অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের জন্য উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং কর্মসংস্থান নিবিড় কৌশল প্রণয়নের মাধ্যমে মানুষের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি করতে হবে। প্রথমত, বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা দরকার। এর মূল ধারণা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে—এমন কোনো নিশ্চয়তা নেই। কর্মসংস্থানবান্ধব অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য উপযুক্ত নীতিমালার মাধ্যমে প্রবৃদ্ধির কাঠামো ও সংগঠনকে প্রভাবিত করতে হবে। প্রবৃদ্ধির ফলে কর্মসংস্থান সৃষ্টি করার পরিবর্তে কর্মসংস্থানকে প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ প্রবৃদ্ধিনির্ভর কর্মসংস্থানের পরিবর্তে কর্মসংস্থাননির্ভর প্রবৃদ্ধির কৌশল গ্রহণ করা যেতে পারে।

নীতিমালার লক্ষ্য হতে হবে কর্মসংস্থানের কাঠামোকে এমনভাবে পরিবর্তন করা, যাতে দরিদ্র জনগোষ্ঠীকে নিয়োগ দেয় এমন খাতগুলোর গুরুত্ব বৃদ্ধি পায়। একই সঙ্গে ব্যবহৃত প্রযুক্তিকে শ্রমঘন হতে হবে। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসংস্থান সৃষ্টির জন্য নীতিমালার মাধ্যমে প্রবৃদ্ধির কর্মসংস্থান স্থিতিস্থাপকতাকে প্রভাবিত করার পদক্ষেপ নিতে হবে।

এমন কার্যকর ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে, যার মাধ্যমে কোনো কোনো খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে অর্জিত সুফল অন্য খাতগুলোতে শ্রমের চাহিদা বৃদ্ধিতে রূপান্তরিত হয়। স্বনিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাদের উৎপাদিত পণ্যের চাহিদা বাড়ে, যা শ্রমের চাহিদাও বাড়ায়। এ প্রক্রিয়ায় উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে উপকরণের ব্যয় কমে আসে। ফলে মুনাফা বৃদ্ধি পায়, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয় এবং অতিরিক্ত কর্মী নিয়োগ করা সম্ভব হয়।

দ্বিতীয়ত, নারী ও যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। কর্মসংস্থান নিবিড় কৌশল বাস্তবায়নের জন্য নারী ও যুবসমাজের শ্রমবাজারে কম অংশগ্রহণ এবং বেকারত্বের সমস্যার সমাধান করা জরুরি। নারীদের কর্মসংস্থানের পথে প্রধান প্রতিবন্ধকতাগুলোর মধ্যে রয়েছে: অপর্যাপ্ত পরিবহন অবকাঠামো, কর্মক্ষেত্রে প্রবেশের আগেই বিদ্যমান অসুবিধা, যেমন নারীপুরুষ বৈষম্য, তথ্য, যোগাযোগ ও অর্থ স্থানান্তরের সুবিধার অপর্যাপ্ততা, সীমিত শিক্ষাগত অর্জন অথবা শিক্ষার সুযোগের সম্পূর্ণ অভাব, শ্রমবাজারে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় দরকষাকষির দক্ষতার অভাব।

তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা একটি গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ হতে হবে। এক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে তরুণদের দক্ষতার সঙ্গে শ্রমবাজারের চাহিদার সমন্বয় সাধন করতে হয়। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো পরিবর্তিত অর্থনৈতিক কাঠামোতে তরুণদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধির জন্য তাদের দক্ষতাকে নতুনভাবে বিন্যস্ত ও উপযোগী করে তোলার ওপর গুরুত্ব দেয়া। তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ অনুসন্ধান করতে হবে এবং তরুণদের জন্য সহায়তা প্যাকেজের ব্যবস্থা করতে হবে, যাতে তাদের সৃজনশীলতা উৎপাদনশীল কর্মকাণ্ডে কাজে লাগানো যায়।

তৃতীয়ত, অনানুষ্ঠানিক কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এর মধ্যে অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানে স্বনিয়োজিত কর্মসংস্থান এবং অনানুষ্ঠানিক কাজে মজুরিভিত্তিক কর্মসংস্থান অন্তর্ভুক্ত। অনানুষ্ঠানিক কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেয়া যৌক্তিক, কারণ এ খাত উল্লেখযোগ্য সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করে এবং মানুষের আয়ের উৎস হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ সাব-সাহারান আফ্রিকায় এ খাত মোট কর্মসংস্থানের তিন-চতুর্থাংশ বা তারও বেশি জোগান দেয় এবং গড়ে ওই অঞ্চলের মোট জাতীয় উৎপাদনের ৪২ শতাংশ সৃষ্টি করে।

নারী-পুরুষের বৈষম্যের দৃষ্টিকোণ থেকেও এ খাতের ওপর গুরুত্ব দেয়া যৌক্তিক। তাছাড়া কর্মরত দরিদ্র জনগোষ্ঠীর অধিকাংশই অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। উদাহরণস্বরূপ সাব-সাহারান আফ্রিকায় কৃষিবহির্ভূত কর্মসংস্থানে নিয়োজিত নারীদের ৮৪ শতাংশ অনানুষ্ঠানিকভাবে কর্মরত, যেখানে পুরুষদের ক্ষেত্রে এ হার ৬৩ শতাংশ। অন্য সব কারণ বাদ দিলেও অন্তত দুটি কারণে অনানুষ্ঠানিক অর্থনীতির ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন। প্রথমত, ন্যায্যতার প্রশ্ন। অনানুষ্ঠানিক শ্রমিকরা যথাযথ সুরক্ষার অভাবে ভোগেন এবং তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার মানও নিম্ন। দ্বিতীয়ত, অনানুষ্ঠানিক শ্রমিকরা সামাজিক নিরাপত্তা, বীমা কিংবা পেনশন সুবিধা পান না, ফলে তারা অর্থনৈতিক অভিঘাতের মুখে অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন।

অনানুষ্ঠানিক শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের লক্ষ্য করে গৃহীত নীতিমালা যেকোনো অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান সৃষ্টির কৌশলের কেন্দ্রে থাকা উচিত। এক্ষেত্রে যথাযথ নীতিগত পদক্ষেপের মধ্যে নিয়ন্ত্রণমূলক, সুরক্ষামূলক ও উন্নয়নমূলক ব্যবস্থার সমন্বয় থাকতে হবে। ফলে আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনও অপরিহার্য। স্বনিয়োজিত কর্মসংস্থান অনেকাংশে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোগের অনুকূল ব্যবসায়িক পরিবেশের ওপর নির্ভরশীল। দরিদ্র স্বনিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রে দারিদ্র্য হ্রাস নির্ভর করবে শিক্ষা লাভের সুযোগ, তাদের উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি, উৎপাদনশীলতার উন্নয়ন অথবা উৎপাদন উপকরণের ব্যয় হ্রাসের ওপর।

চতুর্থত, সরকারি কর্মসংস্থান কর্মসূচির ওপর গুরুত্ব দিতে হবে। অনেক ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির জন্য সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উদ্যোগ গ্রহণের প্রয়োজন হয়। আবার সংকট ও জরুরি পরিস্থিতিতে যেমন অর্থনৈতিক অভিঘাত, সংকট-পরবর্তী পুনরুদ্ধার কিংবা প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী সময়ে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি অপরিহার্য হয়ে ওঠে। এ ধরনের কর্মসূচি সামাজিক সুরক্ষার ব্যবস্থা হিসেবেও কাজ করতে পারে। এসব পরিস্থিতিতে শ্রমঘন পদ্ধতিতে পরিচালিত সরকারি কর্মসংস্থান কর্মসূচি অত্যন্ত কার্যকর হয়ে ওঠে। ভারতের গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচি (রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম) একটি লক্ষ্যভিত্তিক উদ্যোগ, যার মাধ্যমে এ পর্যন্ত ১১ কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। একইভাবে পরিবেশ পুনর্বাসনমূলক প্রকল্প—যেমন পুনঃবনায়ন, স্যানিটেশন কেন্দ্র নির্মাণ, গ্রামীণ সড়ক নির্মাণ এবং পানির কূপ খনন—কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করতে পারে। একই সঙ্গে এসব উদ্যোগ মানব উন্নয়নের অন্যান্য লক্ষ্য অর্জনেও অবদান রাখে।

কর্মসংস্থানযোগ্যতা বাড়াতে দক্ষতা ও মানবসম্পদের উন্নয়ন ঘটাতে হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রাখে। নিরক্ষরতা এবং শ্রমবাজারের বর্তমান চাহিদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ দক্ষতা দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানযোগ্যতাকে সীমিত করে। সরকারি স্বাস্থ্য কর্মসূচির উন্নয়ন ও সম্প্রসারণও সম্ভাব্য কর্মীদের মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে। মানবসম্পদের গুণগত মানের উন্নয়ন কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধির অন্যতম প্রধান নির্ধারক। বর্তমান বিশ্বের বাস্তবতা ও গতিশীলতার পরিপ্রেক্ষিতে বিকাশমান তথ্যভিত্তিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি ও বিজ্ঞান শিক্ষার মাধ্যমে দক্ষতা উন্নয়ন করতে হবে। উদ্ভাবন ও সৃজনশীলতায় অবদান রাখার জন্য উচ্চ শিক্ষাকেও উৎসাহিত করা উচিত।

দ্বিতীয়ত, শ্রমবাজারের প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। কর্মসংস্থানের সম্প্রসারণে বিদ্যমান বাধা দূর করা এবং শ্রমবাজারে প্রবেশাধিকার উন্নত করা না গেলে বর্ধিত দক্ষতা ও উন্নত মানবসম্পদ যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে না। শারীরিক অক্ষমতার মতো সরবরাহ-পক্ষীয় প্রতিবন্ধকতাগুলো মোকাবেলার জন্য শিক্ষা ও জনস্বাস্থ্যসেবা উন্নত এবং সম্প্রসারিত করতে হবে। এসব সেবার উন্নয়ন ও সম্প্রসারণ নিজেও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। উচ্চ মজুরি নয়, বরং নিম্ন উৎপাদনশীলতার মাত্রাই আফ্রিকার অর্থনীতিগুলোকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে প্রতিকূল অবস্থানে রাখে। অপর্যাপ্ত অবকাঠামোগত সেবা ও অর্থায়নের সীমাবদ্ধতার মতো দীর্ঘস্থায়ী সরবরাহ-পক্ষীয় প্রতিবন্ধকতাগুলো সম্ভবত আরো বেশি গুরুত্বপূর্ণ।

শুধু কর্মসংস্থানের সংখ্যা বাড়ালেই মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে—এমনটি আশা করা যায় না। মজুরি বৃদ্ধি এবং কর্মপরিবেশের উন্নয়নও অপরিহার্য। তবে এসব অর্জন অনেকাংশে নির্ভর করে শ্রমিকদের অধিকার যথাযথভাবে সম্মান করা হচ্ছে কিনা তার ওপর। এজন্য বিভিন্ন শ্রমিক সংগঠনের মাধ্যমে শ্রমিকদের নিজেদের দরকষাকষির ক্ষমতা প্রয়োগের সুযোগ থাকতে হবে। কর্মরত দরিদ্র জনগোষ্ঠীর জন্য সংগঠন গঠন ও যৌথ দরকষাকষির অধিকার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দারিদ্র্য হ্রাসে রূপান্তরিত করার একটি মৌলিক হাতিয়ার।

পরিশেষে বলা যায়, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে কিংবা কোনো প্রেক্ষাপট ছাড়াই অর্জিত হয় না। এর জন্য প্রয়োজন সুপরিকল্পিত, সুচিন্তিত এবং যথাযথভাবে বাস্তবায়িত পদক্ষেপ। অন্যথায় অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারণাটি কেবল কথার কথায় পর্যবসিত হবে এবং এর কোনো বাস্তব কার্যকারিতা থাকবে না।

সেলিম জাহান : অর্থনীতিবিদ ও ভূতপূর্ব পরিচালক, মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর এবং দারিদ্র্য দূরীকরণ বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র