বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় অনুভূতি, আলেম-ওলামাদের সামাজিক প্রভাব এবং সাধারণ মানুষের বিশ্বাস দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে ধর্মীয় নেতৃত্বের বক্তব্য ও অবস্থান জনমত গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তবে রাজনৈতিক ক্ষমতা অর্জন, ক্ষমতা ধরে রাখা এবং রাষ্ট্র পরিচালনায় সফল হওয়ার প্রশ্নে ধর্মীয় নেতাদের সমর্থনের পাশাপাশি সুশাসন, ন্যায়বিচার, অর্থনৈতিক সক্ষমতা ও জনআস্থার গুরুত্বও অনস্বীকার্য। সম্প্রতি দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের একটি বক্তব্যে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তিনি বলেছেন, ৯২ শতাংশ মুসলমানের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকা সম্ভব নয়। তাঁর বক্তব্যে আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বিএনপি সরকারের সঙ্গে আলেম-ওলামাদের ঘনিষ্ঠতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেছেন।
ধর্মীয় নেতৃত্বের সামাজিক অবদান ও জনসম্পৃক্ততার গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। সংখ্যাগরিষ্ঠের সমর্থন গুরুত্বপূর্ণ, কিন্তু সেটিই শেষ কথা নয়: বাংলাদেশের সংবিধানের ১১ অনুচ্ছেদ গণতন্ত্র ও মানবাধিকারের নিশ্চয়তার কথা বলে। ২৭ অনুচ্ছেদ আইনের দৃষ্টিতে সব নাগরিকের সমতার স্বীকৃতি দেয়। ২৮ অনুচ্ছেদ ধর্মসহ নির্দিষ্ট পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে এবং ৪১ অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের সমর্থন সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সময় সব নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। বাংলাদেশের নাগরিকদের মধ্যে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মীয় পরিচয়ের মানুষও রয়েছেন। তাদের প্রত্যেকের ভোট, অধিকার ও নাগরিক মর্যাদা সমান। কোনো ধর্মীয় সম্প্রদায়ের ভোটকে কেবল রাজনৈতিক হিসাবের উপাদান হিসেবে দেখা কিংবা অন্য সম্প্রদায়ের সমর্থনকে অবমূল্যায়ন করা গণতান্ত্রিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রের কাছে নাগরিকের পরিচয়ের চেয়ে তাঁর অধিকার ও মর্যাদা বড় হওয়া উচিত।
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি অফিস-আদালতে দেশের নাগরিক জনগণ যাতে তাদের মালিকানা অনুভব করতে পারে সে বিষয়টি উল্লেখ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদক্ষেপ নিতে বারবার বললেও তা এখনো বাস্তবায়ন হয়নি। হসপিটাল, ভূমি অফিস, পুলিশ স্টেশন, বাস, ট্রেন স্টেশন ও লঞ্চ ঘাটে মানুষ এখনো হয়রানির শিকার হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সরকার দলীয় লোকদের ইশারা ছাড়া মানুষ সাধারণ সেবা পাচ্ছে না। গণতন্ত্রের সাফল্য শুধু কে ক্ষমতায় আছে, তা দিয়ে বিচার করা যায় না। ক্ষমতা কীভাবে ব্যবহার করা হচ্ছে, নাগরিকের অধিকার কতটা সুরক্ষিত এবং সরকার কতটা জবাবদিহিমূলক— সেগুলোও সমান গুরুত্বপূর্ণ। আলেম-ওলামা ও ধর্মীয় নেতারা সমাজে নৈতিকতা, মানবিকতা, সততা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তারা সরকারের ভালো কাজকে সমর্থন করবেন, আবার দুর্নীতি, অন্যায়, বৈষম্য, জনদুর্ভোগ ও ক্ষমতার অপব্যবহার দেখলে প্রতিবাদও করবেন— এটাই হওয়া উচিত তাদের নৈতিক দায়িত্বের স্বাভাবিক প্রকাশ। কোনো সরকারের সঙ্গে ধর্মীয় নেতৃত্বের সুসম্পর্ক থাকা নিজে থেকে নেতিবাচক নয়। বরং সেই সম্পর্কের মাধ্যমে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, দরিদ্র মানুষের কল্যাণ, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে তা ইতিবাচক ফল বয়ে আনতে পারে। কিন্তু সম্পর্কটি যদি কেবল রাজনৈতিক আনুগত্য, পদ-পদবি কিংবা দলীয় স্বার্থের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে ধর্মীয় নেতৃত্বের স্বাধীন নৈতিক অবস্থান প্রশ্নের মুখে পড়তে পারে।
সরকারের কাছ থেকে আলেম-ওলামাদের প্রত্যাশা থাকতে পারে; একইভাবে জনগণের প্রতিও তাদের দায়বদ্ধতা রয়েছে। রাষ্ট্রের অন্যায়কে ন্যায় বলা কিংবা দলীয় স্বার্থে জনদুর্ভোগের বিষয়ে নীরব থাকা কোনো ধর্মীয় নেতৃত্বের মর্যাদা বাড়ায় না। বরং সত্যের পক্ষে দাঁড়ানো, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা এবং মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখাই তাদের সামাজিক গ্রহণযোগ্যতাকে শক্তিশালী করে। আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন এর বক্তব্যে সরকারের সঙ্গে আলেম-ওলামাদের ঘনিষ্ঠতা বাড়িয়ে ‘বরকত’ অর্জনের প্রত্যাশার কথা এসেছে। ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে বরকতের প্রত্যাশা স্বাভাবিক। তবে রাষ্ট্র পরিচালনায় বরকতের প্রত্যাশার পাশাপাশি বাস্তব সমস্যার সমাধানও জরুরি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নতি, বিনিয়োগ বৃদ্ধি এবং ন্যায়বিচার নিশ্চিত করা— এসব ক্ষেত্রে সরকার কতটা সফল হচ্ছে, তার ওপরই মানুষের আস্থা অনেকাংশে নির্ভর করে। সাধারণ মানুষ রাজনৈতিক বক্তব্যের চেয়ে নিজেদের জীবনে তার বাস্তব প্রতিফলন দেখতে চায়। বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় না হলে, তরুণদের কর্মসংস্থান না বাড়লে, বিচার পেতে হয়রানি হলে কিংবা সরকারি সেবা পেতে অনিয়মের শিকার হতে হলে শুধু রাজনৈতিক বা ধর্মীয় সম্পর্কের বর্ণনা দিয়ে মানুষের হতাশা দূর করা সম্ভব নয়। একইভাবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর সততা, যোগ্যতা, জনসম্পৃক্ততা ও অতীত রেকর্ড বিবেচনা করা জরুরি। কোনো প্রার্থী ধর্মীয় পরিচয় বা রাজনৈতিক সমর্থন পেয়েছেন বলেই তিনি জনসেবায় সফল হবেন— এমন নিশ্চয়তাও নেই। জনগণের আস্থা অর্জন করতে হলে তাকে নিজের কাজের মাধ্যমে যোগ্যতার প্রমাণ দিতে হবে। আলেম-ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে, কিন্তু সেটি সুশাসনের বিকল্প নয়। নির্বাচনী সমর্থনকে দীর্ঘমেয়াদি জনআস্থায় রূপান্তর করতে হলে সরকারকে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান, নাগরিক নিরাপত্তা নিশ্চিত এবং প্রশাসনিক জবাবদিহি জোরদার করতে হবে। কোনো গোষ্ঠীর সমর্থনকে স্থায়ী রাজনৈতিক সম্পদ ধরে নেওয়ার পরিবর্তে জনগণের প্রত্যাশা পূরণে মনোযোগী হওয়াই হবে দূরদর্শী সিদ্ধান্ত।
পরিশেষে বলা যায়, নির্বাচনে জয়লাভ একটি রাজনৈতিক দলের জন্য বড় অর্জন; কিন্তু সেই অর্জন ধরে রাখার প্রকৃত পরীক্ষা শুরু হয় ক্ষমতা গ্রহণের পর। সংখ্যাগরিষ্ঠের সমর্থন সরকার গঠনের পথ তৈরি করতে পারে, ধর্মীয় নেতৃত্বের সহযোগিতা সামাজিক সংযোগ বাড়াতে পারে— কিন্তু ন্যায়বিচার, সুশাসন, নাগরিক অধিকার ও জনকল্যাণই একটি সরকারের স্থায়িত্বের শক্ত ভিত্তি। জনআস্থা অর্জন করতে হলে সরকারকে শুধু সমর্থকদের নয়, বিরোধী মতের মানুষসহ দেশের প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে হবে। ক্ষমতার রাজনীতিতে শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই কে কাকে সমর্থন করেছে, তা নয়; বরং ক্ষমতায় গিয়ে কে মানুষের জন্য কী করেছে।
লেখক: শহিদুল ইসলাম কবির, সভাপতি, মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল shahid_kabir2007@yahoo.com
