নববর্ষে নতুন শ্রেণিতে নতুন বই, শিক্ষানুরাগী কিশোর-তরুণদের মাঝে ঢেউ তোলে আনন্দের। তবে প্রতি বছর জানুয়ারি মাসে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে এক বেহাল দশার অবতারণা হয় দেশে। বর্ষপঞ্জীতে আর মাত্র দুই সপ্তাহ বাকি ২০২৬-এর নতুন শিক্ষাবর্ষ শুরু হতে, অথচ মাধ্যমিকের পাঠ্যবই সরবরাহে করুণচিত্র দৃশ্যমান। নিঃসন্দেহে গোটা জাতির জন্য যা উদ্বেগজনক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তথ্য মতে, মোট পাঠ্যবই ২১ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ২৭৪ কপি। সরবরাহ-পূর্ব পরিদর্শন হয়েছে ৯ কোটি ৯ লাখ ৬০ হাজার ৪০৫ কপি। সরবরাহ হয়েছে ৭ কোটি ৮ লাখ ৭২ হাজার ২০৭ কপি। এখনো ৬৭ শতাংশ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। প্রতিবেদন অনুযায়ী- ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বই নিয়ে সংকটের আশঙ্কা সবচেয়ে বেশি।

ফলে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা সব পাঠ্যবই পাবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। \r\nবাংলাদেশ সরকার কর্তৃক বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ কর্মসূচি দেশের শিক্ষা ব্যবস্থায় একটি বড় অর্জন। বিদায়ী শিক্ষাবর্ষেও বই বিতরণ সম্পূর্ণ করতে প্রায় তিন মাস লেগেছিল, যাতে সরাসরি ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের পড়াশোনায়। পাঠ্যসূচি পিছিয়েছে। শিক্ষকরা বাধ্য হয়েছেন ফটোকপি বা অসম্পূর্ণ বই দিয়ে পাঠদান চালাতে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার উৎসব আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে। কিন্তু সেই অর্জন এখন নিয়মিত প্রশ্নের মুখে পড়ছে। কেন এই অব্যবস্থাপনা?\r\nএ বছর পরিস্থিতি আরও হতাশাজনক হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এনসিটিবি কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেছেন, জানুয়ারির মধ্যে মাধ্যমিক স্তরের সব বই সরবরাহ শেষ হবে না। অথচ ছাপার কাজ আগেভাগেই শুরু করার পরিকল্পনা ছিল। বাস্তবে দেখা যাচ্ছে, শেষ মুহূর্তে দরপত্র বাতিল, পুনরায় দরপত্র আহ্বান, অনুমোদন পেতে দেরি এবং চুক্তি সম্পাদনে সময়ক্ষেপণ- সব মিলিয়ে আমলাতান্ত্রিক জটিলতা, অদক্ষতা ও আন্তরিকতার অভাব রয়েছে সংশ্লিষ্টদের। দপ্তরগুলোর পারস্পরিক সমন্বয়হীনতাও সংকটকে আরো ঘনীভূত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কাগজ সংকটসহ মুদ্রণ সমস্যা। এনসিটিবিতে নিয়মিত চেয়ারম্যানের পদ শূন্য থাকায় পাঠ্যবই ছাপায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও তদারকিকে দুর্বল করেছে। কারণ কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব পালন স্বাভাবিক কাজ-কর্মে বিঘ্ন ঘটাচ্ছে, এমন বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। অন্যদিকে প্রাথমিক স্তরের পাঠ্যবই বিতরণ প্রায় শতভাগ সম্পন্ন হওয়ায় প্রমাণ হয়, সঠিক পরিকল্পনা ও সময়মতো সিদ্ধান্ত নিলে সংকট এড়ানো সম্ভব। তাহলে জনমনে প্রশ্ন উঠতেই পারে, মাধ্যমিক স্তরে সেই দক্ষতা ও প্রস্তুতি কেন অনুপস্থিত? শিক্ষাবর্ষের শুরুতে বই না পাওয়া শুধু একটি সরবরাহগত ব্যর্থতা নয়; এটি শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যর্থতারও বহির্প্রকাশ। আমলাতন্ত্রের সিদ্ধান্তের বলি যেন আমাদের সন্তানরা কেন হবে? অনতিবিলম্বে এনসিটিবিকে শক্তিশালী কাঠামোয় দাঁড় করিয়ে কঠোর জবাবদিহির আওতায় নিয়ে আসা আবশ্যক। প্রতিষ্ঠানটির যথাযথ সংস্কার না হলে বই উৎসব ক্রমেই পরিণত হবে কাগুজে স্লোগানে। আর বিড়ম্বনার দায় বহন করবে দেশের কোটি শিক্ষার্থী।