শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার। শিক্ষা মানুষের বিবেককে জাগ্রত ও প্রশস্ত করে। জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং ইতিবাচক অভ্যাস অর্জনের একটি চলমান প্রক্রিয়া হলো শিক্ষা। শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের অন্তর্নিহিত সুপ্ত প্রতিভা ও গুণের পূর্ণ বিকাশ ঘটিয়ে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও সততা অর্জনের মাধ্যমে ব্যক্তিকে স্বাধীন, চিন্তাশীল, নৈতিক, উৎপাদনশীল, আদর্শ ও সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা। ব্যক্তির জীবনযাত্রার মানোন্নয়ন, ক্রিটিক্যাল থিংকিং, ক্ষমতার বিকাশ, সামাজিকীকরণ এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখতে এবং সুনাগরিক হিসেবে তৈরি করতে শিক্ষার অপরিসীম ভূমিকা রয়েছে। এককথায় শিক্ষা সমাজ থেকে দূর করে দেয় যাবতীয় কুসংস্কার।

এজন্য একটি সুখী-সমৃদ্ধ এবং সম্ভবনাময় জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। যেকোন জাতির উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শিক্ষা। তাই সঠিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা সবসময় আদর্শ জাতি গঠনের প্রধান হাতিয়ার হিসাবে গণ্য হয়ে আসছে। অন্যদিকে, সুশিক্ষা হলো মানুষের মধ্যে নৈতিকতা, বিবেক, মানবিকতা এবং সততার চর্চা জাগিয়ে তোলে, যার মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা যায়। শিক্ষা মানুষকে দক্ষ করে, আর সুশিক্ষা মানুষকে ভালো মানুষ বানায়। ব্যক্তি শুধু শিক্ষিত নয়, তিনি যদি উচ্চ শিক্ষিতও হন তাহলেও তিনি অসাধু হতে পারেন, কিন্তু একজন সুশিক্ষিত ব্যক্তি কখনোই অনৈতিক কাজ করতে পারেন না। এক কথায় শিক্ষা যদি নৈতিকতার সাথে না মেশে, তবে তা কখনো সুশিক্ষা নয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা আদতে শিক্ষিত কিংবা সুশিক্ষিত কোন প্রকার শিক্ষায় জাতিকে গড়ে তুলতে পারছে না। দেশে শিক্ষার মান এতটা তলানিতে গিয়ে ঠেকছে যেটা বিশ্বের সাথে তাল মেলাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। বেশ কিছু কারণে দেশের শিক্ষা ব্যবস্থায় এমন অবস্থা বিরাজ করছে।

একথা জোর দিয়ে বলা যায় যে, করোনা পরবর্তী দেশের শিক্ষা ব্যবস্থার যে অপূরণীয় ক্ষতি সেটিকে কাটিয়ে ওঠা যায়নি আজো। বিগত সরকারের দীর্ঘ শাসনামলে শিক্ষা ব্যবস্থার উন্নতির পরিবর্তে প্রতি বছর পাশের হার বাড়িয়ে, জিপিএ’র সংখ্যা বাড়িয়ে শিক্ষাকে অনেক বেশি অপমানিত করা হয়েছে। ২০০১ সালে মাধ্যমিক এবং ২০০৩ সালে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা পদ্ধতিতে নতুনভাবে চালুকৃত লেটার গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশ, শিক্ষাব্যবস্থায় আলাদা মাত্রা যোগ করলেও সময়ের পরিক্রমায় লেটার গ্রেডিং পদ্ধতির প্রকৃত উদ্দেশ্য সাধিত হয়নি। লেটার গ্রেডিং পদ্ধতি প্রথম দিকে শিক্ষা পদ্ধতিতে একটা আলাদা গুরুত্ব এনে দিলেও পরবর্তীতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।

