চারবার মনোনয়ন তালিকায় নাম উঠলেও, অধরাই ছিল চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার অস্কার । অবশেষে কাক্সিক্ষত সেই সোনালি ট্রফি উঠল হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজের হাতে। বিবিসি লিখেছে, ক্যালিফোর্নিয়ায় ১৬তম গভর্নর অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখার জন্য ক্রুজের হাতে সম্মানসূচক অস্কার তুলে দেন নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু।\r\nঅস্কার হাতে নিয়ে আপ্লুত হয়ে পড়েন ৬৩ বছর বয়সী এই তারকা। এ সময় পর্দার সামনে-পেছনে অক্লান্ত পরিশ্রমে যারা সিনেমা তৈরি করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে সিনেমার সঙ্গে তার আত্মিক যোগাযোগের কথা তুলে ধরেছেন ক্রুজ। তিনি বলেন, চলচ্চিত্র আমাকে সারা পৃথিবী ঘুরিয়েছে। বিভিন্ন সংস্কৃতি ও মতপার্থক্যের প্রতি সম্মান করতে শিখিয়েছে।

আমাকে মানবতার দিক দেখিয়েছে। আমরা যেখান থেকেই আসি না কেন, প্রেক্ষাগৃহের ভেতরে একসঙ্গে হাসি, কাঁদি, আশা করতে শিখি। \r\nএটাই সিনেমার শক্তি। তাই কেবল আমার পেশা নয়, সিনেমা আমার ব্যক্তিত্ব। এ কারণেই আমার কাছে সিনেমা এত গুরুত্বপূর্ণ। কথায় কথায় ক্রুজ ফিরে যান শৈশবে। সিনেমা কীভাবে তার চিন্তা-জগতের খোরাক জোগাত সেই গল্প তিনি করেছেন অনুষ্ঠানে। ক্রুজ বলেন, সিনেমার সঙ্গে আমার প্রেম অল্প বয়স থেকে। সিনেমা আমার চোখ খুলে দিয়েছে। অন্ধকার প্রেক্ষাগৃহে চলচ্চিত্রের যে আলোকরশ্মি আমার ভেতরে কৌতূহল, কল্পনাশক্তিকে জাগিয়ে তুলেছে, চেনা-জানা জীবনের সীমানার বাইরে অন্য জীবনকে দেখাতে শিখিয়েছে, সেই রশ্মিকে অনুসরণ করে চলেছি। দর্শকের উদ্দেশে ক্রুজ বলেন, আমি সবসময় চলচ্চিত্র শিল্পকে সহযোগিতা করার জন্য, নতুন কণ্ঠস্বরকে সমর্থন করার জন্য এবং যে প্রচেষ্টা সিনেমাকে শক্তিশালী করে তোলে তার রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আশা করি আমার হাড়গোড় অক্ষতই থাকবে।\r\nচলতিবছর সম্মানজনক অস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন এবং প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। এ ছাড়া সংগীতশিল্পী ও মানবাধিকার কর্মী ডলি পার্টন জিন হারশল্ট পেয়েছেন মানবিকতা পুরস্কার। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।\r\nসিনেমায় হাড় হিম করা সব স্টান্ট দৃশ্যে নিজেই অভিনয় করে সাড়া তোলা এক অভিনেতা ক্রুজ। কিছুদিন ধরে আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর সিনেমার শূটিং করছেন ক্রুজ। যে সিনেমার নাম এখনো ঠিক হয়নি।\r\nএর আগে চারবার অস্কারের জন্য মনোনীত হয়েছেন ক্রুজ। প্রথমবার ১৯৯০ সালে বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই ও ১৯৯৭ সালে জেরি ম্যাগুয়ের সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবের মনোনয়ন তালিকায় নাম আসে ক্রুজের।