লাভজনক হওয়া সত্ত্বেও সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট ১ মার্চ থেকে বাতিলের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় মালিকাধীন সংস্থা বাংলাদেশ বিমান। যা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। বহু ঢাকঢোল পিটিয়ে ২০২০ সালের শুরুতে প্রথমবারের মতো সিলেট-ম্যানচেস্টার রুট চালু করে বাংলাদেশ বিমান। বাংলাদেশ থেকে সরাসরি এবং সাশ্রয়ী ভাড়ায় যাতায়াতের সুবিধার কারণে রুটটি খুব দ্রুত জনপ্রিয় ও লাভজনক হয়ে ওঠে। এর ফলে বার্মিংহাম, নিউক্যাসেল, সান্ডারল্যান্ড, গ্রেটার ম্যানচেস্টার ও স্কটল্যান্ডে বসবাসরত সিলেটি বাংলাদেশীরা প্রভূত উপকৃত হন। অথচ ৫ বছর না যেতেই এই রুট বন্ধের ঘোষণা দিয়েছে বিমান। এর ফলে লাখ লাখ প্রবাসী বাংলাদেশী পড়েছেন সমূহ বিপাকে। ফলে তারা রীতিমতো ক্ষুব্ধ।

কেননা সরাসরি ফ্লাইট বন্ধের কারণে ম্যানচেস্টারবাসীদের লন্ডন রুট অথবা বিকল্প এয়ারলাইনস ব্যবহার করতে হবে। ফলে লোকসানের মুখে পড়বে বাংলাদেশ বিমানও। \r\nসিলেট-ম্যানচেস্টার রুট বন্ধের কারণ হিসেবে বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগ থেকে অবশ্য একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে, আসন্ন হজ ফ্লাইট, বিমানের বহর সংকট ও উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের কারণে অপারেশনাল সমন্বয় হিসেবে এটি করা হয়েছে। বিমানের বহর ও ক্রু পরিস্থিতির উন্নতি হলে পুনরায় সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালুর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। তাই বলে একটি জনপ্রিয় ও লাভজনক রুট স্থগিত করা হবে কেন? প্রয়োজনে উড়োজাহাজ লিজ নেওয়া যেতে পারত। তা না করে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইটের নিয়মিত যাত্রীদের বঞ্চিত করে বন্ধ করা হলো কেন?

এর ফলে সিলেট প্রবাসীদের দেশে যাতায়াত জটিল ও অনিশ্চয়তার মুখে পড়বে। বাংলাদেশে বিমানের এই সিদ্ধান্তটি হঠকারী ও তুঘলকি কাণ্ড বলে অভিহিত করেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। \r\nইতোপূর্বে বাংলাদেশ বিমানের বহরে যখন সর্বশেষ ড্রিমলাইনার রাজহংস যুক্ত হয়, তখনই সম্পাদকীয় মন্তব্যে আমরা বলেছিলাম, বিমানকে শুধু বহরে বড় করলেই হবে না, লাভজনকও করে তুলতে হবে। এর জন্য কমপক্ষে এক হাজার কোটি টাকা মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা বাঞ্ছনীয়। অযোগ্য ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা-কর্মচারীদের বাদ দিয়ে যোগ্য, কর্মঠ ও আন্তরিক কর্মীদের বাছাই করে যথাযোগ্য পদে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিতে হবে। উল্লেখ্য, অযোগ্যতা ও দুর্নীতির অভিযোগে এর আগে অপসারণ করা হয়েছে বিমানের এমডিসহ কয়েকজনকে। বিদেশ থেকেও চুক্তিভিক্তিক এমডি নিয়োগ দেওয়া হয়েছে। লাভ হয়নি কিছুই। টিকিট বিক্রির টাকা লোপাট থেকে শুরু করে সেবার মান, বিমানবন্দরের নিরাপত্তা, পাইলটের অদক্ষতা ও দুর্নীতি প্রায় সবই ওপেন সিক্রেট। এ অবস্থায় খোল-নলচে পাল্টে ফেলতে হবে বিমানের। সর্বোপরি ম্যানচেস্টারের রুটটি অবিলম্বে চালুর সিদ্ধান্ত নিতে হবে।