রমজানের পূর্ববর্তী শাবান একটি ফজিলতপূর্ণ মাস। এ মাসে আল্লাহর দরবারে বান্দার আমলনামা তুলে ধরা হয়। তাই নেক আমলের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক মুমিনের উচিত শাবান মাসকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত এবং পাপ কাজ থেকে বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করা।
হাদিসে এসেছে, রাসুল (সা.) রমজান মাসের পর শাবান মাসেই বেশি সিয়াম পালন করতেন। কোনো কোনো হাদিসে বর্ণিত, তিনি এ মাস পুরোই সিয়াম পালনে অতিবাহিত করতেন। সাহাবি উসামা ইবনে জায়েদ (রা.) রাসুলকে (সা.) জিজ্ঞেস করলেন, কেন তিনি এ মাসে বেশি রোজা রাখেন। উত্তরে রাসুল বললেন, ‘রজব এবং রমজানের মধ্যবর্তী শাবান এমন একটি মাস, যার (মাহাত্ম্য) সম্পর্কে মানুষরা গাফেল। অথচ এ মাসে আল্লাহর কাছে মানুষের আমলগুলো ওঠানো হয়। আমি চাই রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে উত্থাপিত হোক।’ (নাসায়ি)
শাবান মাসের গুরুত্বের আরেকটি দিক হচ্ছে, এটি রমজানের পূর্ববর্তী মাস হওয়ায় একে রমজানের প্রস্তুতির জন্য কাজে লাগানো যায়। আসছে বছরের শ্রেষ্ঠ মাস রমজান। এ মাসে যথাযথভাবে সিয়াম সাধনার জন্য শাবান মাসের শুরু থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। এ প্রস্তুতিস্বরূপ আমরা যে কাজগুলো করতে পারি, সেগুলো নিম্নরূপ:
১. রমজান আসার আগে আল্লাহর কাছে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি এবং রমজানের রোজাগুলো সুস্থতার সঙ্গে পালনের তওফিক কামনা করে বেশি বেশি প্রার্থনা করা।
২. যে কোনো কাজ হঠাৎ করতে গেলে কষ্টকর মনে হয়। তাই রমজানের ফরজ সিয়াম পালনে নিজের দেহ ও মানসিকতাকে প্রস্তুত করার জন্য শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করা উচিত। আয়শা (রা.) বলেন, ‘আমার ওপর রমজানের রোজা কাজা থাকত, আমি তা শাবান মাস ব্যতীত অন্য মাসে পূরণ করার সুযোগ পেতাম না।’ (বুখারি মুসলিম)
৩. রমজান কোরআনের মাস। এ মাসে কোরআন নাজিল হয়েছে। রাসুল (সা.) এ মাসে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। হাদিসে এসেছে, এ মাসে প্রতিদিন জিবরাইল (আ.) রাসুলের কাছে আগমন করতেন। রাসুল (সা.) তাঁকে কোরআন শোনাতেন। তাই এ মাসে পবিত্র কোরআন অন্ততপক্ষে একবার খতম করার নিয়ত রাখা উচিত। এ জন্য রমজান আসার আগেই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা করে নিতে হবে।
৪. এটা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, রমজানের আগমনের আগেই রোজার মাসয়ালাগুলো জেনে নিতে হবে; পরিবারের লোকদেরও তা শিক্ষা দিতে হবে। ৫. আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হালাল জীবিকা অন্বেষণ। রমজানের সেহরি ও ইফতারি– এ দুটি কাজও ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদের সেহরি এবং ইফতারি যেন কিছুতেই হারাম উপার্জন থেকে না হয়। রমজান আসার আগেই হালাল রিজিক অন্বেষণে সচেষ্ট হতে হবে।
৬. রমজান আসার আগেই যাবতীয় পাপ কাজ পরিত্যাগ করতে হবে, যাতে রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে এ মাসে সব ধরনের পাপ কাজ থেকে দূরে থাকার অভ্যাস তৈরি হয়। যাদের ধূমপানের অভ্যাস আছে, তাদের দায়িত্ব রমজানের আগেই তা পরিত্যাগ করা। যারা অশ্লীল কাজে জড়িত হওয়া কিংবা অশ্লীল ছবি-ভিডিও দেখায় অভ্যস্ত, তারা যেন রমজানের আগেই এসব কাজ থেকে ফিরে আসে এবং আল্লাহর কাছে তওবা করে নেয়। গিবত, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, চোগলখুরি, অহংকার ও কৃপণতার মতো গর্হিত কাজ অবশ্যই পরিত্যাগ করার অভ্যাস গড়ে তুলতে হবে। মহান আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন এবং রমজানের রোজাগুলো যথাযথভাবে পালনের তওফিক দান করুন।
আবু রুফাইদাহ রফিক: অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী
