বাংলাদেশে কথায় কথায় সিঙ্গাপুরের উদাহরণ টানা যেন প্রথায় পরিণত হয়েছে। নীতিনির্ধারণ, সংস্কার, বিনিয়োগ– যে কোনো আলোচনায় শেষ পর্যন্ত ‘আমরা সিঙ্গাপুর হবো’ বুলিতে গিয়ে দাঁড়ায়। যেমন গত মাসে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘বঙ্গোপসাগরের পূর্ণ ব্যবহার করতে পারলে বাংলাদেশ সিঙ্গাপুর হবে।’ তার আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রধান ঘোষণা দিয়েছেন– ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ আঞ্চলিক উৎপাদন হাবে পরিণত হবে এবং ‘সিঙ্গাপুরের মতো দেশ’ হয়ে উঠবে।
যারা কথায় কথায় সিঙ্গাপুরের উদাহরণ দেন, তারা কমই বলেন– সিঙ্গাপুরকে সিঙ্গাপুর বানিয়েছে ঠিক কোন ধারণাগুলো। তারা বলেন না, লি কুয়ানসহ পরবর্তী সব নেতা ধারাবাহিকভাবে মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামোগত উৎকর্ষ এবং ব্যবসাবান্ধব সুশাসনের ভিত্তিতে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে গেছেন। তারা বলতে ভুলে যান, কেবল ভবন, বন্দর বা মেট্রো নয়; সিঙ্গাপুরকে সিঙ্গাপুর বানিয়েছে পূর্ণাঙ্গ রাষ্ট্রদর্শন। অন্যদিকে বাংলাদেশের বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। এখানে দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, অনিশ্চয়তা, অপর্যাপ্ত অবকাঠামো, যানজটসহ রাষ্ট্রের মৌলিক সব কিছুতেই ঘাটতি রয়েছে।
সিঙ্গাপুর যে একটি জেলেপল্লি থেকে রাষ্ট্রে পরিণত হয়েছে, তার পেছনে আছে বহুস্তরীয় ‘সমন্বিত উন্নয়ন মডেল’। সেখানে শিক্ষা, প্রশাসন, আইনশৃঙ্খলা, মূল্যবোধ, স্বাস্থ্য, প্রযুক্তি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, বহুত্ববাদ ও বৈচিত্র্যপূর্ণ সমাজ ব্যবস্থা এবং তরুণদের প্রতি আস্থা একসঙ্গে কাজ করেছে।
সিঙ্গাপুর দেখিয়েছে– দেশ গড়া ভাগ্যের বিষয় নয়; সচেতন সিদ্ধান্তের ফল। তারা নিজের মানুষকে শক্তি হিসেবে দেখেছে এবং চলার পথ নিজেরা বেছে নিয়েছে। ফলে সিঙ্গাপুরের স্কাইলাইন, মেরিনা বে অথবা উজ্জ্বল অবকাঠামো কেবল উন্নয়নের শেষ স্তর, যার শুরুটা হয়েছিল নাগরিকদের ভেতরে।
তাদের উন্নয়নের প্রথম স্তম্ভ শিক্ষা। সিঙ্গাপুর মনে করে, শিক্ষা বোঝা নয়; বরং এটি মানুষের ওপরে ওঠার শক্তি। সেখানে প্রত্যেক শিশুকে এমন পরিবেশে রাখা হয়, যেখানে সে নিজের ক্ষমতা, আগ্রহ ও সম্ভাবনা আবিষ্কার করতে পারে। পরীক্ষার চাপ কমানো, শেখাকে জীবন দক্ষতার সঙ্গে যুক্ত করা এবং সম্পদশালী পরিবারের প্রতিযোগিতামূলক ‘হটহাউসিং’ ঠেকানো তাদের নীতি।
পরিবারের ভেতরেও তারা সামাজিক প্রতিযোগিতার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। সন্তানকে নিরাপত্তা, আস্থা ও মানসিক শক্তি দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে। প্রতিযোগিতা কারও বিরুদ্ধে নয়; বরং নিজের উন্নত সংস্করণ তৈরির জন্য নিজের সঙ্গে প্রতিযোগিতা শেখায় তারা।
তারা বিশ্বাস করে, সন্তানের সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস এবং শেখা মানে ভুলকে ভয় পাওয়া নয়। তাদের চোখে প্রতিযোগিতা অন্যকে হারানোর লড়াই নয়; বরং নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলা।
