গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুসম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাই সাধুবাদ পাওয়ার যোগ্য। বহু মানুষের নিষ্ঠা, আন্তরিকতা ও অঙ্গীকারের কারণেই শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান হতে পেরেছে। নির্বাচন কমিশনের পরিচালনায় বহু প্রতিষ্ঠান ও সংগঠন নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে চ্যালেঞ্জ গ্রহণে সফল হয়েছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য দীর্ঘ সময় ধরে ধৈর্য, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় বড় ধরনের কোনো অনিয়ম, গোলযোগ ও হাঙ্গামা ছাড়াই ভোট হতে পেরেছে। তারা সকলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত সবাই নিঃসন্দেহে অভিনন্দন পাওয়ারও যোগ্য। স্মরণ করি, এই নির্বাচনের জন্য বহু আন্দোলন, সংগ্রাম ও রক্ত দিতে হয়েছে।
যারা প্রাণ দিয়ে, রক্ত দিয়ে চরম আত্মত্যাগ করেছেন, তাদের জন্য বিনম্র শ্রদ্ধা। জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হওয়ায় সুদীর্ঘকাল ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত দেশবাসী নির্ভয়ে ভোটদানের সুযোগ পেয়েছেন। তাই জুলাই যোদ্ধাদের অবশ্যই শ্রদ্ধাভরে স্মরণ করা চাই। গণতন্ত্রের অভিযাত্রা প্রত্যাশিত ধারায় ফিরল মূলত তাদেরই কল্যাণে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভোট দিয়ে যথার্থই বলেছেন, আজ দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরুর দিন। বলা দরকার, সারা দেশে শান্তিপূর্ণ ও স্বস্তির পরিবেশে অনুষ্ঠিত হলো ভোট উৎসব। রাজনৈতিক দলগুলোর সংযত আচরণ আর ভোটারদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে দেড় দশকের বেশি সময় পর একটি বাধাহীন, উৎসবমুখর ও পরিচ্ছন্ন জাতীয় নির্বাচন দেখল বাংলাদেশ।
নির্বাচনী প্রক্রিয়া শুরুর দিনটি থেকেই আমরা বারবার বলে আসছি গণতন্ত্রের সৌন্দর্য হলো নানা মত-পথের রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে জনতার রায় অর্জনের চেষ্টা করবে। জনতার রায়ের মাধ্যমেই একটি রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণের উদ্দেশ্যে সরকার গঠন করবে। দ্বিতীয় অবস্থানে থাকা দল জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসবে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও বিরোধী দলের যথোচিত ভূমিকা নির্দিষ্টই রয়েছে। এক পক্ষকে উপেক্ষা করে অন্যপক্ষ সুচারুরূপে দেশ পরিচালনা তথা জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে পারে না। তাই এই দুই পক্ষের সদিচ্ছা ও সক্রিয়তাই দেশের জন্য কল্যাণ বয়ে আনে। নির্বাচন সম্পন্নের পর এখন দেশবাসী নতুন সরকার গঠন তথা নতুন দিনের প্রত্যাশা ও প্রতীক্ষায়। শুক্রবার দুপুরে এ সম্পাদকীয় রচনা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২৭৩টি আসনের বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়েছে বেশ কয়েকবার সরকার গঠনের অভিজ্ঞতাসম্পন্ন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই ঐতিহাসিক বিজয়ে দলটির নেতাকর্মীদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন। দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণে নতুন সরকারের পদক্ষেপের দিকে তাকিয়ে থাকবে দেশবাসী।