গণহারে ‘এ+’, মাত্রারিক্ত পাশের হার লেটার গ্রেডিং পদ্ধতির মহৎ উদ্দেশ্যকে অনেকটা ম্লান করে দিয়েছে। এ+ পাওয়ার সাথে সাথে যদি শিক্ষার গুণগত মান বাড়ত তাহলে কথা ছিল না। বরং হয়েছে উল্টোটা। অর্থাৎ শিক্ষার মান না বেড়ে শুধুমাত্র খাতা কলমে শিক্ষার্থীদের ভালো ফলের পরিসংখ্যান বাড়ানো হয়েছে। ফলে, যা হওয়ার তাই হয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রাথমিক স্তর পেরুনো শিশুদের প্রায় অর্ধেকেরই বেশি সংখ্যক ইংরেজিতে শুদ্ধ করে একটি সরল বাক্য লিখতে পারে না। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষাগুলোতে সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে পাশ করার মতো ন্যূনতম নম্বর পাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রায়শই বলে থাকেন, গত ১০-১৫ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মান নি¤œগামী। এসকল ফলাফল এমনটাই ইঙ্গিত দিচ্ছে যে, পাশের হারও ভালো ফলাফলের হার বাড়িয়ে প্রকৃতপক্ষে শিক্ষাকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই বেহাল দশা থেকে শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার অতীব জরুরি।

একথা বলতেই হয় যে, ২৪ এর জুলাই পরবর্তী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে অবস্থান নিয়েছে রাজপথে। বহুবার এমন হয়েছে যে, বিভিন্ন পাবলিক পরীক্ষায় অটোপাস, শর্ট সিলেবাস, পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়াসহ বহু অযৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে আন্দোলনে বেশি সময় পার করতে দেখা গেছে। শিক্ষার্থীদের শিক্ষার পেছনে ব্যয়িত সময় অপেক্ষা নানান অযৌক্তিক দাবির পেছনে অধিকাংশ সময় ব্যয় করতে দেখা গেছে। শিক্ষার্থীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একের পর এক সংঘর্ষ-মারামারিতে জড়িয়েছে। অনেক সময় দেখা গেছে যে, শিক্ষার্থীদের বেপরোয়া আচরণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্র বিশৃঙ্খল ও নিয়ন্ত্রণহীন অবস্থা বিরাজ করেছে।

এক কথায় পান থেকে চুন খসলেই শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। বাস্তব উদাহরণ হিসেবে, কিছুদিন পরপরই সাইন্সল্যাব এলাকায় ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষকে উল্লেখ করা যায়। ওই সংঘর্ষে কখনো ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে আনছে, কখনো আবার সিটি কলেজে গিয়ে হামলা করে ঢাকা কলেজের নামফলক ভেঙে নিয়ে আসছে। সিটি কলেজের শিক্ষার্থীরা আবার ঢাকা কলেজ, আইডিয়াল কলেজের ড্রেস পরা যাকে পাচ্ছে তাকেই বেধড়ক পেটাচ্ছে। হামলার তীব্রতায় সাধারণ পথচারী থেকে শুরু করে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করে। পরিস্থিতি এমন হয়েছে যে, শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রধান বা প্রশাসন, ভিসি বা চেয়ারম্যানকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা করেছে।

বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে অনেকটা স্থবির হয়ে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হাসাহাসির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। তাদের এই বেপরোয়া আচরণের জন্যই একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। বিভিন্ন শিক্ষাঙ্গনে সংকট সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের এমন প্রতিহিংসাপরায়ণ মানসিকতা থেকে বের হতে না পারলে দেশের শিক্ষা ব্যবস্থায় কখনো উন্নতি আসবে না, সেটা সহজেই বোঝা যায়। এই অবস্থা থেকে শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে ফিরিয়ে আপন পাঠে মনোনিবেশের পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরকে তাঁদের উপর অর্পিত নৈতিক দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। শিক্ষকতার মত মহান পেশাকে স্বতঃস্ফূর্তভাবে কাজে লাগিয়ে বর্তমানে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা থেকে উত্তরণে সার্বিক সহযোগিতার মনোভাব পোষণ করতে হবে। সরকারের গৃহীত সকল পজেটিভ পদক্ষেপকে যথাযথভাবে বাস্তবায়নে সাহায্য করতে হবে। অনুধাবন করতে হবে যে, শিক্ষা ব্যতীত একটি সুন্দর, সমৃদ্ধ ও প্রগতিশীল জাতি গঠন আদৌ সম্ভব নয়। এজন্য এখন শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার অতীব জরুরি। সুচিন্তিত এবং সুদূরপ্রসারী চিন্তার আলোকে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে শিক্ষা খাতের পুনর্গঠনে দ্রুততম কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এক্ষেত্রে আমরা জাপানের পরিবর্তনের বিষয়টা বিবেচনায় নিতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পৃথিবীর অন্যতম দুর্ধর্ষ ও নৃশংস জাতি হিসেবে কুখ্যাতি লাভ করে। কিন্তু বর্তমানে তারা পৃথিবীর অন্যতম উন্নত ও ভদ্র জাতি হিসেবে সুবিদিত। তাদের এ কুখ্যাতি থেকে সুখ্যাতিতে রূপান্তরটা এমনি এমনি সংঘটিত হয়নি। এটা রাতারাতিও ঘটেনি। বিশ্বযুদ্ধের পর জাপান প্রথমে তার মানুষগুলো পরিবর্তনের উদ্যোগ নেয়। বয়স্ক শিক্ষিত মানুষ সাধারণত পরিবর্তিত হয় না। তাই বয়স্ক শিক্ষিত মানুষকে পরিবর্তন করে নিয়ে, তাদের দিয়ে প্রতিষ্ঠান, সমাজ ও দেশ পরিবর্তন করা অত্যন্ত দুরূহ কাজ। এ বিশ্বাস থেকেই হয়তো জাপান রাষ্ট্রের ভবিষ্যৎ চালক বা শিক্ষার্থীদের আকাক্সিক্ষত নাগরিকে রূপান্তরের জন্য ব্যাপক পরিকল্পনা হাতে নেয়।

একটা উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা কাজটি সম্পন্ন করে। আমেরিকান মডেল অনুসরণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। শিক্ষাক্রম থেকে সম্রাটপূজা ও সামরিকতাবাদ বাদ দিয়ে গণতন্ত্র, শান্তি, সহযোগিতা, নৈতিকতা, গণিত, বিজ্ঞান ও সামাজিক জ্ঞান ও দক্ষতা অন্তর্ভুক্ত করা হয়। নয় বছর পর্যন্ত বিনামূল্যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েদের শিক্ষাকেও সমান গুরুত্ব দেয়া হয়। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দক্ষতা ও সদাচরণের ওপর গুরুত্ব দেয়া হয়। শিশুদের আত্মনির্ভরশীল, গণতান্ত্রিক মনোভাবসম্পন্ন, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। উচ্চশিক্ষায় দেশের বাস্তব চাহিদার নিরিখে গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরুত্ব দেয়া হয়। ফলাফলটা রাতারাতি পাওয়া যায়নি। তবে তাদের ধৈর্য ও দূরদর্শিতা ছিল। তাই তৎক্ষণাৎ পরিবর্তন না এলেও সামনের দিনে যে পরিবর্তন আসবে এ ব্যাপারে তারা নিশ্চিত ছিল এবং পরবর্তীতে জাপান এই পদক্ষেপের ফলও পেয়েছে।