সিঙ্গাপুরের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তরুণদের ভূমিকা সবসময় গুরুত্ব পেয়েছে। রাষ্ট্র থেকে সবসময় তরুণদের আশ্বস্ত করা হচ্ছে: দেশ গড়ে উঠছে তোমাদের সামনে রেখে ও সঙ্গে নিয়ে। এটা শুধু কথার কথা নয়; দক্ষতা উন্নয়ন, গবেষণা, কর্মসংস্থান, প্রযুক্তির ব্যবহার নীতিতেই তরুণদের প্রাধান্য প্রতিফলিত হয়। সিঙ্গাপুরের নেতারা বলেন, ‘ভবিষ্যতের অধ্যায় লেখার দায়িত্ব তরুণদের’।
স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে সিঙ্গাপুর স্বীকার করে, নিয়ন্ত্রণ দিয়ে সব সমস্যার সমাধান হয় না। তাই চিকিৎসার অতিরিক্ত ব্যয় ঠেকাতে ফি-বেঞ্চমার্ক, নতুন অলাভজনক হাসপাতালের পরিকল্পনা এবং মৌলিক স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তাকে বহুমুখী কৌশলে সাজিয়েছে। এসব নিয়ে সংসদে খোলামেলা বিতর্ক হয়; বিরোধী দল সমালোচনা করে ও বিকল্প দেয়। কর্মসংস্থানেও তারা বাস্তববাদী। বিশ্বব্যাপী অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তরুণদের উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে রাষ্ট্র সরে না গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। নতুন দক্ষতার প্রশিক্ষণ, শিল্প-শিক্ষা সমন্বয়, ভবিষ্যতের চাকরিকেন্দ্রিক পরিকল্পনাকে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে।
সিঙ্গাপুর সুস্পষ্টভাবে বলে, উগ্রবাদ কখনও একমুখী নয়। ধর্মীয় উগ্রবাদ যেমন আছে, তেমনি সেখানে আছে নিও-নাজি মতাদর্শ, ইনসেল চিন্তাধারা। ‘ইনসেল চিন্তাধারা’ হলো হতাশা, নারীবিদ্বেষ ও অনলাইন-চরমপন্থার মিশ্রণে তৈরি বিপজ্জনক মনোভাব। এসব ক্ষেত্রে দমন নয়; বরং পুনর্বাসন, কাউন্সেলিং, মেন্টরশিপের সমন্বয়ে সমস্যার সমাধান খোঁজা হয়।
পরিচয়ের রাজনীতিতেও সিঙ্গাপুর পরিণত। তারা স্বীকার করে– জাতীয় পরিচয় শক্তিশালী হলেও মানুষের ধর্ম, ভাষা ও জাতিগত পরিচয়ও সমান গুরুত্বপূর্ণ। রাষ্ট্র কখনোই বহুমাত্রিক পরিচয় দমন করে না; বরং স্বীকৃতি দিয়ে সমাজকে স্থিতিশীল রাখতে ভূমিকা রাখে।
পররাষ্ট্রনীতিতেও সিঙ্গাপুর সবসময় বাস্তববাদী। বর্তমানে আমেরিকা-চীনের প্রতিদ্বন্দ্বিতাকে গুরুত্ব দিয়ে নিজেকে টিকিয়ে রাখতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছে তারা। একই সঙ্গে সুশাসন আরও সংহত করে ভবিষ্যতের প্রযুক্তিতে নেতৃত্বের প্রস্তুতি নিচ্ছে। বিশ্ব যত অস্থির হচ্ছে, তারা ততই নিজেদের ভিত শক্ত করছে।
সিঙ্গাপুরের গল্পটা মূলত মানুষের গল্প। একটি ছোট জাতি কীভাবে নিজের ভবিষ্যৎ নিজ হাতে গড়েছে, তার ইতিহাস। তারা দেখিয়েছে, রাষ্ট্র গঠন কাকতালীয় ঘটনা নয়। এটি সাহস, শৃঙ্খলা, সহমর্মিতা, জবাবদিহি এবং যৌথ সিদ্ধান্তের সমষ্টিতে হয়। বাংলাদেশের জন্যও নতুন এক অধ্যায় দরকার, যেখানে উন্নয়ন মানে শুধু প্রকল্প নয়; মানুষের শক্তি হবে। শুধু অবকাঠামো নয়; নীতি ও নৈতিকতার সর্বোচ্চ প্রদর্শন হবে। শুধু স্লোগান নয়; কাজ হবে।
সিঙ্গাপুর যেমন শুধু ভবন দিয়ে নয়, মানুষ দিয়ে তৈরি; তেমনি বাংলাদেশের মানুষই হবে আমাদের পরিবর্তনের সবচেয়ে বড় সম্ভাবনা ও শক্তি। কলাম লেখক হিসেবে আমার দীর্ঘকালের বিশ্বাস: ৫৬ হাজার বর্গমাইলে এত বিশাল জনগোষ্ঠী বিশ্বের আর কোথাও নেই। তাই বাংলাদেশের জন্য কোনো একক অনুসরণীয় মডেল নেই। আমাদের মডেল আমাদেরই তৈরি করতে হবে। পথটা কঠিন, কিন্তু এটাই উন্নয়নের একমাত্র টেকসই রাস্তা।
মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন
