আন্তর্জাতিক বিচার আদালত ক্ষমতাধর ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে দীর্ঘদিন লড়াই করে যাচ্ছেন। ২০০৩ থেকে ২০০৫ সালের মধ্যে দারফুর গণহত্যায় সরকার-সমর্থিত জানজাউইদ মিলিশিয়ার নেতা ছিলেন আলি মুহাম্মদ আলি আবদ-আল-রহমান। তিনি আলি কুশাইব নামেও পরিচিত।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত সপ্তাহে তাঁকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তিনি যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের ২৭টি অভিযোগে দোষী সাব্যস্ত হন। অনেক মিলিশিয়া বা বেসামরিক সশস্ত্র বাহিনীর সদস্যরা জড়িত থাকলেও দারফুরের নৃশংসতার জন্য এই প্রথম কাউকে দোষী সাব্যস্ত করা হলো। সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির ও সাবেক মন্ত্রী আহমাদ হারুনের বিরুদ্ধেও আইসিসি গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন, তবে তারা এখন পলাতক।
২০১১ সালে খার্তুমে আমি যখন বশিরের সাক্ষাৎকার নিই তখন তিনি গণহত্যার অভিযোগ উড়িয়ে দেন। তিনি ২০১৯ সালে সেখানকার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। ক্ষমতা নেয় সেনাবাহিনী। তিনি আমাকে বলেন, তাঁর সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে লড়েছে; দারফুরের সাধারণ জনগণের বিরুদ্ধে নয়। তিনি পশ্চিমাদের বিরুদ্ধে দ্বৈত নীতির অভিযোগ তোলেন এবং অন্যায় করার বিষয়টি অস্বীকার করেন। ২০০৮ সালে যে হারুনের পদ ছিল ‘মানবতাবিষয়ক মন্ত্রী’, সেই আহমাদ হারুন তখন একই ধরনের কথা বলেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, ‘আমার কোনো অনুশোচনা নেই।’ দারফুরে প্রায় দুই লাখ মানুষের মৃত্যুর অভিযোগে আইসিসি যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, তাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন। তিনি বলেছিলেন, ‘যা করেছি তা বৈধ ছিল। এটা আমার দায়িত্ব।’
তিনি যেভাবে বলেছেন, কোনো আইন ভাঙেননি এবং কোনো জবাবদিহির প্রয়োজন নেই, কেবল ‘দায়িত্ব’ পালনের অংশ হিসেবে করেছেন, তা ঔদ্ধত্যপূর্ণ। রাষ্ট্রীয় এই দায়মুক্তি আধুনিক বিশ্বের ক্রমবর্ধমান একটি সংকট। এ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মতো নেতাদের থেকে আলাদা কেউ নন। এদের সবাইকে বিভিন্নভাবে আইসিসি, জাতিসংঘ বা মানবাধিকার সংস্থাগুলো সাধারণ নাগরিকদের হত্যা, নির্যাতন বা অপহরণের অভিযোগে অভিযুক্ত করেছে। এই তিনজনই তাদের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন। তারা সবাই দাবি করেন, তারা ন্যায্য কাজ করেছেন। তারা আইন, জনমত বা নৈতিকতার কোনো তোয়াক্কা করেননি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করেন– কেউ তাদের বিচার করতে পারবে না।
নেতানিয়াহু তাঁর রাজনৈতিক ক্যারিয়ার রক্ষা এবং জেল এড়ানোর জন্য এখন একাধিক ফ্রন্টে যুদ্ধ করছেন। গাজার মতোই তাঁর ব্যক্তিগত সুনাম ধসে গেছে। তিনি চান জেরুজালেমের জেলা আদালতে দীর্ঘদিন ধরে চলা জালিয়াতি ও ঘুষের মামলা ‘জাতীয় স্বার্থে’ বন্ধ করে দেওয়া হোক। দেশের বিভক্তি ঘোচানোর জন্য তিনি এক প্রকার ক্ষমা গ্রহণে প্রস্তুত। নেতানিয়াহু কতটা উদ্ধত হতে পারেন– বছরের পর বছর সেই বিভক্তিকেই রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে আছেন। তাঁর ঔদ্ধত্য এখানেই শেষ নয়। নেতানিয়াহু এখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের আগে তাঁর সরকারের ভয়াবহ নিরাপত্তা ব্যর্থতা নিয়ে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্তেও বাধা দিচ্ছেন। বিরোধী নেতা অভিগদর লিবারম্যানসহ অনেকে তাঁকে নিজেকে বাঁচানোর জন্য নাটক করার অভিযোগে অভিযুক্ত করেছেন।
তবে গাজার পরিস্থিতি নিয়ে নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হতে সাহস করেননি। তাঁর এড়িয়ে যাওয়ার এই লজ্জাজনক প্রচেষ্টাই রাষ্ট্রীয় দায়মুক্তির হতাশাজনক রূপ উন্মোচন করে। আদালতে আত্মপক্ষ সমর্থনের পরিবর্তে নেতানিয়াহু এখন ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের ছায়ায় আশ্রয় নিচ্ছেন কিংবা দেশেই ভীত হয়ে গ্রেপ্তার এড়িয়ে চলছেন। অথচ গাজায় প্রতিদিন তাঁর আদেশেই ক্ষুধায় কষ্ট পাচ্ছে শিশুরা।
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা এড়ানোর আরেকজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি যেভাবে আছেন, মনে হচ্ছে, তিনিও হত্যাকাণ্ডের অভিযোগ থেকে মুক্তি পেতে চেষ্টা করছেন। ডোনাল্ড ট্রাম্প তাঁর বিতর্কিত ২৮ দফার ইউক্রেন ‘শান্তি পরিকল্পনা’য় পুতিনের জন্য দায়মুক্তি চেয়েছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে নিষেধাজ্ঞা আরোপ করে একে ধ্বংসেরও চেষ্টা করছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কী ধরনের উদাহরণ স্থাপন করছে? আলি কুশাইবের মতো ট্রাম্প, নেতানিয়াহু, পুতিনসহ এমন অন্যদেরও একদিন অবশ্যই জবাবদিহির জন্য আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সাইমন টিসডাল: গার্ডিয়ানের সাংবাদিক; গার্ডিয়ান থেকে সংক্ষেপিত ভাষান্তর মাহফুজুর রহমান মানিক
