নির্বাচন যত ঘনিয়ে আসছে, তা বানচালে দেশি-বিদেশি চক্রান্ত ততই দৃশ্যমান হচ্ছে। ষড়যন্ত্রকারীরা খুবই তৎপর হয়ে উঠেছে। ‘নির্বাচন হবে না’ এ কথা প্রচার করে মানুষের মধ্যে সংশয় জাগিয়ে দিচ্ছে। পরিচিতজনদের সাথে দেখা হলে, জিজ্ঞেস করেন, নির্বাচন কি হবে? যদি বলি হবে, তখন বলেন, মনে হচ্ছে, হবে না। কারণ কি, প্রশ্ন করলে বলেন, দেখেন না, চারদিকে যা হচ্ছে! একের পর এক নানা অঘটন ঘটছে। অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। এই পরিবেশে নির্বাচন কীভাবে হবে? দেশের অবস্থা খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। জবাবে বলি, নির্বাচন হবে। দেশটার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন না হলে, কী হবে, একবার ভেবে দেখুন। নির্বাচন নিয়ে সংশয়ে থাকারা সদা সংশয়ে থাকবে। তবে, এই সংশয়বাদী কারা, তা বুঝতে হবে।

এদের অধিকাংশই আওয়ামী লীগ সাপোর্টার, যারা মনেপ্রাণে চায়, নির্বাচন না হোক। কারণ, তাদের সমর্থিত দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না এবং নির্বাচন হলে ভবিষ্যত রাজনীতিতে দলটি অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। আবার নির্বাচন নিয়ে সংশয়বাদীদের মধ্যে, ক্ষমতা উপভোগকারি একটি ইসলামী দলের সমর্থকও রয়েছে। বলা বাহুল্য, গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই দেশ যাতে গণতান্ত্রিক ধারায় ফিরতে না পারে, অস্থিতিশীল থাকে, এই অপতৎপরতা চলছে। এর জন্য অন্তর্বর্তী সরকার দায়ী। রাজনৈতিক দলসহ জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে দায়িত্ব দিলেও সরকার কি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে? সে কি দেশ চালানোর একক নিয়ন্ত্রণ নিতে পেরেছে? পারেনি। সে শুরুতে ছাত্রদের কথায় উঠাবসা করতো। তারা যা বলত, তাই করতো। যেন তাদের কথার বাইরে যাওয়া যাবে না। অন্যদিকে, গণঅভ্যুত্থানের পরপরই জামায়াতে ইসলামী প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, পাবলিক বিশ্ববিদ্যালয়, মাদরাসাসহ গুরুত্বপূর্ণ সব খাতে তার অনুসারিদের বসিয়ে সরকারের ওপর আধিপত্য বিস্তার করে। বলা হয়ে থাকে, স্বাধীনতার পর দলটি এমনভাবে ক্ষমতা উপভোগ করতে পারেনি। ফলে নির্বাচনের প্রতি তার আগ্রহ কম থাকা স্বাভাবিক। নির্বাচন হলে তার এই আধিপত্য বা প্রচ্ছন্ন ক্ষমতা থাকবে না। নির্বাচন ছাড়াই যদি ক্ষমতা উপভোগ করা যায়, তাহলে দলটি কেন নির্বাচন চাইবে?

দুই. বহু চড়াই-উতড়াই পেরিয়ে গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগে থেকেই অনুমান করা হচ্ছিল, তফসিল ঘোষণার পর ষড়যন্ত্রকারীরা নির্বাচন বানচালে মরিয়া হয়ে উঠবে। নানা অঘটন ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। ষড়যন্ত্রকারিদের এই মরিয়া হয়ে ওঠার তৎপরতা শুরু হয়, তফশিল ঘোষণার পরদিন ১৩ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করার মধ্য দিয়ে। গুরুতর আহত হাদিকে বিদেশে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে তিনি শাহাদাতবরণ করেছেন। তাকে হত্যা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা। হত্যাকারী চিহ্নিত হলেও সরকার তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। হত্যার পরপরই বলা হয়, সে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে।

সর্বশেষ সরকার জানিয়েছে, সে কোথায় আছে, তা জানে না। সিঙ্গাপুরে চিকিৎসারত হাদির শাহাদাতবরণের খবরে গোটা দেশ শোকে-ক্ষোভে উত্তাল হয়ে ওঠে। দুঃখজনক বিষয় হচ্ছে, হাদির শাহাদাতবরণকে কেন্দ্র করে একদল লোক দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কেন কী কারণে এমন তা-ব চালানো হলো, তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী গত মঙ্গলবার পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে হয়ত জানা যাবে, তাদের পেছনে কারা রয়েছে, কেন হামলা চালিয়েছে জানা যেতে পারে। গণমাধ্যমের ওপর এমন হামলায় পুরো সাংবাদিক সমাজ প্রতিবাদমুখর হয়েছে। আন্তর্জাতিক মিডিয়ায় এ ঘটনা ফলাও করে প্রচার হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বক্তব্য-বিবৃতি দিয়েছে। এতে দেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

এ ঘটনার মধ্য দিয়ে উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে, এমন এক ভুলবার্তা আন্তর্জাতিক অঙ্গণে গেছে। বুঝতে অসুবিধা হয় না, হাদির জন্য শোক করা মানুষের মিছিলে ঘাপটি মেরে থাকা দুর্বৃত্তরা পরিবেশকে উত্তপ্ত করে অস্থিতিশীল করে তোলার জন্য এ কাজ করেছে। যারা ‘ঘোলা পানিতে মাছ শিকার’-এর মতো হাদি ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, এ কাজ তারাই করেছে। হাদির জন্য মানুষের আবেগকে পুঁজি করে ধ্বংসাত্মক কাজ করেছে। এক্ষেত্রে সরকার চরম উদাসীনতার পরিচয় দিয়েছে। হাদির শাহাদাতবরণকে কেন্দ্র করে যে, ষড়যন্ত্রকারিরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এ অনুমান একজন সচেতন মানুষও বুঝতে পারছিল। গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চয়ই এ ধরনের ঘটনা ঘটতে পারে, এমন তথ্য সরকারকে দিয়েছে। প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূস হাদির মৃত্যুর পরপরই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর এই আহ্বানের অর্থ হচ্ছে, হাদির মৃত্যুতে মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। সঙ্গতকারণেই প্রশ্ন ওঠে, উত্তেজনা প্রশমনে কী পদক্ষেপ নেয়া যায়, সেই পদক্ষেপ কি সরকার নিয়েছিল? নেয়নি। যদি নিত, তাহলে দুটি সংবাদপত্রে দুর্বৃত্তরা হামলা চালাতে পারত না। প্রধান উপদেষ্টা যদি তাঁর ভাষণে বলতেন, হাদির মৃত্যুর শোককে আমাদেরকে ঐক্যের শক্তিতে পরিণত করতে হবে, সকলকে শৃঙ্খলা বজায় রাখতে হবে, বিশৃঙ্খল করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, তাহলে এ ধরনের ঘটনা ঘটত না। দুটি পত্রিকায় সন্ত্রাসীরা হামলা চালাতে পারত না। এ ঘটনায় সরকারের আচরণ হয়েছে, রোগী মারা যাওয়ার পর, ডাক্তার আসা’র মতো।

