আর্থিক আইনে ব্যাংক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অসাবধানতা, দুর্নীতি বা লুটের কারণে ক্ষতি হলে তার দায় গ্রাহক বা আমানতকারীরা বহন করবে না। বরং সংশ্লিষ্ট ব্যাংকের কর্তাব্যক্তি, পরিচালক বা কর্তৃপক্ষকেই দায়ভার নিতে হবে। এই বিধান স্পষ্টভাবে সাধারণ ও শরিয়া আইনেও আছে। পাঁচটি ইসলামী ব্যাংক শরিয়া বোর্ডকে পাশ কাটিয়ে আমানতকারীদের দুই বছরের মুনাফা কাটার সিদ্ধান্ত নেয়ার আগে শরিয়া কাউন্সিল বা বোর্ডের মতামত নেয়া হয়নি বলে গ্রাহকদের কাছ থেকে অভিযোগ উঠেছে। ব্যাংকিং সেক্টরে বিশেষজ্ঞগণও বলেছেন, এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং শরীয়া পরিপন্থি। অভিজ্ঞজনরা মনে করেন, আমানতকালীন সময়ে ব্যাংকের সংকট ছিলো না, পরবর্তীকালে ব্যাংক বা প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও লুটের কারণে ক্ষতি হলে তার দায় গ্রাহক বা আমানতকারী বহন করার কোনো যৌক্তিক কারণ নেই। বরং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকেই দায়ভার নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে তারা বাধ্য থাকবে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের দুই বছরের মুনাফা কাটার সিদ্ধান্তের ফলে ব্যাংকাররাও বেকায়দায় পড়েছেন। প্রতিদিনই মার্জার হওয়া পাঁচটি ব্যাংকে ভিড় করছেন অসন্তুষ্ট গ্রাহকরা, যারা ব্যাংকারদের কাছে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চাইছেন। সাধারণ ও স্থায়ী ডিপোজিট হোল্ডাররা বলছেন, টাকা লুট করেছে এস আলম ও নজরুল ইসলাম মজুমদার। আর এ লুটে সহযোগিতা করেছেন কিছু সুবিধাভোগী ব্যাংক কর্মকর্তা। লুটপাটের কারণে ব্যাংকগুলো আজ রুগ্ন অবস্থায় পড়েছে এবং তারল্য সংকটে ভুগছে। লুটের দায় কেন গ্রাহকদের নিতে হবে? এটা প্রাতিষ্ঠানিক কর্পোরেট বিধিমালা বা কোন আইনে আছে কি? খারাপ ঋণ ও গ্রাহকসেবার মান এবং পর্যাপ্ত মূলধন কেন কমে যাচ্ছিল এসব ব্যাপারে গ্রাহকরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে যৌক্তিক কারণ জানতে চায়। ব্যাংকের সবচেয়ে সহযোগী যোদ্ধা যারা তাদের উপর কেন্দ্রীয় ব্যাংক কেন চড়াও হয়েছে এটা সচেতন জনগোষ্ঠীও জানতে আগ্রহী। এটা সচেতন মানুষকে আহত করে। সুবিধাভোগী, মধ্যস্বত্বভোগী ব্যাংকাররা গ্রাহকদের এই কঠিন প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারছে না। এ কারণে ভুক্তভোগী আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে লাগাতার মানববন্ধন কর্মসূচি পালন করছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সব আমানত হিসাব পুনর্গণনা করা হবে বিদ্যমান স্থিতির ভিত্তিতে। ভয়াবহ দিক হলো, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ২ বছরের সময় কালে আমানতের ওপর কোনো মুনাফা গণনা করা হবে না। উপরন্তু আমানতের উপর ‘হেয়ার কাট’ প্রযোজ্য হবে এবং সেই অনুযায়ী চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুলেশন বিভাগ এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের শরিয়া বোর্ডের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচটি ইসলামী ব্যাংকের ওপর যে নিরীক্ষা করা হয়েছে, সেই প্রতিবেদনগুলো চাওয়া হয়েছে। বোর্ড বিষয়টি পর্যালোচনা করছে। উল্লেখ্য, একীভূত হয়ে যাওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীরা দুই বছরের পুরো মুনাফা পেতে চায়। এটা তাদের যৌক্তিক দাবি। মেয়াদি আমানতের বিপরীতে ৯ থেকে ১২ শতাংশ হারে মুনাফা দেওয়ার কথা বলে ব্যাংকগুলোর শাখা ব্যবস্থাপক গ্রাহকদের আকৃষ্ট করেছে, পাশাপাশি আমানতের সুরক্ষার কথাও বলেছে। ইসলামী ব্যাংকগুলো পীড়াপীড়ি করে চটকদার কথা বলে এবং অগ্রীম উচ্চতর হারে (১১%-১২%) লভ্যাংশ দেওয়া হবে, যা শরীয়া আইনের বিধিমালা লঙ্ঘনের পর্যায়ে পড়ে। এজন্য তো গ্রাহক দায়ী নয়। এজন্য পুরোপুরি দায়ী কেন্দ্রীয় ব্যাংক।
কারণ, তারা সুসজ্জিত অডিট টিম দ্বারা সার্বক্ষণিক সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কর্মকা- তদারকি বা নজরদারি করতে পারত, যেটা ঘটনা ঘটে যাওয়ার পর এখন করছে। অবস্থা এমন, ওলট-পালট করে মা দে লুটেপুটে খাই। সুযোগ একবার সৃষ্টি হয়ে গেলে যা হয় ব্যাংকিং খাতে তাই ঘটেছে। বিগত ১৭ বছরে ব্যাংকিং খাত থেকে ২৫০ বিলিয়ন ডলার পাচার ও লুটপাট হয়েছে তা কেন্দ্রীয় ব্যাংকের অজানা থাকার কথা নয়। তার সহযোগিতায় ব্যাংকে অর্থ কেলেঙ্কারির যে ভয়াবহ ধস নেমেছে সেন্ট্রাল ব্যাংক তার দায় এড়াতে পারবে না। দোষী ব্যক্তিদের অনেকেই ব্যাংকে বহাল তবিয়তে এখনো আছেন। এসব ঘটনা ধারাবাহিকভাবে কাগজে উঠেছে। গত ২৫ জানুয়ারি আমি মতিঝিল গিয়ে খুব কাছ থেকে দেখছিলাম এবং তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম।
কিছু দিন আগে গুলশান-১ নাভানা টাওয়ারে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি দিয়েছিল আমানতকারীরা। মুখে স্লোগান ছিল ‘হেয়ার কাট মানি না, মানব না’, ‘রাস্তায় কি কেউ আছে, আছে আমানতকারী আমানতকারী’, ‘আমরা আছি রাস্তায় ওরা আছে আলিশান গাড়িতে, এটা হতে পারে না, পারে না’, ‘লুট করেছে চোরেরা, ভুগবে কেন গ্রাহকরা’, ‘জনগণের টাকা লুণ্ঠনকারীদের বিচার চাই, বিচার চাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত মতিঝিল অফিস পাড়া। গণমাধ্যমের সাংবাদিক ভাইরাও এসেছিলেন মতিঝিলে। তারা সাক্ষাৎকার নিয়েছিলেন গ্রাহকদের। গ্রাহকেরা প্রতিদিনই পাঁচটি ব্যাংকের (সম্মিলিত ইসলামী ব্যাংক) শাখায় গিয়ে মুনাফাসহ মূল টাকা ফেরত দেওয়ার দাবি করছেন। নিজেদের ভুলের খেসারত পাঁচটি ব্যাংক ইতোমধ্যে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককেও জানিয়েছে।
