আহমদ কবির নবম শ্রেণির ছাত্র, খুন হয়ে গেল তার সমবয়সী কিশোরদের হাতে। রাজধানী ঢাকার অভিজাত এলাকা উত্তরার ঘটনা এটি। এই হত্যাকাণ্ড সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে। কারণ, এই হত্যাকাণ্ডের কারণ জানতে গিয়ে উদঘাটিত হয়েছে ভয়ঙ্কর সব তথ্য। গ্যাং কালচারের নামে আমাদের দেশের কিশোররা যে ভয়ঙ্কর অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে তার খবর বেরিয়ে এলো। এর আগে পুলিশ, গোয়েন্দা সংস্থা, স্কুল কর্র্র্তৃপক্ষ এমনকি তাদের মা-বাবারাও জানতেন না উঠতি বয়সী এই কিশোরদের মধ্যে গ্যাং কালচারের নামে কী ভয়ঙ্কর সংস্কৃতি বিকাশ লাভ করেছে। গ্যাং কালচার মূলত নগরায়নের কুফল। পশ্চিমা বিশ্বে অনেক বছর আগে গ্যাং কালচারের সূত্রপাত হয়েছিল। আমাদের দেশে নগরায়নের সাথে সাথে ওই ধরনের সংস্কৃতিও চালু হচ্ছে। রাজধানীর উত্তরায় কিশোরদের মধ্যে এই গ্যাং কালচার গড়ে উঠেছে। ভুক্তভোগীরা তা জানলেও কিশোরদের পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ অজ্ঞাত ছিল এই বিষয়ে। সেখানে ‘নাইন স্টার’ ও ‘ডিসকো বয়েজ’ নামে সক্রিয় এই দ’ুটি গ্রুপ এলাকায় প্রভাব বিস্তার করে রেখেছিল। শুরুতে এরা পার্টি করা, উচ্চস্বরে হর্ন বাজিয়ে প্রচন্ড গতিতে মোটর সাইকেল চালানো এবং রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করার মতো কাজগুলোই করতো। এতে তারা এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টায় সংঘাতে জড়িয়ে পড়ে। এর সর্বশেষ শিকার হলো উত্তরা ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আদনান কবির।

গত দু’বছর ধরে এদের হাতে এলাকাবাসী এক প্রকার জিম্মি হলেও পুলিশ ও অভিভাবকরা বলেছেন, তারা আগে থেকে কিছু জানতেন না। অভিভাবক ও পুলিশ কিছু না জানলেও এই কিশোররা কতটা বেপরোয়া তা বোঝা যায় ফেসবুকে একটি পোস্ট দেখে। আদনানকে হত্যার জন্য বের হওয়ার আগে এই কিশোররা নীল পোশাকে হাতে হকিস্টিক নিয়ে বা ছবি তুলে তা ফেসবুকে পোস্টও দিয়েছিল। আদনানের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে সম্ভবত আদনানের অনুসারী এক কিশোর পাল্টা স্ট্যাটাস দিয়েছে ‘ভাই তোর খুনীগো বাইর কইরা জবাই দিমু।’ পরস্পরের মধ্যে বিবদমান দুই গ্রুপের সবার বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। সে হিসাবে তারা এখনো শিশু হিসাবেই স্বীকৃত। সবাই উচ্চ ও মাধ্যবিত্ত পরিবারের সন্তান। উত্তরায় এর বাইরেও আরও কয়েকটি গ্রুপ আছে। এলাকার শিক্ষার্থীদের থাকতে হয় কোনো না কোনো গ্রুপের সাথে সদ্ভাব রেখে। না হলে নির্বিঘ্নে এলাকায় বাস করা মুশকিল।

প্রশ্ন হলো, এই চিত্র কি শুধু রাজধানীর উত্তরায়? আপনার আমার এলাকার খবর কি কিছু জানি আমরা? আপনার আমার পরিবারের কিশোরটি, যাকে এখনো আমি আপনি শিশু বলেই মনে করছি তার কচি মুখ দেখে তাকে আদরে, সোহাগে ভরে দিচ্ছি। সে শিশু, সে কিশোর ঘরের বাইরে কী? তার প্রকৃত অবস্থা কী আমরা জানি। আমি, আমরা আমাদের সমাজ, রাষ্ট্র কি এই শিশুদের জন্য আমাদের পরিবারের জন্য একটি নিরাপদ বলয় তৈরি করতে পেরেছি? আমার আপনার সন্তান কি আসলেই নিরাপদে আছে? উত্তরায় যা হয়েছে বা এখনো হচ্ছে তা গ্যাং কালচারের কুফল। আর গ্যাং কালচারের মত ঘটনাগুলো ঘটতে থাকে যখন সমাজ পরিবর্তনের দিকে যায়। পূর্বেই বলেছি পশ্চিমা বিশ্বে এর আবির্ভাব হয়েছিল যখন ওদের নগরায়ন হচ্ছিল। এখন আমাদের হচ্ছে। ফলে এখনো এমন ঘটনা ঘটবে। পরিবর্তনের একটি হাওয়া লাগবে। এর জন্য আমাদের পরিবারকেই দায়িত্ব নিতে হবে আগে। শহরের জীবন কিংবা নাগরিক জীবন, যাই বলি না কেন এর মাধ্যমে ভেঙে গেছে আমাদের পুরনো পারিবারিক, সামাজিক প্রথা ও বন্ধনগুলো। সন্তান মানুষ করার নামে নিজেকে আধুনিক করে গড়ে তোলার নামে, অর্থনৈতিক অবস্থা পরিবর্তনে পূর্বের বা পুরনো বাড়ি ভালো না লাগার কারণে আমরা নগরবাসী হচ্ছি, আবার নগরের পুরনো, খান্দানি সামাজিক অবস্থান ছেড়ে অভিজাত এলাকায় বাড়ি করছি। এর ফলে পারিবারিক বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। প্রথমে বিচ্ছিন্ন করেছি নিজের পরিবার পরিজনকে। এর পরে নতুন যে এলাকায় এসেছি সেখানেও পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন থেকেছি। এখন ফ্ল্যাট কালচারে পাশের ফ্ল্যাটে যে থাকেন তার খবরও আমরা জানি না। জানার প্রয়োজনও বোধ করি না।

সমাজ বদলাবে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে দেশ। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। মানুষের বিলাসীতাও বৃদ্ধি পেয়েছে। প্রয়োজনেই নগরায়ন হবে। নতুন বসতি গড়ে উঠবে এবং সে সাথে নতুন কিছু বিড়ম্বনারও মুখোমুখি হতে হবে। উত্তরণের উপায়ও খুঁজতে হবে সুনিশ্চিতভাবে। কিছু কিছু পরিবর্তন হবেই এবং তাকে মেনে নিতে হবে। আজ থেকে ৫০/৬০ কিংবা ১০০ বছর পূর্বের সমাজ বাস্তবতাকে আমরা জোর করে ফিরিয়ে আনতে পারি না। প্রয়োজন অর্থাৎ সময় আপনাকে বদলে দেবে। সময়ের সাথে চলতে গেলে আপনাকেও বদলে যেতে হবে। মনে করুন, শহরের কিছু এলাকা বর্ষার সময় পানির নিচে ডুবে থাকে। এইসব এলাকার কোনো কোনো পুরনো বাসিন্দা, যার আর্থিক সামর্থ্য আছে তিনি কি শুধু সামাজিকতার দোহাই দিয়ে ওখানে পড়ে থাকতে রাজি হবেন, না কি শহরের ভালো কোনো জায়গায় আরেকটি নতুন বাড়ি করবেন বা ফ্ল্যাট কিনবেন? সেরূপ গ্রামের কোনো অবস্থাপন্ন মানুষ তাঁর টাকা থাকলে তিনি কি গ্রামে বসবাস করতে রাজি থাকবেন, শহরের এত সুবিধাকে বিসর্জন দিয়ে?

আমরা কোনোটিকেই উপেক্ষা করতে পারি না। সামাজিক বন্ধনের যেমন প্রয়োজন আছে তেমনি পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো বাস্তবতাকেও অস্বীকার করতে পারি না। আগে আমাদের পরিবারগুলো বড় ছিল। বাবা-চাচা মিলে সবাই একই বাড়িতে বসবাসের প্রচলন ঝিল। সমাজে একটি প্রীতির বন্ধন ছিল। সামাজিক কিছু রীতিনীতি ছিল, যা সবাইকে মানতে হতো। সমাজে সর্দার প্রথা ছিল। সামাজিক বিচার ব্যবস্থা ছিল। সামাজিক বিচার সবাইকে মানতে হতো। ফলে একটি পাড়ায় বা মহল্লায় সবাই একটি সামাজিক বন্ধন ও শাসনের মধ্যে বড় হতো। কোনো সন্তানের ভুল বা অপরাধের জন্য তার মা-বাবাকেও জবাবদিহি করতে হতো। কোনো এলাকায় এই সামাজিক বিচার বা প্রথা অত্যন্ত কঠোর ছিল। পাড়ার সর্দারের সিদ্ধান্তের বাইরে কথা বলার সাহস কারো ছিল না। তা যে সব সময় কল্যাণজনক ছিল সবার জন্য তাও কিন্তু নয়।

