বাংলাদেশের আর্থসমাজিক-রাজনৈতিক ইতিহাসে ২০২৫ সালটি একটি অভূতপূর্ব ক্রান্তিকালের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দীর্ঘ দেড় দশকের একটি শাসন ব্যবস্থার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বছরটিতে প্রধান চ্যালেঞ্জ ছিল ভেঙে পড়া প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠন এবং আর্থসামজিক-রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সামাজিক-রাজনৈতিক মূল্যায়ন করবেন সমাজ-রাষ্ট্রবিজ্ঞানীরা। তবে অর্থনীতিতে দীর্ঘ সময় ধরে ভুলভাল হিসাব পদ্ধতিতে গড়ে ৫-৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করলেও তার সুফল ন্যূনতম সুষমভাবে বণ্টিত হয়নি, বরং ক্রমাগত নির্দিষ্ট একটি ধনিক শ্রেণির হাতে পুঞ্জীভূত হয়েছে।
২০২৫ সালেও অর্থনৈতিক এই পুঞ্জীভবন যে বহাল ছিল, তা স্পষ্ট হয় সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ সব অনুষঙ্গ বিশ্লেষণ করলে। অভূতপূর্ব প্রত্যাশা থাকলেও রাষ্ট্রের নিয়ন্ত্রকরা নিজেদের মতো করেই সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। যেখানে সংখ্যাস্বল্প ধনিক শ্রেণিকে ছাপিয়ে মূল চালকের আসনে ছিল পুরানো ও নতুনদের সমন্বয়ে অলিগার্ক শ্রেণি, যারা সমাজের অতি ক্ষুদ্র অংশ হলেও অর্থনৈতিক, রাজনৈতিক বা করপোরেট ক্ষমতার মাধ্যমে রাষ্ট্র বা সমাজের সিদ্ধান্ত ও সম্পদের একচ্ছত্র আধিপত্য প্রকাশ করেছে।
ফলে বিশ^ব্যাপী বৈষম্য বৃদ্ধির অব্যাহত জয়যাত্রার মধ্যেও পুরোপুরি স্রোতের বিপরীতে গিয়ে ২০২৪ সালে মাত্র ৩৬ দিনের একটি আন্দোলনে একটি পরাক্রমশালী শাসন ব্যবস্থার অবসান হলেও বাংলাদেশ অতীতের মতোই তার চরিত্রে আনপ্রেডিক্টেবল বৈশিষ্ট্য বজায় রেখেছে। এই দৃষ্টিতে বলা যায়, অন্তত ৯০ শতাংশ নাগরিকের মধ্যে ভুল-ত্রুটি শুধরে ইউ-টার্ন নেওয়ার তীব্র আকাক্সক্ষা সত্ত্বেও সমাজ-অর্থনীতি-রাজনীতিতে অলিগার্ক শ্রেণির ছায়ায় যে নড়বড়ে সংহতি গড়ে উঠেছে, তা-ই ২০২৬ সালে বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে। \r\nঅর্থনীতি শাস্ত্রের শিক্ষক হিসেবে বলা যায়, ২০২৫ সাল ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো মেরামত ও দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়মের বিরুদ্ধে লড়াইয়ের বছর এবং ২০২৬ সাল রাজনৈতিক-অর্থনৈতিক মডেল তৈরির প্রাথমিক বছর।
কিন্তু রাষ্ট্র পরিচালনার রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা ডিপ স্টেট তথা অলিগার্কি লুটেরা শ্রেণির সিন্ডিকেটগুলো ভাঙতে অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা-উদ্ভূত ঐতিহাসিক অপারগতা নতুন কোনো মডেল তৈরির সুযোগ ও আকাক্সক্ষাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। কেননা বিদায়বর্ষের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনায় দেখা যায়, একদিকে বার্ষিক মূল্যায়নে সরকার বলছে অর্থনীতির প্রায় সব সূচকে ভারসাম্য ফিরে আসছে। অন্যদিকে নির্মোহ বিশ্লেষণ বলছে, ২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতি এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে, যেখানে সামষ্টিক অর্থনীতির কিছু সূচক স্থিতিশীলতা ফেরার আভাস দিলেও সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে তার প্রভাব ছিল অতিসামান্য।
বরং স্বাধীনতার ৫৪ বছর পরেও শোষণ-নৃশংসতা ও সম্ভাবনা-প্রত্যাশার দোলাচালে পড়ে জনগণ কিংকর্তব্যবিমূঢ় ও অসহায় বোধ করেছে, যার পেঝনে কাজ করেছে ২০২৪ সালের রাজনৈতিক অভ্যুত্থানপরবর্তী উৎপাদন ব্যাহত হওয়া, অর্থনীতির উচ্চ অনিশ্চয়তা এবং কঠোর মুদ্রানীতির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষণীয়ভাবে কমে ৩ দশমিক ৭ থেকে ৩ দশমিক ৯ শতাংশে নেমে আসা। অর্থনীতির এই মন্থরতা কেবল রাজনৈতিক অস্থিরতার ফল নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত খেলাপি ঋণ, বৈদেশিক মুদ্রার সংকট এবং উচ্চ মুদ্রাস্ফীতির একটি সম্মিলিত বহিঃপ্রকাশ। মুদ্রাস্ফীতির হার বছরজুড়েই ৯-১০ শতাংশের আশেপাশে অবস্থান করেছে, যার মূল কারণ ছিল টাকার অবমূল্যায়ন, পাইকারি বাজারে প্রতিযোগিতার অভাব এবং সরবরাহ শৃঙ্খলে বিদ্যমান সিন্ডিকেটের প্রভাব।
২০২৪ সালের জুলাইয়ে রিজার্ভ যখন ১৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে এসেছিল, তখন থেকেই একটি বড় ধরনের ব্যালেন্স অব পেমেন্ট সংকটের শঙ্কা ছিল। তবে ২০২৫ সালের নভেম্বর নাগাদ মোট রিজার্ভ ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে উন্নীত হওয়া, যা মূলত আইএমএফ এবং এডিবির মতো দাতা সংস্থাগুলোর ঋণ এবং প্রবাসী অর্থের শক্তিশালী প্রবাহের ফল। আশঙ্কা কাটিয়ে দ্রুত রিজার্ভের স্থিতিশীলতা ফিরিয়ে এনে সরকার সাফল্যের পরিচয় দিলেও দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ পরিবেশে প্রাণের সঞ্চার হয়নি। ফলে বিদেশি বিনিয়োগ প্রবেশ করার সাহস পায়নি। বেসরকারি খাতে ঋণ প্রবাহের মন্থরতা এবং ঋণের সুদের হার ঊর্ধ্বমুখী থাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য ও বৈষম্য বৃদ্ধি ছিল ২০২৫ সালের অন্যতম প্রধান ব্যর্থতা।
২০২৪ সালে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.২ শতাংশ এবং দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ, যা ২০২৫ সালে হয়েছে যথাক্রমে ৩ দশমিক ৭ থেকে ৩ দশমিক ৯ শতাংশ এবং সরকারি ২২ ও বেসরকারি ২৮ শতাংশ। বিশ্বব্যাংকের গত এপ্রিলের প্রতিবেদনের পূর্বাভাস ছিল, আয়বৈষম্য পরিমাপের গিনি সূচকে বাংলাদেশে আয়বৈষম্য ২০২২ সালের ৩৩ দশমিক ৪ থেকে বেড়ে ২০২৫ সালে ৩৬ দশমিক ১ হচ্ছে, মোট সম্পদে ধনীদের ভাগ আরও বেড়েছে। তারপরও বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল সূচক দাবি করে বলছে, ২০২৬ সালের জুনের মধ্যে প্রবৃদ্ধি ৪.৯-৫.১ শতাংশ এবং মুদ্রাস্ফীতি ৭.০ শতাংশ হবে। \r\n২০২৫ সালে বাংলাদেশের ব্যাংক খাতের সংস্কার ছিল অর্থনীতির সবচেয়ে আলোচিত বিষয়।
সাম্রাজ্যবাদী আর্থিক ঋণদাতা প্রতিষ্ঠান বিশ^ব্যাংকের কাজ করার দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নরের নেতৃত্বে এই খাতে যে স্বচ্ছতা আনার চেষ্টা হয়েছে, তা আগে কখনো দেখা যায়নি। ২০২৫ সালের ডিসেম্বরে জানা যায়, দেশের প্রকৃত খেলাপি ঋণের হার (এনপিএল) প্রায় ৩৬ শতাংশ। এটি কেবল একটি সংখ্যা নয়, বরং দেশের ব্যাংক খাতের গভীর সংকটের বহিঃপ্রকাশ। বিশেষ করে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ার তথ্য বেরিয়ে আসার পর সরকার এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে একীভূত করেছে। সংস্কারের অংশ হিসেবে ২০২৫ সালজুড়ে ১৪টি ব্যাংকের পর্ষদও পুনর্গঠন করা হয়েছে এবং বড় ঋণের ক্ষেত্রে থার্ড-পার্টি কোলাটেরাল ভেরিফিকেশন এবং ফরেনসিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
এ রকম নানা সংস্কারের চেষ্টা হয়েছে। তবে রাজনীতিবিদ-অলিগার্ক শ্রেণি নিয়ন্ত্রিত ব্যাংক খাতের পচন এতটাই গভীর যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনের পর রাজনৈতিক সরকারের প্রচণ্ড সদিচ্ছা ও বর্তমান গভর্নরের সংস্কারের ধারাবাহিকতা থাকলেও রোগের নিরাময় হতে কমপক্ষে একদশক লাগবে। সবচেয়ে বড় কথা, কেন্দ্রীয় ব্যাংকের যেহেতু স্বাধীনতা নেই, সেহেতু রাষ্ট্রের অন্তর্বর্তী নীতিনির্ধারকরা কতটা সততা-পারঙ্গমতা-জ্ঞানের পরিচয় রেখেছেন, তা সময়ই বলে দেবে।
তবে বিনিয়োগকারী ও সাধারণ গ্রাহকদের মধ্যে সতর্কতার পাশাপাশি তীব্র আস্থার যে সংকট এখনো দেখা যাচ্ছে, তাতে নিশ্চিতভাবেই বলা যায়, ২০২৬ সালে বিধ্বস্ত ব্যাংক খাতের কারণে সামগ্রিক উৎপাদনশীল প্রক্রিয়া স্তিমিতই থাকবে।\r\nবাংলাদেশের বিগত তিন দশকের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে নোবেলজয়ী অর্থনীতিবিদ আসেমোগলু ও রবিনসনের ইনস্টিটিউশনাল ডিকেই বা প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। যখন কোনো রাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কেবল নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে কাজ করে, তখন টেকসই প্রবৃদ্ধি অসম্ভব হয়ে পড়ে।
২০২৪-এর গণ-অভ্যুত্থান এই অবক্ষয় ও নিষ্কাশনমূলক ব্যবস্থার বিরুদ্ধে একটি গণ-বিস্ফোরণ হলেও ২০২৫ সালে দেখা যাচ্ছে যে, রাজনৈতিক ক্ষমতার বদল হলেও অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্রিয় হয়নি। বরং অলিন্দে-অলিন্দে থাকা অলিগার্ক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠিত হয়ে তাদের ওপর প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করেছে। আমলাতন্ত্র ও বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোতে পুরানো ব্যবস্থার রেশ এখনো শক্ত ভিত্তি নিয়ে রয়ে গেছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে ধীর করে দিয়ে, জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড পরিস্থিতি সৃষ্টি করেছে।
ফলে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রক্রিয়াটি তাত্ত্বিকভাবে শুরু হলেও ভূমিষ্টের শুরুতেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর লক্ষণ প্রকাশ করছে, যা স্পষ্ট হয় জোসেফ স্টিগলিটজের রেন্ট-সিকিং তত্ত্বর ব্যাখ্যা করলে, যখন কোনো রাষ্ট্রের সম্পদ উৎপাদনশীল বিনিয়োগের মাধ্যমে না এসে রাজনৈতিক প্রভাব বা একচেটিয়া সিন্ডিকেটের মাধ্যমে অর্জিত হয়, তখন সামগ্রিক দক্ষতা কমে যায়। ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক খাতে গুটিকয় অলিগার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বাজার অর্থনীতির অলিগার্ক সিন্ডিকেটের প্রভাব বিন্দুমাত্র খর্ব করতে পারেনি।
এই সামরিক-বেসামরিক-রাজনীতিক-আমলা সমন্বয়ে গঠিত এই অলির্গাক শ্রেণি রাষ্ট্রের চালকদের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে, গুটিকয় শীর্ষব্যক্তি সরালেও অর্থের প্রবাহ ব্যবস্থার মূল কাঠামো অটুটই থাকছে। যারা মুদ্রাস্ফীতিকে চাঙ্গা রাখছে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে শোষণ করছে, যা প্রকারান্তরে সরকারের অর্থনৈতিক বৈধতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অর্থনীতি শাস্ত্রের সামাজিক চুক্তি তত্ত্বে র আলোকে বলা যায়, ২০২৪ সালের জুলাই বিপ্লব ছিল রাষ্ট্রের সঙ্গে জনগণের একটি নতুন চুক্তির দাবি। কিন্তু ২০২৫ সালে মুদ্রাস্ফীতির কষাঘাতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার ফলে এই কাল্পনিক সামাজিক চুক্তিটি হুমকির মুখে পড়েছে।
এর কারণ, ব্রিটিশ আমলের শোষণ ধারার টেকনোক্র্যাটিক ব্যবস্থার সংস্কারে এই সরকার যতটা আড়ম্ভর-উদ্যোগ দেখিয়েছে, অর্থ প্রবাহ ও বাজার ব্যবস্থাপনার মতো স্পর্শকাতর জনমুখী বিষয়ে ততটাই থেকেছে নিস্পৃহ-নির্বিকার।\r\n২০২৫ সালের অর্থনৈতিক পর্যালোচনার অন্যতম অবিচ্ছেদ্য অংশ হলো, কেন ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার অলিগার্কি ব্যবস্থা ভাঙতে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ব্যর্থতার মূলে রয়েছে সরকারের একধরনের কৌশলগত দোদুল্যমানতা ও আমলাতান্ত্রিক নির্ভরতা। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, তখন ধারণা করা হয়েছিল যে তারা বিপ্লবী প্রক্রিয়ায় মাফিয়া চক্রগুলো নির্মূল করবে। কিন্তু বাস্তবে সরকার ধনিকবান্ধব লিগ্যালিস্টিক পদ্ধতি অবলম্বন করেছে, যা অত্যন্ত প্রশ্নবিদ্ধ ও সময়সাপেক্ষ।
উপরন্তু গত ১৫ বছরে রাষ্ট্রীয় কাঠামোয় অলিগার্ক শ্রেণি এমনভাবে মিশে গেছে যে, এদের হঠাৎ করে সরিয়ে দিলে পুরো সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা ছিল। বিশেষ করে চাল, ভোজ্যতেল, চিনি ও ডিমের মতো নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণকারী ৫-৬টি বড় গ্রুপকে যদি একসাথে ধরা হতো, তবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে জনজীবন বিপর্যস্তের সক্ষমতা তাদের ছিল। সরকার কঠোর হলে হয়তো সাপ্লাই চেইন কোলাপ্স হতো, যা সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার তীব্র অভিপ্রায়ের কারণে সাপ্লাই চেইন রিগেইন -এ রূপান্তর করা যেত। কিন্তু বছরজুড়ে ধীরে চলো নীতির মাধ্যমে সরকার কাঠামোগত মৌলিক এ সমস্যটি অস্বীকৃতই রেখে গেছে। এ দৃষ্টিতে নতুন বছরে বাংলাদেশের বড় শিক্ষা হতে পারে, অর্থনীতিকে কেবল কিছু সংখ্যার সমাহার হিসেবে নয়, রাজনৈতিক-সামাজিক সমঝোতার প্রতিফলন হিসেবে দেখতে হবে এবং জনগণের সম্মতিতে নতুন অর্থনৈতিক-সামাজিক দর্শনের অনুমোদন নিতে হবে। \r\nলেখক : অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
