দুই ভাই বাড়ির পাশে খেলছিল। একসময় ৩ বছর বয়সী হামিদ পাশের ডোবায় পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই হামিমও পানিতে ডুবে যায়। এই লেখার মুসাবিদার সময় পর্যন্ত ৪ বছরের হামিম বেঁচে ছিল। লেখাটি ছাপা হতে হতে হামিম থাকবে, নাকি ডুবে মরা শিশুর তালিকায় যুক্ত হবে– কে জানে! চাঁদপুরের কচুয়া উপজেলার জোয়ারীখোলা গ্রামে এক সৌদিপ্রবাসীর সন্তান ওরা দুজন। কচুয়ার এই ২২ জুলাইয়ের ঘটনার আগের দিন ২১ জুলাই বগুড়ার কাহালুর ভালতা আদর্শ গুচ্ছগ্রামে ডুবে মারা যায় ৬ থেকে ৮ বছর বয়সী ফাহিম, সুরাইয়া আর জাকিরুল। পানিতে ডুবে শিশুমৃত্যুর খবর এখন প্রতিদিনের ঘটনা।

বছরে কত শিশু মারা যায় বাংলাদেশে শিশুদের জন্মনিবন্ধনে জোয়ার লাগলেও মৃত্যু নিবন্ধনের কোনো বেগ-আবেগ নেই। শিশুদের কোনো টাকাপয়সা, জমি-সম্পত্তি থাকে না। তাই তাদের মৃত্যু নিয়ে বড়দের কোনো হেলদোল নেই। ফলে শিশুদের মৃত্যুর কোনো পাকা হিসাব কোথাও মিলবে না। বাংলাদেশ সরকার অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ২০২৫-২৬ সালে কোনো নতুন জাতীয় ডুবে মৃত্যু জরিপ প্রকাশ করেনি। তাই সরকার, হু এবং ইউনিসেফ এখনও জাতীয়ভাবে একই স্বীকৃত ভিত্তি-পরিসংখ্যান ব্যবহার করছে। সেটা আমলে নিলে দেখা যাবে, প্রতিবছর সারাদেশে ১৪ হাজারের বেশি শিশু পানিতে ডুবে মারা যায়। তার মানে, দিনপ্রতি গড়ে প্রায় ৩৯ শিশু এভাবে প্রাণ হারায়। সাধারণত দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে অঘটনগুলো ঘটে থাকে। তার মানে, সারাদিনে মাত্র ঘণ্টা তিনেক সময় ৫ বছরের কম বয়সী শিশুদের একটু নজরদারির মধ্যে রাখলেই এ দুর্ঘটনা এড়ানো সম্ভব।

এই নজরদারি কেন দরকার? সাধারণত শিশুরা ৬ বছর বয়স থেকে সাঁতার শিখতে পারে। তথ্য-উপাত্ত বলছে, সাম্প্রতিক হাম বিভ্রাট ছাড়া টিকার মাধ্যমে ৫-এর কম বয়সী শিশুদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। কিন্তু আমাদের সেই অর্জনের গুড়ে বালি ঢালছে পানিতে ডোবার অপ্রতিরোধ্য হার। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ নানা প্রতিষ্ঠান সংগত কারণে মনে করে, বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশুদের পানিতে ডুবে মৃত্যু সম্পূর্ণ বন্ধ করা সম্ভব। সবাই মিলে চেষ্টা করলে কমপক্ষে ডুবে মৃত্যুর বর্তমান গতি থামিয়ে দেওয়া কঠিন কিছু নয়। তাই এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে পরিচালিত প্রচারণায় জোর দিয়ে বলা হয়েছে– ডুবে মৃত্যু সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য। মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার জন্য সরকার, স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্তৃপক্ষ, পরিবার ও ব্যক্তিদের কোমর বেঁধে এ কাজে নামার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

