রোগী দেখার ক্ষেত্রে ডাক্তার, ক্লিনিক বা হাসপাতালের অর্থনৈতিক ফি নির্ধারণে কার্যকর কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। কে কত নেবে, কেন নেবে, কোন সেবার জন্য কত টাকা যুক্তিযুক্ত।এই প্রশ্নগুলো আজও ধোঁয়াশায়। অথচ এই অনিয়ন্ত্রিত বাস্তবতার বোঝা গিয়ে পড়ে সাধারণ মানুষের ঘাড়ে, বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির ওপর। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল ও জনবহুল দেশে চিকিৎসা ব্যয় ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। একটি সাধারণ চেম্বারে রোগী দেখানোর ফি অনেক ক্ষেত্রেই কয়েক হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে, যা একজন দিনমজুর বা স্বল্প আয়ের কর্মজীবীর জন্য প্রায় অসম্ভব। ফলে প্রশ্ন উঠছে। এই উচ্চ ফি কি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? নাকি চিকিৎসা ধীরে ধীরে একটি লাভজনক পণ্যে পরিণত হচ্ছে?

অন্যদিকে, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতা অনেক সময়ই ভোগান্তির নামান্তর। রোগীর সংখ্যা বেশি, ডাক্তার ও নার্সের ঘাটতি, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, ওষুধের সংকট। এসব বাস্তবতা দীর্ঘদিনের। রোগীকে কখনো ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, কখনো আবার প্রয়োজনীয় পরীক্ষা করাতে বাইরে পাঠানো হয়। এতে বাড়তি খরচ তো হয়ই, সেই সঙ্গে ভেঙে পড়ে রোগীর মানসিক শক্তিও। শারীরিকভাবে একজন রোগী এমনিতেই দুর্বল থাকে। তার ওপর মানসিক ভয়।রোগ কতটা গুরুতর, চিকিৎসা হবে তো, খরচ কীভাবে আসবে। এই দুশ্চিন্তা রোগী ও তার স্বজনদের কষ্ট বহুগুণ বাড়িয়ে দেয়। চিকিৎসা ব্যবস্থা যদি এই দুর্বল সময়েও মানুষকে আশ্বাস না দিতে পারে, তবে সেই ব্যবস্থার মানবিক ভিত্তি নিয়েই প্রশ্ন ওঠে। এখানেই আসে আরেকটি সংবেদনশীল প্রসঙ্গ।

সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস। অভিযোগ রয়েছে, অনেক সরকারি চিকিৎসক মূল কর্মস্থলের তুলনায় প্রাইভেট চেম্বারে বেশি সময় ও মনোযোগ দেন। ফলে সরকারি হাসপাতালে রোগী দেখার সময় কমে যায়, সেবার মানও অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়। রোগীদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, ভালোভাবে চিকিৎসা পেতে হলে প্রাইভেটেই যেতে হবে। এই ধারণা যদি সত্যিই প্রতিষ্ঠিত হয়ে যায়,তবে সরকারি স্বাস্থ্যব্যবস্থার উদ্দেশ্যই বা কী? এখানে মূল সংকটটি নীতিগত। চিকিৎসা ফি নির্ধারণে স্বচ্ছ ও বাস্তবভিত্তিক নীতিমালা নেই, সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবার মধ্যে সমন্বয় নেই, এবং জবাবদিহিতার ঘাটতি প্রকট। স্বাস্থ্য খাতকে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অবহেলার জায়গা হিসেবে দেখার ফল আজ জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছে। চিকিৎসা কোনো বিলাসিতা নয়। এটি মৌলিক মানবাধিকার। তাই এই খাতে শৃঙ্খলা ফেরানো জরুরি। চিকিৎসা ফি নির্ধারণে একটি যৌক্তিক সীমা, সরকারি হাসপাতালের অবকাঠামো ও সেবার মান উন্নয়ন, সরকারি চিকিৎসকদের দায়িত্ব ও প্রাইভেট প্র্যাকটিসের স্পষ্ট নীতিমালা। এসব বিষয়ে রাষ্ট্রকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।\r\nনা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। গরিব মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হবে, মধ্যবিত্ত ধীরে ধীরে নিঃস্ব হবে, আর স্বাস্থ্যব্যবস্থা মানুষের আস্থার জায়গা হারাবে। প্রশ্নটা তাই শুধু চিকিৎসা ফি নয়। প্রশ্নটা মানবিক রাষ্ট্রব্যবস্থারও। \r\nগরিব শাহ সড়ক, যশোর থেকে