জীবিকার সন্ধানে ও পরিবারের স্বচ্ছলতা কথা ভেবে মাতৃভূমি যারা ছেড়ে বিদেশে পরিশ্রম করে এবং অর্থ দেশে প্রেরণা করে তাদেরকে প্রবাসী বলে। প্রবাসীদের আমরা ভালোবেসে নাম দিয়েছি ‘রেমিট্যান্স যোদ্ধা’। আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন ও দেশের প্রতি ভালোবাসা বুকে নিয়ে বুকের ঠিক পাশে তারা অদৃশ্য ক্যালকুলেটর নিয়ে পরিমাপ করে কতটুকু উপার্জন করলে তার পরিবার ভালো থাকবে। সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রমের পর আপনজনের থেকে দূরে এই প্রবাসীরা নিঃসঙ্গ জীবনযাপন করে। মা, মাটি দেশের জন্য প্রাণ আকুল হলেও দিনের পরদিন তারা অতিবাহিত করে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে এবং দেশের রেমিট্যান্স খাতে যোগান দিয়ে।\r\nদেশের অধিকাংশ বৈদেশিক রিজার্ভ আসে এই রেমিট্যান্স যোদ্ধাদের ঘাম ঝরানো পরিশ্রমের ফলে।

করোনার সময়ে পুরো বিশ্ব যখন ভয়, আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে লকডাউনে বন্দি ছিল, তখনো প্রবাসী শ্রমিকদের উপার্জিত রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছিল। করোনাভাইরাস-সৃষ্ট দুর্যোগের ওই বছরে অর্থাৎ ২০২০-২০২১ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন। ২০২১ সালে দেশের ইতিহাসে একক বছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড আয় হয়েছিল। যা করোনা পরবর্তী সময়েও অব্যাহত রয়েছে।\r\nবাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বৈধ উপায়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২১ দশমিক ২৮ বিলিয়ন ডলার। ২০২৩ সালে প্রবাসীরা ২১ দশমিক ৮২ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালে রেমিট্যান্সের পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড হয়েছে।

সে বছর প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলার দেশের রেমিট্যান্স খাতে যুক্ত হয়েছে। এছাড়াও, ২০২৪ সালের ডিসেম্বরে এসেছে ২ দশমিক ৬৩ বিলিয়ন ডলার, যা এক মাসের রেমিট্যান্সের রেকর্ড।\r\nবাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসে ৯ কোটি ৫৫ লাখ ডলার।\r\nকিন্তু দিনশেষে এই রেমিট্যান্স যোদ্ধারা পায় মানসিক ও শারীরিক নিঃসঙ্গতা এবং হাড় ভাঙা পরিশ্রম শেষে চার দেওয়ালে বন্দি জীবন। বিভিন্ন বেসরকারি সংস্থা ও অভিবাসন নিয়ে কাজ করা গবেষকদের মতে, প্রায় ৬০% প্রবাসী মাতৃভূমি ও আপনজনদের ছেড়ে থাকার কারণে ‘হোম সিকনেস’-এ ভোগে যা তাদের কাজের উদ্যাম কমিয়ে দেয়।\r\nজরিপে দেখা গিয়েছে, অনেক প্রবাসী দিনে প্রায় ১২-১৪ ঘণ্টা পরিশ্রম করে বিশ্রামের অভাবে নিঃসঙ্গতার চাপ সামলাতে না পেরে অকালে হৃদরোগে ভোগে।

আবার বর্তমানে ইন্টারনেটের কল্যাণে ভিডিও কলে যোগাযোগ সহজ হলেও প্রায় ৯২% প্রবাসীরা মনে করেন পর্দার অপারের ভালোবাসা কখনোই উপস্থিতির অভাব পূরণ করতে পারে না। \r\nদীর্ঘমেয়াদি সামাজিক অনুষ্ঠানে অনুপস্থিতি ও সামাজিক বিচ্ছিন্নতার কারণে তাদের মনে অপরাধবোধ কাজ করে। বিদেশের মাটিতে প্রিয়জন ছাড়া তাদের বিনোদনের সুযোগ নেই বললেই চলে। যান্ত্রিক নিয়মে একই রুটিনে তাদের জীবন চলা মনের প্রশান্তি কেড়ে নেয়। \r\nসারাদিন অক্লান্ত পরিশ্রম করে অনেক প্রবাসী নিজের রান্না নিজেই করে।

ফলে রান্নায় পুষ্টিকর খাবারের অনুপস্থিত থাকে যেটা দিনের পরদিন পুষ্টির পরিমাণ কমিয়ে শারীরিকভাবে তাদের দুর্বল করে দেয়। \r\nপরিবার থেকে দূরে থাকার কারণে তাদের অস্তিত্ব পরিবারের কাছে বিলীন হয়ে যায় ফলে অনেক প্রবাসী পরিবারের কাছে শুধুমাত্র টাকা পাঠানোর যন্ত্রে পরিণত হয়। প্রিয়জনদের এমন মানসিকতা নিদারুণ আঘাত দেয় এসব প্রবাসীদের। পরিবারকে ঠিকমতো সময় না দেওয়ার কারণে পরিবারে তাদের মর্যাদা কমে আসে। বেশিরভাগ ক্ষেত্রে সন্তান পিতার স্ন্নেহ থেকে বঞ্চিত হয়। \r\nপ্রবাসীরা দীর্ঘদিন দেশের বাইরে থাকায় মানসিক সমস্যায় ভোগেন। তাই এদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়ে মানসিক সমস্যার কিছুটা লাঘব করা যায়।

যেমন- মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে দূতাবাসের উদ্যোগে স্বাস্থ্য সেবা ও অনলাইন কাউন্সিলের ব্যবস্থা করা যেতে পারে, দূতাবাসগুলোতে ফ্রি ওয়াই-ফাই জোন বা ‘কমিউনিটি ক্যাফে’ তৈরি করা যেখানে তারা নিজের ভাষায় কথা বলার সুযোগ পাবেন, কম খরচে দেশে কথা বলার জন্য বিশেষ ডাটা প্যাক বা অ্যাপের ব্যবস্থা করা, জাতীয় দিবসগুলোতে প্রবাসীদের নিয়ে বড় পরিসরে উৎসব আয়োজন করা যাতে তারা একাত্মবোধ করেন, প্রতিটি বড় শ্রমবাজারে ‘বাংলাদেশ সেন্টার’ স্থাপন করা, যেখানে লাইব্রেরি, ইনডোর গেমস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। \r\nপ্রবাসীরা বছরের পর বছর হাড়ভাঙা খাটুনি দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও, দেশে ফেরার পর তাদের জীবন প্রায়ই চরম অনিশ্চয়তার মুখে পড়ে।

জমানো টাকা শেষ হয়ে যাওয়া, কর্মসংস্থানের অভাব এবং সামাজিক খাপখাওয়ানোর সমস্যার কারণে তারা দিশেহারা হয়ে পড়েন। তাই এই প্রবাসীদের পরবর্তী জীবনে কিছুটা নিশ্চয়তা ফিরিয়ে দিতে সরকার কিছু পদক্ষেপ নিতে পারে যেমন- দক্ষতার ভিত্তিতে কাজ দিতে পারে, সঞ্চিত অর্থ দিয়ে কোনো প্রজেক্টে বিনিয়োগ করার সুযোগ করে দিতে পারে। এভাবে ভবিষ্যতে নিশ্চয়তা আসলে তারা মানসিকভাবে আরও চাঙ্গা থাকবে। \r\nপরিশেষে বলা যায়, প্রবাসীরা কেবল অর্থ উপার্জনকারী মানুষ নন তারা একেকজন নীরব যোদ্ধা, যাদের ঘামে ভিজে থাকে দেশের অর্থনীতির ভিত। দূরের মাটিতে দাঁড়িয়ে তারা প্রতিদিন হিসাব কষেন নিজের স্বপ্ন আর পরিবারের প্রয়োজনের মাঝে। নিজের আনন্দ, সময়, এমনকি আবেগকেও তারা বিসর্জন দেন প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর আশায়।

অথচ এই আত্মত্যাগের গল্পগুলো প্রায়ই অগোচরেই থেকে যায়।\r\nরেমিট্যান্স যোদ্ধাদের জীবন বাহ্যিকভাবে সফল মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে নিঃসঙ্গতা, অব্যক্ত কষ্ট আর ক্লান্তি। ভিডিও কলের পর্দার এপাশ-ওপাশে জমে থাকা ভালোবাসা কখনোই শূন্য বিছানা, নীরব ঘর কিংবা উৎসবের দিনে অনুপস্থিত মুখের শূন্যতা পূরণ করতে পারে না। অর্থনীতির পরিসংখ্যানে তারা গুরুত্বপূর্ণ হলেও মানবিক দৃষ্টিতে তাদের যন্ত্রে পরিণত হওয়াটা এক নির্মম বাস্তবতা।\r\nতাই রাষ্ট্র ও সমাজের দায়িত্ব শুধু তাদের পাঠানো রেমিট্যান্সের হিসাব রাখা নয়, বরং তাদের মানসিক, সামাজিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করা। বিদেশে থাকা অবস্থায় যেমন তাদের জন্য মানসিক সহায়তা, সামাজিক সংযোগ ও সাংস্কৃতিক পরিবেশ প্রয়োজন, তেমনি দেশে ফেরার পর প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ। নইলে বছরের পর বছর প্রবাস জীবনের ত্যাগ অর্থহীন হয়ে পড়ে।\r\nরেমিট্যান্স যোদ্ধারা সম্মান চায়, সহানুভূতি চায়, চায় একটু মানবিক স্বীকৃতি। তারা যেন কেবল টাকার অঙ্কে সীমাবদ্ধ না থাকে, বরং মানুষ হিসেবে তাদের অবদান মূল্যায়িত হয় এটাই সময়ের দাবি। কারণ প্রবাসীর ঘামে যে অর্থ আসে, তার সঙ্গে জড়িয়ে থাকে একেকটি ভাঙা রাত, দমবন্ধ করা দীর্ঘশ্বাস আর দেশে ফেরা একদিনের নিঃশব্দ অপেক্ষা।