আজও পৃথিবীর অনেক কৃষিবিজ্ঞানীর কাছে বিস্ময়কর মনে হয়, বাংলাদেশের মতো ছোট একটা দেশ কীভাবে আলু উৎপাদনের দিক থেকে বিশ্বে সপ্তম স্থান অর্জন করে আসছে। ধানের পর আলু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ফসল। স্বাধীনতার পর হতে ধীরে ধীরে তিন মাসের ফসল আলুর আবাদ বেড়ে বর্তমান পর্যায়ে পৌঁছেছে। তবে প্রায় বাজার অস্থিরতা, সংরক্ষণ সীমাবদ্ধতা, ফসল উৎপাদনের পর কম বাজারমূল্যের কারণে কৃষকরা ক্ষতির মুখে পড়েন, যা এ ফসলের টেকসই উৎপাদনের জন্য বড় অন্তরায়।

২০২৫ সালে উৎপাদন প্রায় ১ দশমিক ১৫ কোটি টনে উঠেছিল, যেখানে অভ্যন্তরীণ চাহিদা ছিল প্রায় ৯০ লাখ টন। আবার ২০২৬ সালেও ৫ দশমিক ২১ লাখ হেক্টর জমিতে উৎপাদন প্রায় ১ দশমিক ১৭ কোটি টনের কাছাকাছি হয়েছে। ফলে পরপর গত দুই বছর আলুর সরবরাহ চাহিদার তুলনায় বেশি থেকেছে। হিমাগারের সংখ্যা ৩৬৫, ধারণক্ষমতা ৩৫ লাখ টন এবং কৃষকের বাড়িতে মজুদ থাকায় সরবরাহ চেইনে বড় উদ্বৃত্ত থেকে যাচ্ছে, ফলে অনেক কৃষক উৎপাদন খরচও তুলতে পারছেন না।

দেশে কোন অঞ্চলে কতটুকু জমিতে আলু চাষ হচ্ছে এবং দেশে মোট চাহিদা কত—তার সঠিক ও সময়োপযোগী তথ্যের অভাবে প্রায় কৃষক উদ্বৃত্ত আলু উৎপাদন করে, যার সুবিধা নেয় মধ্যস্বত্বভোগীরা

বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, সাধারণত আলু ফসল উত্তোলনের পর ২৫ শতাংশ হারে প্রায় ২৬ লাখ টন বিভিন্ন কারণে নষ্ট হয়ে থাকে। দেশে মানসম্পন্ন আনুষ্ঠানিক বীজ আলুর চাহিদা ৩ লাখ টন, বিএডিসি এবং বেসরকারি বীজ কোম্পানিগুলো আনুষ্ঠানিক বীজের মাধ্যমে চাহিদার মাত্র ১২ শতাংশ সরবরাহ করে, বাকি ৮৮ শতাংশ বীজের চাহিদা কৃষকের নিজস্ব বীজ দ্বারা পূরণ হয়ে থাকে। প্রতি কেজি আলু উৎপাদন খরচ প্রায় ১৬-২০ টাকা, কিন্তু গত দুই মৌসুমে উৎপাদন ভালো হওয়ায় কৃষক উৎপাদন খরচের অর্ধেক দামেও আলু বিক্রয় করতে না পেরে ধারাবাহিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কৃষকদের আলু ফসল আবাদের আগ্রহে ভাটা পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে, তাই আলুর টেকসই উৎপাদন নিশ্চিত করে দেশের খাদ্যনিরাপত্তার স্বার্থে কৃষকের কাছে আলু আবাদ লাভজনক করা জরুরি হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতি বৃষ্টি ও বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হলে হিমাগারে মজুদ আলু ওই সময় বাজারে সবজির চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা পালন করে, বিশেষ করে সংকট সময়ে নিম্ন আয়ের মানুষের খাদ্য চাহিদা পূরণে আলু বিশেষ ভূমিকা রাখে।

অধিক উৎপাদন খরচ, পরিবহনের ব্যয় বৃদ্ধি এবং হিমাগারে আলু সংরক্ষণ ব্যয় বৃদ্ধির বাড়তি চাপ সত্ত্বেও কৃষকের লোকসান হওয়ার মূল কারণগুলো—কৃষক যখন মাঠ থেকে আলু তোলেন, তখন মধ্যস্বত্বভোগীদের প্রভাবে কৃষক পণ্যের ন্যায্য মূল্যপ্রাপ্তি বাধাগ্রস্ত হয়। অথচ খুচরা বাজারে ভোক্তা দ্বিগুণ দামে আলু কেনেন। মাঝখানের বড় লভ্যাংশ চলে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। একদিকে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি, অন্যদিকে জ্বালানি তেলের দাম, বিদ্যুৎ বিল ও শ্রমিকের মজুরি বাড়ায় হিমাগারের ভাড়া এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষক উৎপাদন খরচের অনেক কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। দেশে কোন অঞ্চলে কতটুকু জমিতে আলু চাষ হচ্ছে এবং দেশে মোট চাহিদা কত—তার সঠিক ও সময়োপযোগী তথ্যের অভাবে প্রায় কৃষক উদ্বৃত্ত আলু উৎপাদন করে, যার সুবিধা নেয় মধ্যস্বত্বভোগীরা। উদ্বৃত্ত আলু সংরক্ষণের পাশাপাশি বিদেশে রফতানি বা দেশে শিল্পকাজে (চিপস, ফ্রেন্স ফ্রাই, স্টার্চ ইত্যাদি) ব্যবহারের প্রাতিষ্ঠানিক সুযোগ এখনো গড়ে ওঠেনি।

তাই আলুসহ অন্যান্য কৃষিপণ্যের উদ্বৃত্ত উৎপাদনের দায় মূলত কৃষকের একার নয়—এটি একটি কাঠামোগত সমস্যা যেখানে বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ অবকাঠামো ও নীতি সমন্বয়হীনতার ঘাটতিই প্রধান কারণ। গত দুই মৌসুমে আলুর ন্যায্য মূল্য না পাওয়ার দায় শুধু কৃষকের নয়; এটি একটি জটিল শৃঙ্খলাবদ্ধ সমস্যা, যার দায় কৃষক, ব্যবসায়ী, হিমাগার মালিকসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের। উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ খরচ বৃদ্ধি এ সংকটকে আরো তীব্র করেছে। এক প্রতিবেদনে দেখা যায়, ভোক্তা পর্যায়ে আলু ৩০ টাকা কেজি বিক্রি হলেও হিমাগারের ব্যয় বাদ দিলে কৃষক পান মাত্র ৮-১০ টাকা কেজি— মাঝখানের এ বিশাল ফারাক ফড়িয়া-আড়তদার-হিমাগার মালিকদের মুনাফার দিকেই ইঙ্গিত করে। কৃষকরা উৎপাদন বাড়াতে তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়েছেন ও অনুকূল আবহাওয়ায় আলুর বাম্পার ফলনে বাজারে সরবরাহ বেড়ে গিয়ে দাম অস্বাভাবিক হারে হ্রাস পেয়েছে। এটা আমাদের আলুর বহুমুখী ব্যবহারের চর্চার অভাব এবং বাজার ব্যবস্থার দুর্বলতা। অধিক উৎপাদন ব্যয়, পরিবহনের চড়া ব্যয় এবং হিমাগারে আলু সংরক্ষণ ব্যয়ে (প্রতি কেজি প্রায় ৬ টাকা সংরক্ষণ খরচ) বাড়তি চাপ সত্ত্বেও কৃষকের লোকসান হওয়ার মূল কারণগুলো হলো—পর্যাপ্ত ও বিকেন্দ্রীভূত কোল্ড স্টোরেজের অভাব, বিশেষ করে ছোট কৃষকের জন্য কাছাকাছি সংরক্ষণাগার নেই। বাজার ব্যবস্থায় উৎপাদক ও ভোক্তার মধ্যে মধ্যস্বত্বভোগীদের বিদ্যমান অতিরিক্ত স্তর, রফতানি ও প্রক্রিয়াজাত শিল্পের (চিপস, প্রক্রিয়াজাত খাদ্য, স্টার্চ, আলুর আটা, পশুখাদ্য, জৈব প্লাস্টিক (বায়োডিগ্রেডেবল ব্যাগ), ইথানল ইত্যাদি) অপ্রতুল সক্ষমতা, ফলে উদ্বৃত্ত আলু দেশীয় বাজারে অস্বাভাবিক হারে মূল্য হারায়। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে চাহিদার তথ্যভাণ্ডারের অভাব থাকার কারণে টেকসই উৎপাদন ও বাজার ব্যবস্থা গড়ে ওঠেনি।

এ সমস্যার সমাধানের পথ খুঁজতে হলে আমাদের সবার আগে পরিকল্পনা তৈরি করতে হবে কোন জাতের আলু কতটুকু উৎপাদন করব—এ সিদ্ধান্তকে বাজারের চাহিদার সঙ্গে যুক্ত করতে হবে। বর্তমানে প্রচলিত ধারা হলো কৃষক মূলত আগের বছরের দাম দেখে পরের বছরের আবাদ বাড়ান, এটি পরিবর্তন করা প্রয়োজন। টেকসই আলু উৎপাদন পরিকল্পনায় থাকতে হবে—সম্ভাব্য খাবার আলু ও প্রক্রিয়াজাতে আলুর কতটুকু জাতীয় চাহিদা, রফতানি সম্ভাবনা কতটুকু, কোল্ড স্টোরেজের সংরক্ষণ ক্ষমতা, মানসম্পন্ন বীজ আলুর জোগান, আলু উৎপাদন উপজেলাভিত্তিক চাষাবাদের লক্ষ্যমাত্রা ও সম্ভাব্য উৎপাদনের ভিত্তিতে সম্ভাব্য বাজারমূল্য। বাংলাদেশে আলু প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল, কিন্তু এখনো এটি প্রায় অব্যবহৃত। বিশ্বের অন্যান্য দেশে প্রসেসিং বা ইন্ডাস্ট্রিয়াল আলুর উৎপাদন হার অনেক বেশি—ভারতে ৫-১০ শতাংশ, চীনে ১৫ ও ইউরোপ-আমেরিকায় ৬০-৮০ শতাংশ। সে তুলনায় বাংলাদেশে প্রসেসিং বা ইন্ডাস্ট্রিয়াল (চিপস, ফ্রেন্স ফ্রাই, ফ্রোজেন পটেটো, ডিহাইড্রেড পটেটো, পটোটো ফ্ল্যাক্স, স্টার্চ) আলুর উৎপাদন খুবই কম হওয়ায় আলুজাত পণ্য উৎপাদনের মাধ্যমে মূল্য সংযোজনের সুযোগ তৈরি হয়নি। তাই বিশেষ প্রণোদনার আওতায় অভ্যন্তরীণ ও বিদেশে রফতানির জন্য চুক্তিভিত্তিক আলুর আবাদ বাড়ানোর মাধ্যমে আলুর উৎপাদন টেকসই করা যেতে পারে।

বাংলাদেশের আলু কৃষকের সমস্যা আসলে উৎপাদনের সমস্যা থেকে বেশি বাজার ব্যবস্থাপনার সমস্যা। কৃষককে উৎপাদন কমাতে বলা সহজ; কিন্তু টেকসই সমাধান হলো চাহিদা অনুযায়ী উৎপাদন, বাজারভিত্তিক জাত নির্বাচন, কোল্ড সাপ্লাই চেইন ব্যবস্থা উন্নয়ন, ডিজিটাল স্টক ব্যবস্থাপনা, প্রক্রিয়াজাত ও আন্তর্জাতিক মান বজায় রেখে বিদেশে আলু রফতানির পথ সুগম করা। পাশাপাশি দেশীয় প্রক্রিয়াজাত শিল্পকে প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করা। উদ্বৃত্ত আলুকে সমস্যা হিসেবে না দেখে সুযোগ হিসেবে নিতে হবে। প্রক্রিয়াজাত শিল্প বাড়লে কৃষকের লোকসান কমবে, বাজার স্থিতিশীল হবে এবং দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে। সরকার, বেসরকারি খাত ও কৃষকের সমন্বিত উদ্যোগই এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে।

মো. আখতারুজ্জামান: সাবেক নির্বাহী পরিচালক, তুলা উন্নয়ন বোর্ড ও উপদেষ্টা, সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড