দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে ক্ষমতায় আসায় আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে বিএনপি সরকারের। জুলাই সনদকে পাশ কাটিয়ে একরোখা এগিয়ে যাওয়ার মনোভাবে তা ভালোভাবে প্রকাশ পেয়েছে। ডিসেম্বর ঘিরে দেশকে অস্থিতিশীল করার আধিপত্যবাদী ষড়যন্ত্র প্রকাশ পাওয়ার পর দলটির সম্বিত ফিরেছে। জুলাইতে ফ্যাসিস্ট হাসিনা ও তার দল পরাস্ত হয়েছে। কিন্তু আধিপত্যবাদী শক্তি যে অটুট সেটি ভুলে গিয়েছিল বিএনপি। একটু দেরিতে হলেও প্রধানমন্ত্রী ঐক্যের ডাক দিয়েছেন। তবে তার দল ও সরকারের ভেতর থেকে কিছু সদস্যের জুলাইবিরোধী অবস্থান জাতীয় ঐক্যে বাধা তৈরি করছে। মাঠে তাদের ঘৃণা ও বিদ্বেষের চর্চা বন্ধ না হলে ঐক্যের ডাক সফল হবে না। জুলাইতে ‘পুলিশ হত্যা’ হাসিনার বয়ান। পুলিশ হত্যা নিয়ে কাল্পনিক গল্পগুজব আওয়ামী বাহিনী ছড়িয়েছে। সরকারের পক্ষ থেকে তথ্য-প্রমাণ দিয়ে সেই মিথ্যার মুখোশ উন্মোচন করা হয়েছে। ওই সময় ৪৪ জন পুলিশ হত্যার শিকার হয়েছিল। কোন পরিস্থিতিতে তারা প্রাণ হারিয়েছেন দেশবাসীসহ সবার কাছে সেটি পরিষ্কার। গর্ভবতী ‘নারী পুলিশ’ হত্যার দাবিটি ছিল ডাহা মিথ্যা। ডিসেম্বর ঘিরে দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালাচ্ছে, খোদ তার দলের এক নেতা ‘পুলিশ হত্যার’ বয়ান নতুন করে সামনে এনেছেন। আওয়ামী লীগের ভাষায় বক্তব্য দিয়ে তাদের দাবি প্রতিষ্ঠার অসৎ চেষ্টা চালিয়েছেন তিনি। আওয়ামী বয়ান প্রতিষ্ঠা দেয়ার ধূর্তামিকে কোনোভাবে স্লিপ অব টাঙ্ক বলার সুযোগ নেই। ফ্যাসিবাদী গোষ্ঠী পালিয়ে যাওয়ার পর থেকে তিনি তাদের মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তার প্রত্যেকটি কথা চিন্তাভাবনা ও বিশ্বাস আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে। এসব নিয়ে তার মধ্যে একবারের জন্যও অনুশোচনা দেখা যায়নি। জুলাইয়ের বিরুদ্ধে বিষোদ্গার করে তিনি অবস্থানে অটল আছেন। সর্বশেষ তিনি গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসের বৈধতাও উৎপাদন করেছেন। তিনি দাবি করেছেন থানা পুড়িয়ে দেয়া জুলাইয়ে ‘পুলিশ হত্যার’ চেয়ে গৌণ। জুলাইয়ের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণের মধ্যে জামায়াত ও শিবিরের বিরুদ্ধে পুরনো ঘৃণার চর্চাও তিনি চালু করেছেন। আওয়ামী ও ভারতীয় বয়ানের হুবহু অনুসরণ তিনি করছেন। তার সমালোচনা করলে তিনি তখন দলীয় প্রধানের সাথে তার গভীর সম্পর্ক ঢাল হিসেবে ব্যবহার করেন। তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার পদটি হারালেও তিনি আওয়ামী অনুকরণে জামায়াতকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য ও অপমানকর বাক্যবাণ মোটেও কমাননি। এ কাজ করতে গিয়ে মসজিদ মাদরাসা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েও চরম আপত্তিকর মন্তব্য করেছেন। সরকারি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে এমন ঘৃণা উৎপাদনকারী কথা চালিয়ে যেতে পারায় স্বভাবত প্রশ্ন উঠেছে, তার প্রতি এ ব্যাপারে শীর্ষ নেতৃত্বের সমর্থন রয়েছে। মুক্তিযুদ্ধকে পুঁজি করে তিনি যা খুশি বেপরোয়া বলে যাচ্ছেন। তিনি বহু পাক আর্মি হত্যা করেছেন। শত শত সদস্যকে আত্মসমর্পণে বাধ্য করেছেন। বহু রাজাকারকে খতম করেছেন। অসংখ্য বীরত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছেন ইত্যাদি। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ে নিজেকে নিয়ে তার বীরত্বগাথার বয়ান অন্য কোথাও পাওয়া যায় না। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সরকার চার শ্রেণীতে খেতাব দিয়েছে, তিনি তার কোথাও স্থান পাননি। স্থানীয় ইতিহাসে কোথাও তার নাম লেখা নেই। মুক্তিযুদ্ধে তার কোনো অবদানের কথা স্থানীয় মুক্তিযোদ্ধাদের কেউ জানেন না। মুক্তিযুদ্ধ নিয়ে আজগুবি গল্প বলে তিনি পুরো জাতির হাসির পাত্র হয়েছেন। দলমত নির্বিশেষে সবাই তাকে ‘ফজা পাগলা’ নামে ডাকে। জাতীয় ঐক্যের ডাক সফল করতে হলে পাগল সামলাতে হবে। এই তালিকায় আরো অনেকে আছেন। এদের একজন আম জনতা পার্টির তারেক রহমান। তিনি জুলাই শক্তিগুলোর মধ্যে ফাটল ধরাতে এমন কোনো বক্তব্য নেই তা দিচ্ছেন না। আওয়ামী লীগকে বলছেন জামায়াতের চেয়ে সহনশীল দল। বিএনপির মতো ভালো দল বলেও সার্টিফিকেট দিচ্ছেন আওয়ামী লীগকে। দলটির রাজনীতি উন্মুক্ত করে দেয়ার পক্ষেও সাফাই গাইছেন। ক্রমাগত মিথ্যাচার এবং জুলাই শক্তির বিরুদ্ধে গিয়ে তিনি আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে যাচ্ছেন। তার বক্তব্য আমলে নেয়ার কিছু ছিল না। কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে না থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কেউ দিলে ধর্তব্যের মধ্যে না নিলেও কিছু আসে যায় না। কিন্তু তাকে যখন প্রধানমন্ত্রী মূল্যায়ন করেন। কাছে ডেকে নেন। এমনকি জাপান সফরে সঙ্গী করেন, তখন তার বিষয়টি বড় ইস্যু হিসেবে সামনে এসে যায়। প্রশ্ন এসে যায়, তারেকের এ ধরনের মিথ্যা ভিত্তিহীন প্রচারণা প্রধানমন্ত্রী তারেক রহমান কি সমর্থন করছেন? প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যেও এমন লোক আছেন, যারা ক্রমাগত বিরোধী দলের শীর্ষ নেতাদের চরিত্র হনন করে চলেছেন। একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য ও ব্যক্তিগত অপমান করে বক্তব্য দিচ্ছেন। গণতন্ত্রে বিরোধিতা থাকবে। একে ওপরের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করবে। সেটি হবে পরস্পরের প্রতি সম্মান রেখে। এই উপদেষ্টা যেভাবে বিরোধী দলের শীর্ষ নেতার সমালোচনা করেছেন, সেটি গালিগালাজের পর্যায়ে পড়ে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার কারণে এগুলো অত্যন্ত দৃষ্টিকটু। এ ধরনের রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছিল হাসিনা। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ হাসিনার একদল পোষা বাহিনী ছিল। তারা প্রতিনিয়ত বিএনপি জামায়াত এবং বিরোধী নেতাদের বিরুদ্ধে জঘন্য ভাষায় বলতেন। বিশেষ করে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ক্রমাগত অশোভন বক্তব্য তারা দিতেন। বিরোধী দলকে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করার পটভূমি তারা হাসিনাকে তৈরি করে দিয়েছিলেন। তার ফলাফল শেষ পর্যন্ত হাসিনাকে দিল্লিতে তার প্রভুদের কাছে পালিয়ে যেতে হয়েছে। ইনু ও মেনন জেলে পচে মরছে। জুলাই-পরবর্তী বিএনপি সরকার কি পুরনো হাসিনার ঘৃণা ছড়ানো রাজনীতির পথে হাঁটছে, এমন প্রশ্ন উঠছে। জাতীয় ঐক্য তৈরি করতে হলে সরকারের পক্ষ থেকে বার্তা স্পষ্ট করতে হবে। এ বিষয়টি একেবারে পরিষ্কার হতে হবে, বাংলাদেশপন্থীদের তারা শত্রু গণ্য করবে না। তাদের সাথে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। সেটি কোনোভাবে সহ্যের সীমা অতিক্রম করবে না। সমস্যার সমাধানে সবাইকে একসাথে বসে কাজ করার মানসিকতা থাকতে হবে। জাতি হিসেবে টিকে থাকার জন্য সবার আগে নিজের শত্রু চিহ্নিত করার যোগ্যতা থাকতে হবে। তারপর সেই শত্রুকে দমনের কৌশল ও ক্ষমতা থাকতে হবে। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারছে না তার শত্রু চিহ্নিত করতে না পারার কারণে। সে বরাবর শত্রুকে মিত্রের মর্যাদা দিচ্ছে, মিত্রের সাথে করছে শত্রুর আচরণ। স্বাধীনতার অর্ধ শতাব্দী পরও তাকে তাই ধুঁকতে হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের পরেও সেই পুরনো চিত্র। হাজার হাজার মানুষের অকাতরে রক্তদানের পরও দেশের বন্দুকের নলটি যেন নিজের বিরুদ্ধে তাক করা আছে। যারা দেশের অস্তিত্বের বিরুদ্ধে তাদের জন্য মমতা ভালোবাসা, যারা দেশের পক্ষে দাঁড়াবে তাদের জন্য উপহাস ঠাট্টা ও নির্দয়তা। চব্বিশে রাস্তায় নামা মানুষ ফ্যাসিবাদ ও তার পৃষ্ঠপোষকদের তাড়িয়েছে। কিন্তু তাদের রেখে যাওয়া রাষ্ট্রযন্ত্র পালিয়ে যাওয়াদের পক্ষে অবস্থান নিয়েছে। এখানে দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বললে, রাষ্ট্রদ্রোহ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না, আশকারা দেয়া হয়। বর্তমান সরকারের সময়ে এমন অনেকগুলো ঘটনা ঘটেছে। বাংলাদেশকে ভাগ করার কথা প্রকাশ্যে বলা হয়েছে, ভারতের অংশ করে নেয়ার কথা বলা হয়েছে। যারা এসব জনপরিসরে বলে যাচ্ছেন তাদের বিরুদ্ধে সরকারের কোনো ব্যবস্থা নেই। আবার টকশোতে বসে হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে বলার পরও তাদের প্রতি সরকারের সমর্থন ব্যক্ত করা হচ্ছে। এ ধরনের সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে সরকারের শীর্ষমহল থেকে আপ্যায়নও করা হচ্ছে। জুলাইয়ের পক্ষের লোকদের ক্ষেত্রে ঘটছে উল্টো। ফ্যাসিবাদীদের রুখে দেয়ার জন্য মাঠে সক্রিয় থাকায় অনেকে জেলে গেছেন। তাদের কারো কারো জামিন মিলছে না। জুলাইয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া নূর মোহাম্মদ আয়াশ এমন একজন। আওয়ামী সন্ত্রাসীরা সারা দেশে মানুষের জানমালের ওপর হামলা করছে। তাদের যদি গণপ্রতিরোধ করা না হয়, রাষ্ট্র এই সন্ত্রাস মোকাবেলা করতে পারবে না। আয়াশ দলটির সন্ত্রাস দমনে মাঠে থেকে কাজ করেছেন। তিনি যখন জামিন পাচ্ছেন না, তখন গোপালগঞ্জে থানা গুঁড়িয়ে দিয়ে, জানমাল ক্ষতিগ্রস্ত করে আওয়ামীরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ষড়যন্ত্রের। এই ষড়যন্ত্র রয়েছে পুরোপুরি বায়বীয় অবস্থায়। সরকার তাকে আটক করে রেখেছে কবি রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেয়ার ষড়যন্ত্রের অভিযোগে। তিনি কালি লেপেছেন এই অভিযোগ নেই। ‘এর যড়যন্ত্র করেছেন’। সরকার যখন তার নিজের দলের লোকদের যারা হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে পারেনি, তখন এই ঠুনকো অভিযোগে মামলা, গ্রেফতার ও আটক করে রাখার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না। এটি কি জুলাইয়ের প্রতি বিমাতাসুলভ আচরণ নয়? জাতীয় ঐক্য মুখে উচ্চারণ করলেই সেটি বাস্তবায়িত হয়ে যাবে না। একে কার্যকর পর্যায়ে আনতে হলে সরকারকে তার কার্যক্রমে তার প্রতিফলন ঘটাতে হবে। মাঠে এই বার্তা থাকতে হবে- জুলাইয়ের শক্তির প্রতি সরকার আন্তরিক। সত্যিকার অর্থে তারেক রহমান সরকার তাদের আপন মনে করে। নির্বাচনে ভোট পাওয়া কিংবা সাময়িক সুবিধা পাওয়ার জন্য আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী এবং আধিপত্যবাদী শক্তিকে সরকার তোষণ করছে না এই বার্তা স্পষ্ট হতে হবে। তাহলেই জুলাইয়ের সব শক্তি এক মুহূর্ত দেরি করবে না ইস্পাতকঠিন জাতীয় ঐক্যে সাড়া দিতে। লেখক : সহকারী সম্পাদক, নয়া দিগন্ত