বাংলাদেশে সংস্কারের কথা বলতে বলতে প্রায় তিন দশক পার হয়ে গেছে। সরকারের প্রতিশ্রুতি, বাজেট ও উন্নয়ন সহযোগীদের প্রতিবেদনে সংস্কারের কথা থাকে। অথচ বাস্তব পরিবর্তন আসে খুব ধীরে, অনেক ক্ষেত্রে আসেই না। প্রশ্ন হলো, আমরা যদি জানিই কী করতে হবে, তবে করি না কেন?
আমার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতায় মনে হয়েছে, বাংলাদেশের সংস্কার সংকট জ্ঞানের নয়। এটি রাজনৈতিক সদিচ্ছা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্বার্থের সংঘাতের সংকট। সমস্যার সমাধান আমাদের জানা, কিন্তু তা বাস্তবায়নে যাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, তাদের মোকাবেলার রাজনৈতিক ও প্রশাসনিক সাহস দেখাতে পারি না।
প্রথম বাধা স্বার্থের রাজনীতি। ব্যাংক খাতের খেলাপি ঋণ, ঋণ অনুমোদনে অনিয়ম, সংশ্লিষ্ট পক্ষকে ঋণ দেওয়া, পরিচালনা পর্ষদে মালিকদের অযাচিত প্রভাব এবং নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা নতুন নয়। বাংলাদেশ ব্যাংকের তদারকি ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা বাড়ানোর প্রয়োজনীয়তাও দীর্ঘদিনের আলোচিত বিষয়। বিশ্বব্যাংকের ২০২৬ সালের অক্টোবরের মূল্যায়ন অনুযায়ী, জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ৩৩.২ শতাংশ, যা গত বছরের ডিসেম্বরের ৩০.৬ শতাংশের চেয়ে বেশি। এত বড় সংকটের পরও দায়ী ঋণগ্রহীতা, প্রভাবশালী মালিক ও দুর্বল তদারকির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আমরা কতটা প্রস্তুত?
ব্যাংক অর্থায়নের পাশাপাশি প্রভাব বিস্তারের মাধ্যম হওয়ায় ঋণশৃঙ্খলা প্রতিষ্ঠায় শক্তিশালী স্বার্থগোষ্ঠীর বিরোধিতার মুখে পড়তে হয়। রাজস্ব খাতেও একই প্রবণতা। বিশ্বব্যাংকের হিসাবে, বাংলাদেশের রাজস্ব আহরণ জিডিপির মাত্র ৮.৩ শতাংশ। করের আওতা বাড়ানো ও কর অব্যাহতি পর্যালোচনার কথা বলা হলেও প্রভাবশালী গোষ্ঠীকে করের আওতায় আনা বা কর প্রশাসনের অস্বচ্ছতা দূর করতে গেলেই প্রতিরোধ তৈরি হয়। শেষ পর্যন্ত নতুন করদাতা খোঁজার বদলে বিদ্যমান করদাতার ওপর চাপ বাড়ে। এটি সংস্কার নয়, সহজ পথ বেছে নেওয়া।
দ্বিতীয় বাধা আমলাতান্ত্রিক জড়তা ও জবাবদিহির অভাব। প্রশাসনে নিয়ম ও প্রক্রিয়া আছে, কিন্তু নাগরিকের কাছে সময়মতো সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা সর্বত্র প্রতিষ্ঠিত হয়নি। ফাইলের দীর্ঘ যাত্রা, অপ্রয়োজনীয় অনুমোদন ও সিদ্ধান্তহীনতা নাগরিক এবং উদ্যোক্তাদের হয়রানি করে। এতে বিনিয়োগকারীর আস্থা ও কর্মপরিবেশ দুটিই ক্ষতিগ্রস্ত হয়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ডিজিটাল সেবা এই নির্ভরশীলতা কমাতে পারে। কিন্তু এতে কর্মকর্তাদের বিবেচনামূলক ক্ষমতা কমবে, জবাবদিহি বাড়বে—এই আশঙ্কাই পরিবর্তনের পথে বাধা হয়।
১৯৯৯ সালে জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে দেখেছি, ভালো সুপারিশের অভাব ছিল না। সমস্যা ছিল বাস্তবায়নের ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক মালিকানার অভাব। ঝুঁকি এড়িয়ে চলা, সিদ্ধান্ত না নেওয়া এবং দায়িত্ব অন্যের ওপর ঠেলে দেওয়ার সংস্কৃতি না বদলালে নতুন আইন বা কমিশন করেও ফল পাওয়া যাবে না।
তৃতীয় বাধা স্বল্পমেয়াদি রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তা। রাজনৈতিক নেতৃত্ব দ্রুত দৃশ্যমান সাফল্য চায়, ব্যবসায়ী চান তাত্ক্ষণিক মুনাফা, প্রশাসন চায় বিতর্ক এড়াতে। অথচ শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং ও রাজস্ব সংস্কারের সুফল পেতে সময় লাগে। নীতির ধারাবাহিকতা ছাড়া বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ে না। ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের তুলনা শিক্ষণীয়। বিশ্বব্যাংকের ২০২৫ সালের হিসাবে, বর্তমান মার্কিন ডলারে ভিয়েতনামের মাথাপিছু জিডিপি প্রায় পাঁচ হাজার ৬৬ ডলার, বাংলাদেশের দুই হাজার ৫৯৭ ডলার। এই ব্যবধানের পেছনে দীর্ঘমেয়াদি শিল্পনীতি, রপ্তানি সক্ষমতা, বিনিয়োগ আকর্ষণ ও নীতির ধারাবাহিকতারও ভূমিকা রয়েছে। উন্নয়নের জন্য পরিকল্পনার পাশাপাশি তা বাস্তবায়নের ধারাবাহিকতা জরুরি।
চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে উদ্বেগজনক বাধা জন-আস্থার সংকট। মানুষ যদি মনে করে ব্যাংকে আমানত নিরাপদ নয়, করের অর্থের যথাযথ ব্যবহার হয় না, সরকারি সেবা পেতে ঘুষ দিতে হয় কিংবা নিয়ম মেনে ব্যবসা করেও প্রতিযোগিতায় টেকা যায় না, তাহলে রাষ্ট্রের প্রতি আস্থা দুর্বল হবে। আস্থা ছাড়া সংস্কার কাগজেই থাকে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর পরিবর্তনের প্রত্যাশা বাড়লেও অর্থনৈতিক অনিশ্চয়তা ও দৃশ্যমান ফলের অভাব সেই আশাকে দুর্বল করতে পারে। বিশ্বব্যাংকের ২০২৬ সালের অক্টোবরের মূল্যায়নেও প্রবৃদ্ধির মন্থরতা, দুর্বল বিনিয়োগ, ব্যাংক খাতের ঝুঁকি ও রাজস্ব আহরণের সীমাবদ্ধতা উঠে এসেছে। সংস্কার বিলম্বের মূল্য তাই শুধু ভবিষ্যতের ঝুঁকি নয়, বর্তমান প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও জীবনযাত্রার ওপরও এর প্রভাব পড়ছে।
তাহলে করণীয় কী? প্রথমত, সংস্কারকে কোনো সরকারের নিজস্ব কর্মসূচি না বানিয়ে জাতীয় অগ্রাধিকারে পরিণত করতে হবে। ব্যাংক খাতের শৃঙ্খলা, রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন, বিচারব্যবস্থার দক্ষতা ও জনপ্রশাসনের জবাবদিহির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐকমত্য প্রয়োজন। সরকার পরিবর্তন হলেও মৌলিক সংস্কারের ধারাবাহিকতা যেন নষ্ট না হয়।
দ্বিতীয়ত, জবাবদিহিকে ফলাফলের সঙ্গে যুক্ত করতে হবে। সরকারি দপ্তরের সেবার সময়সীমা, ব্যয় ও মান প্রকাশ করতে হবে। কর্মকর্তাদের মূল্যায়নে নাগরিকের অভিজ্ঞতা ও লক্ষ্য অর্জনকে গুরুত্ব দিতে হবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার জবাবদিহিও নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, সংস্কারকে শাস্তিমূলক নয়, আস্থাভিত্তিক করতে হবে। নিয়ম মেনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া কর্মকর্তাকে সুরক্ষা, সৎ করদাতাকে হয়রানি থেকে মুক্তি এবং উদ্যোক্তাকে নীতির স্থিতিশীলতা দিতে হবে। একই সঙ্গে অনিয়মের ক্ষেত্রে দল, পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইন প্রয়োগ করতে হবে।
সংস্কার কঠিন। কারণ এতে ক্ষমতা, সুবিধা ও প্রতিষ্ঠিত অভ্যাস বদলাতে হয়। কিন্তু সংস্কার না করার মূল্য আরো বেশি। দুর্বল ব্যাংক, সীমিত রাজস্ব, মন্থর বিনিয়োগ, কর্মসংস্থানের সংকট ও কমতে থাকা জন-আস্থার বোঝা শেষ পর্যন্ত বহন করে সাধারণ মানুষ। তাই প্রশ্ন আর সংস্কার প্রয়োজন কি না, তা নয়। প্রশ্ন হলো, আমরা কি স্বল্পমেয়াদি স্বার্থের ঊর্ধ্বে উঠে দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে পারব? রাজনৈতিক সাহস ও দায়বদ্ধতা তৈরি করতে না পারলে আরো ১০ বছর পরও হয়তো আমরা একই সমস্যার তালিকা তৈরি করব, একই প্রতিশ্রুতি দেব এবং একই ব্যর্থতার ব্যাখ্যা খুঁজব।
লেখক : অর্থনীতি বিশ্লেষক
