(গত শুক্রবারের পর)
আজ শুধু ঘরের মেঝে নয়, বাথরুমের মেঝেও ঘষে ঘষে ঝকঝকে করা হচ্ছে। দুদিন পর আমাদের বাসায় জলসা হবে। অনেক গণ্যমান্য অতিথি আসবেন। আমি তো ভয়েই কাঁটা। সেতার বাজবে, গান হবে। তারপর টোড়ি মাসির ভুরিভোজ। আমার মন বলে চলেছে, ‘পালা, এখান থেকে পালা, এ একেবারে দক্ষযজ্ঞ।’ টোড়ি মাসি আজ কোথায় কোন বাসন যাবে তা রেখে রেখে ড্রেস রিহার্সাল দিয়েছে। কত যে সমস্যা! পদে পদে আমি বকা খেয়েছি। আমি বললাম মাছের চপ, পোলাও, মোরগ পোলাও শুরুতে রাখতে। তারপর নারকেল দিয়ে ছোলার ডাল, নিরামিষ, চিংড়ি মাছের মালাই কারি, রুই মাছের দোপেঁয়াজা, খাসির মাংস, লুচি, টমেটো বড়ইয়ের চাটনি, খেজুর গুড়ের পায়েশ, দই, পুডিং, সালাদ।
আমার সাজেশন পাত্তা পায়নি। টোড়ি মাসি নিজের মনের মাধুরি মিশিয়ে কোন বাসনে মোরগ পোলাও যাবে তা ঠিক করছে। এদিকে টোড়ি মাসিদের বন্ধু মোরশেদ মামা একটা পৌনে পাঁচ কেজির আইড় মাছ নিয়ে এসে উপস্থিত হয়েছেন। এত বড় আইড় মাছ আমি জীবনেও দেখিনি। শেফালি জানিয়েছে ওর বটি দিয়ে এ মাছ ও কাটতে পারবে না। ফলে মাছ আবার বাজারে যাচ্ছে পিস পিস করে কাটা হয়ে ফিরতে। এত উত্তেজনায় আমি টোড়ি মাসির লেখা অনুষ্ঠানের ম্যানাস্ক্রিপ্ট হারিয়ে ফেলেছি। অনুষ্ঠানটি টিভিতে হবে। এসব কাজকে বলা হয় বাঘের গুহায় মাথা ঢুকানো। কোনোমতে লেজ গুটিয়ে দৌড়াতে পেরেছি ধড়ে মাথাটা নিয়ে। এদিকে টোড়ি মাসি বলে চলেছে আমাকে সব কাজ একা করতে হচ্ছে। সাহায্য করবার কেউ নেই। কী মুশকিল! সাহায্যকরতে গেলেও তো সাহায্যকারীদের সব পরিকল্পনা বাতিল।
আমি তাই শুধু কাছাকাছি দাঁড়িয়ে আছি। আমার নিশ্বাস, প্রশ্বাস যদি কোনো ছোট কাজেও লাগে। আজকে একেবারে ইওর অনার পরিস্থিতি বাসায়। এত বকা খেয়েছি সকাল থেকে যে নেক্সট ফ্লাইটে আমেরিকা যাওয়ার ইচ্ছা হলো। কামাল ভাই আর শেফালি যদিও বলে গেল, ‘রাগ কইরেন না। আমরাও অনেক বকা খাই।’ প্রথম বকা শুরু হলো ওষুধ খাওয়া নিয়ে। আমার বেশ কয়েকটা ওষুধ খেতে হয়। মায়ের ধারণা যেহেতু অনেকগুলো ওষুধ, তাই আমি কেন একটা ওষুধ খেয়ে তারপর গ্যাপ দিয়ে দ্বিতীয় ওষুধটা খাচ্ছি না। এমন কা-ই তো শুনিনি। আমার পাগল পাগল লাগছে। মা সকলের সামনে বিচার দিয়েছে এই বলে যে আমি নাকি প্রতিদিন রমনাতে পথ হারাই। কী মুশকিল! পথের তো সৃষ্টিই হয়েছে হারানোর জন্য। এ ধরনের উত্তর শুনে ওদের পিত্তি জ্বলে গেছে। ইতোমধ্যে টোড়ি মাসি বকা দিয়েছে আমি মাথায় টুপি দিয়েছি বলে।
আমি স্নান করে চুল শুকানোর আগে ভেজা চুলের উপর মাথায় টুপি পরেছি। সেটা নাকি দারুণ অন্যায় হয়েছে। বাসায় কালকের সন্ধ্যা ছিল অবিস্মরণীয়। অপূর্ব সেতারে, অপূর্ব গানে আর অসাধারণ খাওয়া, দাওয়ায় ভরপুর। বাংলাদেশের নানা মাননীয় অতিথিদের মাঝে আমি গাছ থেকে ঝরে পড়া শুকনো পাতার মতো এদিকওদিক ওড়াউড়ি করছিলাম। রঞ্জনা মাসির করা রুই মাছের চপ অসাধারণ হয়েছিল। আমি সাতটা চপ খেয়েছি। তার ফলে মোরগ পোলাও, লুচি, ছোলার ডাল, মাছের কালিয়া, নিরামিষ, খাসির মাংস, টমেটো বড়ইয়ের চাটনি বেশি করে খেতে পারিনি। তবে ডেজার্ট ছাড়িনি। খেজুরের গুড়ের পায়েস, পুডিং, মিষ্টি দই অতিথিরাও খুব পছন্দ করে খেলেন টোড়ি মাসির মেনু। এক কথায় বলা চলে, গত এক সপ্তাহ ধরে ধুলো ঝাড়া আর মেঝে মোছা খুবই ফলপ্রসূ হয়েছে। শেফালি একটা ভারি সুন্দর শাড়ি পরেছিল।
কামাল ভাই যদিও লজ্জায় ওনার সদ্যপ্রাপ্ত টাই পরতে পারেননি। উনি টাই পকেটে নিয়ে ঘুরছিলেন। বলেছেন ভবিষ্যতে আর একটু সাহস হলে পরবেন। তবে আমার ধারণা এ ঘটনার মূল কারণ হচ্ছে অতিথিদের প্রধান অতিথি পাজামা-পাঞ্জাবি পরে এসেছিলেন। সেখানে কামাল ভাইয়ের টাই পরাটা কেমন যেন দেখায়! আজকের দিনটা ছিল কথোপকথনের দিন। রমনা পার্কে একজন কমলা রঙের দাড়িওয়ালা ভদ্রলোক হঠাৎ এসে আমার সঙ্গে কথা বলতে শুরু করলেন। বললেন যে অচেনা লোকের সঙ্গে তো কথা বলা যায় না। কিন্তু আপনাকে অন্যরকম মনে হলো। তা দুলাভাই কী করেন? আর কতদিন বাকি আছে রিটায়ারমেন্টের? ওনার কি ডায়াবেটিস আছে? আমি তো প্রশ্ন শুনে থ। পরের প্রশ্নবাণে আমার কয় ছেলে কয় মেয়ে? তাদের বিয়া শাদি হইছে? নাতি-পুতি হইছে? তারপর জিজ্ঞাসা করলেন ঢাকায় কোথায় থাকি?
আমি বললাম, ‘ইস্পাহানি কলোনি।’ তখন প্রশ্ন আমার দেশের বাড়ি কোথায়? আমি সিলেট বলতেই পরবর্তী প্রশ্ন কোন গ্রাম? আমি পাঁচগাতিয়া বললাম। উচ্ছ্বসিত হয়ে বললেন, ‘আরে আমার গ্রামও তো পাঁচগাতিয়া। আপনি আমার দেশের লোক। আমার ফোন নম্বরটা রাখেন। মাঝেমাঝে কথা বলব নে।’ আমি শুধু বললাম, ‘তার দরকার হবে না।’ বাংলাদেশে এই একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি, যা আর কোথাও দেখিনি। পরিচয়ের এক মিনিটের মধ্যেই লোকজন জিজ্ঞাসা করবে যে আপনার দেশের বাড়ি কোথায়? মানে গ্রামের বাড়ি কোথায়? উত্তরে নিজ দেশের হলে খুব খুশি হবে। আর তা না হলে মানুষটি কেমন, সে বিষয়ে বিচার করতে বসবে। এরপর দেখি একজন মহিলা এসে মাকে ছেঁকে ধরেছে। ‘গুড়’ নেবেন, আপা? টেলিফোন নম্বরটা দেন। আমি বাড়ি গিয়ে গুড় দিয়ে আসব। ‘আমার গুড়ে কেমিক্যাল নাই।
একটু গন্ধ শুঁকেন।’ নাকের কাছে গুড় এনে বললেন, ‘কী? বলেছিলাম না?’ মা বলল, ‘যশোর থেকে আমাদের গুড় আসে। নতুন জায়গা থেকে গুড় কিনবার দরকার নেই। মহিলা তখন বললেন, ‘ওই গুড় কী শুঁকে দেখেছেন? জানেন কী ওতে কেমিক্যাল আছে কি নাই?’ কথোপকথনে বিরক্ত হয়ে আমি ডান দিকে চোখ ফেরালাম। দেখি কপোত-কপোতি বসে আছে। মেয়েটা বাড়ি থেকে নুডলস বানিয়ে এনেছে। বেশ লাল লাল সস দেওয়া এবং চমৎকার। কিন্তু আশ্চর্য কা-টা হচ্ছে যে মেয়েটি কাঁটা চামচ দিয়ে ছেলেটিকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। আমি তো হতবাক। এরপর বাড়ি ফিরবার পালা। শেফালি ছুটিতে বাড়ি যাচ্ছে। আমাদের মাথায় তো আকাশ ভেঙে পড়েছে। শেফালি থাকা অবস্থায় আমরা কেউ কুটোটি নাড়ি না। আমি তো এখন পর্যন্ত চুলা জ্বালানোই শিখিনি। সবকিছুতে শেফালি, এটা দাও। শেফালি, সেটা দাও।
সারাদিন আমি নানা কাজে এত ‘শেফালি, শেফালি’ করি যে আমার নিজেরই জলাতঙ্ক হয়ে যাচ্ছে। আমি বড় ভয়ে ভয়ে আছি শেফালি বাড়ি গেলে কপালে ডাল, ভাতই জুটবে কিনা ভেবে। কিন্তু আমার উচ্চাকাক্সক্ষী মা ঘোষণা দিয়েছে যে সে ভাপা পিঠা বানাবে। এরপর রাস্তায় কলার থোড় দেখে বলে যে থোড়ও বানাবে। থোড় কাটা এক জটিল প্রক্রিয়া। আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে আঙুলে তা পেঁচিয়ে গোল গোল করে কাটতে হয়। কিন্তু মা বলল চেয়ার-টেবিলে বসে ছুরি দিয়ে একটু একটু করে থোড় কেটে ফেলবে। মার বয়স আশি। আমি ভাবলাম, ‘ঠিক আছে, আমিও তবে ম্যারাথনটা দৌড়ে ফেলি।’ আজ বাড়িতে মহাবিপর্যয়। ভোর ৬টায় শেফালি বাড়ি যাবে। আমরা সবাই উঠেছি ওকে বিদায় জানাতে। আমি তো একটা ‘হাগ’ দিয়ে ফেললাম। শেফালি বেশ আবেগ আপ্লুত হয়ে উঠল।আমি ওকে বলেছিলাম যে ওকে ছাড়া আমাদের খুব মুশকিল হবে।
দার্শনিক শেফালি আমায় বলে যে কারোর জন্যই কেউ বসে থাকে না। কোনো কাজই আটকে থাকে না। কথাটা ঠিক। আমিও মাথা নাড়লাম। কামাল ভাই ওকে বাসে তুলে দিয়ে এসেছেন। টোড়ি মাসি বলেছিল বাসের নম্বর, ড্রাইভারের নাম, হেলপারের নাম কাগজে লিখে নিয়ে আসতে। কিন্তু কামাল ভাই একটু বেশি রকম স্মার্ট। দেখি উনি তার স্মার্ট ফোনে বাসের নম্বর, হেলপারের ছবি, ড্রাইভারের ছবি তুলে নিয়ে এসেছেন। আর শেফালিকে জানালার পাশে বসিয়ে দিয়েছেন। শেফালি দৃশ্য দেখতে দেখতে যেতে পারবে। কিন্তু শেফালিকে ছাড়া আমরা অথই জলে হাবুডুবু খাচ্ছি। টোড়ি মাসি বুদ্ধি করে বেশ কিছুদিনের রান্না শেফালিকে দিয়ে করিয়ে রেখেছে। ভাতটা শুধু আমাদের করতে হবে। কিন্তু ‘শুধু’ শব্দের অনেক মানে। আমি বললাম আমি মাইক্রোওয়েভ ওভেনে ভাত করতে পারি। ২০ মিনিট লাগবে ভাত বানাতে।
কিন্তু তাতে ওদের মতামত মাইক্রোওয়েভ ওভেন নষ্ট হয়ে যেতে পারে। মা বলল তাতে অনেক ইলেক্ট্রিসিটিও খরচ হবে। আমি মাড় গেলেও ভাত করতে পারি। নাহ, কোনোটায় আমি গ্রিন সিগন্যাল পেলাম না। শেষমেশ টোড়ি মাসি প্রেসার কুকারে ভাত করল। অলরেডি শেফালিকে ছাড়া আমাদের পাগল, পাগল ‘কোথায় তেজপাতা’ অবস্থা। বাকি দিনগুলো কীভাবে কাটবে তা আমি গভীরভাবে ভাবছি। আমরা এখনো বেঁচে আছি। শেফালিবিহীন আমাদের প্রথম দিনটা কাটল। একটু আগে শেফালি দিনাজপুর থেকে ফোন করেছিল। টোড়ি মাসি আমাকে ফোনটা দিয়ে বলল, ‘কথা বল তোর বান্ধবীর সঙ্গে।’ আমি তো আপ্লুত। কোনোদিন কেউ আমাকে দিনাজপুর থেকে ফোন করেনি। শেফালি দুপুরে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছে। আর সকালে শুঁটকি দিয়ে ভাত। শেফালির ওখানে নাকি খুব ঠান্ডা। দিনাজপুর বলে কথা! ওরা আগুন জ্বেলে তার চারপাশে বসে আছে।