এই সুযোগের সদ্ব্যবহার করে সর্দার বা সমাজের প্রভাবশালীরা গরিব নিঃস্বদের ওপর দমন পীড়নও চালিয়েছেন। তার অনেক কাহিনী আমাদের গল্প, নাটক, উপন্যাস ও চলচ্চিত্রে উঠে এসেছে। সবকিছুরই ভালোমন্দ দুটো রূপই থাকে। কাজেই, আগের দিন খুব ভালো ছিল বলে বর্তমানকে তুচ্ছ করার যেমন কিছু নেই তেমনি আধুনিকতার বা বর্তমানের সব কিছুই আমরা গ্রহণ করবো তেমনই কিছু নয়। বর্তমান সমাজ বাস্তবতার চিত্র এটি এবং তা নতুন কিছুও নয়। আগেও আমাদের সমাজে এমন গ্রুপিং ছিল। মারামারি, মাস্তানী ছিল। পাড়ায় পাড়ায় বড় ভাইরা ছিল। পাকিস্তান আমল থেকে স্বাধীনতার পর গত শতকের নয় দশক পর্যন্ত এ ধরনের পরিস্থিতি বিদ্যমান ছিল আমাদের সমাজে। সিলেট শহরের অনেক এলাকায় এ ধরনের অনেক ব্যক্তি ছিলেন যারা মূলত মাস্তানই ছিলেন। আজ তাঁদের অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে বয়োবৃদ্ধ হয়েছেন। তাঁদের এবং তাঁদের বর্তমান পরিবার-পরিজনের কথা বিবেচনা করে তাঁদের নাম উল্লেখ করা থেকে বিরত থাকলাম। স্বাধীনতার পরপর এই প্রবণতা ভীষণ বৃদ্ধি পেয়েছিল। পাড়ায় পাড়ায় মারামারি এমনকি তা থেকে খুনখারাবির মতো ঘটনাও তখন কম ঘটেনি।

কাজেই উত্তরায় এই ঘটনার পর দেশ জাহান্নামের চূড়ায় গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে কঠিন কঠিন কথা বললেই সব সমস্যার সমাধান হবে না। সবকিছু আইন দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়। পারিবারিকভাবে অর্থাৎ মা-বাবাকেই প্রধান দায়িত্বটি পালন করতে হবে। নিজের সন্তানের প্রতি নজর রাখতে হবে। তার ভালোমন্দের খবর জানতে হবে। তার জন্য একটি আনন্দময় জগৎ তৈরি করে দিতে হবে। শিশুর ভেতর মানবতাবোধ জাগ্রত করে তুলতে হবে। তার জন্য বিনোদন ও আনন্দ প্রকাশের ক্ষেত্র বিস্তৃত করতে হবে। সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। তার মানসিক বিকাশের পথ তৈরি করতে হবে। মানবিক গুণাবলী অর্জনের পথ খুলে দিতে হবে। আগের যে কোনো সময়ের চেয়ে এখন সহজলভ্য হয়ে উঠেছে মাদক, অস্ত্র ইত্যাদি।

উত্তরায় ঘটনাটি যেমন নতুন কোনো ঘটনা নয় এবং সে সাথে তা বিচ্ছিন্ন কোনো ঘটনাও নয়। বরং এটাকে সমাজের একটি ভয়ংকর বাস্তবতাই বলতে পারি। কারণ, সমাজে যে অসততা, অমানবিকতা ও নিষ্ঠুরতার চর্চা হয়েছে এটি তারই একটি প্রতিক্রিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপসহ পশ্চিমা বিশ্বে এ ধরনের বিভিন্ন সামাজিক অনাচারের উদ্ভব হয়েছিল। আজ তা বিলীন হয়েছে। আমাদেরও তা বিলীন করার চেষ্টা করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে, এই উপমহাদেশে বা বাংলাদেশের দীর্ঘ মুক্তিসংগ্রামের ইতিহাসে এই বয়সী কিশোরদেরও উজ্জ্বল ভূমিকা ছিল। ঊনসত্তরের গণ অভ্যুত্থানের শহীদ মতিউরও ছিলেন একজন কিশোর। তিনি যখন শহীদ হন তখন তিনি নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র। আমাদের অহংকারের গৌরবের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন অনেক কিশোর। তাই বলেছিলাম, উঠতি বয়সী এই সন্তানদের হৃদয়ে স্বপ্ন রোপণ করে দিতে হবে। সঠিক পথের খোঁজ দিতে হবে আমরা বাবা-মায়েদের। সকল অমঙ্গল থেকে, সকল অশুভ অশোভন থেকে তাদের রক্ষা করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট।