বর্তমান সময়ে শিক্ষার্থীদের প্রায় সবার হাতেই রয়েছে আধুনিক মোবাইল ফোন। তাদের হাতে তথ্যের উৎসের কোনো ঘাটতি নেই। ইন্টারনেট, সামাজিক মাধ্যম এবং নানা ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মুহূর্তের মধ্যেই অসংখ্য খবর ও তথ্য তাদের হাতের মুঠোয় পৌঁছে যাচ্ছে। প্রযুক্তির এই সহজলভ্যতার ফলে এখন তথ্য পাওয়া আগের যে কোনো সময়ের তুলনায় অনেক সহজ। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, এই বিপুল তথ্যের ভিড়ে শিক্ষার্থীরা কি সত্যিকার অর্থে সঠিক তথ্যে সমৃদ্ধ হচ্ছে, নাকি তারা অপতথ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে?

সে জন্য শিক্ষার্থীদের মধ্যে পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। কারণ একটি ভালো মানের পত্রিকা সাধারণত তথ্য যাচাই, বিশ্লেষণ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের কাছে খবর উপস্থাপন করে। নিয়মিত পত্রিকা পাঠ শিক্ষার্থীদের তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তুলতে সহায়তা এবং তাদের সচেতন ও দায়িত্বশীল পাঠক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্যও একটি ভালো পত্রিকা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।

পত্রিকা শুধু খবর জানার একটি মাধ্যম নয়; বরং সমাজ, রাষ্ট্র ও বিশ্বে সংঘটিত ঘটনাবলিকে বিশ্লেষণ করে বোঝার একটি নির্ভরযোগ্য উপায়। বলা যায়, পৃথিবীর এমন কোনো ক্ষেত্র নেই, যাকে কেন্দ্র করে প্রতিদিন পত্রপত্রিকায় কোনো না কোনো সংবাদ প্রকাশিত হয় না। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্যনীতি, কৃষি, ধর্ম, সাহিত্য, প্রযুক্তি, খেলাধুলা, ক্যারিয়ার গঠনসহ নানা ধরনের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় খবর নিয়মিত পত্রিকায় উঠে আসে। এমনকি যুদ্ধবিগ্রহ ও দেশ-বিদেশের নানামুখী সংঘাতের খবরও পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত হয়।

শিক্ষার্থীরা যদি নিয়মিত পত্রিকা পড়ে, তাদের চারপাশের বাস্তবতা ও পরিবেশ সম্পর্কে সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাঠ্যবই যেখানে অনেক ক্ষেত্রে নির্দিষ্ট ও সীমাবদ্ধ বিষয়বস্তুর মধ্যে আবদ্ধ থাকে, সেখানে পত্রিকা শিক্ষার্থীদের সামনে উন্মোচন করে দেয় বাস্তব জীবনের বহুমাত্রিক চিত্র। একটি মানসম্মত পত্রিকা পাঠকদের জন্য নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য সরবরাহ করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিনিয়ত দেশ-বিদেশের সাম্প্রতিক ঘটনাবলি ও বহুমুখী খবর জানতে পারে। তবে এসব সুফল পেতে হলে নিয়মিত পত্রপত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। মেধাবী ও অনিসন্ধিৎসু শিক্ষার্থীরা ঠিক এ কাজই করে নিয়মিত। যেসব শিক্ষার্থী নিয়মিত পত্রিকা পড়ে, তাদের সাধারণ জ্ঞানে পারদর্শিতা অন্যদের তুলনায় অনেক ক্ষেত্রেই বেশি থাকে। ফলে বিসিএসসহ তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা স্বাভাবিকভাবেই যথেষ্ট এগিয়ে থাকে।

শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নেও পত্রিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি ইংরেজি কি বাংলা; যে কোনো ভাষার পত্রিকা পড়লেই তাদের ভাষার দিকটা উন্নত হয়ে ওঠে। ইংরেজি ভাষায় আমরা এতটাই দুর্বল যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণকালে বহু বছর পড়ালেখা করলেও ভালো করে এই বিদেশি ভাষা শেখা সম্ভব হয়ে ওঠে না। আবার বাংলা আমাদের মাতৃভাষা হলেও আমরা সবাই যে খুব শুদ্ধভাবে বাংলা ভাষা জানি, তা কিন্তু নয়। আমরা যদি বাংলা ভাষায় কিছু লিখতে যাই তখনই আমাদের নানা রকম দুর্বলতা ও অসংগতি চোখে পড়ে। কত বানান ভুল, কত এলোমেলো বাক্য, কত বিচিত্র ভুলভ্রান্তি ধরা পড়ে! পত্রিকা পড়ার আরেকটি বড় সুফল হলো সমালোচনামূলক চিন্তার বিকাশ। ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেও দৈনিক পত্রিকা অত্যন্ত কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করে। একটি মানসম্মত পত্রিকায় প্রকাশিত বিচিত্র ও প্রাসঙ্গিক তথ্য শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের ভাণ্ডার দ্রুত সমৃদ্ধ করতে সহায়তা করে। শিক্ষার্থীদের পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তোলা মানে তাদের কেবল ভালো শিক্ষার্থী বানানো নয়; বরং তাদের সচেতন, যুক্তিবাদী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার একটি ব্যতিক্রমী উদ্যোগ।

অধ্যাপক মো. মুজিবুর রহমান: অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা) ময়মনসিংহ mujibur29@gmail.com