কৈশোরে যুক্ত হয়েছিলেন স্বদেশি আন্দোলনে, তারুণ্যে মানবমুক্তির সংগ্রামে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে। কমিউনিস্ট পার্টিতে যুক্ত হয়ে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন আমৃত্যু। বলছি কমরেড মণি সিংহের কথা। ভাষা আন্দোলনের পটভূমি রচনায় রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ইতিহাস বলছে, ৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনে বিশেষ ভূমিকা ছিল কমিউনিস্ট পার্টির। উদ্দেশ্য ধর্মের নামে গঠিত কৃত্রিম রাষ্ট্র পাকিস্তানের কবল থেকে এবং জাতিগত ও অর্থনৈতিক নিপীড়ন থেকে বাংলার মানুষকে মুক্ত করা। নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছে সেই আন্দোলনে কমিউনিস্ট পার্টির সদস্য-সমর্থকদের। দিতে হয়েছে প্রাণ।
চোখে না দেখেও বাংলার জনগণ নামে চিনত কমরেড মণি সিংহকে। কমিউনিস্ট পার্টি ‘মণি সিংহের পার্টি’ নামেই পরিচিত ছিল এই জনপদে। ৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবোধের উন্মেষ ঘটেছিল বাঙালির জীবনে, যার ভেতর অঙ্কুরিত ছিল হাজার বছরের বাঙালির ভাষা-সংস্কৃতির চেতনা। সেই চেতনা আর বোধ আরও বিকশিত করে শক্তিশালী করতে কমিউনিস্টরা ছিলেন সক্রিয়। সাংস্কৃতিক আন্দোলন ও সাংস্কৃতিক কার্যক্রম বিকশিত করতে কমিউনিস্ট পার্টির বিশেষ উদ্যোগ ছিল। ছায়ানট, উদীচী, সংস্কৃতি সংসদের মতো বাঙালির সংস্কৃতিচর্চার কেন্দ্রগুলো গড়ে তুলতে সহযোগিতার পাশাপাশি দলকে নিয়ে বিশেষ ভূমিকা রাখতে পিছপা হয়নি মণি সিংহের কমিউনিস্ট পার্টি।
একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন ছিল কমিউনিস্ট পার্টির– এটা জানতেন শেখ মুজিব। জানতেন বলেই ১৯৬১ সালের মে মাসে তরুণ মুজিব স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেন কমরেড মণি সিংহ, কমরেড খোকা রায়, ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সঙ্গে এক বৈঠকে। মুজিবের প্রতি সময় নিয়ে পরিকল্পিত উপায়ে অগ্রসর হওয়ার পরামর্শ ছিল কমরেড মণি সিংহের। ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ; জাতির প্রতিটা ক্রান্তিলগ্নে কমরেড মণি সিংহের ভূমিকা ইতিহাসে জ্বলজ্বল করছে স্বর্ণাক্ষরে। তিনি তাঁর জীবনের বড় অংশ কাটিয়েছেন আত্মগোপনে কিংবা জেলে। ১৯৬৮ সালে আত্মগোপনে থাকা অবস্থায় ধরা পড়ে জেলে। মুক্তি পান ৬৯-এর গণঅভ্যুত্থানের পর ফেব্রুয়ারি মাসে। আবার ৭০-এ জেলে। ২৫ মার্চ রাজশাহী কারাগার ভেঙে সোজা কলকাতায়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক। সাবেক সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া) থেকে অস্ত্র জোগাড়, প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পাশে থাকা– সতীর্থদের নিয়ে সব কাজ করেছেন কমরেড মণি সিংহ। প্রবাসী সরকারের উপদেষ্টামণ্ডলীতে তাঁর নাম থাকলেও তিনি অনেক বেশি তৎপর ছিলেন মুক্তিযুদ্ধকালে। ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর ১৯ হাজার যোদ্ধাকে অস্ত্র ও প্রশিক্ষণ দিতে গড়িমসি করা ভারত সরকারকে বাধ্য করেছিলেন প্রশিক্ষণ ও অস্ত্র দিতে।
মুক্ত বাংলাদেশে বাহাত্তরের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মতো প্রগতিশীল মূলনীতি সন্নিবেশিত করতে সিপিবি ছিল তৎপর। একটি প্রগতিশীল সংবিধান ছিল সেটি। কমরেড মণি সিংহ একমাত্র রাজনীতিক, যিনি ব্রিটিশ, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশে লড়াই করেছেন সমানতালে। আজ যে সংকট সৃষ্টি হয়েছে; পুড়ছে ছায়ানট, উদীচী; বাকস্বাধীনতা রুদ্ধ করতে জ্বালিয়ে দেওয়া হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার; ৪৭কে বলা হচ্ছে স্বাধীনতা আর ৭১কে বলা হচ্ছে দেশভাগ; সেই সময়ে কমরেড মণি সিংহের জীবন ও দর্শন প্রগতিবাদী ও প্রতিবাদী জনতার কাছে অনেক বড় দীক্ষা। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর দীর্ঘ ছয় বছর পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় এই কিংবদন্তিসম মহান বিপ্লবীর জীবনাবসান ঘটে। মহাপ্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।
রুস্তম আলী খোকন: লেখক ও সংগঠক
