আগস্ট ২০১৭। নাফ নদীর ওপারে রাখাইনের আকাশে তখন কেবল আগুনের লেলিহান শিখা আর বারুদের গন্ধ। প্রাণ বাঁচাতে লাখ লাখ মানুষ ছুটছে দিগ্বিদিক; কারো কোলে গুলিবিদ্ধ শিশু, কারো চোখে স্বজন হারানোর শূন্যতা, কারো শরীরে বর্বরতার ক্ষত।
মিয়ানমারের সেনাবাহিনী এবং উগ্রপন্থি স্থানীয় মিলিশিয়াদের যৌথ অভিযানে রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা ও জাতিগত নিধন। নির্বিচারে গুলি, গণহত্যা, গণধর্ষণ এবং শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার মতো মানবতাবিরোধী অপরাধ সেখানে সংঘটিত হয়। মিয়ানমার সেনাবাহিনী পরিকল্পিতভাবে শত শত রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দিয়ে পুরো জনপদ ধ্বংসস্তূপে পরিণত করে এবং তাদের কৃষিজমি ও সম্পদ লুটপাট করে। এই বর্বরতাকে ‘জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ (textbook example of ethnic cleansing) হিসেবে আখ্যায়িত করে জাতিসংঘের মানবাধিকার কমিশন।
সেই ভয়াবহ গণহত্যার মুখে মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় বাংলাদেশে; যোগ দেয় আগে থেকে অবস্থান করা আরো প্রায় তিন লাখ স্বজনের সঙ্গে।
মিয়ানমারের সামরিক শাসকেরা সেদিন পৈশাচিক গণহত্যাকে পাশ কাটিয়ে দম্ভ করে বলেছিল, এটি নিছকই ‘সন্ত্রাসবিরোধী অভিযান’। কিন্তু মিথ্যার মেঘ কখনো সত্যের সূর্যকে চিরকাল ঢেকে রাখতে পারে না। ৯ বছরের দীর্ঘ অপেক্ষা, অশ্রু আর আইনি লড়াইয়ের পর অবশেষে ২০২৬ সালের ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে রচিত হলো এক নতুন ইতিহাস। জাতিসংঘের সর্বোচ্চ আদালত—আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তার ৮০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার (Genocide) দায়ে দোষী সাব্যস্ত করল।
পিস প্যালেসের ঐতিহাসিক রায় ও বিচারকদের কণ্ঠস্বর
প্রায় তিন ঘণ্টাব্যাপী রায় পাঠের সময় আদালতের প্রেসিডেন্ট জাপানের বিচারপতি ইউজি ইওয়াসাওয়ার কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছিল লাখো নির্যাতিত রোহিঙ্গার আর্তনাদ। আদালতের ১৫ সদস্যের বিচারক প্যানেলে ৯-৬ ভোটে মিয়ানমারকে জেনোসাইডের জন্য দায়ী করা হয়। মিয়ানমারের ‘সন্ত্রাসবিরোধী অভিযানের’ খোঁড়া যুক্তি এক ফুৎকারে উড়িয়ে দিয়ে বিচারপতি ইওয়াসাওয়া দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন—‘নির্দিষ্ট স্থানে পুরুষ ও কিশোরদের মৃত্যুদণ্ডের মতো হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের লক্ষ্যবস্তু বানানো এবং পরিকল্পিতভাবে গ্রাম জ্বালিয়ে দেওয়া—এসব কোনোভাবেই সন্ত্রাসবিরোধী অভিযানের উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’
আদালত স্পষ্ট ভাষায় জানায়, সব তথ্য-প্রমাণ একত্রে পর্যালোচনা করে এটিই একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত যে, উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই মিয়ানমার এই গণহত্যা বা জাতিগত নিধনযজ্ঞ চালিয়েছে। মিয়ানমার রাষ্ট্রযন্ত্র যে জনগোষ্ঠীকে যুগ যুগ ধরে ‘বাঙালি’ বা বহিরাগত বলে অস্বীকার করে আসছিল, বিশ্ব আদালত তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির স্বতন্ত্র এক জাতিসত্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