কিন্তু কীভাবে ‘একটি শিশুকে বড় করতে পুরো একটি গ্রামের প্রয়োজন’– এটি কালজয়ী আফ্রিকান প্রবাদ। এর অর্থ হলো, শিশুদের একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার জন্য পুরো সমাজের ইতিবাচক অংশগ্রহণ প্রয়োজন। আমাদের বিবর্তনের ইতিহাসে সন্তান লালন-পালন কখনোই একা করার মতো কোনো কাজ ছিল না। সন্তান বড় করার মানসিক, আর্থিক ও শারীরিক দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য এটি মূলত বিভিন্ন মানুষের একটি নেটওয়ার্ক বা মেলবন্ধনের ওপর নির্ভর করে। বলা বাহুল্য, সেই আগের দিন আর নেই। শিশু এখন একা। হাঁটতে শেখা থেকে শুরু করে স্কুলে না যাওয়া পর্যন্ত সে পানিতে ডোবার মতো ভয়ংকর ঝুঁকিতে থাকে। বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ১৭.১ থেকে ৩০.৫ জন। সে তুলনায় ভারতের অগ্রসর রাজ্য কেরালায় প্রতি হাজারে মাত্র আটজন। উন্নত বিশ্বের অনেক দেশের সমকক্ষ এই অসাধারণ অর্জনের মূল কারণ হলো রাজ্যটির শক্তিশালী তৃণমূল স্বাস্থ্যসেবা কাঠামো এবং শিশুদের দিনের বেলায় যত্নের সঙ্গে সুরক্ষা দেওয়ার জন্য সামাজিক ব্যবস্থা গড়ে তোলা। রাজ্যটিতে প্রতিষ্ঠিত শিশু দিবাযত্ন কেন্দ্র এখন সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মায়েরা নিশ্চিন্তে শিশুদের রেখে যান এসব দিবাযত্ন কেন্দ্রে; নাম দিয়েছেন অঙ্গনবাড়ি। ধারণাটা সে রাজ্যের কমিউনিস্ট সরকারের হলেও জনভিত্তি লাভ করেছে।

বাংলাদেশের কী অবস্থা কেরালার সাফল্যে চমকিত হয়ে কোনো রকম রাজনৈতিক অঙ্গীকার বা পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া আর দশটা প্রকল্পের মতো দাতাদের উৎসাহে বাংলাদেশেও চালু হয়ে যায় সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্র প্রকল্প-আইসিবিসি। প্রথম ধাপে মোট ৩০৬ কোটি টাকা ব্যয়ে দেশের ১৬টি জেলার ৪৫টি উপজেলায় মোট আট হাজার ২০টি সমাজভিত্তিক শিশুযত্ন কেন্দ্র বা চাইল্ড কেয়ার সেন্টার চালু করা হয়। ২০২২ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত এই প্রথম ধাপটি গ্রামীণ শিশুদের জীবন রক্ষা ও প্রারম্ভিক বিকাশের ক্ষেত্রে একটি সফল ‘মডেল’ হিসেবে বেশ প্রচার পেয়েছিল। গ্রামীণ শিশুদের প্রধান ঘাতক ‘পানিতে ডুবে মৃত্যু’র ঝুঁকি ৮০%-এর বেশি কমে গেছে বলে দাবি করা হয়েছিল। এর পরও প্রথম দফা শেষ হওয়া রসদের অভাবে কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। বিপাকে পড়ে শিশুরা আর তাদের মায়েরা।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, প্রথম ধাপে খরচের ২০ শতাংশ এসেছিল ব্লুমবার্গ ফিলানথ্রপিস আর রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউটের হাত ঘুরে। সরাসরি নগদ অর্থায়নের পাশাপাশি এই প্রকল্পের ধারণাগত মডেল তৈরি, গবেষণা এবং আন্তর্জাতিক মানের কারিগরি সহায়তায় বড় ভূমিকা রাখে তারা। দ্বিতীয় ধাপে বর্তমানের ১৬টি জেলা থেকে বাড়িয়ে প্রকল্পের পরিধি ৩০টি জেলায় সম্প্রসারণ করার কথা। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমি ইতোমধ্যে দ্বিতীয় ধাপের নকশা ও প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে। শোনা যায়, বর্তমানে প্রস্তাবনাটি মন্ত্রণালয়ের প্রশাসনিক স্তর এবং পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির সভার সিদ্ধান্তের অপেক্ষায়। শিশুর সুরক্ষা এবং বিকাশ প্রকল্পের দমের ভরসায় ফেলে রাখা যাবে না; যায় না। রেভিনিউ বাজেটে না কুলালে সমাজকে সম্পৃক্ত করে খরচ মেটানোর ব্যবস্থা করা কি খুব জটিল হবে? জেলা প্রশাসকদের অডিট-বহির্ভূত এলআর ফান্ডের টাকা প্রটোকল আর আপ্যায়নের বদলে শিশু সুরক্ষায় খরচ করলে কি কেউ রাগ করবে?

গওহার নঈম ওয়ারা: লেখক, গবেষক wahragawher@gmail.com