গবেষণাটি ২০২৩ সালের। করেছিল সেভ দ্য চিলড্রেন ও গণসাক্ষরতা অভিযান। কুড়িগ্রামের রাজারহাট ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২ হাজার ২৯ শিক্ষার্থীর ওপর করা হয় ওই গবেষণা। এতে উঠে আসে, শিক্ষার্থীরা যত ওপরের শ্রেণিতে উঠছে, ভাষাশিক্ষার ঘাটতিও তত বাড়ছে। রাজারহাটে প্রথম শ্রেণিতে বাংলা বিষয়ে ১৯ শতাংশ শিক্ষার্থীর শিখন ঘাটতি ছিল। পঞ্চম শ্রেণিতে তা দাঁড়ায় প্রায় ৭০ শতাংশে। ইংরেজিতে অবস্থা আরও খারাপ। মাদারগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির ইংরেজিতে প্রায় ৮২ শতাংশ শিক্ষার্থীর ঘাটতি ছিল। অপরদিকে বেসরকারি সংগঠন ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে একই বছর ৫ থেকে ১৬ বছর বয়সী দেড় হাজারের বেশি শিশুর ওপর এক জরিপ চালানো হয়।
জরিপের তথ্য বলছে, ১০ শতাংশের বেশি ছেলে এবং প্রায় ৯ শতাংশ মেয়ে বাংলায় বর্ণই পড়তে পারেনি। ইংরেজিতে এই হার আরও বেশি। ইংরেজিতে বর্ণ পড়তে পারেনি ১৬ দশমিক ৭৮ শতাংশ ছেলে এবং ১৫ দশমিক ২২ শতাংশ মেয়ে। সারা দেশের অবস্থা এর চেয়ে ভালো হওয়ার কথা নয়। শুধু জেলা শহরগুলোতেই সমীক্ষা চালালে বাস্তবতা স্পষ্ট হবে।\r\nমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে ভাষার মর্যাদা ও সাংস্কৃতিক পরিচয়ের কথা নতুন করে উচ্চারিত হয়। বাস্তবতা হলো দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী বাংলা ও ইংরেজি- দুই ভাষাতেই প্রয়োজনীয় দক্ষতা অর্জন না করে এক শ্রেণি থেকে আরেক শ্রেণিতে উঠছে। শিক্ষার্থীদের একটি বড় অংশ স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পরও পিছিয়ে থাকে ভাষা দক্ষতায়। তারা ভালো বাংলা লিখতে পারে না।
আন্তর্জাতিক ভাষা ইংরেজিতেও দক্ষ হতে পারছে না। এর নেতিবাচক প্রভাব পড়ে শিক্ষাজীবনের প্রতিটি ধাপে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে।\r\nবিশেষজ্ঞরা বলছেন, ভাষাশিক্ষায় দুর্বলতা বিচ্ছিন্ন সমস্যা নয়; এটি প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিস্তৃত একটি কাঠামোগত সংকটে রূপ নিয়েছে। সচ্ছল পরিবারের শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন মাধ্যমে ভাষা ও যোগাযোগ দক্ষতা অর্জন করছে। ভাষা শিক্ষাকেন্দ্রিক বড় বাণিজ্যও তৈরি হয়েছে। অসচ্ছল পরিবারের শিশুরা হচ্ছে বঞ্চিত। শিক্ষক ও সংশিষ্ট ব্যক্তিদের ভাষ্য- শিক্ষাব্যবস্থায় ভাষা শিক্ষার ব্যবস্থা থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হয় না। ফলে ভাষাগত দুর্বলতা নিয়েই বড় হচ্ছে শিক্ষার্থীরা। বিভিন্ন সময়ে সরকার নানা উদ্যোগ নিলেও সেগুলোর ধারাবাহিকতা থাকে না। এ কারণে সমস্যা দিন দিন আরও প্রকট হচ্ছে। ভাষা শিক্ষায় সংকটের পেছনে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পাঠদক্ষতায় কম গুরুত্ব দেওয়া। শিক্ষার্থী অনুযায়ী বড় শ্রেণিকক্ষ, অতিরিক্ত শিক্ষার্থী ও দক্ষ শিক্ষকসংকটও বড় কারণ। ভাষাদক্ষতা বাড়াতে হবে আত্মপ্রতিষ্ঠার জন্যেই। এক্ষেত্রে দুর্বলতা মানে উচ্চশিক্ষা ও চাকরির প্রতিযোগিতায় পিছিয়ে পড়া। তাই প্রাথমিক স্তর থেকেই পরিকল্পিতভাবে এ বিষয়ে গুরত্ব দিয়ে কার্যকর বাস্তবায়ন জরুরি।