শুধু পত্রিকা অফিসই নয়, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। প্রশ্ন হচ্ছে, হাদির মৃত্যুশোকে যেখানে মানুষ নীরব হয়ে গেছে, সেখানে কারা তার মৃত্যুকে পুঁজি করে এসব অপকর্ম করেছে? এসব অপকর্ম করে কারা আন্তর্জাতিক মহলে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করেছে? এরা তারাই যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে আছে। এরা ভারতের পারপাস সার্ভ করছে। কারণ, ভারত কখনোই চায় না, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল হোক। আওয়ামী লীগের পতনের পর থেকে ফ্যাসিস্টি শেখ হাসিনাসহ তার নেতাকর্মীদের ভারত কোলে রেখে নির্বাচন ইস্যুতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আসছে। অথচ এই ভারতই হাসিনার সময় ভোটারবিহীন, রাতের ভোট ও আমি-ডামির নির্বাচনের সময় বলেছে, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। তখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা ভুলেও বলেনি। কাজেই, যেখানে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ছুড়ে ফেলেছে এবং তাকে বাদ দিয়েই নির্বাচন করতে যাচ্ছে, সেটা ভারতের সহ্য হচ্ছে না। কারণ, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে, তার আধিপত্যবাদ বলে কিছু থাকবে না। ফলে সে বাংলাদেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে এবং ঘাপটি মেরে থাকা তার এদেশীয় দোসর এবং সন্ত্রাসীদের দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করে নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করে তুলবে, এটাই স্বাভাবিক। আবার যারা ভারতবিরোধিতার নামে বিভিন্ন ইস্যু তৈরি করে নির্বাচন চাচ্ছে না, কৌশলে তাদেরও ভারত ইন্ধন দেবে।

তিন. ফ্যাসিস্ট শেখ হাসিনা বরাবরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভয় পেতেন। কারণ, তারেক রহমান দেশে আসলে তার দীর্ঘ দেড় দশক ধরে দেশ শাসন করতে পারতেন না। এজন্য তারেক রহমানকে একের পর এক মামলা ও শাস্তি দিয়ে এবং কুৎসা রটিয়ে তাকে দেশে ফিরতে দেননি। তার পতনের পর যখন তারেক রহমানের দেশে ফেরা সময়ের ব্যাপারমাত্র হয়ে দাঁড়ায়, তখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে যেসব দল ক্ষমতায় যাওয়ার খোয়াব দেখা শুরু করে, তারাও প্রকারন্তরে তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন, তাদের মধ্যে এমন প্রবণতা দেখা দেয়। কারণ, তারেক রহমান দেশে আসলে তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ম্লান হয়ে যাবে। প্রচ্ছন্ন ক্ষমতা উপভোগের দিনও শেষ হয়ে যাবে।

ফলে তফশিল ঘোষণার পর নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করে তার দেশে ফেরার বিষয়টিকে ঠেকানোর পাঁয়তারা করে। অন্যদিকে, আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতের স্বপ্ন এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে কিছুটা হলেও ছেড় পড়ে। অর্থাৎ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যৌথ বাধা পরিলক্ষিত হয়। তবে সকল বাধা পেরিয়ে তারেক রহমান জাতীয় নেতা হয়ে দেশে ফিরেছেন। ষড়যন্ত্রকারিদের ষড়যন্ত্রে আপাতত স্তিমিত করতে পেরেছেন। তারেক রহমান দেশে আসায় পুরো পরিস্থিতি বদলে গেছে। জনগণ তাকে বিএনপির নয়, দেশের কা-ারি হিসেবে বরণ করে নিয়েছে। আগামীর বাংলাদেশের নিরাপত্তা, স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রের উত্তরণ ও ভারতীয় আধিপত্যবাদের অবসান তার নেতৃত্বে সম্ভব বলে তারা মনে করে। তারা তার হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে ইচ্ছুক।

তার প্রাজ্ঞ, বিজ্ঞ ও দূরদর্শী চিন্তা দেশকে আলোর পথ দেখাবে, তাদের এই আস্থা তার উপর রয়েছে। বলার অপেক্ষা রাখে না, তারেক রহমান দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে প্রবাসে বসে দেশের জন্যই কাজ করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দল ও দেশের মানুষকে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। শত নীপিড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা-মামলা, জেল-জুলুমের শিকার নেতাকর্মীদের তিনি ঐক্যবদ্ধ রেখেছেন। তারা তার প্রেরণাদায়ক নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে। জীবনবাজি রেখে ভারত সমর্থিত হাসিনার ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়ে গেছে। কোনো আপোস করেনি। তাদের এই দীর্ঘ সংগ্রামের ফলাফল এসেছে ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। বিএনপির এই আন্দোলন-সংগ্রাম কোনো লুকোছাপা ছিল না। ছিল সম্মুখ যুদ্ধ। এখন কোনো কোনো রাজনৈতিক দল, যাদের হাসিনা রেজিমে আন্দোলন-সংগ্রাম করতে দেখা যায়নি, নীরব হয়ে থাকাকে কৌশল হিসেবে জাহির করে, তাদের মধ্যে এখন এমন প্রবণতা দেখা যায়, যে গণঅভ্যুত্থান তাদের অর্জন। নিজেদেরকে দেশের হর্তাকর্তা মনে করছে। তাদের আচার-আচরণে নির্বাচনের প্রতি অনীহা ভাব রয়েছে। নির্বাচন বানচাল হয়ে গেলে তাদের চেয়ে বেশি খুশি আর কেউ হবে না।

চার. ওসমান হাদির শাহাদাতবরণকে কেন্দ্র করে একটি গোষ্ঠীকে নির্বাচন বানচাল করতে ‘বিপ্লবী সরকার’ গঠনের শ্লোগান তুলেছে। ফ্রান্স ও যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ইউটিউবার বহু আগে থেকেই এ সরকার গঠনের পক্ষে কথা বলে আসছে। তারা বিপ্লবী সরকারের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চালিয়ে আসছে। অন্তর্বর্তী সরকার কেন বিপ্লবী সরকার হয়ে উঠতে পারল না, এ নিয়ে কিছু ইউটিউবারের ক্ষোভের শেষ নেই। সরকারকে অর্থব বলাসহ নানাভাবে সমালোচনা করে আসছে। এই দুই ইউটিউবারের পেছনে যে নির্বাচন বানচালের দেশি-বিদেশি ষড়যন্ত্রকারিরা রয়েছে, তা এখন সাধারণ মানুষ বুঝতে পারছে। ভয়ংকর বিষয় হচ্ছে, তারা তাদের অনুসারি কিছু উগ্র গোষ্ঠীকে ভাঙচুর ও একে-ওকে আক্রমণ করার জন্য উস্কে দিচ্ছে।

তারা দেশে এমন একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে যাতে, নির্বাচন বানচাল হয়ে তাদের এবং তাদের ইন্ধনদাতাদের কাক্সিক্ষত সরকার গঠিত হয়। তারা ভারতবিরোধিতার সাইনবোর্ড ঝুলিয়ে প্রকারন্তরে ভারতের পারপাস সার্ভ করছে। এতে কার লাভ, তা বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। তারা এখন বিএনপিকে প্রধান শত্রু মনে করছে। এজন্য বিএনপির প্রতিনিয়ত বিএনপির পি-ি চটকে যাচ্ছে। কারণ, তারা জানে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এতে বিপ্লবী সরকার গঠনে তাদের আশায় গুড়ে বালি পড়বে। ফলে তারা এখন বিএনপির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। শুধু তাই নয়, সেনাপ্রধানের বিরুদ্ধেও বিষোদগার করছে। আশার কথা, দেশের মানুষ তাদের এবং তাদের ইন্ধন দেয়া ষড়যন্ত্রকারিদের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরেছে। এখন তারা তারস্বরে চিৎকার করেও কোনো ফায়দা হাসিল করতে পারছে না। তবে নির্বাচন পর্যন্ত যে তাদের এ ষড়যন্ত্র অব্যাহত থাকবে এবং দেশে নানা অঘটন ও বিশৃঙ্খলা তৈরি করবে, এটা বুঝতে অসুবিধা হয় না। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে যেমন দৃঢ় হতে হবে, তেমনি দায়িত্বশীল দল হিসেবে বিএনপিকেও সচেতন থাকতে হবে।

darpan,journalist@gmail.com