নাম খালিদ, ডাক নাম আবু আইয়ুব। পিতা যায়িদ ইবন কুলাইব। হিজরতের একত্রিশ বছর পূর্বে ইয়াসরিবে জন্মগ্রহণ করেন। ইতিহাসে তিনি আবু আইয়ুব ডাক নামে পরিচিত। নাজ্জার খান্দানটি ইয়াসরিবের অন্যতম অভিজাত খান্দান। আর সে আভিজাত্য আরও বৃদ্ধি পেয়েছে রাসুল (সা.)-এর মাতুল গোত্র হওয়ার কারণে। আবু আইয়ুব ছিলেন এই অভিজাত নাজ্জার গোত্রের রয়িস বা নেতা। মহানবীর (সা.) নবুয়াত প্রাপ্তির পরবর্তীতে ক্রমাগত ইয়াসরিবেও ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়েছে। নবুয়াতের দ্বাদশ বছরে তিহাত্তর মতান্তরে পঁচাত্তর ইয়াসরিববাসী (মদিনাবাসী) হজ উপলক্ষে মক্কায় এসে রাসুলুল্লাহ (সা.)-এর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেন এবং একটি শপথ বাক্য পাঠ করেন। এটি ছিল মদিনাবাসীর ৩য় বারের শপথ।

এই শেষ শপথে আবু আইয়ুব উপস্থিত ছিলেন এবং রাসুলুল্লাহ (সা.) হাতে বাইয়াত হয়ে ইয়াসরিবে ফিরে যান।\r\nনবুয়াতের ত্রয়োদশ বছরে আল্লাহর নির্দেশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদিনার দিকে বেরিয়ে পড়লেন। মদিনাবাসীরা অধীর আগ্রহে মহানবীর আগমন অপেক্ষায় ছিল। আনসারদের একটি দল-আবু আইয়ুব তাদের একজন-নিয়মিত প্রতিদিন সকালে মদিনার ৪/৫ মাইল দূরে হাররা নামক স্থানে চলে যেত এবং রাসুলুল্লাহ (সা.) সম্ভাব্য আগমন পথের দিকে তাকিয়ে দুপুর পর্যন্ত অপেক্ষা করত। তারপর এক সময় তারা ফিরে যেত। এমনিভাবে তারা একদিন ফিরে যাচ্ছে, এমন সময় জনৈক ইহুদি বহুদূর থেকে রাসুলকে (সা.) দেখতে পেয়ে তাদেরকে সুসংবাদ দেয়। আনসারেরা অস্ত্রসজ্জিত হয়ে মহানবীকে স্বাগতম জানানোর জন্য দ্রুত ছুটে যায়। বনু নাজ্জার ছিল তাদের মধ্যে সবচেয়ে অগ্রগামী।

মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে হজরত রাসুলে কারিম (সা.) কয়েক দিন অবস্থান করলেন। অতঃপর তিনি মদিনার মূল শহরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। কুবা থেকে মদিনার দিকে তাঁর যাত্রার সে দিনটি ছিল মদিনার ইতিহাসের সর্বাধিক গৌরব ও কল্যাণময় দিন। বনী নাজ্জারসহ মদিনার সকল আনসার গোত্রের লোক মহানবীর চলার পথের দু ধারে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে, আর গোত্রপতিরা নিজ নিজ ঘরের দরজায় অপেক্ষামাণ। পর্দানশীন মেয়েরা ঘর থেকে রাস্তায় নেমে এসেছে এবং হাবশী গোলামরা আনন্দ- ফুর্তিতে সামরিক কলাকৌশল প্রদর্শনে মেতে উঠেছে। আর বনী নাজ্জারের ছোট ছেলেমেয়েরা তলায়াল বাদরু আলাইনা -স্বাগতম সংগীতটি সমবেত কণ্ঠে গেয়ে চলেছে। এমনি এক জাঁকালো ও পবিত্র অভ্যর্থনার মধ্য দিয়ে মহানবী মদিনায় প্রবেশ করলেন।

\r\nমহানবীর আতিথেয়তার সৌভাগ্য কার হয় তা দেখার জন্য মদিনার প্রতিটি লোক অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল। তিনি পথ অতিক্রম করছেন, আর পার্শ্ববর্তী বিভিন্ন গোত্রের লোকেরা- আহলান সাহলান ওয়া মারহাবা- স্বাগতম শুভাগমন ইত্যাদি বলে এগিয়ে এসে নিজ নিজ বাড়িতে মেহমান হওয়ার আহব্বান জানাচ্ছে। কিন্তু আল্লাহপাক তো মহানবীর আতিথেয়তার জন্য আবু আইয়ুবের বাড়িটি নির্ধারণ করে রেখেছিলেন। রাসুলুল্লাহ (সা.) তার বাহন উটনীটির পথ রোধকারীদের বার বার বলেছিলেন : তোমরা তার পথ ছেড়ে দাও, সে (আল্লাহর তরফ থেকে) নির্দেশপ্রাপ্ত। উটনী চলতে চলতে একসময় বনী মালিক ইবন নাজ্জারের মধ্যে এক স্থানে (পরবর্তীকালে নির্মিত মসজিদে নববীর দরজায়) বসে পড়ে।

তারপর একটু এদিক ওদিক তাকিয়ে আবার উঠে পড়ে এবং একটু এদিক সেদিক ঘুরে আবার পূর্ব স্থানে ফিরে এসে বসে পড়ে। রাসুলুল্লাহ (সা.) নেমে পড়েন। নিকটেই ছিল আবু আইয়ুবের বাড়ি (উসুদুল গাবা-২/৮১)। আবু আইয়ুব এগিয়ে এসে আরজ করেন নিকটেই আমার বাড়ি, অনুমতি পেলে বাহনের পিঠ থেকে জিনিসপত্র নামাতে পারি। নেতৃস্থানীয়রা নিজেদের বাড়িতে মেহমানদারি করার অভিলাষে অস্থির। সবারই একান্ত ইচ্ছা রাসুলুল্লাহ (সা.) তারই মেহমান হউন। শেষমেশ লোকেরা নিজেদের মধ্যে লটারি করে আর তাতেও আবু আইয়ুবের নামটি ওঠে। এভাবে আবু আইয়ুব মহানবীর মেহমানদারির মহাগৌরব অর্জনের সুযোগ লাভ করেন।\r\nহজরত রাসুলে কারিম (সা.) মসজিদ ও মসজিদসংলগ্ন তাঁর বাসস্থান তৈরি না হওয়া পর্যন্ত প্রায় ছয় মাস আবু আইয়ুবের গৃহে অবস্থান করেন।

অত্যন্ত প্রীতি ও বিনয়ের সাথে তিনি মেহেমানদারির দায়িত্ব পালন করেন। তাঁর ঘরটি ছিল দু তলা। তবে ছাদটি ছিল সাদামাটা ধরনের। আবু আইয়ুব ওপর তলা রাসুলুল্লাহ (সা.) জন্য নির্ধারণ করেন। কিন্তু রাসুল (সা.) নিজের ও সাক্ষাৎ প্রার্থীদের সুবিধার কথা চিন্তা করে নিচতলাই পছন্দ করেন। এভাবে দিন কেটে যেতে লাগল। ঘটনাক্রমে একদিন ওপর তলায় একটি কলস ভেঙে পানি গড়িয়ে পড়ল। ছাদ ছিল অতি সাধারণ। পানি নিচে গড়িয়ে পড়বে এবং তাতে রাসুলুল্লাহ (সা.) কষ্ট হবে, এমন একটা ভীতি ও শঙ্কায় আবু আইয়ুব ও তার স্ত্রী উম্মে আইয়ুব অস্তির হয়ে পড়লেন। তাঁদের ছিল একটি মাত্র লেপ। পানি চুষে নেওয়ার জন্য তাঁরা সেটি পানির ওপর ফেলে দেন। সাথে সাথে তাঁরা নিচে নেমে এসে রাসুলুল্লাহকে (সা.) উপরে যাওয়ার অনুরোধ করে নিজেরা নিচে নেমে আসার ইচ্ছা প্রকাশ করেন।

