বেশ কয়েক দিন যাবতই লক্ষ্য করছি পাশের বাসার ছাদের ওপর একটা ৭-৮ বছরের শিশু একা একা কার সঙ্গে যেন কথা বলছে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করতেই দেখলাম বাচ্চাটার হাতে ব্যাট আর সামনে থাকা দেয়ালে নিজেই বল ছুড়ে দিচ্ছে আর সেই দেয়ালে ধাক্কা খেয়ে যেই বলটা তার দিকে ছুটে আসছে ঠিক সে মুহূর্তে সে বলটাকে তার ব্যাট দিয়ে শর্ট খেলেই দৌড় দিয়ে রান নেওয়ার চেষ্টা করছে। অবশেষে বিষয়টা বোধগম্য হলো, কংক্রিটের দেয়ালকে করেছে অপজিশন দলের বোলার ও খেলার সহযোগী। কংক্রিটের দেয়ালই তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এই দেয়ালকে সে তার বন্ধু বা প্রতিযোগী বানিয়ে ক্রিকেট খেলছে তার সঙ্গে এবং কথা বলছে। এই দেয়ালকে প্রতিদ্বন্দ্বী মনে করে তার বাচ্চাটা কথা বলছে কল্পনার রং মিশিয়ে। বিষয়টির গভীরতা ভাবতেই ভেতরটা বেশ বিমর্ষ হয়ে উঠল।

আর এভাবেই আমাদের এই শহরের শিশুদের শৈশব ও কৈশোর পেড়িয়ে যাচ্ছে কংক্রিটের দেয়ালকে বন্ধু অথবা খেলার কাল্পনিক প্রতিযোগী মনে করে। ফলে শিশুরা আক্রান্ত হচ্ছে সিজোফ্রেনিয়া বা অডিটরি হ্যালুসিনেশনের মত ভয়ংকর রোগে।\r\nএকটি শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার চারপাশ থেকে সব সময় সব রকম জ্ঞান আহরণ করতে করতে বড় হয়। একটি শিশু সবচেয়ে বেশি আনন্দ অনুভব করে যখন সে তার সমবয়সী কোনো সঙ্গীর সঙ্গে সময় কাটানো বা খেলার সময় পায়। যেখানে এই শহরে তার কোন রকম সুযোগ নেই বললেই চলে। একটি বাচ্চা যখন মাঠে খেলতে যায় বা সমবয়সী শিশুদের সঙ্গে খেলে বা গল্প করে সেখানে নানা আর্থিক অবস্থানে থাকা পরিবারের শিশুরা আসে। শিশুটি সে সকল সব পরিবারের অবস্থান সম্বন্ধে জানতে পারে। সবাইকে গ্রহণ করতে শেখে।

কিন্তু এই একা থাকা শিশুরা সেইসব পর্যায়ে মেশার সুযোগ থেকে বঞ্চিত হয়। তারা বেড়ে ওঠে নিরবে নিভৃতে কংক্রিটের সীমানার চাদরকে সঙ্গী করে। একটা রাষ্ট্রের ভবিষ্যৎ বলতে আমরা শিশুদেরকেই বুঝি যারা ভবিষ্যৎ রাষ্ট্র তথা বিশ্বকে প্রতিনিধিত্ব করবে। সেই শিশুরা যদি এমন একাকিত্বকে সঙ্গী করে বেড়ে ওঠে তাহলে সেই শিশু ভবিষ্যৎ এর জন্য কতটা মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে সেটা ভাবতেই বিস্মিত হতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের স্কুলে বা নগরীর প্রতিটি পাড়ায় সম্ভব হলে প্রতিটি বাসায় খানিকটা করে খেলার জায়গা রাখা প্রয়োজন। তা না হলে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্থ হবে। ফলে আমাদের অতি আদরের শিশুরা আত্মকেন্দ্রিক হয়ে বেড়ে উঠবে। তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে।

আর শারীরিকভাবে দুর্বল হবার কারণে তার মাঝে যেমন ভীরুতা প্রকাশ পাবে তেমনি কোনো কাজে উৎসাহ পাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে দেখলাম, যে শিশুরা পর্যাপ্ত আলো বাতাস বা শারীরিক কসরতপূর্ণ খেলাধুলার পরিবেশের সংস্পর্শ পায় না, সে সকল শিশুরা ভবিষ্যতে নানান মানসিক ও শারীরিক সমস্যার ভেতর দিয়ে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করে। যা ভবিষ্যৎ পৃথিবীর জন্য মারাত্মক হুমকির বিষয়। \r\nআমাদের শৈশব স্মৃতিগুলো মনে পড়লেই মনের গভীরে ভেষে ওঠে সেই অবারিত সবুজ দিগন্ত, সবুজে ঘেরা খেলার মাঠ, স্কুল ছুটির পরে সবাই মিলে এক সঙ্গে ক্রিকেট, ফুটবল খেলা। স্কুল ছুটির দিনে নদী থেকে পলায়নপর খালের জলে সবাই মিলে হৈ হৈ করে গোসল করা। কত আনন্দ কত মধুর শৈশব যা আজকের রোবটিক প্রজন্ম তা চিন্তাও করতে পারবে না।

অথচ আজকাল আমরা দেখতে পাই বাবা-মা রেষ্টুরেন্টে খেতে গিয়েছেন তাদের ৪ বছরের বাচ্চাকে নিয়ে। কিন্তু বাচ্চা কোনোভাবেই কিছু খাচ্ছে না। কেন খাচ্ছে না তা বুঝা গেল যখন শিশুটির মা তার হাতের মোবাইল ফোনে কোন গেম বা টিকটিক ভিডিও ওপেন করে শিশুটির হাতে দিল। আর তখনই শিশুটি নিজের অজান্তে গোগ্রাসে গিলে চলল খাবার নামক অদৃশ্য বস্তু। সে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে না খাবার কী এবং এটার গুরুত্ব কতখানি। শিশুর লক্ষ্য তার মোবাইলে। আর শিশুটি যে খাবার খাচ্ছে তা ঠিক কম্পিউটারের কোনো ডাটা ইনপুট করার মতই বিষয় যেখানে সে কোনো রকম স্বাদ অনুভব না করেই গিলে যাচ্ছে, যা তার মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ।

এখনকার অনেক মায়েরা তার সন্তানদের স্কুলে টিফিন দিলে তা শুধু সে যেন একা খায় অন্যকে না দেয় এমন নির্দেশনা দিয়ে থাকেন। আমাদের সময়ে তেমন টিফিন ব্যবস্থা ছিল না। আমরা সকালে খেয়ে স্কুলে যেতাম আর দুপুরে সবার কাছে যে টাকা থাকতো তা দিয়ে বন্ধুদের সঙ্গে সমান ভাবে ভাগ করে খেতাম। আর যার কাছে টাকা থাকতো না সেও সমান ভাগই পেতো। কই আমার তো মনে পড়ে না এজন্য কারো স্বাস্থ্যের তেমন কোনো অবনতি হওয়া বা অসুস্থ হওয়ার কথা। যে মানসিক পরিচর্যা আগে সহজলভ্য ছিল যৌথ পরিবারে, এখন তা অপ্রতুল। এক সঙ্গে এক পরিবারে থাকলে এক দিকে যেমন দায়িত্ব, কর্তব্যবোধ গড়ে ওঠে, তেমনই বিপদে একে অপরের পাশে থাকার মতো নির্ভরতাও থাকে, মানসিক বিকাশের পথে যেটা খুবই জরুরি।

বেশিরভাগ মা বাবারা শিশুদের ভেতর নিভৃতে স্বার্থের বীজ রোপণ করছেন, তা ভবিষ্যতে তাদের জন্যই বিষবৃক্ষ রূপে আবির্ভূত হতে পারে।\r\nআমাদের দাদা-দাদিরা ছোট সময় বিভিন্ন রকম গল্প শোনাতেন। গল্পের ছলে নানান বিষয় তারা আমাদের শেখাতেন। একটা শিশুর কল্পনার একটা বিশাল জগৎ থাকে আর সেই জগৎ এর প্রসার ঘটানোর জন্য গল্পের কোন বিকল্প নেই। অথচ আজকালকার বাবা-মা রা সন্তান কে নিয়ে আলাদা থাকার কারণে তারা আর সেই গল্পের জগৎ পায় না। এখনকার মা-বাবাদের শিশুদের গল্প শোনানোর মতো যথেষ্ট সময়ও অবশিষ্ট নেই। মুঠোফোনে টিকটক চালিয়ে দিয়েই তারা মুক্তি পেতে চান। মুঠোফোন হাতে না দিয়ে শিশুদের গল্প শোনানো বা গল্পের বই দেওয়া জরুরি। যার মাধ্যমে একটি শিশুর একটি আদর্শ কল্পনার জগৎ তৈরি হতে পারে।

যেটা মুঠোফোন পারে না।\r\nশারিরীক কোনো কার্যকলাপ না করার কারণে এখনকার শিশুরা অল্প বয়সেই মুটিয়ে যাচ্ছে। ফলে অনেক শিশু সমবয়সী অন্য মোটা শিশুদের পছন্দ করে না। পরিণত হয় সহপাঠীদের উপহাসের পাত্রে। এসব শিশু নিজের স্থূলতা নিয়ে আত্মবিশ্বাস হারিয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির অ্যামান্ডা ডাব্লিউ. হ্যারিস্ট বলেন, অতিরিক্ত স্থূলতা শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, এমনকি তাদের বয়স ছয় পেরোলেও। ফলে দেখা যায়, স্থূল শিশুরা প্রতিনিয়ত তাদের সমবয়সিদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়। শিশুরা মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ে। তাই আমাদের শিশুরা যেন একটি সুস্থ ও সুন্দর শৈশবের ভেতর দিয়ে বেড়ে উঠতে পারে সেই দিকে অবশ্যই সকলের নজর দিতে হবে। আর এই কাজটি করতে হবে প্রত্যেক পিতা-মাতার। তাদের লক্ষ্য রাখতে হবে যাতে তাদের সন্তানরা একাকিত্বে না ভোগে। শিশুদের সঙ্গে খেলাধুলা করতে হবে তাদের পর্যাপ্ত সময় দিতে তাদের মনের সকল প্রশ্নের জবাব দিয়ে তার মনকে স্বচ্ছ পানির মতো নির্মল করে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে আজকের শিশুই আগামী দিনের সু পৃথিবী বিনির্মাণের কারিগর।\r\nলেখক : গবেষক