রায়ে ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের অধীনে গণহত্যার পাঁচটি ক্যাটাগরির মধ্যে তিনটিতেই মিয়ানমারকে সরাসরি দোষী সাব্যস্ত করা হয়েছে। রায়ের পাতায় উঠে এসেছে গা শিউরে ওঠার মতো নৃশংসতার প্রমাণ। এতে বলা হয়, লক্ষ্যবস্তু হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে অন্তত ১০ হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুরুষ ও কিশোরদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি বা জবাই করা হয়েছে, রেহাই পায়নি নবজাতক শিশুরাও। নারী ও কিশোরীদের ওপর চালানো হয়েছে ব্যাপক গণধর্ষণ ও যৌন সহিংসতা। আদালত উল্লেখ করেছে, এসব ঘটনা ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের মনে এমন গভীর মানসিক ক্ষত তৈরি করেছে, যা একটি জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার শামিল।
এছাড়া পরিকল্পিত যৌন সহিংসতা ও অঙ্গহানির মাধ্যমে ভবিষ্যতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ভেতরে সন্তান জন্মদান প্রতিরোধ করার মতো ঘৃণ্য পথও বেছে নিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী।
আদালতের এই রায়ে বর্তমান জান্তাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এবং তার সামরিক বাহিনীর (তাতমাদো) মুখোশ পুরোপুরি উন্মোচিত হয়েছে। বিচারকরা উল্লেখ করেছেন, অভিযানের আগে রোহিঙ্গাদের ‘অমানুষ’ ও ‘সহিংস হুমকি’ হিসেবে চিত্রিত করে সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে পরিকল্পিত ঘৃণামূলক প্রচারণা চালানো হয়েছিল। শুধু তা-ই নয়, অপরাধের চিহ্ন মুছে ফেলতে মৃতদেহ পোড়ানো এবং বুলডোজার দিয়ে শত শত গ্রাম গুঁড়িয়ে দিয়ে আলামত ধ্বংসের অপচেষ্টাও আদালতের চোখে ধরা পড়েছে।
এই রায় বাংলাদেশে নির্বাসিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মনে নতুন আশার সঞ্চার করেছে। বর্তমানে ইউএনএইচসিআর ও বাংলাদেশ সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, কক্সবাজারের ৩৩টি ক্যাম্প এবং ভাসানচরে বর্তমানে প্রায় ১২ লাখ (১১ লাখ ৯৪ হাজারের বেশি) রোহিঙ্গা বসবাস করছে। এই বিশাল জনগোষ্ঠী চায় এবার তারা যেন নিজ দেশে ফিরতে পারে।
আইসিজের রায় অনুযায়ী, মিয়ানমার সহিংসতার মুখে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের নিজ বাসস্থানে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আইনগতভাবে বাধ্য। পাশাপাশি তাদের ফেলে আসা সব জমি ও সম্পত্তি ফিরিয়ে দিতে হবে, বিচ্ছিন্ন পরিবারগুলোকে একত্রিত করতে হবে এবং আগামী দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে জমা দিতে হবে। গণহত্যায় জড়িত সামরিক কমান্ডারসহ সব অপরাধীর বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
তবে আইনি বাধ্যবাধকতা তৈরি হলেও বাস্তব পরিস্থিতি এখনো বেশ জটিল। মিয়ানমারের জান্তা সরকার বরাবরের মতোই এই রায় প্রত্যাখ্যান করেছে। তাছাড়া বর্তমানে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা জান্তা বাহিনীর হাতছাড়া হয়ে বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মির’ নিয়ন্ত্রণে চলে গেছে। ফলে রাতারাতি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার পরিবেশ এখনো তৈরি হয়নি। তবে এটা ঠিক, এই রায় রোহিঙ্গাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিকে আন্তর্জাতিক আইনের এক অকাট্য ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়েছে।