\r\nএতটুকু কষ্ট অবশ্য তাঁদের জন্য তেমন কিছু ছিল না। তাঁরা অন্য একটি ভয়ে ভীত হয়ে পড়লেন। আমরা ওপরে আর ওহির বাহক, আমাদের নিচে এমন একটি তীব্র অনুভূতি তাদেরকে অস্তির করে তুলল। একটি রাত তো তারা ঘুমাতেই পারলেন না। স্মামী-স্ত্রী দু জনেই ঘরের এক কোণে গুটি-শুটি মেরে কোন মতে জেগে কাটিয়ে দিলেন। সকালে আবু আইয়ুব রাসুলুল্লাহর (সা.) নিকট উপস্থিত হয় গত রাতের ঘটনা ও তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন। হজরত রাসুলে কারিম (সা.) তাদের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে তাঁদের আবেদন মঞ্জুর করেন। তিনি উপরে চলে যান। \r\nহজরত রাসুলে কারিম (সা.) আবু আইয়ুবের গৃহে অবস্থানকালে সাধারণত আনসারগণ পালাক্রমে অথবা আবু আইয়ুব নিজে তাঁর জন্য খাবার পাঠাতেন। খাওয়ার পর যা বেঁচে যেত তিনি আইয়ুবের কাছে পাঠিয়ে দিতেন।

আবু আইয়ুব খাবারের থালায় রাসুলুল্লাহ (সা.) আঙ্গুলের ছাপ দেখে দেখে যে দিক থেকে তিনি খেয়েছেন সেখান থেকেই খেতেন। ঘটনাক্রমে একদিন রাসুল (সা.) খাবার স্পর্শ না করে, সবই ফেরত পাঠান। দ্বিধা সংকোচের সাথে তিনি রাসুলুল্লাহ (সা.) নিকট উপস্থিত হয়ে খাবার গ্রহণ না করার কারণ জানতে চান। তিনি বলেন, খাবারে রসুন ছিল। আমি রসুন পছন্দ করি না। তবে তোমরা খাবে। আবু আইয়ুব বললেন, আপনার যা পছন্দ নয়, আমিও তা পছন্দ করবো না। (মুসলিম-২/১৯৮)।\r\nহিজরতে পর হজরত রাসুলে কারিম (সা.) হজরত আনাসের বাড়িতে আনসার ও মুহাজিরদের সমবেত করেন এবং রুচি, সামাজিক মর্যাদা, ঝোঁক প্রবণতা ইত্যাদি বৈশিষ্ট্য অনুসারে একজন মুহাজির ও একজন আনসারের মধ্যে মুওয়াখাত বা দ্বীনি ভ্রাতৃত্ব সম্পর্ক কায়েম করে দেন। ইয়াসরিবে ইসলামের প্রথম মুবাল্লিগ (প্রচারক) মুস য়াব ইবন উমাইর আল-কোরাইশীর সাথে আবু আইয়ুবের ভ্রাতৃ-সম্পর্ক স্থাপিত হয়। বদর, ওহুদ, খন্দক, বাইতুর রিদওয়ানসহ সকল যুদ্ধ অভিযানে আবু আইয়ুব রাসুলুল্লহর (সা.) সাথে অংশ গ্রহণ করেন। (উসুদুল গাবা-২/৮০, আল-ইসাবা-১/৪০৫) আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তিনি সত্যিকারেই জীবন ও ধন-সম্পদ বিক্রি করে দিয়েছিলেন। রাসুলে পাকের ওফাতের পর খলীফাদের যুগে যত যুদ্ধ হয়েছে, হাজারো দুঃখ-কষ্ট সত্ত্বেও তিনি তার একটি থেকেও পিছিয়ে থাকেননি।\r\n(আগামী সংখ্যায় সমাপ্য)।