আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্কবার্তা দিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়ে সরকার গঠন করবে তাদের জন্য অর্থনীতিতে এক অশনি সংকেত অপেক্ষা করছে। নতুন সরকারের প্রথম ১২-১৮ মাস হবে নির্ণায়ক সময়। এই সময়ের মধ্যে রাজস্ব আহরণ, ব্যাংক খাত, মুদ্রানীতি, বিনিময় হার ও শাসনব্যবস্থায় দৃঢ় সংস্কার না হলে স্থায়ী পুনরুদ্ধার অসম্ভব হয়ে উঠতে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো বৈষম্য ও অন্তর্ভুক্তির সংকট। আইএমএফ দেখিয়েছে, রাজনৈতিক অংশগ্রহণে বাধা ও অর্থনৈতিক সুযোগের অসম বণ্টন একে অন্যকে শক্তিশালী করেছে বিগত সময়ে। এর ফলে মূল্যস্ফীতির বোঝা সবচেয়ে বেশি পড়েছে নিম্ন আয়ের মানুষের ওপর। অতএব সামাজিক সুরক্ষা কর্মসূচিকে কাগুজে তালিকা নয়, সামাজিক বাস্তবতার আলোকে দরিদ্রবান্ধব করতে হবে।

ভর্তুকি খাতে অপচয় বন্ধ করে লক্ষ্যভিত্তিক সহায়তা বাড়ানো এখন আর নীতিগত বিলাসিতা নয়, এটি অর্থনৈতিক সুরক্ষার টেকসই রূপ। রাজস্ব খাতে দুর্বলতা রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং নতুন সরকারের সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা। দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন কর-জিডিপি অনুপাত কোনো উন্নয়নশীল রাষ্ট্রের জন্য লজ্জাজনক বাস্তবতা। কর কাঠামো সরলীকরণ, ভ্যাট ও আয়কর ব্যবস্থার আধুনিকায়ন এবং ভর্তুকির যৌক্তিক করণ, এসব পদক্ষেপ রাজনৈতিকভাবে অজনপ্রিয় হলেও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিজয়ী দল বা জোট সাহসী সিদ্ধান্ত না নিতে পারলে রাষ্ট্র নিজেই নিজের উন্নয়নের পথ রুদ্ধ করবে।\r\nব্যাংক খাতের সংকট আরও গভীর। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূলধন ঘাটতি, খেলাপি ঋণ ও পাচার হওয়া অর্থ অর্থনীতির শিরায় শিরায় বিষ ঢেলে দিচ্ছে প্রতিনিয়ত।

এখানে অর্ধেক সংস্কার নয়, দেশের আর্থসামাজিক ও বৈশ্বিক বাস্তবতার আলোকে একটি পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য পুনর্গঠন প্রয়োজন। দুর্বল ব্যাংকে নির্বিচার তারল্য দেওয়া বন্ধ করা এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর স্বায়ত্তশাসন নিশ্চিত না করলে সংশ্লিষ্টদের আস্থা ফিরবে না। আমরা মনে করি, আইএমএফের আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হলো সংকোচনমুখী মুদ্রানীতি এখনো প্রয়োজনীয়। কারণ, মূল্যস্ফীতি সরাসরি জনগণের ক্রয়ক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে বিনিময় হারকে আরও বাজারভিত্তিক ও স্বচ্ছ করতে হবে। ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে একটি বিষয় স্পষ্ট হয়েছে- ২০২৪-এর গণ-অভ্যুত্থান শুধু রাজনৈতিক পটপরিবর্তনের দাবি ছিল না; এটি ছিল একটি নতুন সামাজিক বিপ্লবের আহ্বান। \r\nনতুন নির্বাচিত সরকার যদি সেই আহ্বান উপেক্ষা করে সংস্কারে গড়িমসি করে পুরানো পথেই হাঁটতে চায়, তবে শুধু অর্থনীতিরই ক্ষতি হবে না, বরং ফ্যাসিবাদ নতুন মোড়কে ফিরে আসতে পারে। আমরা মনে করি, সংস্কারের সাহস দেখানোই এখন রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে বড় দেশপ্রেম। আইএমএফের আর্টিকেল- ফোর রিপোর্ট মূলত একটি বার্তাই দিয়েছে, সংস্কার বিলম্বিত হলে অর্থনৈতিক পুনরুদ্ধার শুধু থেমে যাবে না, বরং সামাজিক অস্থিরতা আরও গভীরতর হতে পারে।