পাহাড় কেবল উঁচু-নিচু ভূমির নাম নয়। পাহাড় একটি জীবনব্যবস্থা, সভ্যতা, বহুমাত্রিক সংস্কৃতির আধার। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান- প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও জাতিগত বৈচিত্র্যের এক অনন্য সংমিশ্রণ। পাহাড়ের আসল সৌন্দর্য কেবল সবুজ বন, ঝরনা, নদী কিংবা নীল আকাশে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত সৌন্দর্য নিহিত আছে শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা, উন্নয়ন ও সহাবস্থানে। এই মৌলিক উপাদানগুলো একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আর এদের পূর্ণতা দেয় পাহাড়ের সুজলা-সুফলা প্রকৃতি ও সমৃদ্ধ জীববৈচিত্র্য। পাহাড়ের ইতিহাস সাক্ষ্য দেয়- যেখানে শান্তি ও সম্প্রীতি টিকে থাকে, সেখানে মানুষ প্রকৃতির সঙ্গে সহাবস্থানে জীবন গড়ে তোলে।

পাহাড়ি সমাজে যুগের পর যুগ ধরে বিভিন্ন জাতিগোষ্ঠী- চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, বম, খিয়াংসহ বাঙালি জনগোষ্ঠী নিজস্ব সংস্কৃতি ও বিশ্বাস নিয়ে পাশাপাশি বসবাস করে এসেছে। এই সহাবস্থান পাহাড়ের সামাজিক শক্তি। কিন্তু ইতিহাসের নানা বাঁকে সংঘাত, অবিশ্বাস ও নিরাপত্তাহীনতা এই শক্তিকে বারবার দুর্বল করেছে। ফলে ব্যাহত হয়েছে উন্নয়ন, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রকৃতি এবং মানুষের জীবনমান প্রশ্নের মুখে পড়েছে।\r\nশান্তি ছাড়া পাহাড়ে উন্নয়ন সম্ভব নয়- এ কথা আজ আর তাত্ত্বিক নয়, বাস্তব সত্য। পাহাড়ে সড়ক, সেতু, শিক্ষা, স্বাস্থ্য কিংবা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন মানুষ নিরাপদ বোধ করে। নিরাপত্তাহীনতা মানুষের দৈনন্দিন জীবনকে সংকুচিত করে দেয়। কৃষি, পর্যটন, ব্যবসা-বাণিজ্য- সবকিছুই স্থবির হয়ে পড়ে।

পাহাড়ের মানুষ প্রকৃতিনির্ভর জীবনযাপনে অভ্যস্ত। জুমচাষ, বনজ সম্পদ, নদী ও ঝরনার ওপর নির্ভরশীল এই জনগোষ্ঠীর জন্য স্থিতিশীল পরিবেশ অপরিহার্য। শান্তি প্রতিষ্ঠা মানে কেবল অস্ত্রের নীরবতা নয়, এটি পারস্পরিক আস্থা, ন্যায়বিচার ও অংশগ্রহণমূলক শাসনের নিশ্চয়তা।\r\nসম্প্রীতি পাহাড়ের সামাজিক বন্ধনের মূল চালিকাশক্তি। ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন বিশ্বাস থাকা সত্ত্বেও পার্বত্য অঞ্চলের মানুষ একে অপরের আনন্দ-বেদনায় অংশীদার হয়েছে বহু বছর ধরে। এই সম্প্রীতি ভেঙে পড়লে পাহাড় তার আত্মা হারায়। সামাজিক বিভাজন প্রকৃতির ওপর ফেলে নেতিবাচক প্রভাব। বন উজাড়, অবৈধ দখল, পাহাড় কাটাসহ পরিবেশবিরোধী কর্মকাণ্ড তখন বাড়তে থাকে। কারণ সংঘাতপূর্ণ সমাজে প্রকৃতি রক্ষার সম্মিলিত দায়িত্ববোধ দুর্বল হয়ে যায়।

তাই সম্প্রীতি রক্ষা মানে কেবল সামাজিক স্থিতি নয়, পরিবেশ সুরক্ষার পূর্বশর্তও। নিরাপত্তা পাহাড়ের মানুষের জন্য বিলাসিতা নয়, এটি মৌলিক অধিকার। পাহাড়ের দুর্গম জনপদে বসবাসকারী মানুষ শিক্ষা, চিকিৎসা ও ন্যায়বিচার থেকে এমনিতেই দূরে থাকে। তার ওপর যদি নিরাপত্তাহীনতা যোগ হয় তবে উন্নয়নের সব উদ্যোগ অর্থহীন হয়ে পড়ে। নিরাপত্তা বলতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিকে বোঝায় না। বোঝায় এমন একটি পরিবেশ, যেখানে মানুষ ভয় ছাড়া কথা বলতে পারে, চলাচল করতে পারে এবং জীবিকা নির্বাহ করতে পারে। নিরাপত্তা নিশ্চিত হলে পাহাড়ে বিনিয়োগ বাড়ে, পর্যটন বিকশিত হয় এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হয়।\r\nউন্নয়নকে পাহাড়ে কখনই একমাত্রিকভাবে দেখা উচিত নয়। উন্নয়ন মানে কেবল অবকাঠামো নয়। এটি হতে হয় মানুষকেন্দ্রিক ও প্রকৃতিবান্ধব।

পাহাড়ের জীববৈচিত্র্য- বন, বন্যপ্রাণী, নদী, পাহাড়ি মাটি এই অঞ্চলের প্রাণ। অপরিকল্পিত উন্নয়ন এই প্রাণশক্তিকে ধ্বংস করতে পারে। তাই পাহাড়ের উন্নয়ন দর্শন হতে হবে টেকসই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণকে চাই সমান গুরুত্ব। স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী হয় না- পার্বত্য চট্টগ্রাম তার বড় প্রমাণ।\r\nসহাবস্থান পাহাড়ের সবচেয়ে বড় শিক্ষা। মানুষ ও প্রকৃতি, মানুষ ও মানুষ- এই দুই স্তরের সহাবস্থানই পাহাড়কে অনন্য করেছে। পাহাড়ের মানুষ প্রকৃতিকে শত্রু নয়, সহযাত্রী হিসেবে দেখে। নদীকে তারা জীবনদাত্রী ভাবে, বনকে ভাবে আশ্রয়দাতা। এই দৃষ্টিভঙ্গিই পাহাড়ের সুজলা-সুফলা প্রকৃতি ও জীববৈচিত্র্যকে টিকিয়ে রেখেছে।

কিন্তু আধুনিক ভোগবাদী মানসিকতা এই সহাবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পাহাড় কাটা, বন উজাড় ও অপরিকল্পিত বসতি স্থাপন পাহাড়ের পরিবেশগত ভারসাম্য নষ্ট করছে। সহাবস্থানের দর্শনকে নতুন করে প্রতিষ্ঠা না করলে পাহাড়ের সৌন্দর্য কেবল স্মৃতিতে রয়ে যাবে। সুজলা-সুফলা প্রকৃতি পাহাড়ের মানুষের জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য। পাহাড়ি ঝরনা, নদী ও পাহাড়ি মাটি শুধু কৃষির ভিত্তি নয়, এগুলো সংস্কৃতি ও জীবনধারার অংশ। জীববৈচিত্র্য পাহাড়ের খাদ্যনিরাপত্তা, ওষুধ, জীবিকা ও জলবায়ু সহনশীলতার অন্যতম উৎস। এই জীববৈচিত্র্য রক্ষা মানে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষা।

জলবায়ু পরিবর্তনের যুগে পাহাড়ের বন ও জীববৈচিত্র্য জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- বৃষ্টিপাত নিয়ন্ত্রণ, কার্বন শোষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পাহাড় এক প্রাকৃতিক ঢাল।\r\nরাষ্ট্র, স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজ- সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন টেকসই হতে পারে না। নীতি প্রণয়নে স্থানীয় জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে। শিক্ষা ব্যবস্থায় পাহাড়ের ইতিহাস ও সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করা চাই, যাতে পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে ওঠে। গণমাধ্যমের দায়িত্ব হলো বিভাজন নয়, সংলাপ ও সহমর্মিতা তৈরি করা। পাহাড়কে সমস্যার অঞ্চল হিসেবে নয়, সম্ভাবনার ভূখণ্ড হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলা আবশ্যক।\r\nপাহাড়ের আসল সৌন্দর্য কোনো একক উপাদানে সীমাবদ্ধ নয়। শান্তি ছাড়া সম্প্রীতি টেকে না, নিরাপত্তা ছাড়া উন্নয়ন এগোয় না, সহাবস্থান ছাড়া প্রকৃতি বাঁচে না। আর এই সবকিছুর সমন্বয়েই পাহাড় হয়ে ওঠে সত্যিকারের সুন্দর। পাহাড়ের সুজলা-সুফলা প্রকৃতি ও জীববৈচিত্র্য আমাদের শুধু মুগ্ধ করে না; এটি আমাদের দায়িত্বও স্মরণ করিয়ে দেয়। পাহাড়কে ভালোবাসা মানে তাকে দখল করা নয়, তার সঙ্গে সহাবস্থানে থাকা। এই দর্শনই পারে পাহাড় ও পাহাড়ের মানুষকে একটি শান্ত, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নিতে।\r\nলেখক : সাংবাদিক