বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারি মাসের তাৎপর্য অসামান্য। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল তা কেবল বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াই ছিল না। এই আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয় এবং স্বাধিকারের সংগ্রামের সূচনা। ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং অবশেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পৌঁছায় এই সংগ্রাম। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই মুক্তিযুদ্ধের চেতনা এবং ১৯৫২ সালের অসাম্প্রদায়িক আদর্শের প্রতিফলন দেখা গেছে।
দীর্ঘদিন পর ভাষার মাসে এই নির্বাচন শুধু রাজনৈতিক পরিবর্তন নয় বরং মুক্তিযুদ্ধের চেতনার পুনঃপ্রতিষ্ঠা হিসেবে দেখা হচ্ছে।\r\nসাম্প্রতিক বছরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা এবং ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষার ক্ষেত্রে চরম অবহেলা এবং ধ্বংসযজ্ঞ দেখা গেছে। শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা এবং ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন যা মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এই ধ্বংসযজ্ঞ শুধু স্থাপনা ধ্বংস নয় বরং ইতিহাস মুছে ফেলার একটি সুপরিকল্পিত প্রয়াস ছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে নতুন প্রজন্মকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে।
এই পরিস্থিতিতে জনগণের মধ্যে উদ্বেগ এবং হতাশা তৈরি হয়েছিল যে বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের চেতনা হারাচ্ছে কিনা।\r\nসাম্প্রদায়িক সহিংসতা এবং ধর্মীয় স্থাপনার ওপর হামলাও বিগত সময়ে উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। মাজার, মন্দির এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় আক্রমণের শিকার হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল। হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসব বাধাগ্রস্ত হয়েছে। এই সাম্প্রদায়িক সহিংসতা ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থি। বাংলাদেশ যে অসাম্প্রদায়িক আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল সেই আদর্শ ক্ষুণ্ন হচ্ছিল।
নারীর অধিকার, নিরাপত্তা, আদিবাসীর অধিকার এবং সংখ্যালঘুর সমান অবস্থান নিয়ে সমাজে গভীর বিভাজন তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে জনগণ উদ্বিগ্ন ছিল যে দেশ কোন দিকে যাচ্ছে।\r\nভাষা দিবস এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন দিবস যেমন স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস পালনে অনাদর এবং শুধু আনুষ্ঠানিকতা লক্ষ করা গেছে। একুশে ফেব্রুয়ারি যেখানে সাধারণ মানুষ প্রভাতফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যেত এবং ভাষার গান গাইত সেখানে বিগত কয়েক বছর এই উৎসবমুখর পরিবেশ অনুপস্থিত ছিল। স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসেও একই অবস্থা দেখা গেছে। দেশাত্মবোধক গান এবং মুক্তিযুদ্ধের স্মরণে আয়োজিত অনুষ্ঠান কমে গেছে। সরকারি ভবনে পতাকা উত্তোলন এবং আনুষ্ঠানিক অনুষ্ঠান হলেও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না- এক ধরনের অস্বস্তি কাজ করেছে সর্বত্র।
এটি প্রমাণ করে যে সাধারণ মানুষের কাছে এই দিবসগুলোর গুরুত্ব কমে যাচ্ছিল না, বরং রাজনৈতিক পরিবেশ এবং ভীতি তাদের অংশগ্রহণে বাধা দিচ্ছিল।\r\n১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের রায় দিয়েছে। এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং জামায়াতে ইসলামী যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা দ্বিতীয় অবস্থান পেলেও প্রত্যাশিত সাফল্য পায়নি। প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের বিজয়ের বিপরীতে জাতীয় নির্বাচনে জনগণের ভোট প্রমাণ করে যে, সাধারণ মানুষ ধর্মভিত্তিক রাজনীতির চেয়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাস করে।
জাতীয় নাগরিক পার্টি নামক তরুণদের সংগঠন যারা জামায়াতের সঙ্গে জোট সত্ত্বেও মাত্র ছয়টি আসন পেয়েছে, যা তাদের প্রত্যাশার চেয়ে অনেক কম। এই ফল জনগণের পরিপক্বতা এবং রাজনৈতিক সচেতনতা প্রদর্শন করে।\r\nএই নির্বাচনের ফল জনগণের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে বাংলাদেশে সাম্প্রদায়িকতা, উগ্রতা, ধর্মান্ধতা, প্রতিহিংসা এবং মানুষে মানুষে বিভাজন সহ্য করা হবে না। সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তারা একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ চায়।
জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধ নিয়ে যাচ্ছিল, স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তি, স্বাধীনতা দিবস, বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে জামায়াতে ইসলামী ও তাদের জোটের বিকৃত ইতিহাস ও চেতনাবিরুদ্ধ অবস্থান ইত্যাদি মানুষ ভালোভাবে নেয়নি। যেসব শক্তি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চায় তাদের জনগণ প্রত্যাখ্যান করেছে। নারীর অধিকার, আদিবাসী এবং সংখ্যালঘুর সমান অবস্থান এবং ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে জনগণ উদার এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির পক্ষে দাঁড়িয়েছে। এটি প্রমাণ করে যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল্য এবং চেতনা এখনো সংখ্যাগরিষ্ঠের কাছে অপরিসীম।
\r\nএই নির্বাচনের পর প্রত্যাশা করা হচ্ছে যে আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে। বিগত কয়েক বছর যেভাবে এই দিবস পালনে উৎসাহের অভাব ছিল সেই পরিস্থিতি পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে। সাধারণ মানুষ আবার রাস্তায় নেমে প্রভাতফেরিতে অংশ নিতে পারবে এবং শহীদ মিনারে ফুল দিতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনগুলো ভাষার গান গাইবে এবং ভাষা শহীদদের স্মরণ করবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি আবার রাস্তাঘাটে এবং স্কুল-কলেজে ধ্বনিত হবে। জনগণ টের পাবে যে আজ একুশে ফেব্রুয়ারি এবং এই দিনের তাৎপর্য অনুধাবন করবে।
ভাষা দিবসের প্রকৃত চেতনা পুনর্প্রতিষ্ঠিত হবে।\r\nএকইভাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসও যথাযথভাবে পালিত হবে। মুক্তিযুদ্ধের স্মরণে দেশাত্মবোধক গান যেমন মোর একটি ফুলকে বাঁচাতে গিয়ে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে, আমার সোনার বাংলা এবং জন্ম আমার ধন্য হলো মাগো আবার রাস্তায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে গাওয়া হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হবে এবং নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস শিখবে। স্কুল এবং কলেজে দেশাত্মবোধক অনুষ্ঠান আয়োজিত হবে এবং ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের গল্প শুনবে। এই দিবসগুলো পালনের মাধ্যমে জাতি তার শিকড়ের সঙ্গে সংযুক্ত থাকবে এবং নতুন প্রজন্ম তাদের ঐতিহ্য সম্পর্কে সচেতন হবে।\r\n১২ ফেব্রুয়ারির এই নির্বাচনি বিজয় শুধু একটি দল বা জোটের জয় নয়।
এটি বাংলাদেশের জয়, মুক্তিযুদ্ধের চেতনার জয় এবং অসাম্প্রদায়িক আদর্শের জয়। সাম্প্রতিক সময়ে যে চেতনাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল সেই চেতনা আবার জেগে উঠেছে। জনগণ প্রমাণ করেছে যে তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ ভুলে যায়নি এবং তারা একটি প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চায়। এই বিজয় শুধু রাজনৈতিক পরিবর্তন নয় বরং সামাজিক এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের সূচনা। ভাষার মাসে এই বিজয় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের চেতনা পুনর্প্রতিষ্ঠার প্রতীক।\r\nএই বিজয় এখন দায়িত্ব নিয়ে আসে। নির্বাচিত সরকারকে জনগণের এই আশা এবং প্রত্যাশা পূরণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
সংখ্যালঘু, আদিবাসী এবং নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। ধর্মীয় স্থাপনার নিরাপত্তা দিতে হবে এবং সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা সংরক্ষণ এবং পুনর্নির্মাণ করতে হবে। ভাষা দিবস এবং মুক্তিযুদ্ধের দিবসগুলো যথাযথভাবে পালন নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থায় মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ভাষা আন্দোলনের গুরুত্ব শেখাতে হবে। এই দায়িত্ব পালন করলেই জনগণের এই বিজয় অর্থবহ হবে।\r\nভাষার মাসে মুক্তিযুদ্ধের এই প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। ১৯৫২ থেকে ১৯৭১ এবং এখন ২০২৬ সালে জনগণ বারবার প্রমাণ করেছে যে, তারা তাদের ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রদায়িকতা, উগ্রতা এবং প্রতিক্রিয়াশীল শক্তি যতই চেষ্টা করুক না কেন জনগণ তাদের আদর্শ থেকে বিচ্যুত হবে না। ভাষার মাসে এই নির্বাচনি বিজয় আগামী প্রজন্মের জন্য একটি বার্তা বহন করে যে, মুক্তিযুদ্ধের চেতনা অমর এবং এটি বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরকাল জীবিত থাকবে। এখন প্রয়োজন এই চেতনাকে বাস্তবে রূপ দেওয়া এবং একটি সমৃদ্ধ, ন্যায়পরায়ণ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।
