(গত শুক্রবারের পর)

আজও টোড়ি মাসি ছাদে কাপড় শুকাতে দিয়েছে শেফালির সহায়তায়। কিন্তু ক্লিপগুলো একেবারে নাজুক। অনেকটা জেমস ক্লিপের মতো। আশা করি ভবিষ্যতে সঠিক সাইজের ক্লিপ কেনা হবে। বাথরুম থেকে থুপথুপ শব্দ ভেসে আসছে। গিয়ে দেখি শেফালি মশারি, বেডশিট, বেড কভার ধুচ্ছে। আমার প্রশ্ন, ‘কী ব্যাপার, শেফালি?’ শেফালি বলল, ‘আদেশ আছে।’ আমি বললাম, ‘আদেশ আবার কী?’ ‘আদেশ মানে হচ্ছে অর্ডার, অর্ডার।’ আজ ভোরবেলা পিয়াশ মেসো আর টোড়ি মাসি কেরালা গেছে। তবে টোড়ি মাসি যদিও কেরালা গেছে, পেছনে ফেলে রেখে গেছে তার কারুকার্য! শেফালি তার জ্ঞানের ভা-ার আরও প্রসারিত করল। টোড়ি মাসি কেরালা গেছে বলে অসীম মামা এখন এ বাড়িতে। যদি আমাদের কোনো সাহায্যে আসে। তা নিয়ে শেফালি আমাকে বলে কী, ‘অসীম দাদা শ্বশুর বাড়ি থাইক্যা বাপের বাড়ি আসছেন। বড়দিদি আছে এখানে।

বড়দিদি তো বাপ-মা’র সমান।’ আজ টোড়ি মাসির চেয়েও গুরুগম্ভীর স্বরে শেফালি আমাকে বলল, ‘আপনি বাথরুমের কল ছাইড়্যা রাখছেন ক্যান? আমি রাত সোওয়া দশটায় উইঠ্যা দেখছি।’ একেও দেখি ঘড়ির কাঁটার রোগে ধরল। কামাল ভাই পাশেই ছিলেন। বললেন, ‘না, মনে হয় স্যার করছেন। আমি মাঝে মাঝে স্যারকে এমন করতে দেখছি।’ কামাল ভাই অসীম মামাকে স্যার বলেন, কারণ কামাল ভাইও একই কোম্পানিতে কাজ করতেন। নানারকম গোয়েন্দাগিরিই এ বাড়ির সকলের ‘পার্টটাইম জব।’ আমি অবশ্য ভাবলাম, ‘যাক, এ যাত্রা রক্ষা পেলাম।’ তারপর শেফালির অনুরোধ, ‘আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুইল্যা দেন।’ আমি বলি, ‘কী করবে তুমি ফেসবুক দিয়ে? তুমি তো পড়তে পারো না।’ শেফালি আমাকে বলে কী, ‘ফেসবুকে তো সব লেখা থাকে। মুইছ্যা যায় না।

আমি যখন বাড়ি যামু তখন আমার মেয়ে, ভাইস্তা বা অন্য কাউরে দিয়া পড়াইয়্যা নিমু।’ ফেসবুকে যে লেখা থেকে যায় তা শেফালি যে কোথা থেকে শিখল আমি জানি না। এ পরিস্থিতির কথা জানলে মার্ক জুকারবার্গ খুবই খুশি হতো। কাল গৌড়ি মাসি আর আমার মাসতুতো বোন মৌটুসির বাসায় নিমন্ত্রণ ছিল আমার সব মামা, মাসিদের। গৌড়ি মাসির যথেষ্ট বয়স হয়েছে। তবু অনেক মানা করা সত্ত্বেও গৌড়ি মাসি রেঁধে ফেলেছে লাবড়া, ডাল, কিশমিশ দিয়ে রুই মাছের কালিয়া, চাল দিয়ে মুড়িঘন্ট, মুরগির মাংস, চাটনি এবং ছাদ বাগানের কলমি শাক। লাবড়াতে কাঁঠালের বিচি দিয়েছিল গৌড়ি মাসি। সেও বুঝি আটাশ বছর খাইনি। কাসুন্দি দিয়ে খেলাম কলমি শাক। গৌড়ি মাসির রান্না খেলে আমার সবসময় মনে পড়ে দিদার কথা। মা’দের বোনদের মধ্যে গৌড়ি মাসিই পেয়েছে দিদার রান্নার হাত।

আর দাদু ভাইয়ের মতো পেয়েছে গ্রিন থাম্ব। ছাদের বাগানে আম হচ্ছে, ডালিম হচ্ছে, পেয়ারা হচ্ছে, লেবু হচ্ছে, লাউ হচ্ছেÑ আরও কত কী যে! আমি রাতটা গৌড়ি মাসির বাসাতেই কাটালাম মৌটুসির সঙ্গে গল্প করব ভেবে। অচিরেই মৌটুসি লন্ডন ফিরে যাবে। ২০২৪ সালের পহেলা বৈশাখ। খুব সকালে উঠতে হলো, ছায়ানটের রমনা বটমূলে গান শুনতে যাব বলে। আমি এত সকালে উঠি না। আমি অতটা পথ হাঁটতে পারব কিনা ভেবে অসীম মামা একটা হুইল চেয়ার জোগাড় করেছে আমার জন্য। আমার পায়ের মিনিস্কাস ছিঁড়ে গেছে বলে আমি বেশি দূর হাঁটতে পারি না। আমাদের দলের ভেতর ছিল অসীম মামা, মামি, মৌটুসি আর আমি। মৌটুসি শাড়ি পরেছিল। যদিও পায়ে স্নিকার। বাড়ির অন্য সদস্যরা ঘুমাচ্ছিল। গেটের কাছে গিয়ে দেখি খুব বড় একটা সাইনবোর্ড আর তাতে লেখা ‘প্রবেশ’।

কিন্তু সামনে ঘিরে আছে অনেক পুলিশ, আর তারা আমাদের কিছুতেই ওই গেট দিয়ে ঢুকতে দেবে না। অসীম মামা তো রেগে আগুন। ‘যদি এই গেট দিয়ে ঢুকতেই দেবেন না তবে প্রবেশ বলে সাইনবোর্ড লাগিয়েছেন কেন’? অসীম মামা এত উত্তেজিত হয়ে পড়ল যে আমি ভাবলাম এখন মারামারি শুরু করবে। এরপর কোনোমতে আমরা গিয়ে রমনায় পৌঁছালাম। আমি ১৯৮৫ সালে শেষ রমনার বটমূলে গান শুনেছিলাম। আর মঙ্গল শোভাযাত্রা কখনো দেখিনি। শুনতে পেলাম অন্যান্য গানের সঙ্গে ওরা কাজী নজরুল ইসলামের গান করছে। ‘নাচে ওই কালবোশেখি, কাটাবি কাল বসে কি? দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি! লাথি মার, ভাঙরে তালা! যত সব বন্দি শালায়- আগুন-জ্বালা, আগুন-জ্বালা, ফেল উপাড়ি।’ রাজনীতির কবলে কতকিছুই যে হারিয়ে যাচ্ছে! সবশেষে গাওয়া হলো ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে ও গো, আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’ জাতীয় সংগীত হচ্ছে বলে মাঠভর্তি মানুষ উঠে দাঁড়াল। আমি কাঁদতে শুরু করেছি। মৌটুসি আমাকে টিস্যু এগিয়ে দিল। আমার যে কোনো দেশের জাতীয় সংগীত শুনলে আর গ্র্যাজুয়েশন সেরেমনি দেখলে চোখ জলে ভরে যায়! ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছেলেমেয়েরা বাংলা সংস্কৃতির পরিচয় দিতে নানারকম প্রতীক, বিভিন্ন রঙের মুখোশ আর বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি দিয়ে বিরাট শোভাযাত্রা করল। অসংখ্য মানুষ আসে এই মঙ্গল শোভাযাত্রা দেখতে। এবারের মোটিফ ছিল জীবনানন্দ দাশের পঙক্তি ‘তিমির হননের গান’ কবিতা থেকে ‘আমরা তো তিমিরবিনাশী’। মোটিফ লেখা আছে মঙ্গল শোভাযাত্রার শুরুতে। ঢাকঢোল বাজছে। প্রথমে এলো র‌্যাবের সদস্যরা। তারপর এলো সোয়াট টিম। সোয়াট টিমের হাতে বিশাল বন্দুক।

তারপর পুলিশ বাহিনী। তারপর নাচতে নাচতে চলল ছেলে মেয়েরা। এরপর আসল ফ্লিটগুলো এলো। কী যে সুন্দর তারা! বাঁশের কাঠামোর ওপর কাগজ লাগিয়ে বানানো, রং দিয়ে আঁকা। সোনালি ম্যাপ আঁকা বাংলাদেশের প্রথম পতাকা পতপত করে উড়ছে। চলেছে মুখোশ, চলেছে বাঁশের কাঠামোয় তৈরি হাতি, চলেছে ঘোড়া...বেশির ভাগ মেয়ে সাদা শাড়ি, লাল পাড় পরেছে। দেখা হলো আমার বন্ধু পরমা আর আনন্দীর সঙ্গে। তবে অসীম মামার সঙ্গে কোথাও যাওয়াটা ভালো না মন্দ বুঝতে পারলাম না। প্রতি পাঁচ মিনিট পরপর কেউ না কেউ এসে অসীম মামার হাত জড়িয়ে ধরছে। কেউ কোলাকুলি করছে। ‘দাদা, নমস্কার! ভালো আছেন তো? শুভ নববর্ষ!’ এবং একটু পর দেখি অসীম মামা সাক্ষাৎকার দিচ্ছে। শোভাযাত্রা দেখা শেষ হলে আজ রাস্তার গাড়ি থেকে চকোলেট আইসক্রিম খেলাম। জীবনে প্রথম। কুলফিও ছিল।

টোড়ি মাসি আমাদের কোনোদিন পারমিশন দেয়নি রাস্তা থেকে আইসক্রিম কিনে খেতে। কী জানি একটা কিছু নাকি হয়ে যাবে। অথচ কত যে আইসক্রিমওয়ালা ছেলেবেলার জীবনে ঘণ্টা বাজিয়ে চলে গেছে! ‘আইসক্রিমচাই, আইসক্রিম?’ আজ নিজেকে বেশ বীর বীর মনে হলো। তবে টোড়ি মাসি কাল কেরালা থেকে জানিয়েছিল যে, ‘তোর মঙ্গল শোভাযাত্রায় যাওয়াটা আমি একদম এলাও করছি না। আবার মাথা ঘুরে পড়ে যাবি। অবশ্য তোর তো অনেক গার্জিয়ান। তাদের কথাও তো শুনতে হবে।’ কিছুতেই কোনোদিন বড় হতে পারলাম না! নানারকম সমস্যা! তবে শুভ নববর্ষ! ‘আমরা তো তিমিরবিনাশী’। দিনশেষে আমি বাঙালি! টোড়ি মাসি ফিরেছে কেরালা থেকে। এদিকে বিশেষ খবর হচ্ছে জুন মাসে অশ্রু, কমল, ওদের দুই ছেলেমেয়ে টিকলি, টিটু আর আমার মেয়ে খেলা আসবে আমেরিকা থেকে। ফলে বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতার তাপমাত্রা আরও বেড়ে গেছে। বেড়ে গেছে কামাল ভাই আর শেফালির সার্কাসও। আজ সকাল সকালই তো! কামাল ভাই টোড়ি মাসির কাছে বকা খেয়ে আমার আর শেফালির সামনে এসে বলেছেন, ‘ওয়ার্ক ফর ইটিং।’ শেফালি জিজ্ঞাসা করল, ‘হেইটার মানে কি? যে ভাষা আমি বুঝি না তা আমারে বলেন ক্যান?’ কামালভাই উত্তর দিলেন, ‘কর্মের বদলে খাদ্য।’

আমি এই দুইজনের কা- দেখে হাসছি বলে কামাল ভাই আমাকে বললেন, ‘বাংলা করাটা কি ভুল হইছে দিদি?’ ইংরেজি নিয়ে কখনই কামাল ভাইয়ের কোনো চিন্তা নেই। দারুণ কনফিডেন্ট উনি। কামাল ভাই বেশির ভাগ সময়েই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো করে কথা বলেন। এই তো ক’দিন আগেই বলছিলেন, ‘আমি এখনকার রানিং করছি।’ কথায় কথায় দু’টো তিনটা ইংরেজি শব্দও ঢোকান। হবে নাই বা কেন? উনি যে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতিদের কাছে কাজ করতেন। ওরা সবাই আসবে বলে কে কোথায় থাকবে তা নিয়েও চিন্তা-ভাবনা শুরু হয়েছে। বাড়িতে আমরা আরও চারজন মানুষ। এ বাড়িতে তিনটা বেডরুম, ডাইনিং রুম, কিচেন, শেফালির ঘর আর বসবার ঘর। আমরা সবাই হিসাব-নিকাশ করতে থাকলাম কে কোথায় শোবে। মাটিতে বিছানা করতে হবে কি? জল্পনা-কল্পনা করে সবার মনে হলো ওরা সবাই তো অনেক বড় বড় স্যুটকেস নিয়ে আসবে। সাথে স্যুটকেসে ভরে আনবে জেট ল্যাগ। ঠেলাঠেলি করে সুবিধা হবে না। এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আমাদের তলার নিচের তলাতেই বেশ কিছু গেস্টরুম আছে। ইচ্ছে করলে সেগুলো রেন্ট করা যায়। রাতে ওখানে ঘুমাল আর পুরো দিন আমাদের সঙ্গে। আমি আর মা গেলাম রুমগুলো সরজমিনে তদন্ত করে দেখতে।

কামাল ভাই যথারীতি সেখানকার কেয়ারটেকারকে গলা ফাটিয়ে ডেকে চললেন, ‘আই জয়নাল, কোথায় আছেন আপনি? আমরা রুম দেখতে আইছি।’ মা বলল, ‘শুরু হয়ে গেছে কামালের মাতব্বরি!’ আজও কামাল ভাই বিশিষ্ট শিল্পপতির দেওয়া হাফ হাতা শার্ট পরে এসেছেন। লালের ওপর এখানে সেখানে কালো রঙের ছোপছোপ। আমি জিজ্ঞাসা করলাম, ‘এটা কি বাটিক প্রিন্ট?’ কামাল ভাই বললেন, ‘নাহ, পরে বলবনে আপনারে। আমার স্যার বেশির ভাগ সময় হাফ হাতা শার্ট পইরতেন। আমাকে আর একটা গোলাপি রঙের হাফ হাতা শার্ট দিছেন লন্ডন যাইবার আগে।’ এ ধরনের গণ্যমান্য মানুষের সঙ্গে চলাফেরা করেছেন কামাল ভাই! মাতব্বরি তো একটু থাকবেই! আর একটু জোরে জোরে তো ডাকবেনই! আমরা ঘরগুলো ঘুরে ঘুরে দেখছি। ভালো করে পর্যবেক্ষণ করে দেখতেই হবে। মা আলমারি খুলে শেলফগুলো দেখল। কেন হঠাৎ শেলফ চেক করতে হচ্ছে তা যদিও আমি বুঝে পেলাম না। বারান্দা দেখল। খুশি হলো বারান্দা থেকে সবুজ গাছ দেখা যাচ্ছে বলে। অবশেষে বাথরুমে গিয়ে মা ফল্ট খুঁজে পেল। স্নানের জায়গায় শাওয়ার কার্টেন নেই। সারা বাথরুমে জল ছিটিয়ে যাবে। হয়তো এ কথাটা মা টোড়ি মাসির কাছে শিখেছে। জয়নাল ভাই বললেন, ‘চিন্তা কইরেন না। শাওয়ার কার্টেন লাগাইয়্যা দিমু। এখন চলেন গেমরুম দেইখতে।’ মা জিজ্ঞাসা করল, ‘কী কী খেলা আছে ওখানে?’

জয়নাল ভাই প্রথমেই বললেন, ‘ক্যারাম।’ আমি গিয়ে কোনো ক্যারাম বোর্ড দেখতে পেলাম না। জয়নাল ভাই আরও জানালেন, ‘আর একখান গেম আছে যেটাতে লাঠি দিয়া বল ঠেলে।’ লাঠিসোঁটা দেখতে গিয়ে দেখি বিলিয়ার্ড বোর্ডের কথা বলছেন। আর দেখলাম ফুসবল আর টেবিল টেনিস বোর্ড। মা খুশি হলো গেমরুমের লকার রুম দেখে। গেমরুমে সুইমিং পুল নেই। সকলে লকার রুমে কী লক করবে কে জানে। কা-কারখানা সমাপ্ত করে বাড়ি ফিরে এসেছি। কিন্তু দেখি কোনো এক ফাঁক দিয়ে গিয়ে কামাল ভাই আমার জন্য গরম গরম সিঙারা নিয়ে এসেছেন। অবশ্য মা বলল আগে সিঙারা খাস না। আগে রুটি তরকারি খেয়ে নে। ডিম অমলেট খা। দেখি পানতোয়াগুলো দু’ভাগ করে রাখা। ইঙ্গিতটা ধরতে পারলাম। সব খেয়েদেয়ে পেট যখন প্রায় ভরে গেছে তখন সিঙারার দিকে হাত বাড়ানোর সুযোগ হলো। মা’র মিশন সাকসেসফুল। তাও বলে চলেছে সিঙারা খেয়ে যদি একবার এসিডিটি হয় তবে সারা জীবনের জন্য হয়ে গেল। ভীষণ কষ্ট, ভীষণ যন্ত্রণা। এদিকে আমার কোনো এসিডিটিই নেই। তখন মা নতুন পথ নিল। ‘আমাদের বংশে আছে।’ হায় রে হায়! বংশানুক্রমে সিঙ্গারার এসিডিটি! কিন্তু বিধি বাম। বেল বাজতেই দেখি স্বয়ং অসীম মামা আর এক বাক্স সিঙ্গারা নিয়ে দাঁড়িয়ে আছে। মা’র মুখটা দেখবার মতো হয়েছে। সুপ্রিয় ভাই সিঙ্গারা এনেছে। আমাকে আর বলতে পারছে না, ‘খাস না। এসিডিটি হবে।’

(ধারাবাহিক)

লেখক : সাহিত্যিক, সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট (যুক্তরাষ্ট্র)