আল্লাহর অবারিত রহমতের বারতা নিয়ে প্রতি বছরই রমজান আসে। এবারো এসেছে। রমজান যখন আসে তখন আমাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ খুব খুশি হয়। এক. মুমিন মুসলমান। যারা আল্লাহর কিতাবের জ্ঞানের অধিকারী, প্রকৃত সত্য সম্পর্কে অবহিত, যারা আল্লাহর বিশেষ রহমত দ্বারা নিজেদের সিক্ত করার জন্য রমজানের জন্য অপেক্ষা করেন। দুই. অবৈধ মজুমদার, মুনাফাখোর ও কালোবাজারি। প্রথম শ্রেণীর আল্লাহর বান্দারা এ মাসে মানবতার প্রতি আরো বেশি করে দায়িত্বশীলতার ভূমিকায় অবতীর্ণ হন। তারা সঠিক কর্মনীতি অবলম্বন করেন। রমজানের অবারিত রহমতের বারিধারায় নিজেদের সিক্ত করতে কোনো ভুল করেন না। তারা নিজেদের এ মাসে উচ্চতর পর্যায়ে উন্নীত করেন। প্রতিটি ক্ষেত্রে তারা সংযম প্রদর্শনের অনুশীলনে লিপ্ত হন।
আর দ্বিতীয় শ্রেণীর লোকের লোভের জিভটি এ মাসে এসে আরো লম্বা হয়। তারা দুনিয়ার স্বার্থ, স্বাদ ও আরাম-আয়েশের কারণে রমজানকে এক বিরাট সুযোগ হিসেবে গ্রহণ করে। মাত্রাতিরিক্ত মুনাফা লুণ্ঠনের জন্য কালোবাজারি ও খাদ্যে ভেজাল মিশ্রিত করে। প্রবৃত্তির লালসার মোকাবেলা করার পরিবর্তে তারা তার সামনে নতজানু হয়। পার্থিব লোভ-লালসার জন্য আল্লাহর দেয়া অপার রহমতের সুযোগ-সুবিধাকে পরিত্যাগ করে দুনিয়ার লালসাকে চরিতার্থ করার জন্য রোজাদারদের কষ্ট দেয়। এ ধরনের লোভ-লালসার অধিকারী ব্যক্তিদের আল্লাহ তায়ালা অত্যন্ত ঘৃণিত প্রাণীর সাথে তুলনা করেছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘আমি চাইলে ওই আয়াতগুলোর সাহায্যে তাকে উচ্চ মর্যাদা দান করতাম কিন্তু সে তো দুনিয়ার প্রতিই ঝুঁকে রইল এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করল। কাজেই তার অবস্থা হয়ে গেল কুকুরের মতো, তার ওপর আক্রমণ করলেও সে জিভ ঝুলিয়ে রাখে আর আক্রমণ না করলেও জিভ ঝুলিয়ে রাখে। যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তাদের দৃষ্টান্ত এটাই। তুমি এ কাহিনী তাদেরকে শুনাতে থাকো, হয়তো তারা কিছু চিন্তা-ভাবনা করবে’ (সূরা আরাফ-১৭৬)।
আমাদের দেশে প্রতি বছর রমজান এলে বেশ কিছু নিত্যপণ্য বিশেষ করে সেহরি ও ইফতারসামগ্রীর দাম কয়েক গুণ বেড়ে যায়। রমজান সামনে রেখে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক ফাঁদ পেতে থাকেন। কিন্তু দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি থাকে খুব দুর্বল। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায়। এ বছর রমজানের আগেই নিত্যপণ্যের দাম অসহনীয় হয়ে পড়েছে। প্রতিবছর রমজান এলেই দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যা সাধারণ মানুষের জন্য পবিত্র রোজার মাসকে কষ্টের মাসে পরিণত করে। বাজারে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, সবজি, মাছ-মাংসসহ প্রায় সব খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সংসারে চরম চাপ সৃষ্টি হয়। রমজানের মূল শিক্ষা হলো সংযম ও সহমর্মিতা, কিন্তু বাজারের বাস্তবতা প্রায়ই তার উল্টো চিত্র তুলে ধরে। অসাধু ব্যবসায়ী ও মজুতদাররা এ সময়টিকে অধিক মুনাফা অর্জনের সুযোগ হিসেবে নেয়। ফলে চাহিদা বাড়ার আগেই কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেওয়া হয়। অনেক সময় দেখা যায়, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম স্থিতিশীল বা কম থাকলেও দেশের বাজারে তার কোনো প্রতিফলন ঘটে না। ফলে প্রশ্ন ওঠে, এই মূল্যবৃদ্ধির আসল কারণ কী? নতুন সরকারের সামনে এটি একটি বড় চ্যালেঞ্জ এবং একই সঙ্গে জনগণের প্রত্যাশার জায়গাও। একটি নতুন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন জনগণ আশা করে তাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
