নির্বাচনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব প্রকাশ করেছেন। এটি নিঃসন্দেহে ইতিবাচক। শেষ মুহূর্তে হলেও তারা কথা রেখেছেন। মন্ত্রী ও এমপি, জনপ্রতিনিধি এবং সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়া জরুরি। অর্থনৈতিক স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতির লাগাম টানার জন্য সম্পদের হিসাব একটা গুরুত্বপূর্ণ মাধ্যম।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার মাধ্যমে যে এই ধারা তৈরি হয়েছে, তা নির্বাচিত সরকারের জন্য অনুসরণীয়।
আমরা দেখেছি, ইতোমধ্যে যারা এবারের নির্বাচনে প্রার্থী; নির্বাচন কমিশনে প্রত্যেক প্রার্থী তাদের হলফনামা, নির্বাচনী ব্যয়, ব্যক্তিগত সম্পদের বিবরণী, আয়কর রিটার্ন জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেগুলো উন্মুক্ত। অর্থাৎ এর মাধ্যমে আমরা তাদের নির্বাচনপূর্ব অর্থনৈতিক অবস্থা যাচাই করতে পারছি। এর মধ্যে যারা নির্বাচিত হবেন তারা যদি প্রতিবছর নিজেদের সম্পদের হিসাব জনগণের কাছে দেন, তবে তাদের অবস্থা বোঝা সহজ হবে। জনগণের কাছে জবাবদিহির প্রক্রিয়া স্বচ্ছ হলে জনপ্রতিনিধিদের অবৈধ সম্পদ অর্জন রোধ, জনগণের আস্থা ধরে রাখা, ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ সহজ হবে।
এবারের নির্বাচনে উল্লখযোগ্য ঋণখেলাপি প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন। ইতোপূর্বে আমরা দেখেছি, ক্ষমতা পাওয়ার পর মন্ত্রী-এমপি অনেকেই ‘আঙুল ফুলে কলাগাছ’ হয়েছেন। তাদের অর্থনৈতিক জীবন স্বচ্ছ হলে এমনটা হওয়ার কথা নয়। জনপ্রতিনিধিরা যেহেতু জনগণের কাছে দায়বদ্ধ, তাদের নিয়মিত সম্পদ বিবরণী প্রকাশ করা সে জন্য গুরুত্বপূর্ণ। এতে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বজায় থাকবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের হিসাব বিবরণীতে গত অর্থবছর, অর্থাৎ গত বছরের ৩০ জুন পর্যন্ত সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও দেখা গেছে। আমরা জানি, চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে। বৈষম্য রোধের উপায় হিসেবেও ক্ষমতাবানদের সম্পদের হিসাব উন্মুক্ত রাখা জরুরি। সে জন্যই ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মধ্যেই ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪ জারি করে। নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত, তারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। সেখানে সম্পদের হিসাব দেওয়ার একটি ছকও ঠিক করে দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকার একই সঙ্গে দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের কথা বলেছে। এমনকি ২০২৪ সালের ৩০ নভেম্বরের মধ্যে তাদের সম্পদ দাখিল করার কথা থাকলেও তার বাস্তবায়ন হয়নি। দুঃখজনক হলেও সত্য, সরকার সেটি বাস্তবায়ন করতে পারেনি। তবে অন্তর্বর্তী সরকার অন্তত এ বিষয়টি সামনে এনেছে। বৃহস্পতিবারের নির্বাচনে যারা ক্ষমতায় আসবে, স্বাভাবিকভাবেই তাদের ওপর সেই দায়িত্ব বর্তায়। দুর্নীতি প্রতিরোধে সম্পদের হিসাব দেওয়া জরুরি। সম্প্রতি প্রকাশিত টিআইবির প্রতিবেদনেও এসেছে, বাংলাদেশে দুর্নীতি অন্তর্বর্তী সরকারের সময়েও অব্যাহত ছিল। এই দুর্নীতির বিরুদ্ধে এবারের নির্বাচনী প্রচারণায় দুটি দলই জোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। এই পদক্ষেপের গুরুত্বপূর্ণ একটি বিষয় হওয়া উচিত সম্পদের হিসাব প্রকাশ। যদিও আশঙ্কা থেকে যায়, জনপ্রতিনিধি কিংবা সরকারের কর্মকর্তা-কর্মচারীরা কতটা সঠিক হিসাব দেবেন। কারও কারও ক্ষেত্রে সম্পদ কমিয়ে দেখানোর প্রবণতা অস্বাভাবিক নয়। সে জন্য তাদের নজরদারি কিংবা বেতন-ভাতা বাড়ানো এবং নৈতিক শিক্ষা তথা জনগণের আমানতের গুরুত্বও বোঝানো দরকার। তবে সবার আগে সম্পদের হিসাব দেওয়া নিশ্চিত করতে হবে।
মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com
