শৈশব হলো সরল, সতেজ, সুন্দর ও স্মৃতির মোড়কে জড়ানো জীবনের এক সোনালি সময়। একজন শিশুর জন্য শৈশব সবচেয়ে দামি। শৈশব মানেই দুরন্তপনা। শৈশব মানেই স্মৃতি ও স্বপ্ন জাগানিয়া সানন্দে কাটানো সময়। এই শৈশব একদিন হারিয়ে যায় সময়ের পরিক্রমায়। জীবনজুড়ে তৈরি শত জাগতিক ব্যাস্তময় রুটিন ও হাজারো দায়িত্বের ভার। পাতার শৈশব থেকে প্রযুক্তির শৈশব - বদলে যাওয়া শৈশবের এক নিদারুণ বাস্তবতা। শৈশব হলো প্রাণবন্ত, বিস্তৃত, রঙিন আর গন্ধময়। শৈশব মানে ছিলো মাটির গন্ধ, বৃষ্টির পানি আর ভেজা মন যেখানে দুঃখ শব্দটাই ছিল অচেনা। ভোর বিহানে গুটি গুটি পায়ে হেঁটে যেত মক্তবের দিকে। যেখানে শিশুরা সকাল হতে না হতেই দৌড়ে যেত গলির মোড়ে, উঠোনে, বা গাছতলায়। শিশুরা বেড়ে উঠত মাটির গন্ধ মেখে, গাছের ছায়ায় দাঁড়িয়ে, বাতাসে ঘুড়ি উড়িয়ে।
গল্প ছিল রোদে পোড়া মুখে, হাসি ছিল কাঁদা-মাখা পায়ে। প্রকৃতির সাথে ছিল যেন এক গভীর মেলবন্ধন।\r\nপাতার শৈশব আমাদের শিকড়ের গল্প। নারিকেল পাতার চশমা, কলাপাতার ঝুপড়ি দোকান, কাঁঠালপাতা দিয়ে কেনা বেচা, আম পাতার গলার মালা, খেজুর পাতার চরকি আরো কতো কি। ইটের টুকরো দিয়ে রান্না, মাটির গর্তে পুকুর, কলাগাছের ঢোঙা দিয়ে বানানো নৌকা সবকিছু ছিল শৈশবের নিখাদ আনন্দ আর নির্মল সৃষ্টিশীলতার প্রতিচ্ছবি।সেই শৈশবের ছিলো সুপারি গাছের পাতার গাড়ি। সুপারি গাছের শুকনা পাতার গাড়িতে বসে থাকতাম, সামনে ধুলো উড়িয়ে সেটা টেনে নিয়ে ছুটতো অন্যজন।
আরো ছিল ইচিং বিচিং,চোর পুলিশ, জুতা চোর, ধম নিয়ে হাডুডু, দাঁড়িয়াবান্দাও কানামাছি ভোঁ ভোঁ, যারে পাবি তারে ছোঁ, ওপেন-টু-বায়োস্কোপ, নাইন টেন তেইশ কোপ, সুলতানা বিবিয়ানা, সাহেব-বাবুর বৈঠকখানা, সাহেব বলেছে যেতে পান সুপারি খেতে, পানের আগায় মরিচ বাটা, স্প্রিংয়ের চাবি আঁটা যার নাম মণিমালা, তাকে দিবো মুক্তার মালা। এগুলো শুনেই মনে জাগে সেই পুরনো স্মৃতির গন্ধ। আবার ফিরে যেতে মন চায় সেই সোনালি শৈশবের ফেলে আসা দিনে। স্বৃতিমুখর হয়ে ফিরে যায় বার বার স্বপ্ন চিলের ডানায় মেলে দুরন্ত শৈশবে। শৈশবের এসব ফেলে আসা খেলা আজো দোলা দিয়ে যায় মনপ্রাণে।শিশুদের সে খেলায় ছিল সৃজনশীলতা, ছিল নিখাদ বন্ধুত্ব,ছিল নিজের মতো করে কল্পনার জগৎ গড়ে তোলা।
