বাংলাদেশকে প্রতিহিংসার রাজনীতি থেকে বের করে আনার কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন হিংসা, প্রতিরোধ ও প্রতিহিংসার রাজনীতির পরিণতি আমরা দেখেছি ২০২৪ সালের ৫ আগস্ট। সেই পরিস্থিতিতে আর যেন ফিরে যেতে না হয়। রাজনৈতিক মতবিভেদ জাতিকে যেন বিভক্ত করার পর্যায়ে নিয়ে না যায়, সেটি মনে রাখতে হবে সবাইকে।

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর শনিবার রাজধানীর একটি হোটেলে তারেক রহমান প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি আরও বলেন, ‘বিএনপি হিংসা, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশকে সঠিক পথে নিয়ে যেতে চায়। সে ক্ষেত্রে আগের অবস্থায় ফেরার আরও কোনো উপায় নেই।’ সব রাজনৈতিক পক্ষকে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন ‘সমালোচনা প্রয়োজন। কিন্তু শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়। এমন আলোচনা চাই যা দেশের সমস্যা সমাধানে সাহায্য করে’।

এ সময় দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পদকেরা স্মরণ করিয়ে দেন যে রাষ্ট্রের প্রকৃত গণতন্ত্রের রূপান্তর চাইলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। উল্লেখ্য, তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশের সংবাদপত্রের স্বাধীনতা অনেকটাই যেন সোনার পাথর-বাটি। যখন যে সরকারই আসুক না কেন সেই স্বাধীন সংবাদপত্রের কথা বলে, বাস্তবে ঘটে উল্টোটা। এর প্রধান কারণ সরকারের অসহিষ্ণু মনোভাব এবং ভিন্নমতের প্রতি অসহনশীলতা। অধিকাংশ জনতুষ্টিবাদী সরকার যে কারণে সংবাদপত্রের স্বাধীনতা মেনে নিতে কুন্ঠাবোধ করেন। স্বাধীন বাংলাদেশেও এর ব্যতিক্রম লক্ষ করা যায় না। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে আওয়ামী বাকশাল আমলে সংবাদপত্রের কণ্ঠরোধ করে মাত্র ৪টি সরকারি সংবাদপত্র ছাড়া অন্যসব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। বিভিন্ন সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা, সরকারি বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, সাংবাদিকের হেনস্থা ও নিগ্রহ, জেল-জুলুম, সংবাদপত্র অফিসে হামলা, সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা, পত্রিকা অফিসে হামলা করে ভাংচুর। অগ্নিসংযোগ এমনকি পত্রিকা অফিসে পুলিশি অভিযান চালিয়ে সম্পাদককে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানের পরেও সংবাদপত্রের ওপর দমন-পীড়ন থেমে থাকেনি। দেশ ও জাতি এই অবস্থার জরুরি অবসান চায়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সরকারের আমলে এহেন দুরবস্থার অবসান হবে বলে প্রত্যাশা। এর পাশাপাশি গণতান্ত্রিক রাজনীতির জন্য গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই। সংবাদপত্রকে গণতান্ত্রিক রাষ্ট্রে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। রাষ্ট্রের অপর তিনটি স্তম্ভ হলোÑ জাতীয় সংসদ, প্রশাসন ও বিচার বিভাগ। রাষ্ট্রের কোনো স্তম্ভই পরস্পরের প্রতিপক্ষ নয়, বরং পরিপূরক। সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশাও। সত্য, সেবা, সাংবাদিকতা- এই তিন এক সূত্রে গাঁথা। সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সত্য উদ্ঘাটন ও সত্যের বিকাশ ঘটানো। একজন সাংবাদিক আত্মসচেতনতার মাধ্যমে পেশার দায়িত্ব ও নির্দেশনা মেনে চললে দেশের সেবা ও মানবসেবা নিশ্চিত হয়। সব বিবেচনা করে আগামীতে নির্বাচিত সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করবে বলেই প্রত্যাশা।