভর অর্থনীতিকে মারাত্মক সংকটে ফেলেছে। স্মরণযোগ্য যে, হাজার মাইল দূরের কৌশলগত ধাক্কা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে জাতীয় স্থিতিশীলতার ভিত্তি নাড়িয়ে দিতে পারে। এমন প্রেক্ষাপটে নামমাত্র ৩.৯ শতাংশ বৃদ্ধিÑ মূল্যস্ফীতির সঙ্গে তুলনা করলে, যা প্রকৃতপক্ষে স্থিতাবস্থার অনুরোপমাত্র, যা কৌশলগতভাবে অপর্যাপ্ত।
এই পরিস্থিতিতে আশার আলো হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক আধুনিকায়ন প্যাকেজের প্রস্তাব। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ২৭ হাজার কোটি টাকার (প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার) একটি বিশেষ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে তিনটি বাহিনীর জন্য আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ, দেশীয় প্রতিরক্ষা উৎপাদন শক্তিশালীকরণ এবং কৌশলগত সামরিক অবকাঠামো বিস্তারের জন্য। এই প্রস্তাব ফোর্সেস গোল ২০৩০-এর অধীনে কৌশলগত লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এখানে গুরুত্বপূর্ণ শব্দটি হলো ‘প্রস্তাব’। অনুমোদিত বিশেষ বরাদ্দ আর আনুষ্ঠানিকভাবে বাজেটভুক্ত ব্যয় এক নয়। যতক্ষণ না এটি একটি বিশ্বাসযোগ্য সংগ্রহ ও ব্যয় পরিকল্পনাসহ অনুমোদিত হয়, ততক্ষণ এটি সক্ষমতার পরিবর্তে আকাক্সক্ষারই নামান্তর। বর্তমান প্রতিরক্ষা বাজেটের কাঠামোগত দুর্বলতা সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পায় পরিচালন ও উন্নয়ন ব্যয়ের মধ্যকার গভীর বৈষম্যে। মোট ৪২ হাজার ২৯১ কোটি টাকার মধ্যে উন্নয়ন ব্যয় মাত্র ১ হাজার ৬১১ কোটি টাকা অর্থাৎ প্রতিরক্ষা বরাদ্দের মাত্র ৩.৮ শতাংশ। এই বৈষম্য একটি বাহিনীর প্রতিচ্ছবি, যা ভবিষ্যতে বিনিয়োগ না করে বর্তমান পরিচালনা টিকিয়ে রাখার জন্য নিজেকে নিঃশেষ করছে। বেতন, রেশন ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণের উপর ভর করে একটি আধুনিক প্রতিরক্ষা বাহিনী গড়া সম্ভব নয়।
বাংলাদেশের নিরাপত্তায় সামুদ্রিক মাত্রাটি বিশেষ গুরুত্বের দাবিদার। বঙ্গোপসাগর কেবল জলরাশি নয়, এটি সেই কৌশলগত রঙ্গমঞ্চ যেখানে বাংলাদেশের সার্বভৌম স্বার্থ, অর্থনৈতিক ভবিষ্যৎ এবং কূটনৈতিক প্রভাব একসূত্রে গাঁথা। বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে উল্লেখযোগ্য হাইড্রোকার্বন ও মৎস্যসম্পদ রয়েছে। অথচ, এই বিশাল সমুদ্রসীমা রক্ষা ও টহলের জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের সম্পদ এখনও অপর্যাপ্ত। উপকূলীয় নজরদারি ব্যবস্থা, অফশোর টহল জাহাজ, সামুদ্রিক টহল বিমান এবং সাবমেরিন সক্ষমতা, এগুলো বিলাসিতা নয়, এগুলো সামুদ্রিক সার্বভৌমত্বের হাতিয়ার। বর্তমান বাজেটের উন্নয়ন বরাদ্দ এই ক্ষেত্রে একটি অর্থবছরেই অর্থবহ অগ্রগতি নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়।
সাইবার নিরাপত্তার দিকটি সমান জরুরি। ব্যাংকিং ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিড, টেলিযোগাযোগ অবকাঠামো এবং সরকারি ডিজিটাল সেবা ক্রমেই পরস্পর সংযুক্ত হচ্ছে এবং সেই সংযোগের সঙ্গে বাড়ছে ঝুঁকি। ২০১৬ সালের বাংলাদেশ ব্যাংক সাইবার চুরির ঘটনা, যেখানে প্রায় ৮১ মিলিয়ন মার্কিন ডলার লোপাট হয়েছিল, এই দুর্বলতার বাস্তব মূল্য কতটা হতে পারে তার একটি নিষ্ঠুর স্মারক। অথচ বর্তমান বাজেটের কাঠামোতে কোনো জাতীয় সাইবার কমান্ড বা বৃহৎ মাপের সাইবার প্রতিরক্ষা সক্ষমতায় বিনিয়োগের জন্য স্বতন্ত্র বরাদ্দ দৃশ্যমান নয়। যে যুগে প্রতিপক্ষরা সাইবার হামলা, তথ্যযুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক নাশকতার সমন্বয়ে হাইব্রিড যুদ্ধ পরিচালনা করে, সেখানে কেবল প্রচলিত সামরিক প্রস্তুতিকেন্দ্রিক প্রতিরক্ষা অবস্থান কাঠামোগতভাবে অসম্পূর্ণ।
ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪,৪০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনার জন্য প্রযুক্তিনির্ভর সমাধান অপরিহার্যÑ ড্রোন, সেন্সর, স্যাটেলাইট নজরদারি এবং স্মার্ট ফেন্সিং। এগুলো পুঁজিনির্ভর এবং বার্ষিক প্রান্তিক বরাদ্দের গতিতে বাস্তবায়নযোগ্য নয়। বিজিবির সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন বহু বছরের টেকসই অর্থায়ন প্রতিশ্রুতি। একইভাবে, গোয়েন্দা সংস্কারÑ জুলাই-২০২৪ পরবর্তী সংক্রমণকালীন পরিস্থিতিতে যে সমন্বয় ঘাটতি বেদনাদায়কভাবে উন্মোচিত হয়েছে, সেটি নিরাময়ে প্রয়োজন পর্যাপ্ত সম্পদ বরাদ্দসহ প্রাতিষ্ঠানিক পুনর্গঠন।
এই বিশ্লেষণ থেকে যে সিদ্ধান্তে আসতে হয়, তা স্পষ্ট: ২০২৬-২৭ বাজেটে প্রতিরক্ষা বরাদ্দ একটি প্রয়োজনীয় পদক্ষেপ, কিন্তু অপর্যাপ্ত। সরকারকে একটি বহু বছরব্যাপী প্রতিরক্ষা আধুনিকায়ন রোডম্যাপের প্রতিশ্রুতি দিতে হবে, যা মধ্যমেয়াদী লক্ষ্য হিসেবে জিডিপির ১.৫ থেকে ২ শতাংশের দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাবে। এককালীন বরাদ্দ বৃদ্ধি নয়, প্রয়োজন একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অর্থায়ন কাঠামো, যেখানে প্রতিটি অর্থবছরের বাজেট পূর্ববর্তী বছরের অর্জনের উপর দাঁড়িয়ে পরবর্তী লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাবে। প্রতিরক্ষা আধুনিকায়ন একটি প্রকল্প নয়, এটি একটি চলমান রাষ্ট্রীয় প্রক্রিয়া। প্রস্তাবিত ২৭ হাজার কোটি টাকার বিশেষ আধুনিকায়ন প্যাকেজ আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হতে হবে এবং স্বচ্ছ সংগ্রহ প্রক্রিয়া ও সংসদীয় তদারকির মাধ্যমে নিশ্চিত করতে হবে যে এটি প্রকৃত সক্ষমতায় রূপান্তরিত হয়। অতীতে বাংলাদেশে প্রতিরক্ষা সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং দীর্ঘসূত্রিতা একটি পরিচিত সমস্যা। বরাদ্দকৃত অর্থ সময়মতো ব্যয় না হলে, সঠিক প্ল্যাটফর্ম সংগ্রহ না হলে এবং রক্ষণাবেক্ষণ পরিকল্পনা না থাকলে, যতই বড় বাজেট হোক না কেন , তা কার্যকর সামরিক সক্ষমতায় পরিণত হয় না।
দেশীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন বাংলাদেশের জন্য কেবল একটি অর্থনৈতিক সুযোগ নয়, এটি একটি কৌশলগত অপরিহার্যতা। বিদেশি সরবরাহকারীর উপর নির্ভরশীলতা সংকটকালীন মুহূর্তে সাপ্লাই চেইন ভেঙে পড়ার ঝুঁকি তৈরি করে। বিওএফ ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে হবে, বেসরকারি খাতকে প্রতিরক্ষা উৎপাদনে যুক্ত করতে হবে এবং প্রযুক্তি হস্তান্তরের শর্তে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। আর নিবেদিত বরাদ্দসহ একটি পূর্ণাঙ্গ সাইবার কমান্ডÑ এটি আজকের ডিজিটাল যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ন্যূনতম পূর্বশর্ত। এই প্রাতিষ্ঠানিক স্তম্ভগুলো হার্ডওয়্যারের পাশাপাশি গড়ে না উঠলে, সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র সংগ্রহও দেশকে সত্যিকার অর্থে নিরাপদ করবে না।
বিএনপি সরকারের সামনে ঐতিহাসিক সুযোগ রয়েছে, একটি সত্যিকার সার্বভৌম, আত্মনির্ভরশীল প্রতিরক্ষা কাঠামোর প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করার। বাংলাদেশের সশস্ত্র বাহিনী আধুনিকায়নের জন্য প্রস্তুত। প্রশ্ন হলো, বাজেট কি সেই রূপান্তরের অর্থায়নের জন্য প্রস্তুত হবে? শুধু এই বছরের জন্য নয়, আগামী বছরগুলোর পুরো পরিসর জুড়ে। জাতীয় নিরাপত্তা কোনো বাজেটের লাইন আইটেম নয়, এটি সেই পূর্বশর্ত, যার উপর দাঁড়িয়ে থাকে অন্য সব বরাদ্দের অর্থবহতা।
লেখক: নিরাপত্তা বিশ্লেষক।