মানবাধিকারকর্মীদের কণ্ঠে স্বস্তি একই সঙ্গে শঙ্কার সুর
রায়ের পরপরই বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী ও সংগঠনগুলো একে দশকের পর দশক ধরে চলা মিয়ানমারের রাষ্ট্রীয় মিথ্যাচারের অবসান হিসেবে অভিহিত করেছে। বর্মি কারাগারে দীর্ঘ সময় কাটানো প্রখ্যাত রোহিঙ্গা মানবাধিকারকর্মী ওয়াই ওয়াই নু আবেগঘন কণ্ঠে বলেন, ‘দশকের পর দশক ধরে বার্মিজ সামরিক বাহিনী আমাদের পরিচয় মুছে ফেলতে এবং আমাদের অস্তিত্ব অস্বীকার করতে চেয়েছে। মিয়ানমার গণহত্যা চালিয়েছে—বিশ্বের সর্বোচ্চ আদালতের এই ঘোষণা সেই রাষ্ট্রীয় মিথ্যাচারকে চিরতরে চূর্ণ করে দিয়েছে।’
দ্য হেগের আদালতকক্ষে উপস্থিত থাকা রোহিঙ্গা মানবাধিকারকর্মী ইয়াসমিন উল্লাহ বলেন, ‘আমাদের ওপর কী ঘটেছে, তা জানার জন্য কোনো আদালতের প্রয়োজন ছিল না; আমাদের প্রয়োজন ছিল বিশ্ব যেন তা শোনে এবং আজ বিশ্ব তা শুনেছে।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আগনেস ক্যালামার্ড একে ‘ন্যায়বিচারের এক বিরল মুহূর্ত’ উল্লেখ করে মিন অং হ্লাইংকে আন্তর্জাতিক মঞ্চে বয়কট এবং মিয়ানমারের ওপর বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তবে বার্মা রোহিঙ্গা অরগানাইজেশন ইউকের প্রেসিডেন্ট তুন খিন মনে করিয়ে দিয়েছেন, প্রকৃত ন্যায়বিচার সেদিনই প্রতিষ্ঠিত হবে, যেদিন তারা নিরাপদে নিজ বাড়িতে ফিরতে পারবেন।
জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই রায়কে ন্যায়বিচারের এক ‘টার্নিং পয়েন্ট’ উল্লেখ করে বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া দুর্ভোগ, নিদারুণ কষ্ট ও অপমান মানবতার বিবেকের ওপর এক কলঙ্ক।’ তিনি রায়টিকে দ্রুত বাস্তব রূপ দিতে এবং রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে এগিয়ে আসার জন্য সব দেশের প্রতি আহ্বান জানান।
হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক ন্যায়বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি (Maria Elena Vignoli) বলেন, ‘আইসিজের এই ঐতিহাসিক রায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের বহুল প্রতীক্ষিত স্বীকৃতি। এটি বিশ্বের অন্যান্য প্রান্তে গণহত্যা ও গুরুতর অপরাধের শিকার মানুষদের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়েও এক বিশাল আইনি নজির হয়ে থাকবে।’
রিফিউজি ইন্টারন্যাশনালের পরিচালক ড্যানিয়েল পি. সুলিভান বলেন, ‘এই রায় রোহিঙ্গাদের মনে করিয়ে দিল, বিশ্ব তাদের ভুলে যায়নি। তবে এটি এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা থেকে বিরত থাকতে হবে এবং বাংলাদেশে আশ্রিত ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য কমে আসা খাদ্য রেশন ও মানবিক সহায়তা দ্রুত বাড়াতে হবে।’
ঐতিহাসিক রায়ে বিশ্বজুড়ে আলোড়ন, কে কী বলছে