তারা জানত না ইমাজিনেটিভ প্লে কী, তবুও তারা গড়ে তুলত একেকটি অভিনব দুনিয়া, যেখানে পাতা ছিল পণ্য, বালি ছিল মাটির চুলা,আর রোদ আর হাওয়া ছিল নিঃস্বার্থ খেলার সঙ্গী।\r\nকিন্তু সময় বদলেছে। হারিয়ে গেছে সেই পাতা, সেই খেলা, সেই মাঠ, সেই মুক্তি।বৃক্ষের ছায়া হারিয়েছে, হাঁটার পথ হারিয়েছে,আর শৈশব হারিয়েছে তার প্রাকৃতিক গন্ধ। এখনকার শৈশব এক জড়-জগত।খেলার মাঠ এখন দখল হয়ে গেছে বিল্ডিংয়ে, উঠোনে শস্য নয়, পাথরের কার্পেট।উঁচু উঁচু অট্টালিকায় বদ্ধ চারিপাশ। যান্ত্রিক কোলাহল ও কৃত্রিমতার দুনিয়া। বৃক্ষ নেই, ছায়া নেই, পাখির ডাক নেই।পরিবেশ নেই বলেই নেই শীতলতা ও শান্তির পরশ।
তারা বন্দি এক কৃত্রিম রাজ্যে, যেখানে অনুভূতি নয়, অলগরিদম চলে।প্রযুক্তির জালে আবদ্ধ পুরো শৈশব, খেলার মাঠ নেই, নেই ছূটে বেড়ানো দুরন্তপনা, মোবাইলের নীল আলো আর রেডিয়েশন, কৃত্তিমতায় জগত আর কাল্পনিকতা। শিশুরা কার্টুন, গেইম, ভিডিও, রিলস এসকল কিছুতে আসক্ত। পাচ্ছে না প্রকৃতির ছোয়া। এই প্রযুক্তিনির্ভরতায় শিশুরা এখন চিন্তাশীল নয়, বরং নির্দেশনানির্ভর। তাদের কল্পনার জগৎ এখন বাইরের নয়, ভেতরের—স্ক্রিনের। তারা খেলে, কিন্তু একা। দেখে, কিন্তু ছুঁতে পারে না। তারা হাসে কিন্তু হৃদয়ের গভীরতা হারিয়ে গেছে, অন্তর দিয়ে উপলব্ধি করার সক্ষমতা হারিয়েছে।\r\nশৈশব আজ প্রযুক্তির শেকলে বন্দী।
কৃত্রিমতায় ভরপুর এক অস্বাস্থ্যকর শৈশবের সাক্ষী হচ্ছে বর্তমান প্রজন্মের শিশুরা।শারীরিক দুর্বলতা,সামাজিক বিচ্ছিন্নতা,নৈতিক অবক্ষয়, মানসিক চাপ, প্রকৃতি থেকে দূরত্ব সব মিলিয়ে এক অপূর্ণতার শৈশব। বাস্তব জীবনের আনন্দ, প্রকৃতির ছোঁয়া এবং মানবিক সম্পর্কের উষ্ণতা বিলীন হওয়ার পর্যায়ে। এই বদলে যাওয়া ধারা যেন এক নীরব বিলুপ্তি। যেখানে আগে কাদা মেখে গড়তাম নৌকা বা রান্নার হাঁড়ি,সেখানে এখন কুকিং গেম দেখে শিখছে রেসিপি।এই ব্যবধান শুধু সময়ের নয়, এই ব্যবধান জীবনের। হারিয়ে যাচ্ছে শৈশবের নির্যাস যেখানে পাতা নিত্যকার জীবনের সঙ্গী, মাঠ ছিল মঞ্চ,আর হৃদয় ছিল আনন্দের রংতুলিতে আঁকা।প্রযুক্তি হোক সহচর, কিন্তু শৈশব হোক প্রকৃতির সঙ্গী। শৈশব আমাদের শিকড়ের গল্প।শিকড় ছিঁড়ে গেলে গাছ বাঁচে না।তাই শৈশব বাঁচাতে শিকড়ে ফিরতেই হবে। একটি আনন্দমুখর, সৃজনশীল এবং শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা তৈরি করার মাধ্যমে শিশুর বিকাশের জন্য একটি সফল পরিকল্পনা করা করা সম্ভব। আমাদের সবার উচিত, শিশুর শিখন প্রক্রিয়ায় সহানুভূতির সঙ্গে মনোযোগ দেওয়া, যাতে শিশুরা পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে।