ব্যাংকগুলো হচ্ছে, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন সরকারি ব্যাংক গঠন করা হয়েছে। এর আগে ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা ২০২৪-২৫, এই দুই বছরে তাঁদের জমাকৃত আমানতের বিপরীতে কোনো মুনাফা নিতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের পর গত ১৮ জানুয়ারি গুলশানের নাভানা টাওয়ারের সামনে অবস্থান নেন ভুক্তভোগী গ্রাহকেরা। তারা অবিলম্বে স্থায়ী আমানতকারীদের মুনাফাসহ পুরো টাকা ফেরত দেওয়ার দাবি জানান। এর পাশাপাশি গত দুই বছরের মুনাফা কর্তন করার মতো সরকারি সিদ্ধান্ত না মানার কথা স্পষ্টভাবে জানিয়েছেন তারা। আন্দোলনকারীদের মধ্যে একজন বলেছেন, ৫ আগস্টের আগে তারা স্বাভাবিকভাবেই ব্যাংকে লেনদেন করতে পারতেন। কিন্তু এখন টাকা তুলতে সমস্যায় পড়ছেন। আশা করেছিলাম, একীভূত হওয়ার পর লেনদেন আরো সহজ হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং এখন টাকা পাওয়া যাচ্ছে না। শুধু কারেন্ট ও সেভিংস একাউন্ট হোল্ডারদের সীমিত টাকা দেয়া হচ্ছে। ফিক্সড ডিপোজিট হোল্ডারদের শাখা ব্যবস্থাপকরা তাচ্ছিল্য করে বলছেন, আপনারা টাকা পাবেন না, নাতি-পুতিরা পাবে। আজ নিজের টাকা তুলতে গিয়ে অসম্মানজনক কথা শুনতে হচ্ছে। আর ব্যাংক লুটেরারা আরামে বিদেশে বেগম পাড়া (কানাডা), সাহেব পাড়ায় (মার্কিন যুক্তরাষ্ট্র) জনগণের টাকা চুরি করে বিলাসী জীবন যাপন করছে।
এই হলো বাংলাদেশের যাপিত জীবন। এ দুঃখ ঢাকি কীভাবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্যেও বিভ্রান্তি কাটানো যাচ্ছে না। কারণ, তিনি একেক সময় একেক রকম কথা বলছেন। মধ্যবিত্ত গ্রাহকদের কথা তিনি মোটেই ভাবছেন না। গ্রাহকদের মধ্যে অনেকে ক্যান্সার ও ডাইবেটিসের পেসেন্ট আছে। নিয়মিত চেক-আপ ও ডাইলাসিসের টাকা যোগাড় করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। পরিবারের ভরনপোষণ করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য। এই মুহূর্তে সরকারের মধ্যবিত্ত গ্রাহকদের যন্ত্রণাদায়ক কষ্ট লাঘব করার জন্য তাদের পাশে এসে দাঁড়ানো উচিত ছিল। কারণ, তারা অপরাধ করেনি, বরং ব্যাংকে অর্থ লগ্নি করে কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ীভাবে অন্নসংস্থানের ব্যবস্থা করেছে। প্রতিবছর সার্ভিস সার্জ, ইনকাম ট্যাক্স, আবগারি শুল্কসহ মোটা অংকের টাকা বাংলাদেশ ব্যাংককে দিয়ে থাকে, আছে যাতায়াত ভাড়া, এরপর শুধু তাদের আসল টাকাটাই থাকে। যেখানে মধ্যবিত্ত আমানতকারীরাই ব্যাংকগুলোর কাঠামোগত চালিকাশক্তি; কিন্তু সরকার হুটহাট সিদ্ধান্ত নিয়ে গ্রাহকদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে, যা ঠিক হচ্ছে না। ব্যাংক লুণ্ঠনকারীরা পালিয়েছে কিন্তু তাদের সম্পত্তি তো আছে। সেগুলো বাজেয়াপ্ত এবং বিক্রি করে নিরীহ গ্রাহকদের মুনাফাসহ মূল টাকা ফেরত দেয়া উচিত। এটাই সমাধানের একমাত্র পথ বলে বিশিষ্ট অর্থনীতিবিদরা মনে করেন। প্রায় এক কোটি মধ্যবিত্ত গ্রাহকের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া অদূরদর্শীচিন্তার ফল।
লেখক: গ্রন্থকার, অর্থনৈতিক বিশ্লেষক। harunrashidar@gmail.com
