বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং চীনা গুপ্তচরবৃত্তির অংশ হিসেবে ‘হানিট্র্যাপ’ বা প্রেমের ফাঁদের শিকার হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। সাম্প্রতিক সময়ে অপরাধজগতের এক ভয়ংকর ও বহুলচর্চিত কৌশল হয়ে দাঁড়িয়েছে এই ‘হানিট্র্যাপ’। প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি এবং সামাজিক মাধ্যমের অবাধ বিস্তার এই অপরাধের ব্যাপ্তিকে এমন পর্যায়ে নিয়ে গেছে, যা ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ ব্যবস্থার সুরক্ষাকে ভয়াবহ হুমকির মুখে ফেলছে।
অতীতে হানিট্র্যাপ বা প্রলোভনের ফাঁদ সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে ব্যবহৃত হতো। শত্রু দেশের গোপনীয় নথি বা তথ্য হাতিয়ে নেওয়া ছিল অন্যতম প্রধান লক্ষ্য। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে এই ফাঁদ পাতার ধরন ও কৌশলে এসেছে ব্যাপক পরিবর্তন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা বিভিন্ন ডেটিং অ্যাপের কল্যাণে অপরাধীরা এখন অত্যন্ত সহজে ভুক্তভোগীর ব্যক্তিগত জীবন, দুর্বলতা ও শখের জায়গাগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছে। ভুয়া আইডি বা আকর্ষণীয় প্রোফাইল খুলে সুকৌশলে বন্ধুত্বের প্রস্তাব পাঠানো হয়। এরপর বিভিন্ন কৌশলে কাছে আসার চেষ্টা। এক পর্যায়ে ভিডিও কল বা ব্যক্তিগত মুহূর্তের ছবি আদান-প্রদানের ফাঁদে ফেলে শুরু হয় ব্ল্যাকমেইল, যার পরিণতিতে সর্বস্বান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। শুধু তাই নয়, কোথাও কোথাও খুনের ঘটনা ঘটছে।
নৈতিক অবক্ষয়ের কারণে অনেকে শর্টকাট উপায়ে আনন্দ বা সম্পর্ক অর্জনের মোহে পড়ে যান। এর সঙ্গে পারিবারিক বা দাম্পত্য সম্পর্কে উষ্ণতা ও বোঝাপড়ার অভাব থাকলে মানুষ মানসিকভাবে একা হয়ে পড়ে। এই শূন্যতার সুযোগ নেয় অপরাধীরা। আবার কোথাও কোথাও টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে কিছু সুনির্দিষ্ট অর্থবিত্তশালী ব্যক্তির টার্গেট করা হয়। অপরাধীরা বিভিন্ন কৌশলে প্রেমের ফাঁদে ফেলে তাদের ক্ষতিগ্রস্ত করে।
কর্মব্যস্ততা ও জীবনের নানা প্রতিযোগিতায় জর্জরিত মানুষ অনেক সময় নিজের বিচারবুদ্ধি ঠিকমতো কাজে লাগাতে পারে না। তাদের জীবনে রয়েছে অর্থবিত্ত, কিন্তু নেই দুদণ্ড প্রশান্তি। এই শূন্যতা কাজে লাগিয়ে প্রতারকরা হানিট্র্যাপের আশ্রয় নেয়।
ডিজিটাল প্রাইভেসি বা সাইবার নিরাপত্তা সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় অনেকেই ব্যক্তিগত তথ্য অপরিচিতদের হাতে তুলে দেন। এটাও হানিট্র্যাপের আরেকটি ফাঁদ। হানিট্র্যাপের শিকার হওয়া ভুক্তভোগীরা কেবল আর্থিকভাবে দেউলিয়া হন না, বরং তাদের সামাজিক মর্যাদা ও মানসিক শান্তিও বিনষ্ট হয়। ব্ল্যাকমেইলের শিকার হয়ে অনেকেই তিলে তিলে জমানো সঞ্চয়, ফ্ল্যাট বা মূল্যবান সম্পদ অপরাধীদের হাতে তুলে দিতে বাধ্য হন। সমাজে মানসম্মান হারানোর ভয়ে অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হতে পারেন না, যা অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে। এ ছাড়া এ ধরনের ঘটনা পারিবারিক ভাঙন এবং দীর্ঘমেয়াদি মানসিক অবসাদ এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার জন্ম দিচ্ছে।
হানিট্র্যাপের মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা পেতে হলে প্রয়োজন সমন্বিত ও বহুমাত্রিক পদক্ষেপ। এক. পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পর্কের গভীরতা ও নৈতিকতায় জোর দেওয়া, আত্মসংযম এবং ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানো কার্যকরী পদক্ষেপ হতে পারে। দুই. দাম্পত্য কলহ দূর করতে খোলাখুলি আলোচনা এবং প্রয়োজনে কাউন্সেলিংয়ের সাহায্য নেওয়া দরকার। তিন. সামাজিক মাধ্যমে অপরিচিত বা সন্দেহজনক আইডি থেকে আসা ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। চার. সাইবার ক্রাইম ইউনিটগুলোকে আরও সক্রিয় হতে হবে এবং ভুক্তভোগীরা যাতে কোনো ধরনের হেনস্তার ভয় ছাড়া অভিযোগ জানাতে পারেন, সেই আস্থার পরিবেশ তৈরি করতে হবে।
হানিট্র্যাপ কেবল অপরাধীদের একটি পাতা ফাঁদ নয়, এটি আমাদের ব্যক্তিগত অসচেতনতা ও সামাজিক অবক্ষয়ের একটি সম্মিলিত প্রতিফলন। সচেতনতা, শুভবুদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগই পারে আমাদের সমাজকে এই ডিজিটাল অন্ধকার থেকে রক্ষা করতে।
ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, দৈনিক সমকাল
