বাংলাদেশে উচ্চশিক্ষার প্রসার ঘটেছে দ্রুতগতিতে। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। বেড়েছে শিক্ষার্থীও। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই বিশ্ববিদ্যালয় কি মানসম্মত মানবসম্পদ তৈরি করতে পারছে? সাম্প্রতিক কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইনডেক্স ২০২৫- এর তথ্য বলছে, বাস্তবতা আশাব্যঞ্জক নয়। চাকরিদাতাদের চাহিদানুযায়ী দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে ৮১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৭তম; স্কোর মাত্র ৩৯.১। এই পরিসংখ্যান শুধু একটি র্যাংকিং নয়, এটি ভবিষ্যৎ শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান নিয়েও গভীর উদ্বেগের ইঙ্গিত দেয়।
এই ইনডেক্সে দেখা যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশগুলো প্রায় শতভাগ দক্ষতা প্রস্তুতি নিয়ে এগিয়ে রয়েছে, সেখানে বাংলাদেশের গ্র্যাজুয়েটরা শ্রমবাজারের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজনীয় দক্ষতায় অনেকগুণ পিছিয়ে। ভবিষ্যৎ শ্রমবাজার প্রস্তুতিতে বাংলাদেশের স্কোর ৪২.৬, যা ইঙ্গিত করে যে আমরা কেবল বর্তমান নয়, আসন্ন প্রযুক্তিনির্ভর অর্থনীতির জন্যও পর্যাপ্ত প্রস্তুত নই। তাই নতুন নির্বাচিত সরকারকে দায়িত্ব নিয়ে এ বিষয়ে অধিকতর গুরুত্ব দিতে হবে। \r\nএই দক্ষতার ঘাটতির প্রতিফলন স্পষ্টভাবে দেখা যায় উচ্চশিক্ষিত বেকারত্বের চিত্রে। এই মুহূর্তে সরকারি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর শ্রমশক্তি জরিপ অনুযায়ী বাংলাদেশে বেকারের সংখ্যা আনুমানিক ২৬-২৭ লাখের মধ্যে (২.৬১-২.৭৪ মিলিয়ন)।
গত বছরের একই সময়ে তা ছিল ২৪ লাখ। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে বেকার বেড়েছে প্রায় ৩ লাখেরও বেশি। বাস্তবে বেকারত্বের হার আরও অনেক বেশি কেউ কেউ মনে করছেন। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বেকারত্বের হার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে। চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দেশের বেকারত্বের হার বেড়ে পৌঁছেছে ৪.৬৩ শতাংশে। শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী, দেশে সামগ্রিক বেকারত্বের হার বেড়েছে। সবচেয়ে উদ্বেগজনক হলো যুব বেকারত্ব। শিক্ষিত তরুণদের একটি বড় অংশ কাজ, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে রয়ে যাচ্ছে। এই পরিস্থিতি কেবল অর্থনৈতিক নয়, সামাজিক স্থিতিশীলতার জন্যও বড় চ্যালেঞ্জ।
তরুণ জনগোষ্ঠী যদি উৎপাদন প্রক্রিয়ার বাইরে থাকে তবে জনসংখ্যাগত লভ্যাংশ জনসংখ্যাগত বোঝায় পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়।\r\nঅর্থাৎ ডিগ্রি বাড়ছে। কিন্তু কর্মসংস্থানের উপযোগিতা বাড়ছে না। প্রতি ১০০ জন বেকারের মধ্যে ২৮ জনই এখন উচ্চশিক্ষিত-এটি উচ্চশিক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার মূল রয়েছে আমাদের শিক্ষার কাঠামোতে। কেউ কেউ বলে থাকেন, গত দেড় দশকে বিশ্ববিদ্যালয় ও গ্র্যাজুয়েট সংখ্যা বাড়লেও হাতে-কলমে শিক্ষা, গবেষণাগার ও আধুনিক যন্ত্রপাতির দিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। পঠন-পাঠন এখনো তাত্ত্বিক ও মুখস্থনির্ভর, যা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের পথে বড় বাধা।\r\nএই সংকট আরও ঘনীভূত হয়েছে গবেষণায় বিনিয়োগের অভাবে।
