বাংলাদেশে বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যার বিচারহীনতার রক্তমাখা ইতিহাস আমাদের সামনে জ্বলজ্বল করছে। সাংবাদিকতা শুধু পেশাগত সংকট নয়, সরাসরি অস্তিত্ব সংকটে দাঁড়িয়ে আছে। সম্প্রতি অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন ২০২৬ । সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের ঐক্যের ডাক এসেছে এ সম্মেলনে। সাংবাদিকদের রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে এ দেশে সাংবাদিক হত্যা করা যায়, ভিন্নমত দমন করা যায়, অর্ধশতাব্দী পর এসেও স্বাধীনতার পক্ষ-বিপক্ষের দেওয়াল টানা যায়, গণমাধ্যমে আগুন দেওয়া যায়, কিন্তু অপরাধীদের বিচার দৃশ্যমান হয় না, রাষ্ট্র যেন নির্বিকার দর্শক।\r\nবাংলাদেশে সাংবাদিকদের হুমকি ধমকি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা সাংবাদিক নেতাদের ব্যর্থতার ফসল। রাষ্ট্রের দায়ও কোনো অংশে কম নয়।
স্বাধীনতার পর সরকার বদলের সঙ্গে শাসনব্যবস্থা বদলেছে, কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার কোনো রাজনৈতিক সদিচ্ছা ঘটেনি। গণমাধ্যম সম্মিলনে উঠে আসা বক্তব্যগুলো স্পষ্ট করে দেয় রাষ্ট্র সাংবাদিকতাকে প্রয়োজন মনে করে কেবল বিরোধী দলে থাকাকালে। ক্ষমতায় গেলে স্বাধীন সাংবাদিকতা হয়ে ওঠে প্রতিপক্ষ। এ সম্মিলনে বাংলাদেশের অন্যতম প্রবীণ ও লাল গোলাপ খ্যাত সাংবাদিক শফিক রেহমান প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, আপনাদের বুঝতে হবে, নয়াদিগন্ত ও সংগ্রাম যখন আক্রান্ত হয়েছিল, তখন আপনারা কোনো কথা বলেননি। \r\nআমরা মনে করি, যখনই কোনো গণমাধ্যম সরকারি দলের বিতর্কিত বিষয়ে চ্যালেঞ্জ জানাতে পারে না, তখনই ওই গণমাধ্যম জাতিকে পথ দেখানোর নৈতিকতা হারায় এবং জনগণ ফুঁসে ওঠে।
গণমানুষের হৃদয় থেকে শুরু হয় দালাল তকমা দেওয়া। দেশের জনগণ ভুলে যায়নি, একাধিক গণমাধ্যম কর্তৃক জঙ্গি তকমা দিয়ে তরুণদের হত্যার বিচারহীনতার কথা। এগুলো দেশি কিংবা বিদেশি- কাদের ইঙ্গিতে হয়েছে গণমাধ্যমকে তা বের করে আনতে হবে। তা না হলে গণমাধ্যমের প্রতি জনরোষ থেকেই যাবে। প্রতিটি গণমাধ্যমকে জনগণের কণ্ঠে পরিণত হতে হবে। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক ভাবনায় সোনার বাংলাদেশ গড়তে রাখতে হবে অগ্রণী ভূমিকা। সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে বছরের পর বছর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সংস্কার কমিশনও খসড়া দিয়েছে। কিন্তু আইন হয়নি। কেন? কারণ, স্বাধীন সাংবাদিকতা রাষ্ট্রযন্ত্রের জন্য অস্বস্তিকর।
অথচ সংবিধানেই স্বাধীন গণমাধ্যমকে বিশেষ সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে।\r\n২০১২ সালে সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংবাদিকদের দলবাজি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৪ নভেম্বর ২০২৪- এ এক সেমিনারে বলেন, সাংবাদিক সমাজের মধ্যে বিভাজন ও রাজনৈতিক দলগুলোর প্রভাবের ফলে অনেক সাংবাদিক নেতাদের পকেটে ঢুকে পড়ছেন এবং নিজ উদ্যোগেই রাজনৈতিক পক্ষপাতিত্বে জড়িয়ে পড়ছেন। রাজনৈতিক দলগুলো আসলে সাংবাদিকদের পকেটে নিতে চায় না; বরং সাংবাদিকরা নিজ থেকেই কখনো-কখনো রাজনৈতিক গ্রাসে চলে গিয়ে নিজেদের পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে দাঁড়ান। যা পেশাগত স্বাধীনতা ও ন্যায্য সাংবাদিকতা বিকাশে বাধা সৃষ্টি করছে। সাংবাদিকদের ভুলে গেলে চলবে না, চাটুকারিতা করে সুযোগ-সুবিধা নেয়া যায়, কিন্তু সাংবাদিকতার মতো মহান পেশায় টিকে থাকা যায় না। সাগর-রুনি হত্যার বিচার না হওয়া মানে শুধু দুটি জীবন হত্যার বিচার না হওয়া নয়; এটি বাংলাদেশে সত্য অনুসন্ধানী সাংবাদিকতার ওপর রাষ্ট্রীয় ব্যর্থতার সিলমোহর। যতদিন এ হত্যাকাণ্ডসহ সব সাংবাদিক হত্যার বিচার না হবে, ততদিন গণতন্ত্র, নির্বাচন, সংস্কার সবই কাগুজে বয়ান হয়ে থাকবে।