মানুষের আয় সীমিত, অথচ ব্যয় ক্রমাগত বাড়ছে। বিশেষ করে রমজান মাসে খাদ্যপণ্যের চাহিদা স্বাভাবিকভাবেই বাড়ে। এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে সরকার যদি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে মানুষের ভোগান্তি আরও বাড়বে। দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করে। প্রথমত, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা। উৎপাদক থেকে ভোক্তার হাতে পণ্য পৌঁছাতে একাধিক মধ্যস্বত্বভোগীর হাত বদল হয়, ফলে প্রতিটি স্তরে দাম বাড়ে। দ্বিতীয়ত, বাজার তদারকির অভাব। নিয়মিত মনিটরিং ও শাস্তির ব্যবস্থা না থাকলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেয়। তৃতীয়ত, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি। পণ্য গুদামজাত করে বাজারে সরবরাহ কমিয়ে দিলে দাম স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এসব সমস্যার সমাধানে কার্যকর নীতি ও কঠোর প্রয়োগ জরুরি। নতুন সরকারের উচিত রমজানে একটি সুসংগঠিত বাজার ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা। প্রথমত, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সরবরাহ চেইনকে শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত, নিয়মিত বাজার মনিটরিং টিম গঠন করে প্রতিদিন বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। যেখানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা যাবে, সেখানে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ করে তা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। কেবল মূল্য তালিকা ঘোষণা করলেই হবে না, তা বাস্তবে মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। চতুর্থত, ভ্রাম্যমাণ আদালত ও জরিমানার পাশাপাশি লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তির ব্যবস্থা কার্যকর করতে হবে, যাতে কেউ ইচ্ছাকৃতভাবে বাজার অস্থিতিশীল করার সাহস না পায়।
রমজান মাস শান্তি, সহমর্মিতা ও মানবিকতার মাস। এই সময়ে মানুষের জীবনে বাড়তি চাপ নয়, বরং স্বস্তি আসা উচিত। তাই সরকারের জন্য এখন সবচেয়ে জরুরি দায়িত্ব হলো বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যের দাম নিশ্চিত করা। নতুন সরকারের জন্য এটি একটি পরীক্ষাও বটে নতুন সরকার কত দ্রুত মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান করতে পারে। রমজান প্রশান্তি ও ইবাদত বন্দেগির মাস। আর সেই প্রত্যাশা পূরণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়াই হবে নতুন সরকারের প্রথম ও সবচেয়ে জরুরি দায়িত্ব। সততা উন্নতির চাবিকাঠি। কিন্তু আজ সৎ লোকের বড় অভাব। তাই মনে রাখা প্রয়োজন, তাকওয়াই হলো সব উন্নয়নের মূল চাবিকাঠি। তাকওয়া ছাড়া আর যত কর্মসূচি গ্রহণ করা হোক না কেন, সমাজ পরিবর্তন হবে না।
লেখক: শিক্ষক ও কলামিস্ট।