টোড়ি মাসির আজ শনি পূজা। আমি বসে আছি কখন একটা প্রণাম ঠুকে প্রসাদ খাব। পাঁচ রকমের ফল হচ্ছে প্রসাদ। শেফালি পূজার সাজ সরঞ্জামে সাহায্য করে। শেফালিবিহীন আমি টোড়ি মাসিকে বললাম, ‘আমি কিছু সাহায্য করি?’ টোড়ি মাসি বলল, ‘কয়দিন স্নান করিস নি?’ আমি এ প্রশ্নের জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। টোড়ি মাসি বলল, ‘পূজার বাসনের ধারে কাছেও আসিস না।’ ইতোমধ্যে টোড়ি মাসি যদিও শেফালিকে ফোন করেছে প্রদীপের সলতে কোথায় আছে বলে। দিনাজপুর থেকে উত্তর এসেছে স্মার্টফোনে। এদিকে সকালবেলা শুনি মা বলে চলেছে, ‘টোস্টার কোথায়?’ ‘টোস্টার কোথায়?’ অনেক খুঁজেও টোস্টার পাওয়া যায়নি। মা তখন তাওয়াতে পাউরুটি সেঁকেছে। আমি টোড়ি মাসিকে বললাম, ‘আমি টোস্টারটা খুঁজি?’ টোড়ি মাসি বলল, ‘না, আমরা আর পাউরুটি খাব না।’ মা গুটিগুটি হাঁটে।
সে অবস্থাতেই সাহায্য করবার জন্য ওলকপির তরকারি বানাল। ফ্রিজে অনেক রান্না আছে। তাই ওয়াকিং স্টিক নিয়ে রান্না করবার কোনো প্রয়োজনই নেই। কিন্তু কে শোনে কার কথা? কর্মী মৌমাছি হয়ে উঠবার কত যে প্রচেষ্টা বাড়ির ‘অকম্মা’ মানুষদের! সাহায্য করা একটা সংক্রামক রোগ! হাড়ে হাড়ে টের পাচ্ছি শেফালির না থাকা। চারজন এডাল্ট মানুষ দিকশূন্যহীনভাবে এদিক-ওদিক ছোটাছুটি করছে আর একে আরেকজনকে সাহায্য করবার নামে বকাবকি করছে। পিয়াশ মেসো অবশ্য কাউকে বকাবকি করেন না। নিজ ঘরে বসে রবীন্দ্রসংগীত গান। চমৎকার গান করেন মেসো। আমাদের বর্তমান পরিস্থিতিতে রবিঠাকুরের ‘প্রেম’ কিংবা ‘পূজা’ পর্যায়ের গান খুব কাজে আসছে। বিশেষত ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’। এদিকে টোস্টার খুঁজবার পারমিশন পাওয়া যায়নি। ফলে মা আজও তাওয়ায় পাউরুটি সেঁকেছে। আজ কম পুড়েছে রুটি। মা পোর্টল্যান্ড, ওরাগনে আমার ছোটবোন অশ্রুর বাগানের প্লাম দিয়ে যে জেলি বানিয়েছিল তা দিয়ে পাউরুটি খেলাম আজ। খুব ভালো লাগল। টোড়ি মাসি শেফালি বিহনেও স্বাস্থ্য উদ্ধারে ডিম আর কাটা ফল সার্ভ করল। তবে ঘর ঝাড়ু দিতে দিতে ভাবটা এমন করল যে যেন কিছুই হয়নি। আমি একটু সাহায্য করতে গেলাম। কোনো সুবিধা হলো না। টোড়ি মাসি বলল যে এই ঝাড় দেওয়া জিনিসগুলো কোথায় রাখতে হবে জানিস? আমি বললাম, ‘না, তবে ডাস্টপ্যান খুঁজে নেব।’ টোড়ি মাসি খুব মুচকি হেসে রান্নাঘরের দরজার পিছনে ওদের অবস্থান দেখাল। এ ভারি অন্যায় বলে আমার মনে হলো। আমাকে বলে দিলেই আমি করে ফেলতাম। এ কি হুডিনির ম্যাজিক নাকি? সাধারণত আমার দিন শুরু হয় বকা দিয়ে, দিন শেষও হয় বকা দিয়েই। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুতেই একই অবস্থা। (ধারাবাহিক)
লেখক : সাহিত্যিক, সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট (যুক্তরাষ্ট্র)