ঐতিহাসিক এই রায়কে ঘিরে বিশ্বরাজনীতির ভিন্ন ভিন্ন সমীকরণও স্পষ্ট হয়ে উঠেছে। আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশ সরকার এই রায়কে গভীর সন্তোষের সঙ্গে স্বাগত জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় একে রোহিঙ্গাদের ন্যায়বিচার ও টেকসই প্রত্যাবাসনের পথে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করে মামলাকারী দেশ গাম্বিয়াকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে। কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতেও রায় শোনার পর তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
গণহত্যার শিকার রোহিঙ্গাদের পক্ষে মামলাকারী দেশ গাম্বিয়ার বিচারমন্ত্রী দাওদা জালো রায়ের পর আবেগঘন কণ্ঠে বলেন, ‘তারা বেঁচে ফিরেছে, সাক্ষ্য দিয়েছে এবং আজ তারা ন্যায়বিচার পেল।’
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি আন্তর্জাতিক ন্যায়বিচারের এক অনন্য দৃষ্টান্ত এবং এই সত্যেরই পুনর্ঘোষণা যে, এমন জঘন্য অপরাধের বিচারহীনতা কখনোই চলতে পারে না।’
ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া বিলম্ব না করে এই রায় পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে এবং যুক্তরাজ্য তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে লন্ডন থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছে এবং জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে।
মিয়ানমারে বিশাল অর্থনৈতিক ও কৌশলগত বিনিয়োগের স্বার্থে চীন বরাবরের মতোই আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে রায়ের বিরোধিতা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র রায়টি পর্যবেক্ষণের কথা জানিয়ে আদালতকে ‘রাজনীতিকরণ’ না করার সতর্কবার্তা দিয়েছে—মূলত ওয়াশিংটন আশঙ্কা করছে, মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের এই ‘জেনোসাইড’ রায়টি ভবিষ্যতে ইসরাইলের বিরুদ্ধেও একই ধরনের রায় দেওয়ার পথ প্রশস্ত করবে এবং শক্তিশালী আইনি নজির (legal precedent) তৈরি করবে। মিত্র দেশ ইসরাইলকে আইনি সুরক্ষা দিতেই যুক্তরাষ্ট্র আইসিজের এই রায় নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে। আর প্রতিবেশী ভারত মিয়ানমারের সঙ্গে কৌশলগত সম্পর্ক ও নিজ দেশের অভ্যন্তরীণ নীতির ভারসাম্য বজায় রেখে সরাসরি ‘জেনোসাইড’ শব্দটি ব্যবহার না করলেও রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে পূর্ণ সমর্থন জানিয়েছে।
রায় অমান্যের সুযোগ নেই
আইসিজের এই রায় চূড়ান্ত; এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। জান্তা সরকার এই রায় অমান্য করলে জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী বিষয়টি নিরাপত্তা পরিষদে তোলা হবে, যেখান থেকে কঠোর নিষেধাজ্ঞার পথ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে চলমান ব্যক্তিগত গ্রেপ্তারি পরোয়ানার প্রক্রিয়াকেও এই রায় আরো বেগবান করবে।
কক্সবাজারের শরণার্থী শিবিরের ত্রিপলের ছাউনির নিচে যে শিশুরা জন্ম নিয়েছে, যাদের কাছে ‘নিজের দেশ’ কেবল বাবা-মায়ের মুখে শোনা এক গল্প—দ্য হেগের এই রায় তাদের চোখে নতুন করে ঘরে ফেরার স্বপ্ন বুনে দিল। এটি ইতিহাসের পাতায় চিরস্থায়ীভাবে লিখে দিল যে, রাষ্ট্র যতই শক্তিশালী হোক, মানুষের রক্ত আর অশ্রুর ঋণ একদিন তাকে শোধ করতেই হয়।
লেখক: সিনিয়র সাংবাদিক (বর্তমানে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা)
