মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য দৈনন্দিন খাদ্য হিসেবে আমরা যা গ্রহণ করি তাতে যে প্রশ্নটি অনিবার্য উঠে আসে তা হলো, কি খাচ্ছি আমরা? ধান-চালে কীটনাশক ও সিসা, ভেজাল সার, মোটা চাল মেশিনে ভেঙে পুষ্টিহীন সরু চাল, মাছে ফরমালিন, মাইক্রোপ্লাস্টিক, ফলমূলে কারবাইড, ইতোফেন জাতীয় রাসায়নিক, মাংসের মাধ্যমে ডাইক্লোফেনাক অ্যান্টিবায়োটিক, হরমোন ইনজেকশন যা দিয়ে গরু মোটাতাজা করা হয়, কৃত্রিম রং ইত্যাদি। রকমারি ভেজাল খাদ্যের মাধ্যমে নিত্যনতুন বিষ প্রবেশ করছে মানুষের শরীরে। এমনকি মসলা, পানি, ডিম, দুধ ইত্যাদিতেও ভেজাল। ফলে ভেজাল খাদ্য গ্রহণ করে নানারকম নিত্যনতুন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। যেমন-অ্যানথ্রাক্স, বার্ড ফ্লু ইত্যাদি।

এসবই উঠে এসেছে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম আয়োজিত কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক আন্তজাতিক সম্মেলন ও কর্মশালায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মৎস্য ও প্রানি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অনিয়ন্ত্রিত ও মানহীন পশু খাদ্য, অ্যান্টিবায়োটিক ও কীটনাশক ব্যবহারের ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট মারাত্মক আকার ধারণ করতে পারে। এসব ক্ষেত্রে এখনই কঠোর নিয়ন্ত্রণ জরুরি। \r\nপ্রধান খাদ্য ভাতের চাল, ডাল, সবজি, ফলমূল, প্যাকেটজাতসহ এহেন কোনো খাদ্যদ্রব্য নেই, যা ভেজাল বা মিশ্রণের অন্তর্ভুক্ত নয়। দেশের ব্যবসায়ীদের নৈতিক অবক্ষয় এর মূল কারণ। তারা অধিক মুনাফার লোভে মানুষের জীবন হুমকির মুখে ফেলতে একটুও ভাবে না।

ফরমালিনের ব্যবহার নাক ও শ্বাসনালির জ্বালাপোড়া ছাড়াও সর্দি, গলার ঘা, ষড়যন্ত্রের প্রদাহ, ব্রংকাইটিস ও নিউমোনিয়া রোগের জন্য দায়ী। শুঁটকিতে ব্যবহৃত হয় ডিডিটি, যা ৪৯টি দেশে নিষিদ্ধ হলেও দেশে এর যথেচ্ছ ব্যবহার হচ্ছে। এর ব্যবহারে বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন- স্তন ক্যান্সার, যকৃৎ ক্যান্সার, অগ্নাশয়ের ক্যান্সার হতে পারে। খাবারকে আকর্ষণীয় করে তুলতে খাবারে অতি মাত্রায় রঙের ব্যবহার তো রয়েছেই যা, টেক্সটাইল শিল্পে ব্যবহৃত রং খাদ্যে ব্যবহৃত হয়। মুড়ি সাদা করতে ব্যবহার করা হয় ইউরিয়া। একদল অসাধু ব্যবসায়ী খাদ্যদ্রব্য নকল উপাদানে তৈরি করে বিদেশি বিভিন্ন নামি-দামি কোম্পানির লেবেল লাগিয়েও বাজারজাত করে থাকে। \r\nএসব অনিয়ম দমন করতে সর্বাগ্রে ভোক্তাদের সচেতন হতে হবে। নিজের এবং পরিবারের জন্য যা কেনা হচ্ছে, সেটি কতটা নিরাপদ তা যাচাই-বাছাই করে নিতে হবে। বর্তমানে দেশে ভোক্তা অধিকার সংস্থা বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের সাহায্যে প্রায়ই অভিযান চালিয়ে দোকান, শপিং মল, রেস্টুরেন্ট ইত্যাদিতে ভেজাল পণ্যদ্রব্য জব্দ করছে। জরিমানাসহ শাস্তির ব্যবস্থাও করেছে। এসব উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক ফল বয়ে আনবে। তবে ভোক্তা নিজের অবস্থান থেকে সচেতন হলে এবং সরকার তার উদ্যোগে কঠোরতা অবলম্বন করলেই দেশে খাদ্যে ভেজাল বন্ধ হতে পারে।