দেশের সার্বিক উন্নয়ন ঘটাতে গবেষণার বিকল্প নেই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খাতে সীমিত বরাদ্দ দেওয়ায় যথাযথ গবেষণা করা সম্ভব হচ্ছে না। পাবলিক বিশ্ববিদ্যালয় ও গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ল্যাব, পর্যাপ্ত উপকরণ ও কম্পিউটার না থাকায় শিক্ষার্থীরা নিরুৎসাহিত হচ্ছেন। অনেক প্রতিভাবান শিক্ষার্থী আছেন যারা কেবল আর্থিক অনটনের কারণে গবেষণা থেকে পিছিয়ে পড়ছেন। রাজধানী ঢাকার মধ্যে কিছু প্রতিষ্ঠানে মোটামুটি বরাদ্দ দেওয়া হলেও দেশের অন্য প্রতিষ্ঠানগুলো বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে। যেটা উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি করছে। \r\nঅন্যান্য খাতে প্রয়োজনের অতিরিক্ত বরাদ্দ দিলেও শিক্ষা ও গবেষণা খাতে একদম বরাদ্দ নেই বললেই চলে। যা পরোক্ষভাবে দেশের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকরা নিজেদের অর্থ ব্যয় করে গবেষণা চালাতে বাধ্য হচ্ছেন। গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ না দেওয়ায় দিন দিন মেধা পাচারের পথ খুলে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা উন্নত গবেষণা ও অর্থের আশায় বিদেশে চলে যাচ্ছেন। বিধায় দেশ মেধাশক্তি শূন্য হয়ে যাচ্ছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে গবেষণা খাতে বরাদ্দ নগণ্য। উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায়, জাতীয় বাজেটের বড় অংশ তারা গবেষণা খাতে ব্যয় করেন। গবেষণায় বাজেট শূন্যতার অবসান ঘটিয়ে যথাযথ বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আলাদা তহবিল তৈরি এবং গবেষণা-সহায়ক নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি।