ঢাকায় এই মুহূর্তে মাঠ বা রাজপথের রাজনীতি সরব নয়। কিন্তু তাই বলে যে রাজনীতি নিরব তা-ও নয়। বাংলাদেশের পলিটিশিয়ানরা যতো না রাজনীতি গরম করছেন তার চেয়ে বেশি গরম করছেন ৩ জন সাংবাদিক। এরা হলেন গৌতম লাহিড়ী, চন্দন নন্দী এবং জুলকারনাইন সায়ের। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে, বাংলাদেশের ওয়ার্কিং জার্নালিস্টরা যতো না এক্সক্লুসিভ খবর দিচ্ছেন, তার চেয়ে বেশি দিচ্ছেন ওই ৩ জন। গৌতম লাহিড়ী, আমি যতো দূর জানি, এক বছর আগেও দিল্লি প্রেসক্লাবের সভাপতি ছিলেন। দিল্লিতে বিজেপি এবং কংগ্রেস উভয় দলের বিগ বসদের সাথে তার ভালো যোগাযোগ। দিল্লিতে গৌতম সম্পর্কে বলা হয় যে, He is a well connected man. গৌতম লাহিড়ী গত সপ্তাহে খুব সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন চুপ্পু খুব শীঘ্রই বিদায় নেবেন এবং তিনি আরো বলেছিলেন যে, এই বিদায়পর্ব সমাপ্ত হবে ২৪ জুলাইয়ের মধ্যেই। আসলে হয়েছেও তাই। ওই দিকে জুলকারনাইন সায়ের ২০ জুলাইয়ের আগে এক ফেসবুক পোস্টে বলেছিলেন যে, সাহাবুদ্দিন চুপ্পু খুব সহসাই চলে যাবেন। জুলকারনাইন সায়েরের এক্সক্লুসিভ সংবাদের প্রথম অংশ সত্য হয়েছে। তার সংবাদের দ্বিতীয় অংশ সত্যও হয়নি, আবার মিথ্যাও হয়নি। তিনি বলেছিলেন যে, চুপ্পুর স্থলাভিষিক্ত হবেন ক্যাবিনেট সেক্রেটারি নাসিমুল গনি। নাসিমুল গনি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। তবে বর্তমানে তিনি চুক্তি ভিত্তিক নিয়োগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কাজ করছেন।
যেহেতু এখন পর্যন্ত কাউকে রাষ্ট্রপ্রধান হিসাবে নির্বাচন করা হয়নি, তাই সায়েরের এক্সক্লুসিভ নিউজের পরবর্তী অংশ নিয়ে জল্পনা-কল্পনা চলতে থাকবে। বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন সে সম্পর্কে আমি কোনো জল্পনা-কল্পনায় যাচ্ছি না। কারণ, যখন জাতীয় সংসদ একজন নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন করবে ততো দিনে যদি সংবিধানের সংস্কার/সংশোধন না হয় তাহলে যিনিই প্রেসিডেন্ট হন না কেনো, তিনি হবেন একজন ঠুঁটো জগন্নাথ। আর যদি এর মধ্যে সংবিধান সংস্কার/সংশোধিত হয় এবং প্রেসিডেন্টের হাতে আরো বেশি ক্ষমতা ন্যাস্ত হয় তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক ভেবে চিন্তে প্রেসিডেন্ট নির্বাচন করবেন।
আমার আজকের আলোচনা চুপ্পুর পদত্যাগ অথবা নতুন কে প্রেসিডেন্ট হবেন সে বিষয়ের ওপর কোনো আলোচনা নয়। কারণ, সাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবন ছেড়ে যাওয়ার পরেই যদি একটি পর্বের অবসান হতো তাহলে এসম্পর্কে আরো কিছু লেখা যেতো। কিন্তু দেখা যাচ্ছে যে, ঘটনার এখানেই শেষ নয়। এনসিপি চুপ্পুর গ্রেফতার এবং বিচার চায়। রবিবার সন্ধ্যায় যখন এই লেখাটি লিখি তখন পর্যন্ত জামায়াত চুপ্পু সম্পর্কে ঐ রকম র্যাডিকাল কোনো দাবি তোলেনি। তারা শুধু বলেছে, চুপ্পুর পদত্যাগের ফলে দেশ থেকে স্বৈরতন্ত্রের শেষ ছায়াটিও সরে গেলো।
চুপ্পুর ভবিষ্যৎ সম্পর্কে সরকারের অবস্থান কি সেটি এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। সরকার বলার চেষ্টা করছে যে, এটি একজন হাই প্রোফাইল রাষ্ট্রীয় কর্ণধারের স্বাভাবিক এবং রুটিন পদত্যাগ। সংবিধানে পদত্যাগের অনুচ্ছেদ আছে। সেই মোতাবেক সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তবে এখানে একটি ছোট্ট ‘কিন্তু’ রয়েছে।
চুপ্পু যে পদত্যাগ পত্র লিখেছেন সেটি বেশ লম্বা। দেখাতে চেষ্টা করেছেন, স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু অতীতে আমরা দেশ ও বিদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের যেসব পদত্যাগ দেখেছি, সেখানে ভাবসম্প্রসারণ করার মতো এতো লম্বা চওড়া ফিরিস্তি দিয়ে অসুখের বর্ণনা দেওয়া হয়নি। তিনি অসুস্থ, সেই সহজ কথাটির মধ্যে সীমাবদ্ধ না থেকে কবে কোথায় তিনি বাইপাস সার্জারি করেছেন, কবে সিএমএইচে ট্রিটমেন্ট করিয়েছেন, কখন তিনি রোগের প্রকোপে সংজ্ঞাহীন হয়েছেন— এসব বিস্তারিত কথা সাধারণত লেখা হয় না। এত কথা লেখার প্রয়োজন হলো কেনো?
দ্বিতীয়ত, থাইল্যান্ডে চিকিৎসারত স্পিকার হাফিজ উদ্দিনকে জরুরি এত্তেলা দিয়ে দেশে ফেরত আনা। থাইল্যান্ড থেকে স্পিকারের রিটার্ন টিকেট কাটা ছিলো ২৬ জুলাই। সেখানে তাকে ২৩ জুলাই জরুরি Summon করা হয়। জরুরি এত্তেলা পেয়ে পরদিন অর্থাৎ ২৪ জুলাই বেলা ১টার মধ্যেই তিনি ঢাকা পৌঁছেন। একই দিন ৪ ঘণ্টা পর বিকাল ৫টা ১ মিনিটে নিজের স্বাক্ষরযুক্ত প্রেসিডেন্টের পদত্যাগপত্র স্পিকারের নিকট প্রেরিত হয়। স্পিকার তৎক্ষণাৎ সেই পদত্যাগপত্র গ্রহণ করেন এবং সংবিধান মোতাবেক নিজেই প্রেসিডেন্টের অস্থায়ী দায়িত্ব গ্রহণ করেন। এখানে একটি বিষয় সকলেই আলোচনা করছেন। সেটি হলো, এই মাত্রাতিরিক্ত তাড়াহুড়ো কেনো? দু চারদিন আগে বা দু চারদিন পরে পদত্যাগ করলে ক্ষতি কি হতো? ক্ষতি কি হতো সেটি আমাদের জানা নাই। তবে এই অস্বাভাবিক তাড়াহুড়ো দৃষ্টিকটু বটে।
॥দুই॥ আমাদের আজকের কলামের মূল উপজীব্য হলো, সার্জিও গোর নামক একজন হাই প্রোফাইল মার্কিন কূটনীতিকের আসন্ন ঢাকা সফর। সার্জিও গোর মূলত ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। তিনি নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত বন্ধু। ভারতের রাষ্ট্রদূত হওয়ার ওপরেও তাকে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ায় Oversee করার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন যে, দক্ষিণ এশিয়া বলতে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ভুটান নেপাল প্রভৃতি দেশ বোঝায়। আর মধ্য এশিয়া বলতে আফগানিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কাজাখাস্তান প্রভৃতি দেশ বোঝায়। অর্থাৎ রাষ্ট্রদূত হিসেবে তার আওতা বিশাল।
তিনি একজন উজবেক মার্কিনী। অর্থাৎ তার জন্ম মধ্য এশিয়ার উজবেকিস্তানে। সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ল্যু। তিনি পাকিস্তানে ইমরান খানকে গদিচ্যুত করায় অনুঘটকের ভূমিকা পালন করেন। তার পিতা ছিলেন একজন চীনা। আমাদের আলোচ্য সার্জিও গোর একজন উজবেক বংশোদ্ভূত মার্কিনী।
তিনি ৩ দিনের জন্য বাংলাদেশে আসতে চেয়েছেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ফিলিপাইনে আসিয়ান সম্মেলনে ব্যস্ত থাকায় সার্জিও গোরের বাংলাদেশ সফর সূচি আংশিক পরিবর্তন করা হয়েছে বলে জানা যায়। আমি যখন এই কলামটি লিখছি তখনো সরকারিভাবে তার সফর সূচি জানানো হয়নি। কিন্তু তার আগেই তাকে রিসিভ করার জন্য এবং তার সাথে কথা বলার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তার ম্যানিলা সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরে এসেছেন। সার্জিও গোরের মতো এমন উচ্চ পদস্থ কূটনীতিক হঠাৎ ৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন কেনো? রবিবার পর্যন্ত বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তার সফর নিয়ে তেমন কোনো হইচই না হলেও ভারতে এই নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। এখানেই আসছেন গৌতম লাহিড়ী, চন্দন নন্দী এবং জুলকারনাইন সায়ের।
॥তিন॥ প্রায় ৫ দিন আগে জুলকারনাইন সায়ের একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন যে, মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) ডিরেক্টরেট অব অপারেশন্সের সাবেক সিনিয়র কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন আজ ঢাকায় এসেছেন। মার্কিন দূতাবাসের রেফারেন্সে (বুকিং রেফারেন্স অনুযায়ী) তিনি আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চেক-ইন করেন। হোটেল সূত্র জানায়, আগামী ৩১ জুলাই পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী তার নর্থ ইস্টে জানিয়েছেন, দীর্ঘ ৩৫ বছর সিআইএর বিশেষ শাখায় কাজ করা হ্যামিল্টন দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা, আফ্রিকা ও ইউরোপে নানা দায়িত্ব পালন করেছেন। তিনি এজেন্সির সদর দপ্তরে ডিভিশন চিফ ও অফিস ডিরেক্টর পদেও ছিলেন। অবসরের আগে তিনি ‘ডিস্টিঙ্গুইশড ক্যারিয়ার ইন্টেলিজেন্স মেডেল’সহ একাধিক সম্মাননা লাভ করেন।
তবে তাঁর এই সফরের উদ্দেশ্য সম্পর্কে মার্কিন দূতাবাস বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কেউই কোনো প্রকার ঘোষণা দেয়নি। কোনো সরকারি বৈঠকের তালিকায় তাঁর নাম নেই, ফলে এই সফর নিরাপত্তা সহযোগিতা, ব্যক্তিগত সফর, নাকি অন্য কোনো এজেন্ডা, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, আগামী ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে আসছেন। ৩০ জুলাই বিশেষ দূত সার্জিও গোরসহ মার্কিন রাষ্ট্রদূত একদিনের সফরে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে জানা যায়।
হ্যামিল্টনের সঙ্গে আরও তিনজন মার্কিন কর্মকর্তা/কূটনীতিকও ঢাকায় ছিলেন। তাঁদের নাম হলো: Susan Stevenson (সুসান স্টিভেনসন) যুক্তরাষ্ট্রের দূতাবাসের Chargé d'Affaires ad interim (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত)। Michael Schiffer (মাইকেল শিফার), USAID Bangladesh-এর মিশন পরিচালক। David Ranz (ডেভিড র্যানজ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত, যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া-সংক্রান্ত দায়িত্বে কাজ করেছেন।
তবে একটি বিষয় পরিষ্কার করা জরুরি যে, Gerald P. Hamilton নিজে মার্কিন কূটনীতিক নন। তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CIA)-এর Directorate of Operations-এর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা।
॥চার॥ এক সপ্তাহের ব্যবধানে ঝাঁকে ঝাঁকে হাই প্রোফাইল মার্কিন কূটনীতিক এবং গোয়েন্দা অফিসারদের ঢাকা আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ঝটিকা সফর Triggered হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের গত জুন মাসে চীন সফরের পর। এক শ্রেণীর ভারতীয় ও বাংলাদেশি প্রিন্ট ও গণমাধ্যম এবং এক শ্রেণীর টেলিভিশন টকশোর আলোচক কোনোরূপ রাখঢাক না করে, কোনোরূপ কূটনৈতিক পরিভাষা ব্যবহার না করে, সরাসরি বলছেন যে, বাংলা-বার্মা-চীন প্রস্তাবিত করিডোরটি মার্কিনীদের মাথা খারাপ করেছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে, তারেক রহমানের চীন সফরের সময় সফরের শেষ দিনে শীর্ষ বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বয়ং এই করিডোর প্রস্তাব উত্থাপন করেন। (এই করিডোর সম্পর্কে গত ৭ জুলাই ইনকিলাবের এই কলামে আমি বিস্তারিত আলোকপাত করেছি)।
প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে বা এপর্যন্ত চীনের প্রেসিডেন্টের প্রস্তাবিত করিডোর সম্পর্কে হ্যাঁ বা না কিছুই বলেন নাই। শুধু করিডোর নয়, তারেক রহমানের ঐ সফরের সময় আরো যেসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা, চট্টগ্রাম ও মংলা বন্দরের আধুনিকায়ন ও ওইসব বন্দর সংলগ্ন এলাকায় চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ।
তারেক রহমানের চীন সফর এবং করিডোরসহ ঐসব সমঝোতা স্মারক ভারতের মাথা খারাপ করে দিয়েছে। অন্য দিকে বাংলাদেশের আওয়ামী ঘরানা ছাড়া ৯০ শতাংশের বেশি মানুষ ওইসব এমওইউ, বিশেষ করে করিডোর দৃঢ়ভাবে সমর্থন করেন।
চীনের এই প্রস্তাব নিয়ে বিএনপি সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে জানা গেছে। একদিকে রয়েছে তাৎক্ষণিকভাবে ভারতের বিরোধিতা। অন্যদিকে আমেরিকাও বিচলিত। কারণ, তাদের বার্মা অ্যাক্টের মূল স্পিরিটই বিপন্ন হওয়ার পথে। তাই সার্জিও গোরের মতো ট্রাম্প প্রশাসনের একজন পাওয়ারফুল ব্যক্তিকে পাঠানো হচ্ছে, তারেক রহমান যেনো করিডোর প্রস্তাবে রাজি না হন। বিএনপি সরকার যদি করিডোরে রাজি না হয় তাহলে বাংলাদেশে চীনা বিনিয়োগ ভয়ংকরভাবে বিপন্ন হবে। বিএনপি সরকার তাই এখন ত্রিশঙ্কু অবস্থায় আছে।
দেশের অভ্যন্তরীণ রাজনীতি শান্ত থাকলেও বিদেশনীতির আকাশে টার্বুলেন্সের আলামত দেখা যাচ্ছে।
Email: journalist15@gmail.com
