রাজনীতিতে শিশুকে ব্যবহার একটি গভীর উদ্বেগজনক বিষয়। মিছিল-মিটিং, মানববন্ধন, দেয়াল লিখন, পোস্টার লাগানো থেকে শুরু করে কখনও কখনও সহিংস কর্মসূচিতেও শিশুর উপস্থিতি দেখা যায়। রাজনৈতিক দলগুলোর এই আচরণ শুধু নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ নয়, বরং এটি শিশু অধিকার, সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। শিশুকে রাজনৈতিক ব্যবহারে সবচেয়ে বড় ক্ষতি হয় তাদের শৈশব ও শিক্ষাজীবনে। শিশুর মৌলিক অধিকার হলো শিক্ষা, নিরাপদ পরিবেশ ও সুস্থ মানসিক বিকাশ। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তারা বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন হয়, পড়াশোনায় অনীহা তৈরি হয় এবং সহিংস ভাষা ও আচরণের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে। রাজনীতির মেরূকরণ ও প্রতিহিংসা শিশুর চিন্তাজগতে স্থায়ী ছাপ ফেলে, যা ভবিষ্যতে তাদের নাগরিক মূল্যবোধকে বিকৃত করতে পারে।
শিশু যখন দেখে রাজনৈতিক স্বার্থে সংঘর্ষ, হুমকি বা বলপ্রয়োগ গ্রহণযোগ্য, তখন তার কাছে সহিংসতা একটি ‘স্বাভাবিক’ উপায় হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর ফলে সমাজে সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চা দুর্বল হয়। আজ যে শিশু মিছিলে স্লোগান দিচ্ছে বা সংঘর্ষের সামনে দাঁড়িয়ে আছে, কাল সে নিজেই সহিংস রাজনীতির অংশ হয়ে উঠতে পারে। সম্প্রতি নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী আবদুল্লাহ আল আমিনের ওপর এক কিশোর চাপাতি দিয়ে হামলা চালায়। উপস্থিত কর্মীরা হামলাকারীকে আটক করার পরক্ষণেই চলে আসে কিশোর গ্যাং, যারা তাকে তৎক্ষণাৎ ছাড়িয়ে নেয়।
শিশুকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলো আইনের শাসনের প্রতি অবজ্ঞা প্রকাশ করা। বাংলাদেশের সংবিধান, শিশু আইন এবং জাতিসংঘের শিশু অধিকার সনদ–সবখানেই শিশুর সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। অথচ রাজনৈতিক দলগুলো ক্ষমতা বা প্রভাব বিস্তারের জন্য এই আইনগুলোকে কার্যত অগ্রাহ্য করে। এতে রাষ্ট্রের দায়িত্বশীলতা প্রশ্নের মুখে পড়ে এবং আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতাও সন্দেহের জন্ম দেয়। এতে শিশু সহিংসতাসহ নানা অধিকারবঞ্চনার শিকার হয়।
এর সামাজিক পরিণতিও দীর্ঘস্থায়ী। শিশু যখন দলীয় পরিচয়ের ভিত্তিতে বড় হতে শেখে, তখন সমাজ আরও বিভক্ত হয়ে পড়ে। রাজনৈতিক মতভিন্নতা ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কেও বিষ ঢেলে দেয়। ফলে ভবিষ্যতে একটি সহনশীল, বহুমতভিত্তিক সমাজ গড়ে তোলার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অনেক সময় দারিদ্র্য ও অসচেতনতার সুযোগ নিয়ে শিশুকে ব্যবহার করা হয়। দরিদ্র পরিবারগুলোর শিশুরা সামান্য টাকাপয়সা, খাবার বা আশ্বাসের বিনিময়ে রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত হয়। এটি এক ধরনের শোষণ, যেখানে শিশু কেবল ‘সহজলভ্য মানবসম্পদে’ পরিণত হয়। এই বাস্তবতা সামাজিক বৈষম্যকে আরও গভীর করে এবং দেশ ও জাতির ভবিষ্যৎ সংকটাপন্ন করে তোলে।
এ থেকে উত্তরণের জন্য কয়েকটি বিষয় জরুরি। প্রথমত, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি নৈতিক ঐকমত্য প্রয়োজন–শিশুকে রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে রাখাতে হবে। দ্বিতীয়ত, আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। তৃতীয়ত, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সচেতনতা বাড়াতে হবে, যেন তারা শিশুকে রাজনৈতিক ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। পাশাপাশি গণমাধ্যম ও নাগরিক সমাজকে নিয়মিতভাবে বিষয়টি তুলে ধরে জনমত গঠনে ভূমিকা রাখতে হবে।
সবশেষে বলা যায়, শিশুকে রাজনীতিতে ব্যবহার বন্ধ করার বিষয় রাষ্ট্র ও সমাজের ভবিষ্যতের সঙ্গে যুক্ত। আমরা যদি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করতে ব্যর্থ হই, তবে আগামী দিনে একটি সহিংস, অসহিষ্ণু ও বিভক্ত সমাজ এড়ানো সম্ভব হবে না। এতে রাষ্ট্র ও সমাজ বিষাক্ত হওয়ার কারণে চূড়ান্ত বিচারে রাজনৈতিক দলগুলোও ক্ষতিগ্রস্ত হবে। শিশুর শৈশব রক্ষা করা মানেই গণতন্ত্রের ভবিষ্যৎ রক্ষা করা–এই উপলব্ধিই হওয়া উচিত আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার।
ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল
