এবারের নির্বাচন জাতীয় পার্টিকে দেশের রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক করে দিল বলে মনে হচ্ছে। জাতীয় পার্টি সারাদেশে দুই-তৃতীয়াংশ আসনে প্রার্থী দিয়েছিল, একটিতেও জিততে পারেনি। অথচ গত তিনটি নির্বাচনে দলটি ছিল জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায়, যদিও তারা তখন ‘গৃহপালিত’ বিরোধী দলের তকমা পেয়েছিল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেওয়াই শুধু নয়; সেগুলোকে জায়েজ করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছিল সাবেক সামরিক শাসক এইচএম এরশাদের দল জাতীয় পার্টি। এরই কি প্রতিফল পেল দীর্ঘদিন ক্ষমতার রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক দলটি? জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত রংপুরের মানুষও দলটির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সমকালে প্রকাশিত ‘রংপুরের দুর্গেই দুর্গতি জাতীয় পার্টির’ শিরোনামের প্রতিবেদনে দেখা যাচ্ছে, দলটি কোথাও দ্বিতীয়ও হতে পারেনি। আওয়ামী লীগ না থাকায় নৌকার ভোট পেয়ে ভালো ফল করার গুঞ্জন থাকলেও অধিকাংশ আসনে লাঙ্গলের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের হিসাবে দলটি এক শতাংশেরও কম (০.৮৯) ভোট পেয়েছে। অনেক ছোট দলও এর চেয়ে বেশি ভোট পেয়েছে।
জাতীয় পার্টির অতীত বিশ্লেষণ করলে দেখা যাবে, দলটি অধিকাংশ ক্ষেত্রেই জনমতের বাইরে গিয়ে ক্ষমতার কাছাকাছি থেকেছে। এ জন্য ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত জাতীয় পার্টি অধিকাংশ সময়েই জোটগতভাবে রাজনীতি করেছে। এভাবে রাজনীতি করতে গিয়ে দলটি অন্য দলের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। সে জন্য দলটির নেতাকর্মীদের মধ্যে নির্ভরশীল মানসিকতা গড়ে উঠেছে। যে কারণে নির্দিষ্ট ভোট ব্যাংক থাকা সত্ত্বেও দলটি তা কাজে লাগাতে পারেনি। তাদের এই মানসিকতার কারণে সমর্থন হারাতে হারাতে এবার তা প্রায় শূন্যের কোঠায় নেমেছে। এবার দলটি অবশ্য একাই প্রার্থী দিয়েছে, কিন্তু নির্বাচনের প্রচারে তাদের তেমন দেখা যায়নি। মানুষও সেভাবে তাদের জবাব দিয়েছে।
এবারের নির্বাচনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্য কয়েকটি রাজনৈতিক দল যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছিল, তখন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছিলেন, আমরা ‘না’ ভোট দেব। না ভোটের প্রচারও কি দলটির বিপক্ষে গিয়েছে? চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা একত্র হয়ে যে কর্তৃত্ববাদী শাসনের বিদায়ঘণ্টা বাজিয়েছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতে অন্তর্বর্তী সরকার জুলাই সনদ নিয়ে নির্বাচনের সঙ্গে গণভোটেরও আয়োজন করেছিল। বেশির ভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে।
এবারের নির্বাচনে জাতীয় পার্টি খারাপ করবে– এটা অনেকটা অনুমিতই ছিল। কিন্তু এমন অপমানজনকভাবে শূন্য হাতে ফিরবে, তা কেউই কল্পনা করেনি। অতীতে নানা অপকর্ম ও জনবিরোধী অবস্থানের পরও জাতীয় পার্টির ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ ছিল ২০২৪ সালে। ওই বছরের শুরুতে ‘আমি’ ও ‘ডামি’র নির্বাচন হয়। বিএনপি-জামায়াত সংগত কারণে যা বর্জন করলেও জাতীয় পার্টি বরাবরের মতোই নির্বাচনে যায়। তখন যদি দলটি একাই নিজেদের সামর্থ্যের ওপর ভরসা করে সারাদেশে প্রার্থী দিত এবং আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা না করে নিজেরাই নির্বাচন করত, তাহলেও হয়তো তাদের মুখরক্ষা হতো। অনেক জায়গাতেই সরকারবিরোধী ভোট জাতীয় পার্টি পেত। সেই সুযোগ জাতীয় পার্টি হারিয়েছে। ২৬ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে ছাড় নিয়ে সারাদেশেই দলটি প্রার্থী দিয়েছিল। ব্যাপক জালজালিয়াতির সে নির্বাচনে মাত্র ১১টি আসন জিতে নেয় জাতীয় পার্টি।
২৪-এর জুলাই-আগস্টে যে গণআন্দোলন হয় তাতেও দলটির ভূমিকা ছিল ধরি মাছ না ছুঁই পানি ধরনের। ফলে ওই সরকারের বিদায়ের পর জাতীয় পার্টি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দলেরই সন্দেহের তালিকায় ঢুকে যায়। অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় দলটি একভাবে থাকলেও পরে তাকে বিগত সরকারের দোসর হিসেবে এক প্রকার পরিত্যাজ্য ঘোষণা করা হয়। ২০২৪ সালের অক্টোবরে রাষ্ট্র সংস্কারের সংলাপে যখন অন্তর্বর্তী সরকার প্রায় সব দলের সঙ্গে বসেছিল, তখন থেকেই জুলাইযোদ্ধাদের আপত্তির মুখে ডাক পায়নি জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জি এম কাদের তখন বলেছিলেন, ‘রাষ্ট্র সংস্কারের সংলাপে না ডাকায় আমরা বিব্রত।’ তিনি আরও বলেছেন, ‘রাষ্ট্র সংস্কারের বিষয়ের আলোচনায় না ডাকা হলেও আপত্তি নেই। তবে আমাদের নিয়ে বাইরে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।’ মূলত আওয়ামী লীগের সঙ্গে সরকারি ও বিরোধী দলে থাকার কারণেই ছাত্ররা জাতীয় পার্টির ওপর খাপ্পা ছিল। পরিহাস হলো, জি এম কাদের তখন বলেছিলেন, সরকার তাদের ‘জোর’ করে সংস্কার আলোচনার বাইরে রেখেছে। যদি জোরই করে, তবে কেন আবার নির্বাচনের আগে দলটি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে?
ক্ষমতার কাছাকাছি থাকতে গিয়ে বারবার ভাঙনেরও মুখে পড়েছে দলটি। সাম্প্রতিক নির্বাচনেরও আগে আরেক দফা ভাঙে জনপ্রিয়তার বিচারে বহুদিন দেশের তিন নম্বর দল হিসেবে বিবেচিত জাতীয় পার্টি। কিন্তু কখনোই তারা তাদের ভুল অনুধাবন করতে চেষ্টা করেনি।
ক্ষমতার চিন্তা বাদ দিয়ে জাতীয় পার্টি যদি জনগণের জন্য কাজ করে, তবে ভুলের প্রায়শ্চিত্ত করে দলটি নতুন করে রাজনীতি শুরু করতে পারে। প্রশ্ন হলো, যে দলটির জন্ম হয়েছে রাষ্ট্রীয় আনুকূল্যে এবং অধিকাংশ সময় কেটেছে ক্ষমতার সুবিধাভোগী হিসেবে, সে দলটির দ্বারা কি তা সম্ভব? জাতীয় পার্টির নেতাদের বৈশিষ্ট্যও সে রকম সুবিধাবাদী। গত আওয়ামী লীগের আমলে যেসব দল বেশি নির্যাতিত হয়েছিল, তারাই এবারের নির্বাচনে বাজিমাত করেছে। মঙ্গলবার সরকারি দল ও বিরোধী দল হিসেবে তাদের শপথও আমরা দেখেছি। জাতীয় পার্টির সুসময় ছিল বলেই যে এখন তাদের দুঃসময়, এমনটাও নয়। তাদের রাজনীতির ধরনের কারণেই মানুষ দলটির ওপর আস্থা হারিয়েছে।
মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com