যেসব দেশ ভবিষ্যৎ দক্ষতায় এগিয়ে আছে, তাদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো-বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে শক্ত বিনিয়োগ। যুক্তরাষ্ট্র ২০২০ সালে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণায় ব্যয় করেছে ৮১ বিলিয়ন ডলার, যুক্তরাজ্য প্রায় ২০ বিলিয়ন ডলার। এর বিপরীতে বাংলাদেশে গবেষণায় বরাদ্দ মোট উচ্চশিক্ষা ব্যয়ের মাত্র ১-১.৫ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে মোট গবেষণা ব্যয় ছিল মাত্র ২১০ কোটি টাকা এবং বহু বিশ্ববিদ্যালয় গবেষণায় কোনো অর্থই পর্যাপ্ত নয়। \r\nআরও উদ্বেগজনক হলো শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিন্যাস। ইউজিসির তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় ৮১ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত।
এসব প্রতিষ্ঠানে মানবিক ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীর আধিক্য অত্যন্ত বেশি। অথচ ভবিষ্যৎ শ্রমবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স, পরিবেশবিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক দক্ষতার চাহিদা বাড়ছে দ্রুতগতিতে। এখানে স্পষ্টতই অনুপস্থিত একটি জাতীয় মানবসম্পদ পরিকল্পনা, যা নির্ধারণ করবে-কোন খাতে কতজন দক্ষ জনবল প্রয়োজন এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই অনুযায়ী কীভাবে শিক্ষার্থী প্রস্তুত করবে।\r\nতবে সম্ভাবনার জায়গাও আছে। বুয়েটের মতো কিছু প্রতিষ্ঠান আউটকাম বেইজড এডুকেশন (ঙইঊ) ও আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অনুসরণ করে শ্রমবাজার–সংযুক্ত কারিকুলাম চালু করেছে। এসব উদ্যোগ দেখায়, সঠিক নীতিগত সিদ্ধান্ত ও বিনিয়োগ থাকলে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি সম্ভব।
ইউজিসির হিট প্রকল্পসহ সাম্প্রতিক কিছু উদ্যোগ আশার সঞ্চার করে। কিন্তু তা এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অতএব, প্রশ্নটি আর শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর নয়; প্রশ্নটি মান, দক্ষতা ও প্রাসঙ্গিকতার। উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সংযুক্ত না করলে উচ্চশিক্ষিত বেকারত্ব আরও বাড়বে। আর জনসংখ্যাগত লভ্যাংশ পরিণত হবে বোঝায়। সময় এসেছে উচ্চশিক্ষাকে কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে নতুনভাবে ভাবার।\r\nগত দেড় দশকে দেশে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩-এ। এর মধ্যে ২২টি পাবলিক ও ৫৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তুলনামূলক স্বল্প সময়ে। কিন্তু এই বিস্তারের সঙ্গে সমানতালে গড়ে ওঠেনি শিক্ষক কাঠামো, গবেষণাগার, আধুনিক যন্ত্রপাতি কিংবা মানসম্মত পাঠক্রম।
ইউজিসির তথ্য অনুযায়ী, ৩৮টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্র অনুপাত ১:২০-এর বেশি এবং ৫১টি বিশ্ববিদ্যালয়ে পাঁচজনেরও কম অধ্যাপক রয়েছেন। তাই আমাদের এ বিষয়ে বিবেচনা করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত যেভাবেই হোক বাড়াতে হবে। \r\nউন্নয়নশীল অনেক দেশ যেখানে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পেছনে বছরে ৩,০০০-৫,০০০ ডলার ব্যয় করে সেখানে বাংলাদেশে এই ব্যয় এর এক-চতুর্থাংশেরও কম। অর্থাৎ সমস্যা শুধু ‘দক্ষতা নেই’ নয়; দক্ষতা তৈরি করার মতো অর্থনৈতিক বিনিয়োগও নেই। তাই কম বিনিয়োগে বিশ্বমানের গ্র্যাজুয়েট প্রত্যাশা করা একটি কাঠামোগত বিভ্রম। এছাড়াও বিভিন্ন নিয়োগদাতা জরিপে দেখা যায়, বাংলাদেশি গ্র্যাজুয়েটদের একটি বড় অংশের পেশাগত ইংরেজি, রিপোর্ট লেখা, প্রেজেন্টেশন, কমিউনিকেশন স্কিল এবং দক্ষতা দুর্বল।
তাই এটি বিশেষ করে আন্তর্জাতিক রিমোট কাজ ও মাল্টিন্যাশনাল সেক্টরে বড় বাধা। এসব বাধা দূর করতে পারলে শিক্ষার্থীদের দক্ষতা অনেকগুণ বৃদ্ধি পাবে। \r\nসবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, উচ্চশিক্ষাকে আর কেবল সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে নয়, বরং জাতীয় অর্থনীতির কৌশলগত ভিত্তি হিসেবে বিবেচনা করা। অন্যথায় উচ্চশিক্ষিত বেকারত্ব বাড়বে, সামাজিক হতাশা গভীর হবে এবং জনসংখ্যাগত সম্ভাবনা পরিণত হবে অর্থনৈতিক বোঝায়। অতএব, প্রশ্নটি আর শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর নয়; প্রশ্নটি মান, দক্ষতা ও প্রাসঙ্গিকতার। উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সংযুক্ত না করলে উচ্চশিক্ষিত বেকারত্ব আরও বাড়বে। আর জনসংখ্যাগত লভ্যাংশ অর্জন হবে না।
সময় এসেছে উচ্চশিক্ষাকে কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে নতুনভাবে ভাবার। \r\nউচ্চশিক্ষা থেকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হলে যা করতে হবে। যেমন- প্রথমত, উচ্চশিক্ষাকে ডিগ্রিকেন্দ্রিক কাঠামো থেকে বের করে দক্ষতাভিত্তিক জাতীয় মানবসম্পদ পরিকল্পনার আওতায় আনতে হবে। কোন খাতে কতজন দক্ষ জনবল প্রয়োজন, এই চাহিদাভিত্তিক বিশ্লেষণের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা, বিষয় নির্বাচন ও কারিকুলাম নির্ধারণ করা জরুরি। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণায় ন্যূনতম বরাদ্দ বাধ্যতামূলক করতে হবে। পাবলিক ও প্রাইভেট-সব বিশ্ববিদ্যালয়ের জন্য মোট ব্যয়ের একটি নির্দিষ্ট অংশ গবেষণায় বিনিয়োগের শর্ত আরোপ না করলে শিক্ষা কখনোই দক্ষতা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হবে না।
তৃতীয়ত, ভালো মানের শিক্ষক নিয়োগে নীতিগত অগ্রাধিকার দিতে হবে। নতুন ও বিদ্যমান শিক্ষকদের জন্য নিয়মিত পেডাগজি প্রশিক্ষণ, শিল্পখাতে সংযুক্তি ও গবেষণাভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু করা ছাড়া শিক্ষার গুণগত মান উন্নয়ন সম্ভব নয়। চতুর্থত, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কার্যকর ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ কাঠামো নিশ্চিত করতে হবে। কারিকুলাম প্রণয়ন, ইন্টার্নশিপ এবং চূড়ান্ত বর্ষের ইন্টারশিপ রিপোর্টে শিল্পখাতের বাধ্যতামূলক অংশগ্রহণ ছাড়া গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানযোগ্যতা বাড়বে না। সবশেষে, উচ্চশিক্ষা খাতে সংস্কারকে আর পৃথক শিক্ষানীতি হিসেবে নয়, বরং জাতীয় অর্থনৈতিক ও কর্মসংস্থান কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে। অন্যথায়, উচ্চশিক্ষিত বেকারত্ব বাড়বে, সামাজিক হতাশা গভীর হবে এবং জনসংখ্যাগত সম্ভাবনা পরিণত হবে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ঝুঁকিতে।\r\nলেখক : সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ,\r\n জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