দেশ ও জনগণের প্রতি প্রতিশ্রুতি ও মমত্ববোধকে প্রাধান্য দেওয়া উচিত। উন্নত দেশ গড়তে হলে আগে চাই উন্নত শিক্ষা ব্যবস্থা। আর উন্নত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হলে চাই বাস্তবভিত্তিক জাতীয় চাহিদা নিরূপণ, পরিকল্পনা, প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ ও তার সদ্ব্যবহার। ইউনেস্কোর সুপারিশ মতে, যেকোন দেশের শিক্ষা খাতে সেদেশের মোট জিডিপির ৪-৬ শতাংশ ব্যয় করা উচিত। উন্নত দেশগুলো সেটাই করে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে, বিশ্বের যে ১০টি দেশ অর্থনীতির আকারের তুলনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়, বাংলাদেশ তার অন্যতম। শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ব্যয় সর্বনি¤œ। শিক্ষা খাতে ভুটান ব্যয় করে জিডিপির প্রায় ৬.৬ শতাংশ, ভারত ৪.১ থেকে ৪.৬ শতাংশ, আফগানিস্তান ৪.১ শতাংশ, পাকিস্তান ২.৯ শতাংশ এবং বাংলাদেশ ১.৯ থেকে ২.৩ শতাংশ ব্যয় করে। এটা সত্য যে, বাংলাদেশ নানা সংকটে জর্জরিত, আমাদের অর্থনীতি এখনো যথেষ্ট সবল নয়। আমরা চাইলেও সব খাতে প্রয়োজনীয় বরাদ্দ দিতে পারব না। কিন্তু শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে না পারলে দেশের কোনো খাতেরই উন্নয়ন সম্ভব হবে না। কারণ, সব খাতের যারা নিয়ন্ত্রণকারী বা চেঞ্জমেকার, তারা তৈরি হন দেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। ফলে সত্যিকার অর্থে, দেশ পরিবর্তন করতে চাইলে আগে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। নতুন সরকারের নির্দিষ্ট দপ্তরকে এই বিষয়ে সোচ্চার হতে হবে।

অপ্রয়োজনীয় পরীক্ষা বাতিল করে শিক্ষার নামে বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে। সুচিন্তিত এবং সুদূরপ্রসারী চিন্তার আলোকে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে শিক্ষা খাতের পুনর্গঠনে দ্রুততম কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপ্রয়োজনীয় পরীক্ষা বাতিল করে শিক্ষার নামে বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চা করার সুযোগ দিতে হবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সার্বিক সুবিধাদি বিবেচনায় আনতে হবে। শিক্ষকদের বেতন-ভাতা, সামাজিক সুবিধা ও মর্যাদা যাতে বৃদ্ধি পায় সেদিকে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি দিতে হবে। শিক্ষকরা যাতে হতাশাগ্রস্ত না হয়ে উৎফুল্লের সাথে শিক্ষকতার পেশাকে বেছে নেয়, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। তবেই শিক্ষা পদ্ধতিতে উন্নতি সম্ভব হবে। দিন দিন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের মধ্য দিয়ে বিশ্ব এগিয়ে যাচ্ছে তড়িৎ গতিতে। সবকিছুর সাথে তাল মেলাতে আমাদেরও এগিয়ে যেতে হবে। বিশ্বের সাথে তাল মেলাতে শিক্ষাক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন আনাটা আবশ্যক। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, সকল পরিবর্তন যেন অর্থবহ হয়। পরিবর্তিত বিশ্বের সঙ্গে সমানতালে চলার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে তা অবশ্যই নিশ্চিত করতে হবে। একটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজন পর্যাপ্ত গবেষণা। প্রয়োজন শিক্ষাবিদ ও শিক্ষা গবেষকদের মতামত নেওয়া। হুটহাট করে পরিতবর্তন কখনো ভালো ফল বয়ে আনে না। কারণ, একটি সিদ্ধান্তের সাথে জড়িত লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যত। আগে-পরে কোন কিছু না ভেবে লাখ লাখ শিক্ষার্থীর উপর একটি বিষয় চাপিয়ে দিয়ে তাদের ভবিষ্যত নিয়ে অবহেলা করার অধিকার কারো নেই।

লেখক: গবেষক ও কলামিস্ট।

ajoymondal325@yahoo.com